সর্বশেষ
সর্বশেষ

Day: March 11, 2026

মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের প্রতিশ্রুতি ও নির্বাচনি ইশতেহারে রয়েছে। এটা আমাদের ৩১ দফায়ও রয়েছে। তিনি বলেন, ইশতেহারে বিভিন্ন বিষয়ে আমরা কমিশন করার কথা বলেছি, যার মধ্যে মানবাধিকার এবং ট্রুথ এন্ড হিলিং কমিশনের কথাও রয়েছে। মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘নাগরিক প্ল্যাটফর্ম-রিফর্ম ওয়াচ’ আয়োজিত ‘মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ নতুন সংসদের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে সংলাপে অংশ নেন ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন এমপি, অ্যাডভোকেট মো. ফজলুর রহমান এমপি, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি, অধ্যাপক রেহমান সোবহান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ব্যারিস্টার সারা হোসেন, নারীনেত্রী খুশী কবির প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিকে আমরা উন্নত করার চেষ্টা করছি ধীরে ধীরে বা পর্যায়ক্রমে। তবে এটা রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়, এর জন্য সময় লাগবে। আমরা গণতান্ত্রিক ভালো প্র্যাকটিসগুলো করতে চাই; অতীতের খারাপ সংস্কৃতি দূর করে ভালো সংস্কৃতি চর্চা, সৃজন ও লালনের মাধ্যমে ভালো রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আসতে চাই। আর ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা আমরা জাতীয় সংসদ থেকেই শুরু করতে চাই। মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট রেজিমে আমরা মারাত্মক আকারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংঘটিত হতে দেখেছি, বিশেষ করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। সেজন্য একটি রাজনৈতিক দল বা জাতি হিসেবে আমরা মানবাধিকার সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ; বিশেষ করে সংবিধানে যেসব মৌলিক মানবাধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। মন্ত্রী আরো বলেন, দেশে যাতে ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা শূন্যতে নেমে আসে, সেজন্য আমাদেরকে ধীরে ধীরে বা পর্যায়ক্রমিকভাবে মানবাধিকার উন্নয়নে যেতে হবে। রাতারাতি শতভাগ মানবাধিকার সংরক্ষণ সম্ভব নয়। তিনি বলেন, আমরা বাংলাদেশের মানবাধিকার মান ও সূচককে আন্তর্জাতিক পর্যায়ে উন্নত করতে চাই। তবে সেজন্য আমাদেরকে সময় দিতে হবে। তিনি আরো বলেন, যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ হয়েছে, সেখানে প্রায় সব বিষয়ে আমরা একমত হয়েছি। কিছু কিছু বিষয়ে সংশোধনী আনতে হতে পারে যেগুলো সংসদে বিল আকারে উত্থাপন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার তাদের ধ্যান-ধারণা মতে জারি করেছে, সেই অধ্যাদেশগুলোর অধিকাংশই হয়তো হুবহু আকারে আমরা গ্রহণ করতে পারবো। তবে বেশ কিছু অধ্যাদেশ রয়েছে, যেগুলো আলোচনার দাবি রাখে। তিনি বলেন, যেহেতু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে জাতীয় সংসদের অধিবেশন যেদিন বসবে তার থেকে ৩০ দিনের মধ্যে এসব অধ্যাদেশ ল্যাপস, পাস অথবা সংশোধনী আকারে গ্রহণ করতে হবে। তাছাড়া যেহেতু সময়ের স্বল্পতা রয়ে গেছে ৩০ দিনের (৩০ কার্যদিবস নয়), মাঝখানের বন্ধ বা ছুটির দিনও এর অন্তর্ভুক্ত হবে। সেজন্য যেসব অধ্যাদেশ আমরা সংসদে উঠাতে পারবো না, সেটা স্বয়ংক্রিয়ভাবে ল্যাপস হয়ে যাবে কিন্তু পরবর্তী অধিবেশনে সেগুলো আমরা বিল আকারে আনতে পারবো। মন্ত্রী বলেন, সংসদে আমরা একটা প্রারম্ভিক ভাষণও দিয়ে রাখবো। সংসদের প্রথম অধিবেশনের ৩০ দিনের ভেতর যেটা সম্ভব, আমরা সেটা করবো। তার মধ্যে অবশ্যই মানবাধিকার কমিশনের অধ্যাদেশটি থাকবে। এসব অধ্যাদেশের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় ৭টি অধ্যাদেশও রয়েছে।

