সর্বশেষ
সর্বশেষ

Day: December 5, 2025

অঞ্চল ভিত্তিক জলবায়ু সহনশীলতা গড়তে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০ অগ্রহায়ণ (৫ ডিসেম্বর) ২০২৫ খৃ. – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দক্ষিণ এশিয়ায় পানি সম্পদ ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে পানি ন্যায্যতা, নদীর অধিকার, দুর্যোগ ঝুঁকি মোকাবিলা এবং হিমালয় ঘিরে থাকা দেশগুলোর মধ্যে সমান সুফল বণ্টনের প্রতি আহ্বান জানিয়েছেন। উপদেষ্টা আজ ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘হিন্দুকুশ হিমালয়ায় পানি ও জলবায়ু সহনশীলতা’ সংক্রান্ত সাব-রিজিওনাল কর্মশালায় বক্তৃতাকালে এ আহ্বান জানান। রিজওয়ানা হাসান বলেন, পানি যুগ যুগ ধরে ইতিহাসে দেশগুলোর সম্পর্ক যুক্ত করেছে, কিন্তু দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম ব্যবস্থাপিত যৌথ সম্পদ হিসেবে রয়ে গেছে। বাংলাদেশ ইতোমধ্যে জাতিসংঘের পানি কনভেনশনে যুক্ত হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা, ডাটা বিনিময় ও আন্তঃসীমান্ত নদীর ন্যায্য বণ্টন বিষয়ে সক্রিয় সহযোগিতার জন্য প্রস্তুত। তিনি বলেন, এ কনভেনশন আগাম সতর্কতা ব্যবস্থা শক্তিশালী করতে পারে এবং জলবায়ু পরিবর্তনে বাড়তে থাকা পানি সম্পদ সংকট মোকাবিলায় পানি ন্যায্যতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সক্ষম। তিনি আরো বলেন, উজান-ভাটির পারস্পরিক নির্ভরশীলতা এখন আরো স্পষ্ট। নেপাল, ভুটান বা ভারতের নদীগুলোর ওপর যা ঘটে তার সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশে, কারণ আমাদের ৯০ শতাংশ নদী উজান থেকে নেমে আসে। বন্যা, খরা, পলি জমা, লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড় বা নদীভাঙন—এসবই এখন আঞ্চলিক সমস্যা, যা আন্তঃসীমান্ত জলপ্রবাহের প্রভাবে সৃষ্টি হয়। উপদেষ্টা বলেন, প্রায় সব দেশেই নীতি, আইন ও বন্যা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান থাকলেও বাস্তবায়নের ঘাটতি বড় বাধা হয়ে আছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কয়েক দশক আগে গড়ে ওঠা বাঁধ ও নিয়ন্ত্রণ অবকাঠামোর কারণে নদী ব্যবস্থায় অপূরণীয় ক্ষতি হয়েছে। নদীকে জীবন্ত সিস্টেম হিসেবে বিবেচনা না করে নির্মিত অনেক প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে। এগুলো পুনর্বিবেচনা জরুরি। তিনি জানান, শিল্প বর্জ্য, অবৈধ দখল, খনন ও পরিকল্পনাহীন উন্নয়ন কার্যক্রম নদী ব্যবস্থাকে হুমকিতে ফেলছে। বাংলাদেশে নদী পুনরুদ্ধারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি নেপালের উদ্যোগকেও প্রশংসা করেন। রিজওয়ানা হাসান আরো বলেন, নদী জীবন্ত সত্তা এবং তার অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। আমাদের নদীগুলো শুধু সেচ, নৌপরিবহন বা বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়—এগুলো জীবন ও প্রাণবৈচিত্র্যের ধারক। বাংলাদেশ ও ভারতের আদালতের কয়েকটি রায়ের মাধ্যমে নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ স্বীকৃতির বাস্তবায়নে সরকারি সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, আঞ্চলিক পানিবিদ্যুৎ বাণিজ্য নতুন সহযোগিতা সৃষ্টির সুযোগ তৈরি করবে। বাংলাদেশ-নেপালের সাম্প্রতিক পানিবিদ্যুৎ চুক্তির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আস্থা ও পরিবেশগত দায়িত্বশীলতার ভিত্তিতে এ সহযোগিতা এগিয়ে নিতে হবে। উজানে উৎপাদিত বিদ্যুৎ বৈশ্বিক উষ্ণতা কমাতে ভূমিকা রাখতে পারে, যদি আমরা সন্দেহ নয় বরং আস্থার ভিত্তিতে যৌথ কাঠামো গড়ে তুলি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড. কল্যাণ রুদ্র, ড. দেবোলিনা কুণ্ডু, অরবিন্দ কুমার, নেপালের সঞ্জীব বরাল, ভুটানের পেমা থিনলে, বাংলাদেশের ড. মো. আবদুল হোসেন এবং ইউথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বক্তব্য রাখেন।

