সর্বশেষ
সর্বশেষ

Day: September 13, 2026

রংপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে রংপুরে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি।শনিবার সকালে সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরীর টাউন হলে আয়োজিত ভিডিও কনফারেন্সে যুক্ত হন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর টাউন হল মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুরভী উদ্যানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসনের আয়োজনে এবং রংপুর সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় সেখানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশন বা প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাসের জন্য রংপুর সিটি কর্পোরেশন ব্যাপক পরিকল্পনা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে নগরীর প্রতিটি ওয়ার্ডের নির্দিষ্ট কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে, যেখানে এডিস মশার প্রজননস্থল রয়েছে। তিনি বলেন, চিহ্নিত এসব স্থানে নিয়মিত লার্ভিসাইড স্প্রে করা হবে, যাতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা যায়। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডকে একটি নির্দিষ্ট রুটিনের আওতায় আনা হয়েছে। সেই রুটিন অনুযায়ী নির্ধারিত সময়ে প্রতিটি ওয়ার্ডে ফগিং কার্যক্রম পরিচালনা করা হবে। সিটি প্রশাসক আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা। জনসচেতনতা ছাড়া শুধু সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শতভাগ ডেঙ্গুমুক্ত রংপুর গড়ে তোলা সম্ভব নয়। এজন্য নগরীর স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং তরুণ শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রত্যেকে যদি প্রতিদিন অন্তত এক ঘণ্টা নিজের বাড়ি, বাড়ির আশপাশ এবং চলাচলের পথের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হন, তাহলে ডেঙ্গু প্রতিরোধে বড় ভূমিকা রাখা সম্ভব। কোথাও ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টব কিংবা অন্য কোনো পাত্রে পানি জমে থাকলে তা অপসারণ করতে হবে। কারণ এসব জমে থাকা পানিই এডিস মশার প্রজননস্থলে পরিণত হতে পারে। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রসিক প্রশাসক বলেন, সবাই সম্মিলিতভাবে সচেতন হলে এবং নিজেদের আশপাশের এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে উদ্যোগী হলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। এ সময় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং প্রশাসক ইসরাত জাহান।এ সময় উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট এনামুল হক সোহেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Read More »

রংপুরে দীর্ঘ ২৮ বছর পর পুনরায় মামলার কমিশন কার্যক্রম সম্পন্ন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দীর্ঘ ২৮ বছর পর পুরোনো ২৭/১৯৯৩ নং মামলার পুনরায় কমিশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রংপুর সদর সিনিয়র সিভিল জজ আদালতের রায় ও ডিগ্রি সূত্রে নালিশি তফসিলভুক্ত জমিতে সরেজমিনে এ কমিশন কার্যক্রম পরিচালনা করা হয়। জানা যায়, ১৯৯৭ সালের ২৯ এপ্রিল ২৭/১৯৯৩ নং মামলায় প্রদত্ত প্রাথমিক রায় ও ডিগ্রি এবং ৩০/১৯৯৮ নং মামলার সোলেনামা সূত্রে আপস-মীমাংসার রায় ও ডিগ্রি বাবদ চুড়ান্ত ডিগ্রি প্রণয়নের নিমিত্তে কমিশনারের আদেশ পাওয়ার জন্য বাদীপক্ষ গত ১৩ জুলাই ২০২৬ তারিখে রংপুরের বিজ্ঞ সদর সিনিয়র সিভিল জজ আদালতে আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করলে গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে অ্যাডভোকেট কমিশনের জন্য দিন ধার্য করা হয়। পরবর্তীতে বিবাদীপক্ষ সময়ের আবেদন করলে বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনার নতুন করে ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ কমিশন কার্যক্রমের দিন ধার্য করেন। নির্ধারিত তারিখে আদালতের রায় ও ডিক্রি সূত্রে নালিশি তফসিলভুক্ত আলমনগর, রাধাবল্লব ও ভগি মৌজায় বাদী ও বিবাদীপক্ষের উপস্থিতিতে সরেজমিনে কমিশন কার্যক্রম সম্পন্ন করা হয়। বাদী নিউ সেনপাড়া করঞ্জাই রোড এলাকার মন্তাজ উদ্দিন গং-এর তফসিলমূলে আলমনগর ও রাধাবল্লব মৌজায় সর্বমোট দাবি একশ ছয় দশমিক পাঁচ শতক জমি বলে জানা গেছে।রংপুর জজ কোর্টের অ্যাডভোকেট কমিশনার মো. আব্দুস সাত্তার সরেজমিনে কমিশন কার্যক্রম পরিচালনা করেন এবং উভয় পক্ষের উপস্থিতিতে স্বাক্ষর গ্রহণ করেন।

Read More »

রংপুরে অলিম্পিক গেমসের তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে স্পোর্টস একাডেমির আয়োজনে এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অলিম্পিক গেমসের অন্তর্ভুক্ত তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সামসুজ্জামান সামু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএ রংপুরের সভাপতি মনজুর আহমেদ আজাদ, রংপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. শামীম খান মিসকিন, রংপুর স্পোর্টস একাডেমির সভাপতি সৈয়দ সামছুল আলম, ক্রীড়া সংগঠক এ কে এম তৌহিদ আল ওয়াদুদ এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট এনামুল হক সোহেল। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর স্পোর্টস একাডেমির পরিচালক কামাল হোসেন, ক্রীড়া সংগঠক রুবায়েদ হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা

