সর্বশেষ
সর্বশেষ

Day: July 25, 2025

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল এখন ঢাকায়

ডা. রাকিব / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) ২০২৫ খৃ.- উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গতকাল ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছেছে। চীনা চিকিৎসকদের দলটি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত টিমের সাথে চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা প্রদান করবে। চিকিৎসক প্রতিনিধি দলে রয়েছেন লিউ শুহুয়া (Liu, Shuhua), ইয়াং ফেই (Yang, Fei), লি জে (Li, Ze), ঝাং জিনলি (Zhang Jinli) এবং লিউ হুয়ান (Liu, Huan)। চিকিৎসকদের দলে বার্ন, ট্রমা ও ইনটেনসিভ কেয়ার চিকিৎসায় অভিজ্ঞ বিশেষজ্ঞগণ রয়েছেন।

Read More »

আল জাজিরার অনুসন্ধান: ২০২৪ সালের বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ খৃ. – ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের গণবিক্ষোভ দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের’ নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা। তাদের অনুসন্ধানী দল ‘আই-ইউনিট’ গোপন টেলিফোন কথোপকথনের অডিও বিশ্লেষণের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা একটি ‘খোলা আদেশ’ জারি করে বিক্ষোভকারীদের ওপর যেখানে পাওয়া যাবে সেখানেই গুলি চালানোর অনুমতি দিয়েছিলেন। ২০২৪ সালের ১৮ জুলাই জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং কেন্দ্র (এনটিএমসি) কর্তৃক রেকর্ড করা একটি কথোপকথনে হাসিনা তাঁর এক মিত্রকে বলেন, ‘আমি তো আগে থেকেই নির্দেশ দিয়ে দিয়েছি। এখন ওরা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানেই পাবে, সেখানেই গুলি করবে। আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম… ছাত্রদের কথা ভাবছিলাম।’ ওই ফোনালাপে হাসিনা আরও বলেন, হেলিকপ্টার ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ নিয়ন্ত্রণ করা হচ্ছে। তিনি বলেন, ‘যেখানে জটলা দেখবে, ওপর থেকেই—এখন ওপরে থেকেই হচ্ছে—এরই মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে। কিছু [বিক্ষোভকারী] নড়েছে।’ তৎকালীন সময়ে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করলেও ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাবির শরীফ আই-ইউনিটকে জানান, ‘হেলিকপ্টার থেকে আমাদের হাসপাতালের প্রবেশপথ লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।’ তিনি জানান, অনেক শিক্ষার্থীর শরীরে অস্বাভাবিক ধরনের গুলির ক্ষত ছিল। ‘বেশিরভাগ বুলেট কাঁধ বা বুকে ঢুকেছে এবং শরীরেই থেকে গেছে। তখন এমন ধরনের রোগী বেশি আসছিল। এক্স-রেতে দেখে আমরাও অবাক হয়ে গিয়েছিলাম—বুলেটগুলো অনেক বড় ছিল।’ তবে কী ধরনের বুলেট ব্যবহৃত হয়েছিল, তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা। প্রসঙ্গত, হাসিনা টানা ১৫ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার পর ২০২৪ সালের আগস্টে ভারত পালিয়ে যান। তার আগে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তাক্ত বিক্ষোভে সরকারি বাহিনীর দমন-পীড়নে প্রায় ১,৪০০ জন নিহত এবং ২০,০০০ জন আহত হন বলে জানিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। আল জাজিরা জানায়, ফোনালাপের অডিওগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোনোভাবে পরিবর্তন করা হয়েছে কি না, তা শনাক্তে বিশেষজ্ঞদের দ্বারা বিশ্লেষণ করানো হয় এবং কণ্ঠস্বর মেলানোর মাধ্যমে বক্তাদের পরিচয় নিশ্চিত করা হয়। আইসিটি ইতোমধ্যে শেখ হাসিনা, তার দুই মন্ত্রী ও নিরাপত্তা বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করেছে। ২০২৫ সালের ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর আগস্টে তাদের বিচার শুরু হওয়ার কথা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-ই রেকর্ড করেছে তাঁর একাধিক গোপন ফোনালাপ। আল জাজিরা জানায়, শুধু বিরোধী নয়, হাসিনার রাজনৈতিক মিত্রদের ওপরও গোয়েন্দা নজরদারি চালাত এনটিএমসি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘অনেক সময় অন্য প্রান্ত থেকে বলা হতো, ‘এই বিষয়ে ফোনে কথা না বলাই ভালো।’ জবাবে প্রধানমন্ত্রী বলতেন, ‘হ্যাঁ, জানি, জানি, জানি, এটা রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নেই।’ তিনি যোগ করেন, ‘অন্যদের জন্য উনি অনেক গভীর গর্ত খুঁড়েছিলেন, এখন সেই গর্তেই তিনি নিজেই পড়ে গেছেন।’ ২০২৪ সালের জুনে হাইকোর্ট ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বরাদ্দ রাখা কোটা পদ্ধতি পুনর্বহাল করলে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ ছিল, এই কোটা ব্যবস্থায় আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয় এবং মেধার ভিত্তিতে নিয়োগ ব্যাহত হয়। বিক্ষোভ আরও তীব্র হয় ১৬ জুলাই, যখন রংপুরে পুলিশের গুলিতে ছাত্রনেতা আবু সাঈদ নিহত হন। এটি ছিল জুলাই গণ-আন্দোলনের এক মোড় ঘোরানো ঘটনা। হাসিনার উপদেষ্টা এবং ব্যবসায়ী নেতা সালমান এফ রহমানের একটি গোপন ফোনালাপে তাকে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে প্রশ্ন করতে শোনা যায়: ‘অটোপসি রিপোর্ট পেতে এত দেরি হচ্ছে কেন? রংপুর মেডিকেল কী লুকোচুরি খেলছে?’ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম আল জাজিরাকে বলেন, ‘আমাকে পাঁচবার পোস্টমর্টেম রিপোর্ট পাল্টাতে বাধ্য করে পুলিশ, যেন একাধিক গুলিবিদ্ধের উল্লেখ না থাকে। তারা চেয়েছিল রিপোর্টে লেখা হোক—সাঈদ ভাই পাথরের আঘাতে মারা গেছেন। অথচ তিনি গুলিতে মারা যান।’ সাঈদ নিহত হওয়ার ১২ দিন পর তার পরিবারসহ ৪০টি নিহত পরিবারের সদস্যদের ঢাকায় নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। এই বৈঠক সরাসরি সম্প্রচার করে সরকার। সেখানে শেখ হাসিনা প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তা দেন এবং বলেন, ‘আমরা তোমাদের ন্যায্য বিচার নিশ্চিত করব।’ সাঈদের বোন সুমি খাতুন সরাসরিই জবাব দেন, ‘ভিডিওতে তো দেখা গেছে পুলিশ গুলি করেছে। এখানে তদন্তের কী আছে? এখানে আসাটাই ভুল হয়েছে।’ সাঈদের বাবা মকবুল হোসেন অভিযোগ করেন, ‘আমাদের জোর করে গণভবনে আনা হয়েছে। না এলে অন্যভাবে হয়রানি করা হতো।’ আওয়ামী লীগের একজন মুখপাত্র আল জাজিরাকে পাঠানো বিবৃতিতে দাবি করেন, হাসিনা কখনো ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের কথা বলেননি। এই ফোনালাপ হয় কৌশলে বাছাই করা, নয়তো সম্পাদিত। বিবৃতিতে আরও বলা হয়, ‘আবু সাঈদের মৃত্যুর তদন্তে সরকার আন্তরিক। এ নিয়ে কোনো লুকোচুরি নেই।’

Read More »

চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না : চরমোনাই পীর 

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাগেরহাট, ২৪ জুলাই, ২০২৫ খৃ.- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। তিনি বলেন, ‘এ দেশে আমরা জন্মগ্রহণ করেছি। এ দেশ আমার, এ দেশের ভাল-মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্বও আমার।’ আজ বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জের কাপুড়িয়া পট্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক  গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, ‘আমি বলব ৫ আগস্টের পরে দেশ গঠন করার একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমরা যদি মাঠে ময়দানে রাজপথে দেশ গড়ার পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে স্লোগান তুলতে পারি, তাহলে যারা ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দেয়, দেশের মধ্যে বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়ন করে, এই স্বার্থান্বেষী মহল বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ‎ ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা এইচ এম সাইফুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন, দলের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, বাগেরহাট- ৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা ওমর ফারুক বিন নূরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন প্রমুখ। সুত্র. বাসস।

