জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
দীর্ঘ ২৮ বছর পর পুরোনো ২৭/১৯৯৩ নং মামলার পুনরায় কমিশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রংপুর সদর সিনিয়র সিভিল জজ আদালতের রায় ও ডিগ্রি সূত্রে নালিশি তফসিলভুক্ত জমিতে সরেজমিনে এ কমিশন কার্যক্রম পরিচালনা করা হয়।
জানা যায়, ১৯৯৭ সালের ২৯ এপ্রিল ২৭/১৯৯৩ নং মামলায় প্রদত্ত প্রাথমিক রায় ও ডিগ্রি এবং ৩০/১৯৯৮ নং মামলার সোলেনামা সূত্রে আপস-মীমাংসার রায় ও ডিগ্রি বাবদ চুড়ান্ত ডিগ্রি প্রণয়নের নিমিত্তে কমিশনারের আদেশ পাওয়ার জন্য বাদীপক্ষ গত ১৩ জুলাই ২০২৬ তারিখে রংপুরের বিজ্ঞ সদর সিনিয়র সিভিল জজ আদালতে আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করলে গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে অ্যাডভোকেট কমিশনের জন্য দিন ধার্য করা হয়।
পরবর্তীতে বিবাদীপক্ষ সময়ের আবেদন করলে বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনার নতুন করে ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ কমিশন কার্যক্রমের দিন ধার্য করেন। নির্ধারিত তারিখে আদালতের রায় ও ডিক্রি সূত্রে নালিশি তফসিলভুক্ত আলমনগর, রাধাবল্লব ও ভগি মৌজায় বাদী ও বিবাদীপক্ষের উপস্থিতিতে সরেজমিনে কমিশন কার্যক্রম সম্পন্ন করা হয়।
বাদী নিউ সেনপাড়া করঞ্জাই রোড এলাকার মন্তাজ উদ্দিন গং-এর তফসিলমূলে আলমনগর ও রাধাবল্লব মৌজায় সর্বমোট দাবি একশ ছয় দশমিক পাঁচ শতক জমি বলে জানা গেছে।রংপুর জজ কোর্টের অ্যাডভোকেট কমিশনার মো. আব্দুস সাত্তার সরেজমিনে কমিশন কার্যক্রম পরিচালনা করেন এবং উভয় পক্ষের উপস্থিতিতে স্বাক্ষর গ্রহণ করেন।
















