সর্বশেষ
সর্বশেষ

Day: January 27, 2025

ন্যায় বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে, আশা ক্যাডম্যানের

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ খৃ. – বাংলাদেশের দেওয়া প্রত্যর্পণের চিঠির ইতিবাচক জবাব দিয়ে সুষ্ঠু বিচারের স্বার্থে ন্যায়ের পক্ষ নিয়ে ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শেখ হাসিনাকে ফেরাতে দেওয়া চিঠির উত্তরে ভারতের মৌনতার বিষয়ে করা প্রশ্নের জবাবে টবি গণমাধ্যমকে বলেন, ‘পররাষ্ট্র  মন্ত্রণালয় যথাযথভাবে ভারতকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়েছে। তবে এটা ভারতের ব্যাপার যে তারা ন্যায়বিচারের পক্ষে দাঁড়াবে, নাকি তাকে (হাসিনা) বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে অবস্থান করবে। আমি আশা করি ভবিষ্যতে তারা ন্যায়বিচারের পক্ষেই অবস্থান নিবে।’ তিনি আরও বলেন, ‘চিঠির জবাবে ভারতকে ইতিবাচক পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকার জোর করতে পারেন না ঠিকই, কিন্ত আমরা আশা করতেই পারি যে তাকে এ দেশে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে।এখানে বলে রাখা ভালো যে, ন্যায়বিচারের স্বার্থে বিদ্যমান আইন অনুযায়ী তিনি আত্মপক্ষ সমর্থনের সকল সুযোগ পাবেন।’ সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখানে একজন পেশাদার হিসেবে কাজ করতে এসেছি এবং তাই করবো। অতীতের কোনো ঘটনা, কারো কার্যকলাপ কিংবা পূর্বে আমার কাজের পরিধি কি ছিল তা একে প্রভাবিত করবে না। সকলের জেনে রাখা ভালো, যেহেতু এই মামলাগুলো জটিল এবং এর কার্যবিধি সময় সাপেক্ষ সুতরাং এ বিধিগুলো সঠিকভাবে সম্পন্ন করতে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই।’ আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি আরও বলেন, ‘তবে চিফ প্রসিকিউটর যেভাবে সবকিছু গুছিয়ে এনেছেন এবং নিশ্চিত করেছেন যেন আইন আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করে, সেটা দেখার পর আমি আত্নবিশ্বাসী যে কাজগুলো সঠিকভাবে করা সম্ভব হবে। সামনে ট্রাইব্যুনালে যতদিন কাজ করবো ততদিন আইনের বিদ্যমান কাঠামোতে  বিষয়ে আলোচনা চলতে থাকবে। এ বিষয়ে এবং বিদ্যমান আইনি ফ্রেমওয়ার্ক এ  প্রয়োজনীয় পরিবর্তন আনতে আইন অঙ্গনের অন্যান্য ব্যক্তিদের সাথে এ বিষয়ে আলোচনা করবো। আশা করি তা করা গেলে আইনি বিষয়গুলো আরো নিরপেক্ষ, সহজতর ও আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃত হবার যোগ্য হবে।’ উল্লেখ্য, ব্রিটিশ আইনজীবী, লন্ডনভিত্তিক ল’ ফার্ম ‘গুয়ের্নিকা ৩৭’ গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও ‘গুয়ের্নিকা-৩৭ চের্ম্বাস’-এর যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে গত ২০ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক নিয়োগ দেওয়া হয় । এর পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে, টবি’র নিয়োগ ট্রাইব্যুনালের জন্য এক উল্লেখযোগ্য মাইলফলক বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

Read More »

ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচনসহ ১০ দফায় বিএনপি ও ইসলামী আন্দোলন ঐক্যমত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :  ঢাকা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ে জাতীয় নির্বাচনসহ ১০ দফায় একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ দুপুরে ইসলামী আন্দোলনের আমির মাওলানা সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের (চরমোনাই পীর) সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঐক্যমতে পৌঁছান। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে গুরুত্বপূর্ণ আলোচনা  হয়েছে। আমরা মোটামুটি ১০টি বিষয়ে একমত হয়েছি।’ মির্জা ফখরুল বলেন, সভায় ১০ দফার যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি,  সেগুলো হচ্ছে- আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সামাজ্যবাদমুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচার, ভোটাধিকারসহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়া, ন্যুনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ , দ্র্রব্যমূল্যের ঊধর্বগতি রোধে ও সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলার স্বাভাবিককরণ। পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করা, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলা, আগামীতে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সেই ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকা এবং প্রশাসনে রয়ে যাওয়া ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা। এমনকি ইসলামী শরিয়াহ বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না এই ব্যাপারে দুই দলই ঐক্যমত পোষণ করেছে। বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, ‘দেশ, মানবতা এবং রাজনীতির ব্যাপারে যে কথাগুলো আমাদের সঙ্গে হয়েছে; তা বিএনপির মহাসচিব গণমাধ্যমে উপস্থাপন করেছেন। আমাদেরও ওই একই কথা।’ দ্রুততম সময়ের নির্বাচনের বিষয়ে জানতে চাইলে আমির বলেন, ‘এটা আমরা আগে থেকেই বলে আসছি- খুব বেশি সময় না নিয়ে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই। আর ৬ মাস তো প্রায় চলেই গেলো, এক বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এটাই মূলত আমাদের কথা।’ আমির আরও বলেন, ‘ ধারাবাহিকভাবে আমাদের দুই দলের মধ্যে আলোচনা চলবে।’ এরআগে বেলা ১২টায় পুরানা পল্টনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বৈঠক শেষে তারা সেখানে চরমোনাইয়ের পীরের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। বৈঠকে ইসলামী আন্দোলনের আমিরের সাথে ছিলেন, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, মাওলানা ইমতিয়াজ আলম। এরআগে গত ২২ জানুয়ারি খেলাফত মজলিসের আমির, মহাসচিবসহ ৯ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। খেলাফত মজলিস একসময় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক ছিল। ২০২১ সালের অক্টোবরে একটি ‘বিশেষ প্রেক্ষাপটে’ জোট ছেড়ে যায় তারা। ২২ জানুয়ারির বৈঠকটি ছিল  দুই দলের মধ্যে প্রায় তিন বছর পর। এই বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে বলা হয়, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল, বিশেষ করে ধর্মভিত্তিক ইসলামি দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে দলটি। এর অংশ হিসেবেই আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামি আন্দোলনের আামির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সাথে বৈঠক করেছেন।

Read More »