
রংপুরে আন্তর্জাতিক মাদক পাচার বিরোধী দিবস উদযাপিত
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর স্থানীয় বিভাগের পরিচালক যুগ্ম সচিব মোঃ আবু জাফর বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে আশঙ্কাজনক ভাবে যুব সমাজ বিভিন্ন নেশায় নেশাক্ত হচ্ছে যা আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য মোটেই শুভকর নয়। মাদকের উৎপাদন কেন্দ্র প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন সীমান্ত দিয়ে। আর এর বাজারজাত হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যদি কঠোর নজরদারীতে রাখে তাহলে দেশে ফেন্সিডিল, হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য বাজারজাত করতে পারবে না। চোরাই পথে আসা মাদকদ্রব্য বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন। প্রতিটি পরিবার তাদের সন্তানদের কে কোথায় যায় এটি নজরদারীতে রাখলে প্রতিটি সন্তান সুপথে থাকবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রংপুর অফিস আয়োজিত শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, প্রমাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, মাদকের ভয়াবহতা প্রতিরোধে করণীয় মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ পরিচালক বিপ্লব কুমার মধক, শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর মোঃ মাসুদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি শাহ মমতাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরিফ মোঃ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। বক্তারা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই যুব সমাজ আগামীতে সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর হবে। অনুষ্ঠান শুরুর আগে ১টি বর্ণাঢ্য র্যালী, প্রামাণ্যচিত্র প্রদর্শন, পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়। অনুষ্ঠানে রংপুরের সূধীজন, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, ঈমাম, পুরোহিত, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়।


















