
রংপুরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তরুণীকে নিয়ে বিয়ে, পরে অস্বী-কৃতির অভি-যোগ
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর কোতয়ালী (সদর) থানায় এক যুবকের বিরুদ্ধে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক তরুণীকে বিয়ে করে পরে সেই বিয়ের স্বীকৃতি না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের রতিরামপুর (খোদ্দারপাড়া) এলাকার বাসিন্দা শ্রী পরিমল চন্দ্র মহন্ত সদও কোতয়ালী থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন যে, তার মেয়ে শ্যামা রাণী মহন্তের সঙ্গে একই এলাকার পলাশ চন্দ্রের ছেলে শ্রী পল্লব চন্দ্র (২২) এর সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা হয়। অভিযোগে আরও বলা হয়, প্রায় তিন মাস আগে পল্লব চন্দ্র শ্যামা রাণী মহন্তকে পালিয়ে নিয়ে গিয়ে জেলা রংপুরের নোটারি পাবলিক কার্যালয়ের মাধ্যমে এফিডেভিট করে বিবাহ সম্পন্ন করে। পরে বিষয়টি গোপন রাখলেও একপর্যায়ে মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানায়। পরিবারের পক্ষ থেকে ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমদিকে বিয়ের বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হয়। তবে পরবর্তীতে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা বিয়ের বিষয়টি অস্বীকার করতে শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। বরং বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় গত ৩০ জুলাই স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে কোনো সমাধান হয়নি। অভিযোগকারী দাবি করেন, অভিযুক্ত পক্ষ বিয়ের স্বীকৃতি না দিয়ে উল্টো মামলা ও বিভিন্ন ধরনের হয়রানির হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মেয়ের অধিকার নিশ্চিত করতে কোতয়ালী (সদর) থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বাদী শ্রী পরিমল চন্দ্র মহন্ত। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পলব চন্দ্র বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি তদন্তাধীন রয়েছে।











