সর্বশেষ
সর্বশেষ

Day: February 27, 2026

বাংলা একাডেমি বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ বক্তব্য

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খৃ.- প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলা একাডেমিতে একুশে বইমেলা উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণাঙ্গ বক্তব্য নিম্নে দেওয়া হলো- বিসমিল্লাহির রাহমানির রাহিম বাংলা একাডেমির আয়োজনে ১৯৭৮ সাল থেকে চালু হওয়া অমর একুশে বইমেলা এখন জাতির মেধা-মননের প্রতীকে পরিণত হয়েছে। ভাষার মাস ফেব্রুয়ারির শুরু থেকে বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও নিয়মের কিছুটা ব্যত্যয় ঘটিয়ে দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় এবার নির্ধারিত সময়ের বেশকিছু সময় পর বইমেলা শুরু হয়েছে। বিশ্বের অনেক দেশেই বইমেলার আয়োজন করা হয়। তবে আমাদের বইমেলা অন্য দেশের বইমেলার মতো নয়। আমাদের বইমেলা আমাদের মাতৃভাষার ভাষার অধিকার আদায় এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার স্মারক হিসেবে চিহ্নিত। তবে প্রতি বছর মেলার আকার আয়তন বাড়লেও সেই হারে গবেষণাধর্মী বই প্রকাশিত হচ্ছে কিনা, কিংবা মানুষের বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা এই বিষয়গুলো নিয়েও বর্তমানে চিন্তা ভাবনার অবকাশ রয়েছে। বই পড়ার গুরুত্ব সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। জার্মান দার্শনিক মারকুইস সিসেরোর একটি উক্তি এখানে আমি খুবই প্রাসঙ্গিক মনে করছি। তিনি বলছিলেন, ‘বই ছাড়া ঘর আত্মা ছাড়া দেহের মতো’। বিজ্ঞানী এবং গবেষকরা বলছেন, বই শুধু বিদ্যা শিক্ষা কিংবা অবসরের সঙ্গীয় নয় বরং বই পড়া মস্তিষ্কের জন্য এক ধরনের ব্যায়াম। গবেষণায় দেখা গেছে, নিয়মিত বই পড়ার অভ্যাস মস্তিষ্কের কোষগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি করে যেটি মানুষের স্মৃতিশক্তি এবং বিশ্লেষণী ক্ষমতা বাড়ায়। এমনকি আলঝেইমার ও ডিমেনশিয়ার মতো রোগেরও ঝুঁকি কমায়। তবে বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি মানুষের বই পড়ার অভ্যাসে প্রধান বাধা হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে বই বিমুখ করে তুলছে। ইন্টারনেটেও অবশ্যই বই পড়া যায় তবে গবেষকরা বলছেন, বইয়ের পাতায় কালো অক্ষরে লেখা বই পড়ার মধ্যে যেভাবে জ্ঞানের গভীরতা উপভোগ করা যায়, একইভাবে দিনের পর দিন কম্পিউটারের মনিটরে ডুবে থেকে জ্ঞানার্জন সম্ভব হলেও শরীর এবং মনোজগতে এর পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবও কম নয়। যুক্তরাজ্য কিংবা কানাডার মতো অনেক উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, ইন্টারনেট ব্যবহারের আসক্তি পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ হারিয়ে ফেলার তীব্র ঝুঁকি রয়েছে। সময়ের প্রেক্ষিতে জনজীবনে ইন্টারনেট অনিবার্য অনুষঙ্গ হয়ে উঠলেও এর নেতিবাচক দিকগুলো সম্পর্কেও আমাদেরকে সচেতন থাকতে হবে। বিশেষ করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে। প্রিয় সুধীবৃন্দ, বিশ্বের ১০২ টি দেশের নাগরিকদের পাঠাভ্যাস নিয়ে একটি জরিপ প্রকাশিত হয়েছিল। অস্ট্রেলিয়াভিত্তিক সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন জরিপের ফলাফল বলছে, যুক্তরাষ্ট্রের নাগরিকরা বই পড়ার শীর্ষে রয়েছেন। তালিকার সর্বনিম্নে রয়েছে আফগানিস্তান। বইপ্রেমীদের এই তালিকায় ১০২ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম। বাংলাদেশের একজন মানুষ গড়ে বছরে তিনটির মতো বই পড়েন। বই পড়ার পেছনে বছরে ব্যয় করেন মাত্র ৬২ ঘণ্টা সময়। সুতরাং অমর একুশে বইমেলা শুধু নিছক একটি উৎসবই হবে না বরং এই মেলা আমাদেরকে আরও বইপ্রেমী করে তুলবে, নিয়মিত বই পড়ায় আগ্রহী করে তুলবে, আজকের এই বই মেলায় দাঁড়িয়ে এটিই আমার প্রত্যাশা। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে আমরা সগৌরবে প্রতি বছর অমর একুশে পালন করি। দিবসটি এখন আর শুধু বাংলাদেশের নয়। অমর একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে। ৫২ সালের ভাষা শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আজকের এই বাংলা একাডেমি। বাংলা একাডেমির সৃজনশীল কার্যক্রমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ ‘অমর একুশে বইমেলা’। তবে সময়ের প্রেক্ষিতে আগামী বছরগুলোতে ‘অমর একুশে বইমেলা’ ‘অমর একুশে আন্তর্জাতিক বইমেলা’ হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা, সেটি আপনারা বিবেচনা করতে পারেন। ‘অমর একুশে আন্তর্জাতিক বইমেলা’ অনুষ্ঠিত হলে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বহু ভাষা এবং সংস্কৃতি শেখা-জানা এবং বোঝার দিকে আমাদের নাগরিকদের আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমি মনে করি, বর্তমান গ্লোবাল ভিলেজের এই সময়ে মাতৃভাষা ছাড়াও আরও একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া জরুরি। বর্তমানের প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই. এ জন্য আমাদেরকে জ্ঞানে-বিজ্ঞানে-প্রযুক্তিতে মেধায় নিজেদেরকে সমৃদ্ধ হতে হবে। একইসঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রিয় সুধীবৃন্দ, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে। জনগণের প্রতি জবাবদিহিমূলক এ সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। অমর একুশে বইমেলা কেবল বই বেচাকেনার মেলা নয় বরং মেলা হয়ে উঠুক শিক্ষা এবং সাংস্কৃতিক বিকাশের সূতিকাগার। অমর একুশে বইমেলা কেন্দ্র করে বাংলা একাডেমি মাসব্যাপী আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ করে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার যে আয়োজন করে…এইসব উদ্যোগ নতুন প্রজন্মের সামনে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দেয়। এভাবেই বইমেলা হয়ে উঠুক আমাদের সকলের মিলনমেলা, প্রাণের মেলা। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে সারা বছর দেশের সব বিভাগ, জেলা, উপজেলায়ও আয়োজিত হতে পারে। এ ব্যাপারে বই প্রকাশকগণও উদ্যোগী ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি। এ ব্যাপারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আপনাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। প্রিয় সুধীবৃন্দ, জাতির মননের প্রতীক বাংলা একাডেমি আমাদের তরুণ-তরুণীদের মেধা ও মনন বিকাশের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এরমধ্যে বিভিন্ন মেয়াদি গবেষণাবৃত্তি, তরুণ লেখক প্রশিক্ষণ কর্মসূচি এবং আন্তর্জাতিক সেমিনার আয়োজন। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে উত্তরপ্রজন্মকে বাংলা ভাষা ও দেশজ সংস্কৃতির মূলধারার সঙ্গে যুক্ত করার চেষ্টা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য ইংরেজিসহ নানা বিদেশি ভাষায় অনুবাদের কার্যক্রমও বাংলা একাডেমি পরিচালনা করছে। আমি আশা করি, এ কার্যক্রমও আরও বেগবান হবে এবং আমাদের সমৃদ্ধ সাহিত্যের সঙ্গে বিশ্ব সাহিত্যের পরিচয় আরো সুদৃঢ় করবে। সম্মানিত উপস্থিতি, এ জন্যই আমরা বলি-‘সবার আগে বাংলাদেশ’। এই দেশকে সকল প্রকার অন্ধকার ও পশ্চাৎপদতা থেকে মুক্ত করে দল মত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবশেষে অমর একুশে বইমেলা ও একুশে অনুষ্ঠানমালা ২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

