সর্বশেষ
সর্বশেষ

Day: October 27, 2026

নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে -প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ কার্তিক (২৬ অক্টোবর) ২০১৬ খৃ. – প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেছেন, নৈতিক শিক্ষা, ইসলামিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে সামাজিক অবক্ষয় ঘটে। তাই সামাজিক অবক্ষয় রোধ করতে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। আজ রাজধানীর শেরে বাংলা নগরস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আমরা যদি দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে যাই তবে তা জাতির জন্য কোন মঙ্গল বয়ে আনবে না। ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আগামী দিনের শিক্ষা ব্যবস্থার মাঝে ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির কোন বিকল্প নেই। এজন্য আমাদেরকে ধর্মীয় শিক্ষায় আরো গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, আজকের পৃথিবীতে টিকে থাকতে হলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। এজন্য ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ আধুনিক শিক্ষার সমন্বয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলেও তিনি এ সময় উল্লেখ করেন। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। মধ্যপ্রাচ্যে এদেশের প্রচুর সংখ্যক প্রবাসী রয়েছেন। তারা যদি আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে পারে তাহলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো অনেক বৃদ্ধি করা সম্ভব। অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানসমূহ থেকে হিফয সমাপনকারী ১৭৫৭ জন ছাত্র-ছাত্রীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আল মামুন স্বাগত বক্তব্য রাখেন।

Read More »

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি : কোলাজ ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ খৃ. – প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বাংলাদেশকে এমন এক বন্ধু রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন, যারা গণতন্ত্র ও আইনের শাসনের মতো মূল্যবোধে বিশ্বাসী। একই সঙ্গে তিনি জাতীয় উন্নয়নে তারেক রহমান সরকারের প্রচেষ্টার প্রতি জোরালো সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার টোকিওতে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর নিজের অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাপানের প্রধানমন্ত্রী লেখেন, ‘গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধের অংশীদার বন্ধু হিসেবে, প্রধানমন্ত্রী রহমানকে তাঁর দায়িত্ব গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’ তাকাইচি বলেন, গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত বাংলাদেশ সরকারের জাতি গঠনমূলক উদ্যোগগুলোকে জাপান দৃঢ়ভাবে সমর্থন করবে। তিনি বলেন, ‘গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত রহমান প্রশাসনের জাতি গঠনমূলক প্রচেষ্টাকে জাপান জোরালো সমর্থন দেবে।’ এই বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি জাপানের স্বীকৃতি এবং নতুন সরকারের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার আগ্রহ ফুটে উঠেছে। তাকাইচি বলেন, ‘মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক’ অঞ্চল গড়ার ক্ষেত্রে বাংলাদেশ জাপানের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্তকারী বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, উভয় নেতা ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এই উদ্যোগটি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার একটি মূল ভিত্তি। দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই উদ্যোগটিকে ‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’ নামক একটি নতুন কৌশলগত সহযোগিতা কাঠামোয় উন্নীত করা হবে। জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি বাংলাদেশকে ১৭ কোটি মানুষের একটি বিশাল ও তরুণ জনগোষ্ঠীর বাজার হিসেবে বর্ণনা করেন, যা জাপানের অর্থনীতির জন্য ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়াকে সংযুক্তকারী বাংলাদেশ জাপানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তাঁদের আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে তাকাইচি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সঙ্গে জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাপান যে স্বীকৃতি দিয়েছিল, তার প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন খাতে জাপানের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জাপানকে বাংলাদেশের জনগণের জন্য একটি বিশেষ অংশীদার হিসেবে অভিহিত করেন। তাকাইচির ভাষ্যমতে, বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে বাংলাদেশের প্রতি জাপানের অবিচল সমর্থনের কথা স্বীকার করেন। জাপানের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ সরকারি ও বেসরকারি পর্যায়ের উদ্যোগের মাধ্যমে তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে। তিনি শীর্ষ সম্মেলনের পর প্রকাশিত যৌথ বিবৃতির কথা উল্লেখ করে বলেন, এটি দ্বিপাক্ষিক সহযোগিতার ভবিষ্যৎ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। তিনি লেখেন, “আমাদের দুই দেশের ‘কৌশলগত অংশীদারিত্বের’ আওতায়—এবং আজ ঘোষিত ‘নেতৃবৃন্দের যৌথ বিবৃতি’র আলোকে—আমরা সরকারি ও বেসরকারি পর্যায়ের উদ্যোগের মাধ্যমে একসঙ্গে কাজ করবো।” তাকাইচি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে আমি প্রধানমন্ত্রী রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবো।’ এই দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদার করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উভয় নেতাই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির প্রতি তাদের অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন। সুত্র. বাসস

Read More »

