জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার যথাযথ বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী রাহাত আনোয়ার, আরমান হোসেনসহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। বক্তারা বলেন, আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িত প্রকৃত দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে ন্যায়বিচার বাধাগ্রস্ত হয়।
তাই মামলার অগ্রগতি দৃশ্যমান করা এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান তারা। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে ন্যায়বিচারের স্লোগান দেন। কর্মসূচি শেষে বক্তারা জানান, দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
