Read More »

রংপুরে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার যথাযথ বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী রাহাত আনোয়ার, আরমান হোসেনসহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। বক্তারা বলেন, আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িত প্রকৃত দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে ন্যায়বিচার বাধাগ্রস্ত হয়। তাই মামলার অগ্রগতি দৃশ্যমান করা এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান তারা। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে ন্যায়বিচারের স্লোগান দেন। কর্মসূচি শেষে বক্তারা জানান, দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Read More »

রংপুর মেডিকেলের দালাল সিন্ডিকেট নির্মূল করা হবে…এমপি মাহবুবুর রহমান বেলাল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সিন্ডিকেট নির্মূলে স্থানীয় কমিটি গঠন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ এবং গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে একটি সুপরিকল্পিত কর্মকৌশল বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, হাসপাতালে সর্বক্ষেত্রে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। জনবল সংকটের সুযোগ নিয়ে দালালরা ‘ভলান্টারি সার্ভিস’-এর নাম করে ভেতরে প্রবেশ করছে এবং ইচ্ছেমতো অর্থ আদায় করছে। বিষয়টি তিনি সরেজমিনে প্রত্যক্ষ করেছেন বলেও জানান। তিনি আরও বলেন, দালাল নিয়ন্ত্রণে স্থানীয় মানুষদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। সিন্ডিকেটের অনেক সদস্য স্থানীয় হওয়ায় তারা প্রভাব খাটায় ও হুমকি দেয়। ফলে নার্স ও চিকিৎসকেরা নিরাপত্তাহীনতায় ভুগে অনেক সময় বাধ্য হয়ে তাদের সুযোগ দেন। এ পরিস্থিতি দূর করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হবে। সম্মিলিত প্রচেষ্টায় দালালদের দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিদর্শনকালে এমপি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। পরে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, সিসিইউ ওয়ার্ড পরিদর্শন করেন এবং নার্সদের সঙ্গে কথা বলেন। এছাড়া সাধারণ রোগীদের খোঁজখবর নেন এবং জরুরি বিভাগের কাউন্টারে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। তিনি বলেন, ১,০০০ শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন গড়ে আড়াই হাজার রোগী ভর্তি থাকে। কিন্তু জনবল এখনো ৬০০ শয্যার সময়কার কাঠামো অনুযায়ী পরিচালিত হচ্ছে। দীর্ঘদিনেও জনবল বৃদ্ধি না পাওয়ায় সেবার মান ব্যাহত হচ্ছে। বেড সংখ্যা ও স্টাফ বাড়ানো ছাড়া পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা সম্ভব নয়। এমপি আরও বলেন, হাসপাতালে অপরিচ্ছন্নতা একটি বড় সমস্যা। যত্রতত্র আবর্জনা পড়ে থাকা কোনোভাবেই কাম্য নয়। মানুষ চিকিৎসা নিতে এসে যদি স্বাস্থ্যঝুঁকিতে পড়ে, তবে সেটি অত্যন্ত উদ্বেগজনক। তিনি পরিচালককে জনবল সংকট থাকা সত্ত্বেও অন্তত মৌলিক বিষয়গুলো—বিশেষ করে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা—নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ নিতে অনুরোধ করেন। এ ক্ষেত্রে জনধগণের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন। তিনি আরও অভিযোগ করেন, অতীতে এ হাসপাতালের খোঁজখবর নেওয়া হয়নি এবং প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হয়নি। বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে বিভাগীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনায় নিয়ে বেড সংখ্যা, জনবল ও বাজেট বৃদ্ধি করতে হবে। তাহলেই এ অঞ্চলের মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবে। সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, “সমস্যা অনেক পুরোনো, তবে সম্মিলিত উদ্যোগে সমাধান সম্ভব। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই—দালালমুক্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল একটি হাসপাতাল গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

Read More »

শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৩ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) ২০২৬ খৃ. – অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শীঘ্রই যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে এসব পদে নিয়োগ প্রদান করা হবে। এর বাইরে উপ-পরিদর্শক (এসআই) ও বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ দেওয়া হবে। সালাহউদ্দিন আহমদ আরো বলেন, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ এ বিষয়ক একটি অফিস আদেশ জারি করা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা নেওয়া ও পরিকল্পনা মোতাবেক কাজ সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Read More »

ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো- বাণিজ্যমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৩ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) ২০২৬ খৃ. – ঢাকা, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ভোক্তা পর্যায়ে কেউ যেন বিড়ম্বনার শিকার না হয় বা কেউ বাজার অপব্যবহার করতে না পারেন সেজন্য আগামী দিন থেকে আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়াবো। একই সঙ্গে এলপিজির দাম আগের জায়গায় আসবে বলেও তিনি জানান। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বর্তমান বাজার মূল্য ও সরবরাহ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতির বিষয়ে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, খুচরা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্য ১৩৫৬ টাকা যা বিভিন্ন জায়গায় তার থেকে বেশি মূল্যে বিক্রি হচ্ছে এরকম সংবাদ এসেছে। আগামী দিনে যেন এলপিজির সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক থাকে এবং ভোক্তা পর্যায়ে কোনো ধরনের অসহনীয় পরিস্থিতি সৃষ্টি না হয়। বাজার স্থিতিশীল থাকে সেই উদ্দেশ্যে আমরা এলপিজি আমদানিকারক এবং সরকারের বিভিন্ন সহায়ক সংস্থাসমূহকে নিয়ে স্বতঃস্ফূর্ত আলোচনা করেছি। তারা যাতে তাদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন সেটির জন্য আমরা সচেষ্ট থাকব। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

Read More »

এআই প্রযুক্তিতে প্রধানমন্ত্রীর ছবি নকল করে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খৃ. – এআই প্রযুক্তির সহায়তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে- প্রধানমন্ত্রী তারেক রহমান অফিস করছেন এবং তাঁর ঠিক পেছনের দেয়ালে শেখ মুজিবুর রহমানের একটি ছবি টাঙানো রয়েছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ছবিটি আসল নয়। গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন তিনি। মূলত সেই ভিডিওর একটি স্থিরচিত্র সংগ্রহ করে এআই প্রযুক্তির সহায়তায় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি যুক্ত করে এই বিভ্রান্তিকর ছবিটি প্রচার করা হচ্ছে। ‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট। সুত্র. বাসস

Read More »