সর্বশেষ
সর্বশেষ

Day: April 30, 2024

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এজেন্সির চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বেইজিং, চীন, ৩০ এপ্রিল, ২০২৪ ইং, মঙ্গলবার: স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আজ চীন সফরকালে বেইজিংয়ে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এজেন্সি এর চেয়ারম্যান লু জাহুয়ি এর সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নে চায়না সরকারের পক্ষ থেকে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে, নগর ও গ্রামাঞ্চলের উন্নয়নে চায়নার অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বৈঠকে পৌরসভার অবকাঠামো নির্মাণ, নগর বর্জ্য-ব্যবস্থাপনা এবং নগর ও গ্রামীণ স্থানীয় সরকার ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা বিনিময় এর উপর গুরুত্ব আরোপ করা হয়। তাছাড়া নগর ও গ্রামাঞ্চলে জনগণের জীবনমান উন্নয়নে স্থানীয় সরকার ব্যবস্থাপনা উন্নত করার বিষয়ে বৈঠকে সবিস্তারে আলোচনা করা হয়। বৈঠকে চাইনিজ প্রেসিডেন্ট সি জিনপিং অক্টোবরে ২০১৬ তে বাংলাদেশে ভ্রমণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই ২০১৯ চায়না ভ্রমণের বিষয় উল্লেখ করে বলা হয়, উভয় নেতার দুদেশ সফরের ফলে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরো সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, মন্ত্রীর একান্ত সচিব মোঃ নাসির উদ্দিন, বাংলাদেশ এম্বাসি, বেইজিং এর ইকোনমিক কাউন্সিলর মোঃ মমিনুল হক ভূঁইয়া। বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রী বেইজিং এ চায়না মেকানিকাল ইঞ্জিনিয়ারিং করপোরেশন পরিদর্শন করেন এবং পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের উপর মন্ত্রীকে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

Read More »

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিঃ দ্বাদশ জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি শরীফ আহমেদ এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, এম. আবদুল লতিফ, মোঃ শিবলী সাদিক, মোঃ মজিবর রহমান(মজনু),আবদুল হাফিজ মল্লিক এবং পারভীন জামান অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। গণপূর্ত অধিদপ্তর ও সরকারি আবাসন পরিদপ্তরের কার্যাবলি সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয় এবং কমিটির সদস্য আবদুল হাফিজ মল্লিককে আহ্বায়ক করে এম. আবদুল লতিফ ও মো: শিবলী সাদিককে সদস্য করে ১নং সাব-কমিটি গঠন করা হয়। এ সময় অর্থ সাশ্রয় করে কাজের গুণগত মান অক্ষুণ্ণ রাখতে মন্ত্রণালয়ের আওতাধীন গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চলমান প্রকল্পের কার্যক্রম নিয়ে সার্বিক পর্যালোচনা করা হয়। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী, রাজউকের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য অধিদপ্তর, উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪ খ্রিঃ দ্বাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি ড. মোহাম্মদ সাদিক এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন, নূর-ই-আলম চৌধুরী, ড. শ্রী বীরেন শিকদার, মেহের আফরোজ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহদাব আকবর, মোহাঃ আসাদুজ্জামান আসাদ এবং শাহ সারোয়ার কবীর অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে ঘাতকের বুলেটের আঘাতে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ নির্যাতিত মা ও বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনসহ সকল স্বাধীকার আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মোনাজাত হয়। এরপর নবনির্বাচিত কমিটির সদস্যগণের সাথে কর্মকর্তাগণের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সভাপতি কমিটির সকল সদস্য ও কর্মকর্তাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্হ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সংক্ষেপে উপস্থাপন করা হয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের শূন্য পদের সংখ্যা ও তা পূরণকল্পে গৃহীত ব্যবস্হা আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব,পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব,খাদ্য মন্ত্রণালয়ের সচিব,সেতু বিভাগের সচিব,সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ‘প্রতিরোধ যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে উচ্চপর্যায়ের কমিটি হাইকোর্টের