Read More »

রংপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”আর্তমানবতায় সর্বত্র” এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ পালিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় রংপুর টাউন হল চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে রংপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রেড ক্রিসেন্টের যুব সদস্য, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। রংপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি পুনরায় টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে টাউন হলের সম্মেলন কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন রেড ক্রসেন্ট রংপুর ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ জামিল হোসেন। আলোচনায় বক্তারা মানবিক সেবা, বিপর্যয় মোকাবেলা ও স্বেচ্ছাসেবীদের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি গৃহহীন, দুস্থ, শীতপ্রবণ মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। সভায় রেড ক্রসেন্ট রংপুর ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ জামিল হোসেন বলেন, রেড ক্রিসেন্টের মূল শক্তি হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবীরা। যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা বা মানবিক সংকটে তারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। ‘আর্তমানবতায় সর্বত্র’ শুধু এবারের প্রতিপাদ্য নয়, এটি আমাদের কাজের মূল দর্শন। ভবিষ্যতেও রংপুর ইউনিট মানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখবে। এসময় রেড ক্রিসেন্টের যুব প্রধান নাদিরা ইসলাম আনিকা বলেন, স্বেচ্ছাসেবকরা সমাজের সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে যুব সমাজ যদি মানবিক কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে সমাজ আরও সুন্দর ও নিরাপদ হয়ে ওঠে। রংপুরের যুবরা ইতোমধ্যেই রক্তদান, দুর্গত সহায়তা, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানবতার সেবায় আমরা সবসময় প্রস্তুত। সভায় রেড ক্রিসেন্ট রংপুর ইউনিটের ইউনিট লেভেল অফিসার লিটন কুমার বলেন, রেড ক্রিসেন্ট একটি বৈশ্বিক মানবিক সংগঠন। আমাদের প্রত্যেক স্বেচ্ছাসেবক আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষিত। দুর্যোগকালীন উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, সমাজ সচেতনতা—সবক্ষেত্রেই তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্বেচ্ছাসেবকদের এই নিষ্ঠা ও ত্যাগ সমাজকে ইতিবাচকভাবে বদলে দিচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের সদস্য, বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষক–শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবকদের মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

Read More »

শেখ হাসিনাকে দেশে ফেরত দিতে ইতিবাচক সারা দিচ্ছেনা ভারত- পররাষ্ট্র উপদেষ্টা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত দেয়ার ব্যাপারে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি। ট্রাইব্যুনালের রায় নিয়ে তারা পরীক্ষা-নিরীক্ষা করছে, আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি। শুক্রবার (০৫ ডিসেম্বর) সকালে রংপুর অঞ্চলে চার দিনের সরকারি সফরে এসে সার্কিট হাউসে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র দপ্তরে কোনো তথ্য নেই বলে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, তারেক রহমানের স্ত্রী সম্ভবত আজ দেশে আসবেন। একই সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসায় নেয়া সম্ভব হচ্ছে না। তবে খুব দ্রুত সময়ে নেয়ার প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি। তিনি আরও বলেন, চীনের অর্থায়নে ঢাকায় এক হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণের কথা ছিল। সরকার সেটি নীলফামারীতে করার সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনা করা হয়েছে এমনভাবে, যাতে রংপুর অঞ্চলের পাশাপাশি ভারত, ভুটানসহ অন্যান্য দেশের মানুষও এখান থেকে চিকিৎসা নিতে পারে। রংপুর অঞ্চলে কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য কম, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান। তাই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ চলছে। এরপর উপদেষ্টা সপরিবারে রংপুর জমিদার বাড়ি তাজহাটে পরিদর্শনে যান।

Read More »