জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
”আর্তমানবতায় সর্বত্র” এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ পালিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় রংপুর টাউন হল চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে রংপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রেড ক্রিসেন্টের যুব সদস্য, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
রংপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে টাউন হলের সম্মেলন কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন রেড ক্রসেন্ট রংপুর ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ জামিল হোসেন। আলোচনায় বক্তারা মানবিক সেবা, বিপর্যয় মোকাবেলা ও স্বেচ্ছাসেবীদের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি গৃহহীন, দুস্থ, শীতপ্রবণ মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সভায় রেড ক্রসেন্ট রংপুর ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ জামিল হোসেন বলেন, রেড ক্রিসেন্টের মূল শক্তি হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবীরা। যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা বা মানবিক সংকটে তারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। ‘আর্তমানবতায় সর্বত্র’ শুধু এবারের প্রতিপাদ্য নয়, এটি আমাদের কাজের মূল দর্শন। ভবিষ্যতেও রংপুর ইউনিট মানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখবে। এসময় রেড ক্রিসেন্টের যুব প্রধান নাদিরা ইসলাম আনিকা বলেন, স্বেচ্ছাসেবকরা সমাজের সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে যুব সমাজ যদি মানবিক কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে সমাজ আরও সুন্দর ও নিরাপদ হয়ে ওঠে।
রংপুরের যুবরা ইতোমধ্যেই রক্তদান, দুর্গত সহায়তা, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানবতার সেবায় আমরা সবসময় প্রস্তুত। সভায় রেড ক্রিসেন্ট রংপুর ইউনিটের ইউনিট লেভেল অফিসার লিটন কুমার বলেন, রেড ক্রিসেন্ট একটি বৈশ্বিক মানবিক সংগঠন। আমাদের প্রত্যেক স্বেচ্ছাসেবক আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষিত।
দুর্যোগকালীন উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, সমাজ সচেতনতা—সবক্ষেত্রেই তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্বেচ্ছাসেবকদের এই নিষ্ঠা ও ত্যাগ সমাজকে ইতিবাচকভাবে বদলে দিচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের সদস্য, বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষক–শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবকদের মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
















