সর্বশেষ
সর্বশেষ

Day: November 12, 2025

শতবর্ষী প্যাডেল স্টিমার চালুর সিদ্ধান্তে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা 

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ খৃ. – বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অধীনে থাকা শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ প্রয়োজনীয় মেরামত করে প্রমোদতরী হিসেবে পুনরায় চালুর সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এ বিষয়ে অবহিত করেছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহ। প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ নৌকার ডিজাইন পুরো পৃথিবীতে বিখ্যাত। অথচ এগুলো সম্পর্কে বর্তমান প্রজন্মের অনেকেই জানে না। আমাদের এই ঐতিহ্যকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। প্যাডেল স্টিমার-সহ যত পুরোনো নৌযান আছে সবকটিই সংরক্ষণে ব্যবস্থা নিতে হবে।’ প্যাডেল স্টিমারটি চালু হলে তা দেশে ও বিদেশের বহু পর্যটকের আকর্ষণের কেন্দ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। বিদেশি পর্যটকদের জন্য এতে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, বাংলা গানের পরিবেশনা-সহ নানান আকর্ষণ থাকবে। কর্মকর্তারা জানান, সপ্তাহে সাতদিনই প্রমোদতরীগুলো চলবে। পাঁচ ঘণ্টার দীর্ঘ যাত্রার পাশাপাশি ২ থেকে ৩ ঘণ্টার সংক্ষিপ্ত যাত্রার ব্যবস্থাও থাকবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘ঐতিহ্যবাহী এই প্যাডেল স্টিমারগুলোতে ইতিহাস সংরক্ষণ করতে হবে। যারা এতে যাত্রা করবে তারা যেন ইতিহাসটা জানতে পারে। কত বছর আগের স্টিমার, কী নাম, তখনকার দিনে কত আনা ভাড়া নিত, এর পেছনের গল্পটা কী সেগুলো যেন সুন্দরভাবে উপস্থাপন করা হয়।’ এসময় নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, ‘পি এস মাহসুদ কেবল একটি নৌযান নয়, এটি বাংলাদেশের নদীজ সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। আমরা চাই, নতুন প্রজন্ম কাছ থেকে দেখুক, একসময় নদীপথই ছিল যোগাযোগ ও সংস্কৃতির প্রাণ।’ পি এস মাহসুদের পাশাপাশি পি এস অস্ট্রিচ ও পি এস লেপচাসহ অন্য পুরোনো স্টিমারগুলোও সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং চট্টগ্রামের কাপ্তাই লেকেও প্রমোদতরী হিসেবে একটি স্টিমার চালুর বিষয়ে ভাবা হচ্ছে বলে জানান তিনি। তরুণরা যেন বাংলাদেশের এই মূল্যবান ঐতিহ্য সম্পর্কে জানতে পারে সেজন্য বিশেষ দিনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য এই প্রমোদতরীর বিশেষ যাত্রার আয়োজনের উদ্যোগ নেওয়া হতে পারে বলে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান।

Read More »

স্থায়ী নিয়োগ পাওয়া ২১ বিচারপতির শপথ গ্রহণ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ খৃ.- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ২১ জন বিচারপতির শপথ গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও শপথ গ্রহণ করা বিচারপতিদের পরিবারের সদস্য, সিনিয়র এডভোকেট ও সুপ্রিম কোর্ট রেজিষ্ট্রির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গতকাল হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২২ জনের মধ্যে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন চিকিৎসাধীন থাকায় আজ তিনি শপথ গ্রহণ করতে পারেননি। রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এর বিচার শাখা-৪ হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল জারি করা হয়। এতে বলা হয়, শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর করা হবে। স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত ২২ জন হলেন— বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসস’কে বলেন, গত বছর ৯ অক্টোবর এ ২২ জনসহ মোট ২৩ জন বিচারপতি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে গত ২১ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ জারী হয় এবং এই অধ্যাদেশের বিধান অনুসারে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে সুপ্রিম জুডিসিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়। গত ২১ জানুয়ারি হতে কার্যকর হওয়া এই অধ্যাদেশের অধীনে সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে বিধায় সুপ্রিম জুডিসিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিল এ অধ্যাদেশের ৮ ধারা অনুসরণপূর্বক এ সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে। এ ধারায় অধ্যাদেশটির ধারা ৬ (২) এর বিধান আবশ্যিকভাবে অনুসরণের বিধান রয়েছে। এ ধারায় অন্যান্য বিষয়ের সঙ্গে সুপারিশকৃত ব্যক্তির বয়স কোনোক্রমেই ৪৫ এর কম হবে না মর্মে বিধান রয়েছে। ফলে অধ্যাদেশে বর্ণিত বাধ্যবাধকতার কারণে গত বছরের ৯ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ গ্রহণ করা অপর বিচারক বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নাম সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ সংক্রান্ত আজকের প্রজ্ঞাপনে নেই। আগামী ২৮ ফেব্রুয়ারি তার বয়স ৪৫ হওয়া সাপেক্ষে কাউন্সিল সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী তাকে সুপারিশ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