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৪ খৃ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদকারী ‘প্রতিরোধ যোদ্ধাদের’ চিহ্নিত করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চার সচিবের সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে রায় দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন। আদেশে বলা হয়েছে, কমিটিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে স্বরাষ্ট্রসচিব, অর্থ সচিব ও সমাজকল্যাণ সচিব থাকবেন। কমিটিকে আগামী ৪ আগস্ট আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রিটটি চলমান তদারকিতে থাকবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বাকির উদ্দিন ভূঁইয়া। তিনি সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়দের ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকা-ের পর তৎকালীন সামরিক সরকার মিছিল-মিটিং বন্ধ করে দেয়। তা সত্ত্বেও নেত্রকোনা, কিশোরগঞ্জ, নরসিংদী, খুলনা, চাঁদপুরের ফরিদগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁওসহ দেশের বিভিন্ন এলাকায় বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ ও সামরিক জান্তা ও তাদের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলা হয়। বঙ্গবন্ধুর অনুসারী ও স্বাধীনতার চেতনা লালনকারীরা এই প্রতিরোধ গড়ে তুলে। আইনজীবী বাকির উদ্দিন ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুভক্ত কয়েক হাজার ছাত্র, তরুণ ও মুক্তিযোদ্ধা তৎকালীন ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। সপরিবার বঙ্গবন্ধুকে হত্যার ৪৭ বছর অতিক্রান্ত হলেও প্রতিরোধ যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয়নি। যে কারণে ছয়জন ‘প্রতিরোধ যোদ্ধা’ ২০২২ সালে রিটটি দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ৭ আগস্ট রুলজারি করেন হাইকোর্ট। রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে আজ আদালত উচ্চপর্যায়ের কমিটি গঠন করে রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনক ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার নিজবাড়ী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বিপদগামী একদল সেনা কর্মকর্তা সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। হত্যার পর পর দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়। স্বাভাবিক গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করা হয়। নির্মম এই হত্যাকা-ের বিরুদ্ধে নেত্রকোনা, কিশোরগঞ্জ, নরসিংদী, খুলনা, চাদপুরের ফরিদগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁওয়সহ দেশের বেশ কিছু স্থানে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হয়। সামরিক জনতার রক্তচক্ষু ও বুলেটভীতিকে উপেক্ষা করে যারা ওই সময় প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাদের যথাযথ স্বীকৃতি ও মূল্যায়নের জন্যই রিটটি দায়ের করা হয়। আজকের রায়ের ফলে ওই যোদ্ধাদের স্বীকৃতির দ্বার উন্মোচিত হলো বলে জানান এডভোকেট বাকির উদ্দিন ভূঁইয়া।

Read More »

‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রাস্তায় পুলিশের স্টিকারযুক্ত কোনও গাড়ি দেখলে ডিউটিরত থানা ও ট্রাফিক পুলিশকে যাচাইয়ের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান। তিনি বলেন, অনেক অপরাধী তাদের গাড়িতে পুলিশের স্টিকার ও ডিএমপির লোগো লাগিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাই রাস্তায় পুলিশ স্টিকারযুক্ত গাড়ি দেখলে অবশ্যই যাচাই করে দেখতে হবে আসলেই কোনও পুলিশ অফিসারের গাড়ি কিনা। আর যদি পুলিশের গাড়ি না হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। রবিবার (২৮ এপ্রিল) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ক্রাইম ও ট্রাফিক বিভাগকে এ নির্দেশনা দেন হাবিবুর রহমান। তিনি বলেন, ছিনতাই ও অপরাধ প্রতিরোধে রাতে রাস্তার মোড়ের দোকানগুলো বন্ধ করে দিতে হবে। অনেক সময় দেখা যায় এসব অস্থায়ী দোকানে অপরাধীরা সারা রাত আড্ডা দেয়, আর সুযোগ পেলেই ছিনতাই করে। রাস্তার পাশের বিড়ি, পান ও চায়ের দোকান রাত ১১টার পর বন্ধ করে দিতে হবে। পুলিশ অডিটরিয়ামে ডিএমপি আয়োজিত মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভা ডিএমপি কমিশনার বলেন, কোনও সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠী যেন কোনও প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আতঙ্ক সৃষ্টিকারী কোনও কাজ যেন ঢাকা মেট্রোপলিটন এলাকায় না হয় সেদিকেও সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। এই ধরনের অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর থাকতে হবে। সমাজে অপরাধের কারণ অনুসন্ধান করে সেগুলো প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে। এর আগে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার।