Read More »

রংপুরে ৪ ব্র্যান্ডের আউটলেটকে দেড় লাখ টাকা জরিমানা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর ব্র্যান্ডের আউটলেট নিশাত বেনারসি, রয়ালটি, ভিনটেজ ওয়ার্ল্ড ও টপ টেনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে (১১ মার্চ) নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এতে সহযোগিতা করে র‌্যাব-১৩। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রংপুর বিভাগীয় উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর নামিদামি আউটলেট ও ব্যান্ডের দোকানগুলেতে অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা বিদেশি পণ্য বেশি দামে বিক্রি করে গ্রাহকদের প্রতারিত করার অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে নগরীর নিশাত বেনারসীর ভারতীয় শাড়ি বিক্রি করলেও তার ডকুমেন্ট না থাকায় ২০ হাজার, প্রমাণপত্র ছাড়া বিদেশি কসমেটিক্স বিক্রি করায় রয়ালটি মেগামলকে ৩০ হাজার , টপটেন এবং ভিন্টেজ ওয়ার্ল্ডকে ৫০ হাজার করে জরিমানা করে তাদের সতর্ক করা হয়েছে।

Read More »

রংপুরে ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের বাড়িতে হাম/লার অভি/যোগ

জালাল উদ্দন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম সাগর (২৭) এর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ। হাজীরহাট থানায় দায়ের করা হয় এজাহার। গত ৯ মার্চ রাত আনুমানিক ২টার দিকে সাগর বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার বাড়িতে এসে গালিগালাজ করে এবং প্রবেশ গেট ও একটি মিক্সার মেশিন ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পরদিন ১০ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে অভিযুক্তরা লাঠিসোটা, দা, কুড়াল ও ছোরা নিয়ে দলবদ্ধ হয়ে তার বাড়িতে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি মারধর করে। তাকে রক্ষা করতে গেলে তার মা, বাবা ও স্ত্রীকেও মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যায়।এ বিষয়ে হাজীরহাট থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read More »

মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে – আইনমন্ত্রী

এ্যাড. আজাদ / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ ফাল্গুন (১১ মার্চ): আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির সূচক বর্তমানে উন্নতির দিকে রয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুম এখন প্রায় শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে এবং গায়েবি ও মিথ্যা মামলাও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। এ অগ্রগতি আরো এগিয়ে নিতে আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। আজ রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এল এল এম লইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এই ধারাটি মানুষের অধিকার রক্ষার একটি কার্যকর সুরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়েছে। তিনি বলেন, অনেক ক্ষেত্রে শত শত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মানুষকে বছরের পর বছর পুলিশ রিপোর্টের জন্য অপেক্ষা করতে হলে তারা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, বিদেশ ভ্রমণ কিংবা চিকিৎসা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হন। এ সমস্যা নিরসনে উচ্চতর পুলিশ কর্তৃপক্ষের মাধ্যমে অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত ‘ডুলা’ সদস্যদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, সঠিক মানবিক মূল্যবোধ, দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করা সম্ভব। তিনি আরো বলেন, রাজনৈতিক দর্শন যাই হোক না কেন, দিন শেষে সবাইকে মনে রাখতে হবে—আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করছি। মন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি, এ দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার নাগরিকদের জন্য নিশ্চিত করা সম্ভব হবে, যদি আইন পেশায় নিয়োজিত ব্যক্তিরা নিজেদের মূল্যবোধের জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করেন। ডুলা-এর সভাপতি শেখ আলী আহমেদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডুলা-এর সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন-সহ অন্যরা।

Read More »