Read More »

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা সম্ভব। আমাদের তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, সেটি ২০২৪ সালের ৫ আগস্ট সারাবিশ্বকে দেখিয়ে দিয়েছে। পরিবর্তনের সূচনা সেখান থেকেই তরুণ সমাজ করেছে।’ তাই তাদের কাছে আমার আহ্বান, ‘আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আগামী তিন মাসে আমাদের ডেঙ্গুর সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করি। হয়তো আমরা শতভাগ পারবো না, কিন্তু অন্তত ৮০ শতাংশ আমরা পারবো।’ আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলমান থাকবে। ঢাকা কেন্দ্রিক উদ্যোগের পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে এ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমি যতটুকু জানি বাংলাদেশের স্কাউটস’র সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি’র সদস্য সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল, মাদ্রাসা ছাড়াও সারাদেশে হাই স্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল ও এবতেদায়ি মাদ্রাসায় রয়েছে আড়াই কোটি শিক্ষার্থী। তিনি বলেন, এছাড়া আজ অনলাইনে প্রায় সবগুলো জেলা এখানে কানেক্টেড আছে। গার্লস গাইড, বিএনসিসি স্কাউটস, ভলেন্টিয়ারসহ আপনাদের সবার কাছে আমি একটি সাহায্য চাই। সেটি হলো, এই দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে। আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা একটি লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছি। সেটি হলো দেশ গড়ার লক্ষ্য। তারেক রহমান বলেন, আমরা জানি কিভাবে ডেঙ্গু হয়। ভাঙ্গারি, কাগজপত্র বিভিন্ন জায়গায় পড়ে থাকে, প্লাস্টিক ও মাটির বিভিন্ন জিনিস পড়ে থাকতে দেখা যায়। সেখানে পরিষ্কার পানি জমে এই ডেঙ্গু বহনকারী এসিড মশার তৈরি হয়। কাজেই আমরা সকলে মিলে চেষ্টা করলে এ অবস্থার পরিবর্তন ঘটাতে পারব। তিনি বলেন, ‘এই মাঠে আমরা যত মানুষ আজকে উপস্থিত আছি, প্রত্যেকে পানি খাই এবং প্রত্যেকে যদি একটা করে কিছু মাঠে ফেলে দেই এখনে হয়তো কেউ কিছু বলবে না। কিন্তু এই ময়লাগুলা আস্তে আস্তে জমা হয়ে আবর্জন হবে। সেখান থেকে রোগ জীবাণু তৈরি হবে। আপনি বা আপনার প্রিয়জন অসুস্থ হয়ে যাবে। ‘তাই আসুন আমরা নিজেকে সুস্থ রাখি। নিজের পরিবারকে সুস্থ রাখি। নিজের সমাজকে সুস্থ রাখি। নিজের দেশকে আমরা সুস্থ রাখার চেষ্টা করি। এই কাজটা কিন্তু খুব কঠিন না।’ তারেক রহমান বলেন, আজকে হয়তো আপনাদের একটু কষ্ট হবে। কিন্তু প্রতি সপ্তাহে এক ঘণ্টা যদি আমরা নিজের বাসা, স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য কাজ করি তাহলে অবশ্যই দ্রুত এই পরিবর্তন আনতে আমরা সক্ষম হবো। তিনি বলেন, আমরা রাস্তাঘাট দিয়ে যখন যাই দেখি বহু মানুষ অসচেতনভাবে যেখানে সেখানে আবর্জনা ফেলছে। তাদের সচেতন করতে হবে। যারা ময়লা করবে, যারা আবর্জনা তৈরি করবে, আমাদের তাদেরকে নিরুৎসাহিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তাই কথা একটাই। কাজ, কাজ, আর কাজ। এবং পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন আর পরিচ্ছন্নতাই হতে হবে আমাদের আগামী দিনের মূল লক্ষ্য।’ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। আরও বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মী, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের সব জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ অনলাইনে এ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন। সুত্র. বাসস

Read More »

