সর্বশেষ
সর্বশেষ

Day: October 11, 2026

রংপুরে দুই দশকের গৌরবময় পথচলায় ‘বাংলার চোখ’, সম্মাননা পেলেন ১১ গুণীজন

রংপুরে দুই দশকের গৌরবময় পথচলায় ‘বাংলার চোখ’, সম্মাননা পেলেন ১১ গুণীজন জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সামাজিক দায়বদ্ধতা, মানবসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দুই দশকের পথচলা উদযাপন করেছে রংপুরের স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘বাংলার চোখ’। সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দশক পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১১ জন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। ‘একতার শক্তি, সেবার অঙ্গীকার—দুই দশকে বাংলার চোখ পরিবার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মুনতারিস মাহমুদ তানবীর। পরে অতিথিদের অংশগ্রহণে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য দেন বাংলার চোখের ২০ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও সদস্যসচিব মোকাররম হোসাইন। বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী তানবীর হোসেন আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ দোকান মালিক সমিতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক লিটন পারভেজ, তিস্তা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আশরাফুল আল আমিন, জয়নাল আবেদিন, সাবেক অধ্যক্ষ মোশারফ হোসেন, আব্দুল মতিন লস্কর, বাবুল হোসাইনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের আগে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রকৃত সার্থকতা। বাংলার চোখ দীর্ঘ দুই দশক ধরে সমাজসেবা, সাংস্কৃতিক চর্চা, ক্রীড়া ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১১ জন গুণীজনকে সম্মাননা প্রদান। এ সম্মাননার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখা ব্যক্তিদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়। দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। রাত ১১টা পর্যন্ত চলে সাংস্কৃতিক আয়োজন। এ ছাড়া অংশগ্রহণকারীদের জন্য কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।আনন্দ, উৎসাহ ও মিলনমেলার মধ্য দিয়ে শেষ হয় বাংলার চোখের দুই দশক পূর্তি উদযাপন। অনুষ্ঠানে সংগঠনের দীর্ঘ পথচলার অর্জন তুলে ধরার পাশাপাশি মানবসেবা ও সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Read More »

লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে বকশা বৃদ্ধাশ্রমে টিন বিতরণ

লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে বকশা বৃদ্ধাশ্রমে টিন বিতরণ জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ এর আওতায় ‘অক্টোবর সেবা পক্ষ ২০২৬ উপলক্ষে লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে বকশা বৃদ্ধাশ্রমে ঘর তৈরির জন্য ২বান টিন বিতরণ করা হয়। গতকাল (১১ অক্টোবর) রবিবার দুপুর ২ টায় রংপুর নগরীর বকশা বৃদ্ধাশ্রমে ঘর তৈরির জন্য ২বান টিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক মিসেস লায়লা মঞ্জুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ। এ সময় উপস্থিত ছিলেন কনভেনশন কো চেয়ারম্যান, রিজিওনাল চেয়ারপার্সন হেডকোয়াটার ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যন লায়ন মোঃ এনামুল হক সোহেল,এমজেএফ, অক্টোবর সেবাপক্ষ ২০২৬ এর চেয়ারম্যান একেএম বানিউল আদম বাবু, এমজেএফ, ক্লাব পরিচালক মোঃ শাহীন পারভেজ ,এমজেএফ, ক্লাব পরিচালক মোঃ মাহামুদ এলাহী বিপ্লব, ক্লাব পরিচালক লায়ন মোয়াজ্জেম হোসেন কিন্তু, ক্লাব পরিচালক লায়ন জেবুন্নেছা জেবিন, বকশা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল করিম রেজা, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬ খৃ. – প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশ ও মানুষের স্বার্থে ব্যয় হয়। এ বিষয়ে তিনি সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশ দিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। তিনি জানান, সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা অনেকগুলো প্রকল্প নিয়েছেন, অনেক টার্গেট ঠিক করেছেন। সেই লক্ষ্য অর্জনে সরকার বাজেট বরাদ্দ দেবে। কিন্তু এটা জনগণের অর্থ। আমি আশা করব, এই অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে ব্যয় হয়। এ বিষয়ে আপনারা সবাই মনোযোগ দেবেন।’ সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগ মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যারা এখানে আছি, বাংলাদেশের মোট জনসংখ্যার তুলনায় আমরা সবাই সুবিধাপ্রাপ্ত। আল্লাহ তা’আলা আমাদের দেশ ও মানুষের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছেন। যার যতটুকু কাজ করার সুযোগ আছে, আমরা যেন তা আন্তরিকভাবে করতে পারি। আমাদের সবার সেই চেষ্টা থাকতে হবে।’ দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাই যিনি যখন যে দায়িত্বে আছেন, তাকে সেই সুযোগ দেশ ও মানুষের কল্যাণে যথাযথভাবে কাজে লাগাতে হবে। সভা শেষে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা সবাই চেষ্টা করি, যার হাতে যত দিন সুযোগ আছে, সেই সুযোগটা যেন মানুষ ও দেশের জন্য ঠিকভাবে কাজে লাগাতে পারি।’ সভায় তিনি কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দিতে আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আবারও আলোচনা হবে জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরবেন। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুত্র. পিএমও / বাসস

Read More »

আগামীকাল থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬ খৃ. – দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল সোমবার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচির প্রচারণায় দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ১২ অক্টোবর থেকে দেশব্যাপী একযোগে সব এলাকার থানা ও পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এজন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। চিঠিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রচারণার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে মসজিদগুলোতে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় সংযুক্ত বার্তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রচারণার জন্য তৈরি বার্তায় বলা হয়েছে, সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থ-সামাজিক অবস্থা তুলে ধরে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। মসজিদে জুমার নামাজের আগে তিন মিনিটের ঘোষণায় পরিবারের প্রকৃত তথ্য দেওয়ার পাশাপাশি আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকার বার্তা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে কেউ টাকা চাইলে তা বিশ্বাস করা যাবে না। তথ্য প্রদানের জন্য কোনো অর্থের প্রয়োজন নেই। অন্যদিকে, মন্দির, গির্জা ও বিহারে দুই মিনিটের ঘোষণায় প্রকৃত তথ্য দেওয়ার পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী প্রতিবেশীদের খোঁজ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে তথ্য সংগ্রহের সময় কেউ বাদ না পড়েন। কেউ অর্থ দাবি করলে ১০৯৮ নম্বরে জানানোর কথাও প্রচারণার বার্তায় উল্লেখ রয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

Read More »

আইনজীবীদের মুক্তির নির্দেশ ভারতের প্রধান বিচারপতি

আইনজীবীদের মুক্তির নির্দেশ ভারতের প্রধান বিচারপতি ভারতের সুপ্রিম কোর্টের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে গিয়ে আটক হওয়া আইনজীবীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধান বিচারপতি সূর্য কান্ত। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) জরুরি ভিত্তিতে প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়ে কয়েকজন আইনজীবীকে আটকের বিষয়টি জানায়। চিঠিতে বলা হয়, আটক আইনজীবীদের দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এসসিবিএর ওই চিঠি পাওয়ার পর প্রধান বিচারপতি সূর্য কান্ত আইনজীবীদের মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। ভারতে এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আইনজীবীরা। এ সময় তাদের কয়েকজনকে আটক করা হয়। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে দিল্লিজুড়ে প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সিজেপির প্রতিষ্ঠাতা দিপকে, ছাত্রনেতা নেহা বোরা, ইউটিউবার ধ্রুব রাঠি, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার ও কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছেন বিক্ষোভকারীরা। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু

Read More »