সর্বশেষ
সর্বশেষ

Day: March 26, 2026

স্বাধীনতা দিবস প্যারেড: রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণ, প্রধানমন্ত্রীর কুচকাওয়াজ পরিদর্শন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ খৃ. – দীর্ঘ দেড় যুগ পর স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হল সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও দেশের সামরিক সক্ষমতা প্রদর্শনী। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানী ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শুরু হয়। অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সুসজ্জিত মোটর শোভাযাত্রাসহ ১০টার দিকে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী। এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিবৃন্দ। জাতীয় সংগীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হয়। খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন তিনি। পরে মার্চপাস্ট শুরু হয়। এতে প্রথমে থাকে বিভিন্ন পতাকাবাহী তিনটি দল বা কন্টিনজেন্ট। এরপর পর্যায়ক্রমে রাষ্ট্রপতিকে সালাম দিতে এগিয়ে যেতে থাকে সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাজোয়া রেজিমেন্ট কন্টিনজেন্ট, ইস্ট বেঙ্গল কন্টিনজেন্ট, বাংলাদেশ ইনফ্যান্টারি রেজিমেন্ট, আর্টিলারি কন্টিনজেন্ট, এয়ার ডিফেন্স কন্টিনজেন্ট, ইঞ্জিনিয়ারস কন্টিনজেন্ট, সিগনালস কন্টিনজেন্ট, সার্ভিসেস কন্টিনজেন্ট। এরপর জাতীয় পতাকাবাহী কন্টিজেন্টের সদস্যরা রাষ্ট্রপতিকে সালাম জানান। এরপর পর্যায়ক্রমে আসে প্যারাকমান্ডো কন্টিনজেন্ট, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ, আনসার ও ভিডিপি, ন্যাশনাল ক্যাডেট কোর, কারা পুলিশ, সম্মিলিত নারী কন্টিনজেন্ট ও মডারনাইজড ইনফ্যান্টারি কন্টিনজেন্টগুলো সালাম প্রদর্শন করে মার্চপাস্ট করে বেরিয়ে যায়। সেনা ও বিজিপির ডগ স্কোয়াড ও অশ্বারোহী কন্টিনজেন্টের পর খোলা গাড়িতে বহনকারী মুক্তিযোদ্ধাদের কন্টিনজেন্ট এগিয়ে যায়। এরপরই ১০ হাজার ফুট উপর থেকে মূল মঞ্চের দুদিকে ২৬ জন প্যারাট্রুপার প্যারেড গ্রাউন্ডে নামেন, যারা জাতীয় পতাকাসহ বিভিন্ন বাহিনীর পতাকা বহন করেন। এরপর প্যারাকমান্ডো টিমের প্যারাট্রুপার দল রাষ্ট্রপতিকে সালাম প্রদর্শন করেন। এরমধ্যেই মাথার উপরে উড়ে যায় আর্মি অ্যাভিয়েশনের বিমান। পর্যায়ক্রমে আর্মি অ্যাভিয়েশনের বিমান ও হেলিকপ্টার, বিজিবি এয়ার উইংয়ের হেলিকপ্টার, র‌্যাব এয়ার উইংয়ের হেলিকপ্টার, নেভাল অ্যাভিয়েশনের বিমান ও হেলিকপ্টার উড়ে যায়। এরপর প্যারেড গ্রাউন্ডে একে একে এগিয়ে আসে বিভিন্ন বাহিনীর যান্ত্রিক বহরগুলো; যেখানে ট্যাংক, কামানের মতো ভারী