জাইমা রহমানের নামে পরিচালিত ভুয়া একাউন্টে এআই কন্টেন্ট আপলোডের প্রতারণা শনাক্ত

ফ্যাক্ট চেক বিডি / ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ খৃ. – ব্যারিস্টার জাইমা রহমানের নামে পরিচালিত ভুয়া একাউন্টে এআই কন্টেন্ট আপলোডের প্রতারণা শনাক্ত করেছে ফ্যাক্টচেক টিম রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে পরিচালিত হচ্ছে ৪৮৪ টি ভুয়া অ্যাকাউন্ট, যেগুলা থেকে এআই কন্টেন্ট আপলোড করে চলছে প্রতারণা। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরার দায়িত্ব পালন করছে রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, সর্বোচ্চ ৪১০ টি অপতথ্যের শিকার হয়েছেন তারেক রহমান। এছাড়া বিএনপি সরকারকে জড়িয়ে ৪৯১টি অপতথ্য ছড়ানো শনাক্ত করা হয়েছে। সুত্র. বাসস

Read More »

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের ৪০ খেলোয়াড় বিকেএসপিতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে ভর্তির সুযোগ

স্পোর্টস নিউজ / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সাভার, ১০ কার্তিক (২৬ অক্টোবর) ২০২৬ খৃ. – বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের ৪০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের সফল সমাপ্তি হয়েছে। প্রশিক্ষণ ক্যাম্পে মোট ২২৭ জন খেলোয়াড় অংশ নেন এবং এদের মধ্যে ৪০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়, যারা আগামীতে বিকেএসপির দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ভর্তি হওয়ার সুযোগ পাবে। আজ সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। এর আগে তিনি ক্যাম্পে প্রশিক্ষণরত খুদে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, তাদের প্রশিক্ষণের অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নেন এবং তাদের উৎসাহিত করেন। এসময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ তার সাথে ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াবান্ধব বর্তমান সরকারের ”ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”স্লোগানে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে বাছাইকৃত প্রতিভাবান খুদে খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় দলের নেতৃত্ব দেবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকাকে সমুন্নত রাখবে। তিনি আরো আশাবাদ ব্যক্ত করেন, প্রাথমিক পর্যায় থেকেই পরিকল্পিত প্রশিক্ষণ, শৃঙ্খলা ও নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে তরুণ খেলোয়াড়রা নিজেদের ক্রীড়া প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটাতে সক্ষম হবে। তিনি দেশব্যাপী যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদকমুক্ত ও ঐক্যের জাতি গঠনে এগিয়ে যাবার আহ্বান জানান। এর আগে প্রতিমন্ত্রী ফুটবল মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস ও বিকেএসপির ফুটবলারদের মেধ্যকার প্রীতি ম্যাচ উপভোগ করেন।

Read More »

রংপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় রংপুর জেলা ও মহানগর গণঅধিকার পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে নগরীর জিলা স্কুল মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। পরে পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ রংপুর জেলার সভাপতি শেরে খোদা, রংপুর মহানগরের আহ্বায়ক আল ইমরান সুজন, সদস্য সচিব ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনোয়ার চৌধুরী, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফুর রহমান সজিব, কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী কামাল আহমেদ, রংপুর বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য শিশির, ছাত্র অধিকার পরিষদ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, যুব অধিকার পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান এবং কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ইমরান আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় বক্তারা গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

Read More »

রংপুর মহানগর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর শাখার আয়োজনে ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় । মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলিয় কার্যালয়ের সামন থেকে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রংপুর মহানগর যুবদলের আহবায়ক মোঃ নুরন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন। আরও বক্তব্য রাখেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জহির আলম নয়ন, সদস্য সচিব মোঃ আতিকুল ইসলাম লেলিন, রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব ইমরান হোসেন, মহানগর ছাত্র দলের সদস্য সচিব রবিউল ইসলাম ররি । এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য ডাঃ নিখিলেন্দ্র গুহ রায়, যুবদল নেতা মুরাদ হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া রংপুর মহানগর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ গ্রহন করেন রংপুর মহানগর যুবদলের আওতাধীন ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা।

Read More »

রংপুর জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জালাল উদ্দীন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি: ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখার আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলিয় কার্যালয়ের সামন থেকে রংপুর জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলিয় কার্যালয়ে এসে শেষ হয়। যুবদলের রেলিতে রংপুর জেলা বিএনপির সভাপতি মোঃ নাজমুল আলম নাজুর সভাপতিত্বে অংশ গ্রহন করেন রংপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, রংপুর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি রাকিব হাসান, সহ সভাপতি আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ্ জিল্লুর রহমান জেমস, যুগ্ম সম্পাদক তামজিদুর রশিদ গালিব ও শ্রী বিপ্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ। র‌্যালি শেষে দলিয় কার্যালয়ের সামনে রংপুর জেলা যুবদলের আয়োজনে স্বোচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন। এছাড়া রংপুর জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অংশ গ্রহন করেন রংপুর জেলা যুবদলের আওতাধীন ৮ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

Read More »