সর্বশেষ
সর্বশেষ

Day: September 23, 2024

করফাঁকি দেয়া কাউকেই ছাড় দেয়া হবে না : এনবিআর চেয়ারম্যান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, সোমবার (২৩ সেপ্টেম্বর) : রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনলাইনে আয়কর রিটার্ন জমাদানকে সহজ করতে ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালুর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে করফাঁকি দেয়ার প্রবণতা রয়েছে। তবে এখন থেকে করফাঁকি দিয়ে কেউই রেহাই পাবে না।   তিনি আরও বলেন, করদাতারা যেন দ্রুত ও মানসম্মতভাবে সেবা পেতে পারেন সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড সমস্ত লেনদেন ডিজিটাল ফর্মে রূপান্তরিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান ও ইউরোপীয় ইউনিয়নের কো-অপারেশন হেড মিশেল ক্রেজা। এরপর সার্ভিস সেন্টার ঘুরে দেখেন তারা। এর আগে গত ৯ সেপ্টেম্বর অলাইনে রিটার্ন দাখিলের ওয়েবসাইট বড় আকারে চালু করা হয়। এরপর ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনে অনলাইন রিটার্ন দাখিলের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে এনবিআর। এনবিআর আরও জানায়, ই-রিটার্ন সিস্টেম আপগ্রেডেশন ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা নিজে রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট গ্রহণ, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে কর পরিশোধ, রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণ প্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ ও টিআইএন সনদপ্রাপ্ত, পূর্ববর্তী কর বছরের দাখিল করা ই-রিটার্নের কপি, রিটার্ন দাখিলের প্রমাণ প্রিন্ট বা ডাউনলোডের সুবিধা পাবেন। এ সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন ও করদাতার নিজ নামে বায়োমেট্রিক ভেরিফায়েড মোবাইল নম্বর প্রয়োজন হবে। উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড ২০২১ সালে ই-সিস্টেম চালু করার পর ২০২১-২০২২ কর বছরে ৬১ হাজার ৪৯১ জন, ২০২২-২০২৩ কর বছরে ২ লাখ ৪৪ হাজার ৪৮১ জন ও ২০২৩-২০২৪ কর বছরে ৫ লাখ ২৬ হাজার ৪৮৭ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।

Read More »

নব নিযুক্ত সচিব ড. মোঃ আনোয়ার উল্যাহর সংসদ সচিবালয়ে যোগদান

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নব নিযুক্ত সচিব ড. মোঃ আনোয়ার উল্যাহ এফসিএমএ সংসদ সচিবালয়ে যোগদান করেছেন। এসময় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর সংসদ সচিবালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দের সাথে অনুষ্ঠিত বৈঠকে তিনি গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর ক্ষয়ক্ষতি হওয়া জাতীয় সংসদ ভবনের সংস্কার কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো: আনোয়ার উল্যাহকে সচিব হিসেবে পদোন্নতি প্রদান করে জাতীয় সংসদ সচিবালয়ে পদায়ন করা হয়। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক ও মাঠ প্রশাসনের উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পদে তিনি কর্মরত ছিলেন। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (বাজেট অনুবিভাগ), জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে ১৯তম ও ৮ম স্থান অধিকার করেন এবং কৃতিত্বের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি নেদারল্যান্ডের ম্যাচস্ট্রিক্ট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এম বি এ এবং ম্যানেজেরিয়াল কন্ট্রোল ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা লাভ করেন। তিনি আই সি এম এ বি হতে এফ সি এম এ ডিগ্রী অর্জন করেছেন। এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থাইল্যান্ড থেকে তিনি পি এইচ ডি ডিগ্রি অর্জন করেন। স্থানীয় সম্পদ আহরণ ও স্থানীয় উন্নয়নে সম্পদের সর্বোচ্চ প্রয়োগ, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, জাতীয় বাজেট ব্যবস্থাপনা, দাপ্তরিক তথ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ১২ টি গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে।

Read More »

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :  ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ খৃ : সম্প্রতি  ঝাড়খন্ড সফরকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে অত্যন্ত নিন্দনীয়  মন্তব্যের  তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ ঢাকায় ভারতীয় ডেপুটি হাইকমিশনারের কাছে এ ব্যাপারে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে, প্রতিবাদপত্রে  ঢাকার পক্ষ থেকে ক্ষুব্ধ  প্রতিক্রিয়া ব্যক্ত করে, ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকতে পরামর্শ দেয়ার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে গুরুত্বারোপ করে বলা হয় যে, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এ ধরনের মন্তব্য দু’টি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুন্ন করে।   

Read More »

শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) চালুর ঘোষণা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ছুটির দিনসহ সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) চালুর ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার এ সুবিধা পাবেন। এ জন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে। রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর (মেট্রোপলিটন) এলাকায় আগামীকাল মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত এক সভায় এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মালিক-শ্রমিকদের সচেতনতা বৃদ্ধিতে এই সভার আয়োজন করা হয়। মালিক সমিতি ও নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) যৌথ বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের হাফ ভাড়া ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে গত শনিবার সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে একটি সভা হয়। সেখানেই সপ্তাহে ৫ দিনের বদলে ৭ দিনই হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত হয়। গণ-আন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে এ সিদ্ধান্ত নেন মালিক সমিতির নেতারা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের ১ ডিসেম্বর সপ্তাহে ৫ দিন (শুক্র-শনিবার ব্যতীত) শিক্ষার্থীদের হাফ পাস চালু করেছিল। সময় ছিল সকাল ৮টা থেকে রাত ৮টা। মালিক-শ্রমিকদের সচেতনতা সৃষ্টির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক শ্যামল কুমার মুখার্জি। তিনি বলেন, ‘সবাই মিলে যখন দেশকে এই শহরকে ভালোবাসবে, তখন এ দেশের কোনো কিছুই অসুন্দর থাকবে না। নিজেদের জন্য ভালো কিছু করি, প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাই।’ সবার মতামত, পরামর্শ সবকিছু বিবেচনায় নিয়ে দায়িত্ব ও আইনের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা তৈরির কথা বলেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক। তিনি রাস্তায় শৃঙ্খলা আনা ও  সড়ক নিরাপদ রাখার কথা বলেন। নগর পরিবহনের প্রকল্প যেভাবে অনুমোদিত হয়েছিল, ঠিক সেভাবেই আবার চালু করার কথা বলেছেন পরিবহন–বিশেষজ্ঞ সালাউদ্দিন আহমেদ। ঢাকাকে যানজটমুক্ত করার এটিই একমাত্র পথ বলেন তিনি।   মালিক সমিতির সভাপতি এম এ বাতেন বলেন, ‘বাংলাদেশ সংস্কার হচ্ছে। পরিবহনের মালিক ও শ্রমিকদেরও নিজেদের সংস্কার করতে হবে। নিজেদের অনিয়ম ও ভুলগুলো নিয়ে সমালোচনা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি অন্যায় না করি, আইন যদি অমান্য না করি, লাইসেন্স ছাড়া গাড়ি না চালাই, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় যদি না নামাই, তাহলে সড়ক হবে নিরাপদ ও বিশৃঙ্খলামুক্ত।’ অনুষ্ঠানে বক্তব্য দেন বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, ঢাকা মহানগর দক্ষিণ ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার মো. কামরুজ্জামান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম বকস, মালিক সমিতির কার্যকরী সভাপতি আলাউদ্দিন, নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক আবদুল্লাহ মেহেদি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। সচেতনতা সভায় ঢাকা মহানগরে চলা বিভিন্ন পরিবহন কোম্পানির মালিক ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে প্রতারণার শিকার গ্রাহকদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স সোসাইটি লিমিটেড এর প্রতারণার শিকার রংপুর সিটি কর্পোরেশনসহ জেলার প্রায় প্রতিটি উপজেলায় মোট ১৪টি শাখা খুলে প্রায় ৩হাজার গ্রাহকের কাছ থেকে আনুমানিক ৪০ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে, এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সেক্রেটারীসহ যে সমস্ত কর্মকর্তা-কর্মচারী এই অর্থ আত্মসাৎ ও প্রতারণার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রতারণার শিকার গ্রাহকদের আমানতের অর্থ ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরীর প্রেসক্লাব চত্বরে আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেড এর প্রতারণার স্বীকার রংপুর জেলার সকল গ্রাহকবৃন্দের আয়োজনে উক্ত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, আমরা আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স সোসাইটি লিমিটেড, যা সমবায় অধিদপ্তরের তালিকাভূক্ত যার রেজিষ্ট্রেশন নং-২৩০ এর পাতানো জালে পরে নিঃস্ব হয়েছি। এর চেয়ারম্যান এম তাজুল ইসলাম ও সেক্রেটারী হারুন অর রশিদ মজুমদারসহ তাদের নেত্রীত্বে তাদের কর্মকর্তা-কর্মচারী আমাদের টাকা নিয়ে পালিয়েছে। আমাদের টাকা ফেরত দেয়া হোক। আমাদের জানের বিনিময় হলেও আমাদের টাকা আমরা ফেরত চাচ্ছি। কেননা আমরা চলে গেলেও যাতে আমাদের পরিবার এই টাকা দিয়ে কিছু করতে পারে। তারা পৃথিবীতে খেয়ে বেচেঁ থাকতে পারে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার প্রধানের কাছে আমাদের দাবি আমাদের জন্য কিছু করুন। বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভূক্তভোগী গ্রাহক একরামুল হক, শাহ আলম সরকার, রেজাউল করিম, জাকির হোসেন প্রমূখ