যুদ্ধাস্ত্র ও প্রযুক্তিসহ নানা সরঞ্জাম প্রদর্শিত হয়। এরপর প্যারাকমান্ডো টিমের প্যারাট্রুপার দল রাষ্ট্রপতিকে সালাম প্রদর্শন করে। এরমধ্যেই মাথার উপরে উড়ে যায় আর্মি অ্যাভিয়েশনের বিমান। পর্যায়ক্রমে আর্মি অ্যাভিয়েশনের বিমান ও হেলিকপ্টার, বিজিবি এয়ার উইংয়ের হেলিকপ্টার, র‌্যাব এয়ার উইংয়ের হেলিকপ্টার, নেভাল অ্যাভিয়েশনের বিমান ও হেলিকপ্টার উড়ে যায়। এরপর প্যারেড গ্রাউন্ডে একে একে এগিয়ে আসে বিভিন্ন বাহিনীর যান্ত্রিক বহরগুলো; যেখানে ট্যাংক, কামানের মতো ভারী যুদ্ধাস্ত্র ও প্রযুক্তিসহ নানা সরঞ্জাম প্রদর্শিত হয়। এরপরে শুরু হয় কুচকাওয়াজের এবারের অন্যতম আকর্ষণ বিমান বাহিনীর ‘অ্যারোবেটিক শো’র মহড়া। ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এই প্রতিপাদ্যে বিমানবাহিনীর যুদ্ধ বিমানসহ প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারগুলো বিভিন্ন ফরম্যাশনে উড্ডয়ন কৌশল প্রদর্শিত হয়। পাঁচটি এফ-সেভেন যুদ্ধবিমান বর্ণিল রং ছাড়তে ছাড়তে প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণ করে। ‘লো লেভেল’ ফ্লাইং বিমান প্রদর্শনীর পর যোগ দেয় মিগ-২৯ যুদ্ধবিমান। এই আধুনিক যুদ্ধবিমানটি রাষ্ট্রপতিকে ‘ফ্লাইং স্যালুট’ প্রদর্শন করে। এরপর কয়েক দফা টার্ন পারফরম্যান্স, লো লেভেল ফ্লাইংও প্রদর্শিত হয়। শেষে মূল মঞ্চের পেছন দিক থেকে এসে ‘ভিক্টোরি রোল’ প্রদর্শন করে উপরের দিকে মেঘের আড়ালে চলে যায় মিগ-২৯, যেটিকে ‘চূড়ান্ত প্রদর্শনী’ হিসেবে ঘোষণা করা হয়। কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শেষ হয় ১১টা ৫৯ মিনিটে। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রদর্শনীতে নেতৃত্ব দেওয়া বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সামনে গিয়ে তাদের সঙ্গে হাত মেলান। রাষ্ট্রপতিকে বিদায় জানা প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিন বাহিনীর প্রধানগণ সঙ্গে ছিলেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত মেলান। মনোজ্ঞ এ আয়োজন প্রধানমন্ত্রীর পাশে বসে উপভোগ করেন তার কন্যা জাইমা রহমান। কুচকাওয়াজ প্রদর্শনী উপভোগ করতে শিশু-কিশোরসহ নানান বয়সী হাজারো দর্শণার্থী জাতীয় প্যারেড স্কয়ারে জড়ো হন। দর্শনার্থীদের অনেকের হাতে ও মাথায় শোভা পায় লাল-সবুজের জাতীয় পতাকা। ২০০৮ সালের পর অর্থাৎ ১৮ বছর পরে এবার ২৬ মার্চের আনুষ্ঠানিকতায় যুক্ত হল এ প্রদর্শনী। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এবার স্বাধীনতা দিবসে জাঁকজমকভাবে এ আয়োজন করতে রোজার শুরু থেকে প্যারেড স্কয়ার মাঠে প্রস্তুতি শুরু হয়, মঙ্গলবার ‘চূড়ান্ত রিহার্সেলের’ মাধ্যমে এর প্রস্তুতি সম্পন্ন করা হয়।