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

লিগ্যাল ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরো সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, সরকারের ভুল-ভ্রান্তি হলে সাংবাদিকরা অবশ্যই তা তুলে ধরবেন। তবে অপপ্রচার বা অপতথ্যের মাধ্যমে নয়। এআই, ফ্যাক্টচেকিং এবং মিসইনফরমেশন সম্পর্কে সাংবাদিকদের দক্ষতা বাড়াতেই সারাদেশে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্টচেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের শুধু একটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। ফ্যাক্টচেকিং, ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন সম্পর্কে তাদের দক্ষ করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশে যেভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে, তা বন্ধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের এমন কোনো জনপ্রিয় বা সুপরিচিত ব্যক্তি নেই, যার নামে অপপ্রচার করা হয়নি। আমাদের মা-বোনদেরও মিসইনফরমেশন ও ইনপার্সোনেশনের মাধ্যমে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। ইয়াসের খান চৌধুরী বলেন, অপপ্রচার শুধু সাংবাদিকদের মাধ্যমে হচ্ছে না। অনেকেই সাংবাদিক না হয়েও নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে গুজব ও অসত্য তথ্য ছড়াচ্ছেন। আবার কেউ কেউ এআই ব্যবহার করে মানুষের ছবি বিকৃত করে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এতে প্রকৃত সাংবাদিকদেরও দুর্নাম হচ্ছে। তিনি বলেন, প্রকৃত সাংবাদিকদের জন্য আমরা দুই বছর মেয়াদি মাস্টার্স কোর্স, এআইভিত্তিক জার্নালিজমসহ বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ তৈরি করছি। প্রেস ক্লাবগুলোর মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের তালিকা নেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। তিনি জানান, প্রথম ধাপে ময়মনসিংহ বিভাগ, বগুড়া, ফেনী ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব এলাকায় এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সহযোগিতা দেওয়া হচ্ছে। সাংবাদিকদের জন্য আরো সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমরা মিথ্যা বা অসত্য আশ্বাস দিতে চাই না, যে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দেব। এমন মিথ্যা আশ্বাস আমরা দিই না। তবে বাংলাদেশকে আরো সুন্দর ও ভালো জায়গায় কীভাবে নেওয়া যায়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। তিনি বলেন, বাংলাদেশ সবার। রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকসহ প্রত্যেকেরই দেশের প্রতি দায়িত্ব রয়েছে। সাংবাদিকরা জনগণের কথা তুলে ধরেন এবং সরকারের ভুল-ত্রুটিও তুলে ধরবেন। তবে তা হতে হবে তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণমাধ্যমে যে স্বাধীনতা বিরাজমান, তা অব্যাহত থাকবে। এ সময় তিনি রাষ্ট্র ও গণতন্ত্রের স্বার্থে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রকে যেভাবে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, বাংলাদেশের অর্থনীতিকে যেভাবে ১৭ বছরে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, সেই ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং গণতন্ত্র যেন অব্যাহত থাকে, সেদিকে আপনাদের নজর দিতে হবে। অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Read More »

৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে বাংলাদেশের ডেপুটি স্পিকারের নেতৃত্বে ৫ সদস বিশিষ্ট প্রতিনিধি দল অংশ গ্রহন করছেন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির নেতৃত্বে পাঁচ (০৫) সদস্য বিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিতব্য ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (CPC)-এ অংশ গ্রহণ করছেন। প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিএনপির হুমাম কাদের চৌধুরী এমপি, ও মিজ্ সাকিলা ফারজানা এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: মাহবুবুল আলম এমপি অংশগ্রহণ করবেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিষ্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৩ থেকে ১৯ সেপেটেম্বর ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। সম্মেলনে “পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব” প্রতিপাদ্য সম্পর্কিত আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল কনফারেন্সে অংশগ্রহণকারি পাকিস্তান জাতীয় পরিষদের স্পীকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এ ছাড়াও ব্যারিস্টার কায়সার কামাল দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার অফ দ্য ওয়েস্টার্ন কেপ Alan Winde এর সঙ্গেও দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন । কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (CPC)-এ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও ডেপুটি স্পীকারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হতে পারে । কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (CPC) এর নেতৃবৃন্দের সঙ্গেও বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দল সংসদীয় গণতন্ত্র চর্চা সুসংহতকরণের অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য কর্মশালায় মিলিত হবেন । প্রতিনিধিদল সম্মেলন শেষে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রবিবার ১৭:২৫ ঘটিকায় ফ্লাইট নং EK-586 যোগে ঢাকা প্রত্যাবর্তন করবেন।

Read More »

ডেপুটি স্পীকারের সঙ্গে কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

সংসদ প্রদিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে নেত্রকোণা জেলার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অভিভাবকসহ ৪৯ সদস্যের একটি প্রতিনিধিদল আজ জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের ভালোভাবে পড়ালেখা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে এবং বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। মেধা, যোগ্যতা ও সততার মাধ্যমে নেত্রকোণা তথা দেশের জন্য গৌরব বয়ে আনতে হবে।” শিক্ষকদের উদ্দেশে ডেপুটি স্পীকার বলেন, “আপনারা শিক্ষার্থীদের মানুষ গড়ার কারিগর। তাই নিজ সন্তানের মতো স্নেহ-মমতা দিয়ে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হতে হবে। পড়ালেখার পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।” শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শনে নিয়ে আসার জন্য বিদ্যালয়ের শিক্ষক, কর্তৃপক্ষ ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে ডেপুটি স্পীকার বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নাগরিক সচেতনতা ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে। প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সফরকালে প্রতিনিধিদলটি জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম অবলোকন করে এবং সাউথ প্লাজা, নর্থ প্লাজা, সংসদ লাইব্রেরিসহ জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ লক্ষ্য করা যায়। সফরটি শিক্ষার্থীদের জন্য একটি আনন্দঘন ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। এই সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সংসদীয় গণতন্ত্র, আইন প্রণয়ন প্রক্রিয়া ও জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।

Read More »