Read More »

প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা দিতে হবে 

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাংলাদেশ সচিবালয় ঢাকা, দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সম্পদ বিবরণীর হিসাব প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। তবে চলতি বছরের হিসাব আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে দিতে হবে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের সিনিয়ির সচিব ড. মো. মোখলেস উর রহমান। সরকারের সিদ্ধান্ত জানিয়ে সিনিয়র সচিব বলেন, সম্পদ বিবরণী দাখিল করা এখন থেকে বাধ্যতামূলক। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আচরণবিধি অনুযায়ী প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে। তবে এবারেরটা ২০২৩-২৪ অর্থবছরের হিসাব জমা দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। সিলগালা খামে করে জমা দিতে হবে এটি। এই সিদ্ধান্তের মাধ্যমে ১৫ লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসাবের মধ্যে আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে একটি ফরম তৈরি করা হয়েছে। সে অনুযায়ী জমা দিতে হবে। না দিলে বা ভুল তথ্য দিলে মাত্রা অনুযায়ী গুরুদন্ড বা লঘুদন্ড দেওয়া হবে। সম্পদের বিবরণী সিলগালা খামে করে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। সম্পদের তথ্য জমা না দিলে অথবা ভুল বা মিথ্যা হিসাব জমা দিলে কী কী ব্যবস্থা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে  মোখলেস উর রহমান বলেন, লঘু ও গুরুদন্ডের ব্যবস্থা রয়েছে। লঘুদন্ডের মধ্যে প্রথমে রয়েছে তিরস্কার করা। এছাড়া চাকরির ক্ষেত্রে পদোন্নতি হবে না; আর্থিক ক্ষতি আদায় করা হবে। গুরুদন্ডের মধ্যে রয়েছে পদ থেকে নিচে নামিয়ে দেওয়া; চাকরি থেকে বরখাস্ত; বাধ্যতামূলক অবসর ও অপসারণের মতো পদক্ষেপ। তিনি বলেন, যারা ফাইনানসিয়াল জায়ান্ট হয়ে গিয়েছিল তারা সতর্ক হবে। দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব হবে। জনপ্রশাসন সচিব জানান, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ (৩০/১২/২০০২ তারিখের সংশোধনীসহ) এর বিধি-১৩ অনুযায়ী সব সরকারি কর্মচারীর জন্য সম্পদ-বিবরণী দাখিল করা আবশ্যক। বর্তমান অন্তর্র্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১ সেপ্টেম্বর এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করে সব সরকারি কর্মচারীকে সম্পদ-বিবরণী দাখিলের নির্দেশনা প্রদান করা হয়।   সম্পদ বিবরণী দাখিলের বিষয়ে সিনিয়র সচিব বলেন, ‘ক্যাডার/নন-ক্যাডার (নবম বা তদূর্ধ্ব গ্রেড) কর্মকর্তা তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগের সচিবের নিকট সম্পদ-বিবরণী দাখিল করবেন। গেজেটেড/নন-গেজেটেড কর্মকর্তা/কর্মচারীরা (১০ম গ্রেড থেকে ২০তম গ্রেড) নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট তাদের সম্পদ-বিবরণী দাখিল করবেন।’   জমা প্রদান প্রক্রিয়া সম্পর্কে  মোখলেস উর রহমান বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নির্ধারিত ছকে সম্পদ-বিবরণী দাখিল করতে হবে। ছকটি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। সম্পদ-বিবরণীটি সিলগালাকৃত খামে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ-বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা কোনো ভুল তথ্য প্রদান কিংবা তথ্য গোপন করা হলে বা সম্পদের কোনোরূপ অসঙ্গতি পরিলক্ষিত হলে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অনুশাসনমালা সব সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। কর্মকর্তা-কর্মচারীর সম্পদ-বিবরণীর গোপনীয়তা সংরক্ষণ করার বিষয়ে জনপ্রশাসন সচিব বলেন,  আদালতের আদেশ ও সংশি¬ষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ-বিবরণীর তথ্য সম্পূর্ণ বা অংশবিশেষ হস্তান্তরযোগ্য নয়। সম্পদ-বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন, ২০০৯ প্রযোজ্য হবে না। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা নিয়ে যা বলা হচ্ছে তা পুরোটাই গুজব উলে¬খ করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

Read More »