Read More »

পদ্মায় বাসডুবির ঘটনায় নৌপরিবহনমন্ত্রীর গভীর শোকপ্রকাশ

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১২ চৈত্র (২৬ মার্চ) ২০২৬ খৃ. – রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে নিমজ্জিত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার পরপরই দ্রুততম সময়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দল নিরলসভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ এবং স্থানীয় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করছে। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমের সার্বক্ষণিক মনিটরিং করছেন। তিনি উদ্ধার কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেছেন। মন্ত্রী আরো বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনসহ ইতোমধ্যে অন্যান্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। তিনি নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন

Read More »

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশর

কূটনৈতিক প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : নিউইয়র্ক, ২৬ মার্চ ২০২৬ খৃ. – দাসত্ব ও নিপীড়ন নির্মূলের জন্য জোরদার বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ২৫ মার্চ জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক দাসত্ব ও ট্রান্স-আটলান্টিক দাসবাণিজ্যের শিকারদের স্মরণে’ আয়োজিত স্মারক সভায় এ আহ্বান জানান। তিনি দাসত্ব ও ট্রান্স-আটলান্টিক দাসবাণিজ্যের লক্ষ লক্ষ শিকারদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং স্বাধীনতা ও ন্যায়ের জন্য লড়াই করা সাহসী মানুষের অদম্য মানসিকতার প্রশংসা করেন। ড. রহমান জোর দিয়ে বলেন, ট্রান্স-আটলান্টিক দাসবাণিজ্য মানবজাতির ওপর এক স্থায়ী দাগ রেখে গেছে। দাসত্ব, বর্ণবাদ, গণহত্যা ও সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের অটল অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দেশের সংবিধান সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, বর্ণবাদ ও বৈষম্য প্রত্যাখ্যান করে এবং শোষিত জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করে। ১৯২৬ সালের দাসত্ব সংক্রান্ত কনভেনশনের শতবর্ষ এবং প্রায় ৮০ বছর আগে গৃহীত মানবাধিকার সনদ দাসত্বকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে স্বীকৃতি দিয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদিও দাসত্ব আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়েছে, এর প্রভাব আজও সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোয় বিদ্যমান। তিনি মানব পাচার প্রতিরোধ, ডিজিটাল ফরেনসিক সমন্বয় এবং দাসত্ব ও দাস বাণিজ্যের মানব ও সভ্যতাগত ক্ষতির বিষয় সম্পর্কে শিক্ষাব্যবস্থা ও সংলাপে বিনিয়োগ বৃদ্ধির ওপর গরুত্বারোপ করেন। পাশাপাশি, আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হয়ে এমন একটি বিশ্ব গড়ার আহ্বান জানান, যেখানে দাসত্ব, বৈষম্য ও অন্যায়ের কোনো স্থান থাকবে না এবং মানব মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।

Read More »

জ্বালানি সরবরাহ ঠিক রাখতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন : মন্ত্রিপরিষদ সচিব

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ খৃ. – মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, সরকারের কাছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। জ্বালানি সরবরাহ ঠিক রাখার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী পরিষদ সচিব বলেন, এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে। আমাদের আগে যেখানে ১৫ দিনের একটা রিজার্ভ থাকতো, সেখানে আমাদের বর্তমানে এক মাসের মতো রিজার্ভ রয়েছে। তিনি বলেন, সরকার যে পরিকল্পনা নিয়েছে তাতে খুব শীঘ্রই এই রিজার্ভটা আরো বড় করার চেষ্টা করা হচ্ছে। যাতে আমাদের জ্বালানি সংকট হলে যেন ধাক্কা সামলে নেয়া যায়। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী দিনভর দাফতরিক কাজে ব্যস্ত ছিলেন, আজ সকালে জ্বালানি পরিস্থিতি নিয়ে একটা বৈঠক হয়েছে, যেখানে অর্থমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী ছিলেন। জ্বালানির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী পরিষদ সচিব বলেন, মন্ত্রী পরিষদ বৈঠকের ধার্যকৃত তারিখ বৃহস্পতিবার ছিল। কিন্তু বৃহস্পতিবার ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস জাতীয় অনেকগুলো অনুষ্ঠান আছে, সেজন্য আজ বুধবার মিটিংটা করা হয়েছে। তিনি বলেন, বৈঠক শুরু হয়েছে ২৫ শে মার্চের সেই কালোরাতের স্মৃতি স্মরণ করে। পাকিস্তানি বাহিনীর সেই নৃশংস হামলার পর স্বাধীনতার ঘোষণা দেয়া হয় এবং আমাদের মুক্তিযুদ্ধের সূচনা হয়। প্রথমেই অনেক সদস্য সেই স্মৃতি স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দোয়া করা হয়েছে। তিনি বলেন, পাঁচটি বিষয় বৈঠকে আলোচনা করা হয়েছে। এরমধ্যে প্রথমটা ছিল মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন আইন ২০২৬- এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, ২০২৬ সালে ভ্যাটের যে আইনটা করা হয়েছিল এবং যেটা এফেক্টিভ ছিল, সেটা পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, দুইটা অর্থ আইন যেটা জুলাই পর্যন্ত এসে শেষ হবে সেই অর্থবছরের যে সমস্ত খরচ হয়েছে এবং সংশোধিত আকারে ফাইনালি যে খরচ হয়েছে সেটাই অর্থ আইনে রিফ্লেক্টেড হয় সেটারও খসড়া এবং নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, আরেকটা বিষয় ছিল অর্থসংক্রান্ত অধ্যাদেশ সংশোধন আইনের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন। এই অধ্যাদেশটি সংবিধানের ৮৬ ও ২৭ অনুচ্ছেদ অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক আর্থিক প্রবৃদ্ধির অংশ এবং গত ২৬ জুন ২০২৫ তারিখ হতে এই অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব আদায় করা হচ্ছে। মন্ত্রী পরিষদ সচিব বলেন, আমরা যে ট্যাক্সগুলো আদায় করি সেগুলো একটা আইনের অধীনে আদায় করা হয়। অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে ‘অর্থ সংক্রান্ত সংশোধন ২০২৫-২৬ অর্থবছর’ আইন ২০২৬ এর খসড়া মন্ত্রিসভা বিশেষ বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, পাঁচটি আইনের অর্থাৎ যে ১৩৩টা আইন আগের মন্ত্রিসভার সময় পাশ হয়েছিল তার মধ্যে এই পাঁচটি আইন মোটামুটি একটা ডিসিশন হলো যে এগুলো আইনে পরিণত হবে এবং তার জন্য অন্যান্য যে প্রসিডিউরগুলো আছে সেগুলো করা হবে এবং এগুলো সামনে সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে ইনশাআল্লাহ।