Read More »

আজ ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

মুফতী জামিল / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) ২০২৫ খৃ. – ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামীকাল ২৫ জুলাই সন্ধ্যা ৭.০০ টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বাংলাদেশের কোথাও সফর মাসের চাঁদ দেখা গেলে নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হলো। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

Read More »

সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় চামড়া শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- শিল্প উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) ২০২৫ খৃ. – শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরিবেশবান্ধব ট্যানারি ব্যবস্থা, আধুনিক মেশিনারিজ ও প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ এবং সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় চামড়া শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  উপদেষ্টা আদিলুর রহমান খান আজ ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 9th Bangladesh Leather & Footwear Expo (BLF) – 2025 এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপশি লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। চামড়া, ফুটওয়্যার এবং চামড়াজাত পণ্যে মূল্য সংযোজনের সুযোগ বেশি। এই খাতে ব্যাকোয়ার্ড লিংকেজ ও ফরওয়ার্ড লিংকেজের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই শিল্পে ২০৩০ সাল নাগাদ ৩৫-৪০ লাখ জনবলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ১২ দশমিক ৫০ বিলিয়ন ইউএস ডলার মূল্যমানের লেদার, লেদারগুডস্ এবং ফুটওয়্যার উৎপাদন ও রপ্তানি করার সম্ভাবনা রয়েছে। শিল্প উপদেষ্টা তার বক্তব্যের শুরুতেই মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জ্ঞাপন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। শিল্প উপদেষ্টা আরো বলেন, এই মেলা উদ্যোক্তা, রপ্তানিকারক ও বিদেশি ক্রেতাদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে, যা বাংলাদেশের আর্ন্তজাতিক বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি আয় বৃদ্ধির সহায়ক হবে। বাংলাদেশ ট্যানার্স এসোশিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিসিক চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেবী রাণী কর্মকার, ট্যানার্স এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মো: মিজানুর রহমান ও মোহাম্মদ আলী বাপ্পী। তিন দিনব্যাপী (২৪-২৬ জুলাই) 9th Bangladesh Leather & Footwear Expo – 2025 তে ১৪টি দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান ১৪৮টি স্টল নিয়েছে। এই মেলায় আধুনিক ট্যানিং ও ফিনিশিং মেশিনারিজ, চামড়া, চামড়াজাত পণ্যসামগ্রী ও যন্ত্রাংশ এবং ট্যানারির প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।

Read More »

মাইলস্টোনে দুর্ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসার জন্য সবকিছু বহন করবে সরকার- অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) ২০২৫ খৃ. – জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন, মাইলস্টোনে দুর্ঘটনায় দগ্ধ শিশুদের অনেকেই ব্লাড ডোনেশন করতে চাচ্ছেন, আবার কেউ কেউ স্কিন ডোনেশন করতে আগ্রহী। তবে হাসপাতালের সংরক্ষণে পর্যাপ্ত পরিমাণ স্কিন রয়েছে, তাই স্কিন ডোনেশন আমরা নিচ্ছি না। আমাদের পর্যাপ্ত স্কিন মজুত আছে। যদি কারো প্রয়োজন হয়, আমরা সেখান থেকেই ব্যবহার করতে পারব। অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য টাকা পাঠাতে চাচ্ছেন। এসবেরও কোনো প্রয়োজন নেই। আমাদের দগ্ধ শিশুদের চিকিৎসার জন্য যা যা লাগবে, সবকিছু সরকার বহন করবে। আজ ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, আজ ক্রিটিক্যাল অবস্থায় থাকা দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন দুপুর ১টা ৫৫ মিনিটে এবং অন্যজন বিকেল ৪টা ৩০ মিনিটে মারা যান। বর্তমানে ছয়জন রোগী ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এছাড়া ১৩ জন রোগী সিরিয়াস অবস্থায় আছে এবং তারা এখনো সেই অবস্থাতেই রয়েছে। আমরা আশা করছি, আগামী দিনগুলোতে তাদের মধ্যে কয়েকজন ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। বাকি ২৩ জন ইন্টারমিডিয়েট ক্যাটেগরির রোগীর মধ্যে ১৩ জনকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। ডা. নাসির উদ্দিন আরো বলেন, একটি মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে বিশেষজ্ঞদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া যাচ্ছে। তাছাড়া চীন ও সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকগণ আসছেন। বাচ্চাদের চিকিৎসায় আমরা কোনো দেশ বা সীমান্তভেদে পার্থক্য করছি না। যে সিদ্ধান্ত ও মতামত আমাদের বাচ্চাদের জন্য উপকার হবে, আমরা সেটাই গ্রহণ করছি।

