সর্বশেষ
সর্বশেষ

Day: April 25, 2026

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৬ খৃ. – রাজধানী ঢাকার সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা করতে পারবেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, উচ্ছেদ হওয়া হকারদের বিকল্প জায়গার ব্যবস্থা করে দেবে সরকার। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে হকারদের পরিচয়পত্র দেওয়া হবে, যাতে তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়। এছাড়াও বৈঠকে স্কুল-কলেজে ক্লাস শুরু ও শেষের সময় সড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণে যানজট তৈরি হয়। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ কয়েকটি এলাকার সড়ক থেকে হকার উচ্ছেদ করা হয়। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ও ডিআইজি (ট্রাফিক) আনিছুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) ২০২৬ খৃ৷ – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপির ৩১ দফা নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকার মসজিদের পাশাপাশি মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের বরাদ্দ সমানভাবে বন্টনের নীতি অনুসরণ করছে। প্রতিমন্ত্রী আজ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক পূজা মণ্ডপ পরিদর্শনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার -এই নীতিকে সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তা নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার। পরে ইয়াসের খান চৌধুরী নান্দাইলে নিজ নির্বাচনি এলাকার প্রাথমিক বিদ্যালয় (বালক-বালিকা) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় তিনি খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, খেলাধুলার উন্নয়ন বিএনপি’র নির্বাচনি অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ দিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক প্রচেষ্টায় দেশের ক্রীড়াখাত এগিয়ে যাচ্ছে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

Read More »

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠবে – পানি সম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : লক্ষ্মীপুর, ১১ বৈশাখ (২৪ এপ্রিল) ২০২৬ খৃ. – ‎পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন আরো কঠিন হবে। কারণ এতে কোনো দলীয় প্রতীক থাকবে না। ‎ আজ লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলিতে হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। ‎ মন্ত্রী বলেন, নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় জনদুর্ভোগ হচ্ছে। এলাকায় চেয়ারম্যান নেই, মেম্বার নেই, অনেকে পলাতক রয়েছেন, অনেকের কাজ করার মতো সুযোগ নেই। জনগণের রায়ে আমরা দুই মাস হলো সরকারের দায়িত্ব নিয়েছি। সহসাই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ‎ এ্যানী চৌধুরী আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলের পক্ষে যারা নির্বাচন করতে চান তারা যেন জনগণের সাথে সম্পৃক্ত থাকেন এবং জনবান্ধন হন। ‎ মন্ত্রী এর আগে দিঘলী ওয়াপদা খালের ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। ‎ এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার কাথোয়াইপ্রু মারমা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি এবং দিঘলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর শ্রমিক ইউনিয়ন ২ মে তারিখে সাধারণ সভা আয়োজনের নির্দেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: শ্রমিক ইউনিয়নকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ও উত্তেজনার প্রেক্ষিতে অবশেষে হস্তক্ষেপ করেছে প্রশাসন। দ্রুত সমাধানের লক্ষ্যে সাধারণ সভা আয়োজন ও নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বিভাগীয় শ্রম দপ্তর, রাজশাহী বিভাগ। প্রাপ্ত এক সরকারি চিঠি থেকে জানা যায়, সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্ব নির্বাচন ও সাধারণ সভা আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা বিরাজ করছিল। বিভিন্ন পক্ষের অভিযোগ ও আবেদনের ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে আসে। চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন না হওয়ায় সংগঠনের কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে। এতে শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে দ্রুত একটি সাধারণ সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কথাও বলা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সভা ও নির্বাচন সম্পন্ন না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রয়োজনে প্রশাসন সরাসরি হস্তক্ষেপ করবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সভার তারিখ, সময় ও স্থান নির্ধারণ করে তা সকল পক্ষকে যথাসময়ে অবহিত করতে বলা হয়েছে। উল্লেখ্য, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক ঐক্য পরিষদের দায়ের করা উচ্চ আদালতের একটি রিটের প্রেক্ষিতে বিভাগীয় শ্রম দপ্তর, রাজশাহী এই নির্দেশনা জারি করেছে বলে জানা গেছে। এদিকে বিভাগীয় শ্রম দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের এই নির্দেশনার মাধ্যমে দীর্ঘদিনের বিরোধ নিরসন হয়ে শ্রমিক সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ফিরে আসবে।

Read More »

আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর, সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান, বিশিষ্ট সংগঠক, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব  সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের দ্বারা লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আরপিইউজে। আরপিইউজের সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে বিভাগীয় কাস্টমস অফিসের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিষয়ক ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তথ্য সংগ্রহের লক্ষ্যে প্রশ্ন করতে গেলে সংশ্লিষ্ট কাস্টমস কমিশনার সাংবাদিক সালেকুজ্জামান সালেকের প্রতি অসৌজন্যমূলক আচরণ প্রদর্শন করেন এবং তাকে লাঞ্ছিত করেন, যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের আচরণ শুধু ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্ব। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বা উদাসীনতা বরদাশত করা হবে না। প্রয়োজনে সাংবাদিক সমাজ পেশাগত মর্যাদা রক্ষায় পরবর্তী কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।

Read More »