Read More »

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৯ এপ্রিল ২০২৪ খ্রীঃ দ্বাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, আনোয়ার হোসেন খান, মোঃ মহিউদ্দিন বাচ্চু, মাহমুদ হাসান, শফিউল আলম চৌধুরী ও শামীমা হারুন অংশগ্রহণ করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের অধীন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বাপক) জনবল কাঠামো, ভূসম্পত্তির বিবরণ,বাণিজ্যিক ইউনিট ও লিজ ইউনিট,বিদ্যমান স্থাপনাসমূহের সংস্কার ও আধুনিকায়ন,চলমান প্রকল্পসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শূন্যপদ পূরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ, বাণিজ্যিক ইউনিট ও স্থাপনাসমূহে অটোমেশন চালু ও ওয়েবসাইট আপডেটকরণ, প্রতিটি স্থাপনায় লে আউট ও ফ্লায়ার রাখার এবং মনিটরিং করার জন্য সুপারিশ করা হয়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে – ডেপুটি স্পীকার

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৯ এপ্রিল ২০২৪ খৃ. বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, একজন ব্যক্তির বাক, শ্রবণ অথবা অন্য কোন বিশেষ চাহিদা থাকতে পারে কিন্তু তার প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতি অত্যন্ত সংবেদনশীল। তাদের কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। আজ (সোমবার) রাজধানীর আউটার স্টেডিয়াম অলিম্পিক ভবনে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ৬দিন ব্যাপী ১ম এশিয়া-প্যাসিফিক বধির একক দাবা চ্যাম্পিয়নশীপ-২০২৪ অনুষ্ঠানে সমাপনী দিবসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন। ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের মাধ্যমে দেশের সকল নাগরিকের সম অধিকার নিশ্চিত করে গিয়েছেন। তিনি সবসময়ই ভেবেছেন রাষ্ট্রের মালিক হিসেবে কোন ব্যক্তিই কারো তুলনায় পিছিয়ে থাকবেনা। সবাইকে নিয়েই রাষ্ট্র উন্নয়নের শিখরে পৌছাবে। মোঃ শামসুল হক টুকু বলেন, বর্তমান সরকারের সুষম উন্নয়ন নীতি গ্রহণের ফলে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। বধির ক্রীড়া প্রতিযোগীগণ দেশে ও বিদেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট সফলতা অর্জন করছে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গন থেকে অটিজম দূর করার পাশাপাশি সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সন্ত্রাসবাদমুক্ত হবে। অনুষ্ঠানে ভারত, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, কিরগিজিস্তান ও স্বাগতিক বাংলাদেশের প্রতিযোগীদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ওবায়দুল ইসলাম শাহিনকে ও রানার আপ আমিনুল ইসলামকে ট্রফি প্রদান তুলে দেন প্রধান অতিথি। এরপর সকল খেলোয়াড়ের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়। এছাড়া ফেডারেশন থেকে ০৭ জন বিশিষ্ট ব্যাক্তিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। চ্যাম্পিয়নশীপের সভাপতি মোহাম্মদ খাইরুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল করিম, এশিয়া প্যাসিফিক বধির ক্রীড়া ফেডারেশনের মহসচিব এনখায়ার জ্যানছিভনায়াম্বু, বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান বক্তব্য রাখেন। এছাড়া ক্রীড়াবিদ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Read More »