Read More »

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৫ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৫ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকগণ। রাজশাহী, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, ও কুমিল্লা সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার। তারা স্থানীয় সরকার সিটি কর্পোরেশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন। সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত শনিবার ( ১৪ মার্চ, ২০২৬ খৃ.) জারি করেন সরকার। এরপর জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম(এমপি)। নবনিযুক্ত প্রশাসকরা হলেন, রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মাহফুজুর রহমান রিটন, রংপুর সিটি কর্পোরেশনে মাহমুদ উন নবী ডন, বরিশাল সিটি কর্পোরেশনে এ্যাডভকেট বিলকিস আক্তার জাহান শিরিন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মো. রোকনুজ্জামান রোকন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে মো. ইউসুফ মোল্লা টিপু।

Read More »

এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময়ের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা করছে সরকার : শিক্ষামন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ চৈত্র (২৫ মার্চ) ২০২৬ খৃ. – শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন(এমপি) বলেছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান সময় সাশ্রয় করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করছে সরকার। আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে একজন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে যে বছর দশম শ্রেণির ক্লাস শেষ করে তার পরবর্তী বছর এসএসসি পরীক্ষা দেয়ার সুযোগ পায় এবং এইসএসসি পরীক্ষার ক্ষেত্রেও একই অবস্থার সম্মুখীন হয়। এর ফলে ঐ শিক্ষার্থীর শিক্ষাজীবনের প্রায় দুই বছর সময় তার শিক্ষাজীবন থেকে হারিয়ে যায়। এই বিষয়টি শিক্ষার্থীদের জীবনে ও আমাদের জাতীয় জীবনে একটা বড় রকমের ক্ষতি। এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে নকলমুক্ত পরিবেশের কোনো বিকল্প নেই। অতীতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে যেভাবে নকল প্রতিরোধ করা সম্ভব হয়েছিল, আগামীতেও আমরা সেই ধারা বজায় রাখব। বিভাগীয় শহরগুলোতে কেন্দ্র সচিব ও স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময়ের মাধ্যমে একটি সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। মন্ত্রী নীলফামারীর ডিমলায় খগাখড়িবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিগত ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে দীর্ঘসূত্রতার বিষয়টি খতিয়ে দেখতে নথিপত্র তলব করেছেন এবং ভবিষ্যতে পরীক্ষার সময়ে যেকোন অনিয়ম দূর করতে সরকার যে বদ্ধপরিকর তা তিনি ব্যক্ত করেন। তিনি আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর বাস্তব অবস্থা ও সমস্যা চিহ্নিত করতে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছেন বলেন। এছাড়া, মতবিনিময় সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষা কক্ষে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন করার বিষয়েও আলোচনা করা হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভবিষ্যতে বিষয় সংখ্যা হ্রাসের প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের গণহত্যা দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুরের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৫শে মার্চ বুধবার সকালে ১০টায় লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লায়ন মেজর (অব.) মোঃ নাসিম উদ্দিন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য লায়ন শাহীন পারভেজ এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুর এর প্রথম ভাইস প্রেসিডন্টে লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, পরিচালক লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ, লায়ন এ্যাড. আহসানুল হাবিব মিলন এমজেএফ, পরিচালক লায়ন মোঃ তানজেউর রহমান, লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইনামুল হাসান, উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, কো-অর্ডিনেটর মোঃ আখতারুজ্জামান দুলু (মাধ্যমিক শাখা), জয়শ্রী ভট্টাচার্য (প্রাথমিক শাখা) সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Read More »