Read More »

পূজা উদযাপন পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন এমপি প্রার্থী সামসুজ্জামান সামু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর চাষি কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রংপুর মহানগর শাখার উদ্যোগে “শারদীয় দুর্গাপূজা পুনর্মিলনী ও মতবিনিময় সভা–২০২৫”। নগরীর ছয়টি থানার সভাপতি-সাধারণ সম্পাদক, বিভিন্ন পূজা মণ্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ প্রায় আড়াই হাজার সনাতন ধর্মাবলম্বীর অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান পরিণত হয় এক মহাসমাবেশে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির রংপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। বক্তব্যে তিনি বলেন, “ধর্ম যার যার, এই দেশটা আমাদের সবার। আমরা সবাই সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বলেই আজ এখানে একসাথে হয়েছি। মহান মুক্তিযুদ্ধে আমরা সবাই এক ছিলাম—শুধু একটি দল ছাড়া, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। হিন্দু, মুসলমানসহ সব ধর্মের মানুষ এক হয়ে যুদ্ধ করেছিল বলেই মাত্র নয় মাসে আমরা বিজয় অর্জন করেছি। এই দেশের সকল ধর্মের স্বাধীন নাগরিকদের সঙ্গে নিয়ে আমরা একসাথে বাস করতে চাই। সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে। তিনি আরও বলেন, “যার ধর্ম সে সে পালন করবে—এটাই আমাদের মূলনীতি হওয়া উচিত। যারা দুষ্কৃতিকারী, যারা ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে, তাদের প্রতিহত করা আমাদের সবার দায়িত্ব। আমরা সবাই মিলে এই দেশটাকে ভালোবাসবো, যে যে তার ধর্মকে ভালোবাসবে। সবার ধর্মীয় অধিকার আমরা নিজেরাই নিশ্চিত করবো। আমি বিশ্বাস করি, ভালোবাসা আর সম্মানের মাধ্যমেই বাংলাদেশে প্রকৃত সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, “আপনারা হয়তো শুনেছেন, বিএনপি আমাকে রংপুর-৩ আসনের জন্য মনোনয়ন দিয়েছে। আমি রাজনীতি করি মানুষের জন্য, আপনাদের জন্য। আপনাদের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা চাই। আমি প্রত্যাশা রাখবো, আপনারা সকলে আমার পাশে থাকবেন—আমরা একসাথে কাজ করবো এই শহর, এই দেশকে এগিয়ে নিতে। আয়োজনটির সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক স্বপন ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক দলীপ চন্দ্র ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ভবতোষ সরকার বাচ্চু, রংপুর জেলা সভাপতি পার্থ বোস এবং মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. প্রশান্ত কুমার রায়, সহ সভাপতি পিয়াস রায়, ইসকন রংপুর জেলার সভাপতি গোবিন্দ গিরিধারী দাস, ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা রামকৃষ্ণ সোমানি, পুজা উদযাপন পরিষদ কমিটির হাজিরহাট থানার সাধারণ সম্পাদক বকুল চন্দ্র রায়, কোতয়ালী থানার সহ সভাপতি সোমা চক্রবতী, তাজহাট থানার সাধারণ সম্পাদক সুমন চন্দ্র রায়, মাহিগঞ্জ থানার সভাপতি রবি সোমানী,হারাগাছ থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা যুগশ্বর বর্মন প্রমুখ। বক্তারা বলেন, সামসুজ্জামান সামু শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন মানবিক মানুষ। বিপদে-আপদে, দুঃসময়ে তিনি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকেছেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনেও রংপুরের সনাতন সমাজের উন্নয়ন ও সম্প্রীতির ধারায় সামসুজ্জামান সামু আরও কার্যকর ভূমিকা রাখবেন। ইসকন সভাপতি গোবিন্দ গিরিধারী দাস বলেন, “আমরা যদি এক থাকি, তাহলে কোনো অশুভ শক্তিই আমাদের ক্ষতি করতে পারবে না। ধর্ম-বর্ণ ভুলে একসাথে কাজ করলেই সমাজে শান্তি আসবে। বীর মুক্তিযোদ্ধা রামকৃষ্ণ সোমানি বলেন, “আমার ৮৪ বছর বয়সে এমন মিলনমেলা আগে দেখিনি। সামু ভাইকে বহু বছর ধরে চিনি, তিনি সবসময় সনাতনদের পাশে থেকেছেন। এমন মানুষকেই আমরা নেতৃত্বে চাই। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ভবতোষ সরকার বাচ্চু বলেন, “রংপুরে এবারের দুর্গাপূজায় আমরা যে সম্প্রীতি দেখেছি, তা সম্ভব হয়েছে ঐক্যের কারণে, আর সেই ঐক্যের অংশ ছিলেন সামসুজ্জামান সামু। আগামী দিনের নেতৃত্বে তাকেই আমরা দেখতে চাই। রংপুর জেলা সভাপতি পার্থ বোস বলেন, “৫ আগস্টের পর থেকে সামু ভাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আজকের এই বিশাল সমাবেশ তাঁর প্রতি মানুষের আস্থার প্রকাশ। আমরা তাঁর মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত কুমার রায় বলেন, “রাত দুইটায় কল দিলেও সামু ভাইকে পাশে পাই। দেশের কঠিন সময়ে তিনিই ছিলেন আমাদের সবচেয়ে নির্ভরতার মানুষ। তিনি অসম্প্রদায়িক চেতনার প্রতীক। অনুষ্ঠানের এক পর্যায়ে পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদার, হিন্দু কল্যাণ ট্রাস্টের তহবিল বৃদ্ধি, স্থায়ী কমিউনিটি সেন্টার নির্মাণ এবং সরকারি সহায়তা বাড়ানোর দাবিও তুলে ধরা হয়। বিএনপি নেতা সামসুজ্জামান সামু মনোযোগ সহকারে এসব বক্তব্য শোনেন এবং বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি—ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিতে কাজ করবো। রংপুর হবে সম্প্রীতির শহর, যেখানে সবাই একসাথে বাঁচবে, একসাথে দেশ গড়বে।” অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সংগীত ও সাংস্কৃতিক পর্ব। চার ঘণ্টাব্যাপী এই আয়োজনটি ধর্মীয় সম্প্রীতি ও মানবতার বার্তায় রংপুরের চাষি কমিউনিটি সেন্টারকে পরিণত করে এক উৎসবমুখর মিলনমেলায়।

Read More »

রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “ঐক্য-ঈমান-শৃঙ্খলা-শ্রম” এই বাক্য গুলোকে মনে ধারণ করে রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- রাজ: ৮১৮) এর ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে নিজস্ব কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে শেষ হয়, পরে টাউন হলে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন ও বিশেষ অতিথি ছিলেন রংপুর ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল ইসলাম। সংগঠনের সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সাগর। সভায় কোষাধ্যক্ষ খোকনুজ্জামান জুয়েল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু, সহ-সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমূখ।

Read More »

রংপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা পুলিশের আয়োজনে রংপুর ডিবি’র বিশেষ অভিযানে সংঘবদ্ধ (অজ্ঞানপার্টি) অটোরিক্সা চোরচক্রের সাত (৭) সদস্য গ্রেফতার, ৩টি চোরাই অটোরিক্সা উদ্ধার বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় । গতকাল (১১ নভেম্বার) বিকালে নগরীর কাচারী বাজারস্থ রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইম। তিনি জানান, গত ১৫ অক্টোবর ২০২৫ খ্রি তারিখ রংপুর জেলার বদরগঞ্জ থানায় একটি অটোরিক্সা চুরির মামলা রুজু করা হয়, যা বদরগঞ্জ থানার মামলা নং- ২০, তারিখ-১৫/১০/২৫ ইং, ধারা-৩২৮/৩৭৯ পিসি। মামলাটি তদন্তাধীন অবস্থায় মামলার অজ্ঞাতনামা আসামীদের বিষয়ে অনুসন্ধানকালে রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মহোদয়ের নেতৃত্বে রংপুর জেলা ডিবি টিমের এসআই (নিরস্ত্র) অমিত পার্থ সরকার ও এসআই (নিরস্ত্র) মোঃ একরামুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে চেতনা নাশক ঔষধ ব্যবহার করে অটোচালককে অজ্ঞান করে অটোরিক্সা চুরির সাথে জড়িত কতিপয় ব্যক্তিদের বিষয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরের সিগারেট কোম্পানি এলাকা হতে তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ হামিদুল ইসলাম, পিতা মৃত নবাব আলী, গ্রাম-বাহার কাছনা তেলিপাড়া, খানা-হারাগাছ, আরপিএমপি, রংপুরকে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে অটো চুরি চক্রের মূল হোতা আসামী ২। মোঃ সুজন মিয়া, পিতা-মৃত মতিউর রহমান, সাং-উত্তর হরিণশিংহা, থানা ও জেলা-গাইবান্ধা’ কে সদ্য চুরি করা একটি অটো রিক্সা সহ কাউনিয়া থানাধীন রেলগেট এলাকা হতে আটক করা হয়। তৎপর তাদের উভয়ের দেয়া তথ্যের ভিত্তিতে চুরিকৃত অটোরিক্সা ক্রয়-বিক্রয়ের সহযোগিতার অভিযোগে দু’জন অভিযুক্তকে রংপুর মহানগরের ময়নাকুটি এলাকা হতে আটক করা হয়। আটককৃত আসামী ৩। মোঃ নূর ইসলাম, পিতা-আব্দুল আজিজ, সাং-রমাকান্ত, পোস্ট-গজঘন্টা, থানা গঙ্গাচড়া, জেলা রংপুর এবং ৪। মোঃ জহুরুল ইসলাম, পিতা-হোসেন আলী, সাং-কোবারু, পোস্ট-বুড়িরহাট ফার্ম, খানা পরশুরাম, আরপিএমপি, রংপুর। অতঃপর আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গংগাচড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত তিনজন ব্যক্তি আটক ও দুইটি চোরাই অটোরিক্সা ব্যাটারি সহ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন ৫। মোঃ আতিয়ার রহমান (২৮), পিতা-মৃত অজিয়ার রহমান, ৬। মুন মিয়া (৩২), পিতা-মৃত আব্দুল মাজেদ, উভয়ের সাং-রাজবল্লভ, থানা-গংগাচড়া, জেলা-রংপুর, ৭। মোঃ ফারুক হোসেন (৩২), পিতা-মৃত ফজলুল হক, সাং-চওড়াহাট, আরপিএমপি, রংপুর। এমতাবস্থায় উপরোক্ত আটককৃত অভিযুক্তদের বিরুদ্ধে কাউনিয়া ও গংগাচড়া থানায় পৃথক দু’টি মামলা রুজুর প্রক্রিয়া অব্যাহত আছে। এই চোরচক্রটি দীর্ঘদিন যাবৎ রংপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রতারনার আশ্রয় নিয়ে মারাত্মক চেতনানাশক ঔষধ ব্যবহার করে গরীব মেহনতি অটোচালকদের প্রাণনাশসহ অটোচুরির সাথে সক্রিয়ভাবে কাল করছিল মর্মে যথেষ্ঠ সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। রংপুর জেলায় চুরি প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেন পুলিশ রংপুরের পক্ষ থেকে আপনাদের সকলের সহযোগিতা কামানা করছি।

Read More »