জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতি, রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল (১৯ সেপ্টেম্বর) শনিবার রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব মোঃ কাজী ওবায়দুল হক,
রংপুর জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর ইবনে হোসেন শিলু, রংপুর সদর দলিল লেখক সমিতির সভাপতি মোঃ সরোয়ার আজাদ এবং রংপুর জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম সিজু সহ রংপুর জেলার সকল থানার দলিল লেখকগণ।
বক্তারা দলিল লেখকদের ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, সাবেক আইনমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি দলিলে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখা বা মুসাবিদা করার সুযোগ না দেওয়া এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা।
এছাড়া থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ, পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখার কারণে পেশাগত দায়িত্ব পালনকারী দলিল লেখকদের আসামি না করা, দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবি জানানো হবে।
এছাড়া আয়োজকরা জানান, দলিল লেখকদের দীর্ঘদিনের পেশাগত সমস্যা ও ন্যায্য দাবি তুলে ধরার পাশাপাশি এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাই মানববন্ধনের মূল উদ্দেশ্য।