রংপুর জেলা প্রশাসনের গণহত্যা দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন উপলক্ষে গণহত্যা, ঐতিহাসিক মহান মুক্তিযোদ্ধ সম্পর্কে স্মৃতি চারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৫শে মার্চ বুধবার সকালে ১০টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আলোনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, রংপুর মেট্রোপলিটর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড রংপুর মহানগর ইউনিটের আহবায়ক নুর মোহাম্মদ মিয়া, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কূটনৈতিক ট্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ চৈত্র (২৫ মার্চ) ২০২৬ খৃ. – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি (Reto Renggli) সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, সন্ত্রাসবাদ দমন, সংসদীয় গণতন্ত্রের চর্চা, পুলিশসহ বিভিন্ন খাতে সংস্কার, আর্থিক সংস্কার, মানি লন্ডারিং প্রতিরোধ, স্ক্যামসহ ডিজিটাল প্রতারণা প্রতিরোধ, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা, পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। আমরা প্রকৃত সংসদীয় গণতন্ত্রের চর্চা করতে চাই। দেশের সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ আয়োজনসহ সকল গণতান্ত্রিক অধিকার রয়েছে। তবে তা সতর্কতার সাথে করতে হবে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়।’ বিগত ফ্যাসিস্ট আমলের সমালোচনা করে তিনি বলেন, তৎকালীন সময়ে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অতিমাত্রায় বল প্রয়োগ করতে পুলিশকে ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের পক্ষ থেকে কারিগরি ও কৌশলগত সহযোগিতার আশ্বাস দেন। তিনি বর্তমান সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ সম্পর্কে মন্ত্রীর কাছে জানতে চান এবং সংসদকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। সম্প্রতি অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত (১৬-১৭ মার্চ ২০২৬) ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এ অংশগ্রহণের অভিজ্ঞতা বর্ণনা করে মন্ত্রী জানান, স্ক্যাম বা ডিজিটাল প্রতারণা বর্তমানে বিশ্বের মোট প্রতারণার প্রায় ৪০ শতাংশ। এটি একটি বৈশ্বিক সংকট এবং আন্তঃদেশীয় সহযোগিতা ছাড়া এটি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। রাষ্ট্রদূতও ডিজিটাল প্রতারণাকে একটি উদ্বেগের বিষয় হিসেবে অভিহিত করেন এবং আন্তর্জাতিক নিরাপত্তা ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশে সন্ত্রাসবাদ পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে চরমপন্থা বা উগ্রবাদ অল্প মাত্রায় থাকতে পারে, তবে তা কখনোই সন্ত্রাসবাদে রূপ নেয়নি। বাংলাদেশে সন্ত্রাসবাদ দমনে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (ATU) এবং ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (CTTC) ইউনিট অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। আর্থিক খাতের সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে সংস্কার অপরিহার্য। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং সামগ্রিক সংস্কার খাতে সুইজারল্যান্ড তাদের সহযোগিতা জোরদার করতে পারে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার যুগ্মসচিব রেবেকা খান, সুইজারল্যান্ড দূতাবাসের কাউন্সেলর আলবার্তো জিওভানেত্তি (Alberto Giovanetti) প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম’ (UNODC)-এর দক্ষিণ এশীয় বিষয়ক আঞ্চলিক পরিচালক ক্রিস্টিয়ান হোলজ (Kristian Hölge) এক পৃথক বৈঠকে মিলিত হন।

Read More »