Read More »

প্রস্তাবিত ফৌজদারি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ- ২০২৫ কার্যকর হলে গ্রেপ্তার ও আটক নিয়ে হয়রানি কমবে- আসিফ নজরুল

সাইয়্যেদ মোহাম্মদ রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) ২০২৫ খৃ.- আইন মন্ত্রণালয়ের প্রস্তাবিত ফৌজদারি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ আজ উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে বলে জানিয়েছেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ তাঁর ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে উপদেষ্টা এই তথ্য জানান। এতে তিনি উল্লেখ করেন, এই আইন কার্যকর হলে গ্রেপ্তার ও আটক নিয়ে মানুষের হয়রানি অনেক কমে যাবে, পুলিশের জবাবদিহিতা বাড়বে এবং বিচার কাজ দ্রুততর হবে। উপদেষ্টা জানান, এই আইনের উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে: পুলিশকে পরিচয় প্রকাশ করে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করলেই মেমোরেন্ডাম অভ্ অ্যারেস্ট পূরণ করতে হবে পুলিশকে। গ্রেপ্তারকৃতের সব আইনি সুরক্ষা প্রতিপালিত হয়েছে কি না, মেমোরেন্ডাম অভ্ অ্যারেস্টে তার চেকলিস্ট পূরণ করতে হবে, যা গ্রেপ্তারকৃত ব্যক্তির সঙ্গে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করতে হবে। ৫৪ ধারায় পুলিশের গ্রেপ্তার করার ক্ষমতা অবারিত থাকছে না। কগনিজেবল অফেন্স পুলিশের সামনে ঘটতে হবে বা পুলিশকে সন্তুষ্ট হতে হবে যে আসামি এই অপরাধ করেছে। সন্তুষ্টির কারণ লিপিবদ্ধ করতে হবে। গ্রেপ্তারের পর গ্রেপ্তারকৃতের পরিবারকে যত দ্রুত সম্ভব (না হলে অবশ্যই ১২ ঘণ্টার মধ্যে) জানাতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি বা রিমান্ডের পর আসামি অসুস্থ বা আহত হলে তাকে ডাক্তার কর্তৃক পরীক্ষা করতে হবে এবং আঘাতের কারণ নিশ্চিত হতে হবে, তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। এক্ষেত্রে পুলিশের দায় থাকলে ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। যে সংস্থাই গ্রেপ্তার করুক না কেন, গ্রেপ্তারের তথ্য সংশ্লিষ্ট থানায় জিডিভুক্ত করতে হবে। প্রত্যেক থানায় ও জেলা/মেট্রো পুলিশ হেডকোয়ার্টারে প্রতিদিনের গ্রেপ্তারের তথ্য ও তালিকা প্রদর্শন করতে হবে। সাক্ষী ও ভিকটিমের সুরক্ষায় আদালত প্রয়োজনীয় আদেশ দিতে পারবে। আদালত সাক্ষীর প্রয়োজনীয় খরচ দিতে পারবে। এক মামলায় পুলিশ রিমান্ড কোনোভাবে ১৫ দিনের বেশি দেয়া যাবে না, আগে আনলিমিটেড দেওয়ার সুযোগ ছিল। মিথ্যা মামলা প্রমাণিত হলে বাধ্যতামূলক সাজা দিতে হবে এবং এক্ষেত্রে অর্থদণ্ড বৃদ্ধি করে সর্বোচ্চ এক লাখ টাকা করা হয়েছে।

Read More »