সর্বশেষ
সর্বশেষ

Day: February 9, 2025

রংপুরে স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির কমিটি গঠন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতি রংপুর বিভাগীয় নতুন কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয় । শনিবার স্বাস্থ্য বিভাগীয় অফিস কার্যালয়ে সামনে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শহীদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হানিফ, বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির রংপুরের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, কেন্দ্রীয় কমিটির নেতা কাজল, ইউসুফ আলী। মজনু তালুকদারকে সভাপতি ও আব্দুল জব্বারকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতি রংপুর বিভাগীয় ৩ বছর মেয়াদী ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতি রংপুর বিভাগীয় সভাপতি মোঃ মজনু তালুকদার, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী।

Read More »

সামাজিক বনায়নের গাছ রক্ষা করতে হবে : উপদেষ্টা রিজওয়ানা হাসান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সামাজিক বনায়নের সুবিধাভোগীরা গাছ বিক্রির লভ্যাংশের পরিবর্তে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে সমপরিমাণ অর্থ পাবেন। তিনি বলেন, সামাজিক বনায়নের গাছ রক্ষা করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া এ গাছ কাটা যাবে না। আকাশমণি ও ইউক্যালিপটাস নয়, দেশীয় গাছ লাগাতে হবে। রবিবার রংপুর সার্কিট হাউজে বন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, পরিবেশ রক্ষায় সরকারি সংস্থাগুলোর কার্যকর সমন্বয় জরুরি। বন ধ্বংস, দূষণ ও পানি সংকট মোকাবিলায় এককভাবে কাজ করলে হবে না। খরা, বন্যা ও নদীভাঙন মোকাবিলায় জলাধার সংরক্ষণ, বন পুনঃস্থাপন ও দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে। তিনি পাথর ভাঙা রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেন। নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে জরুরিভিত্তিতে কাজ করার নির্দেশ দেন। বাধের পাশে বেশি করে দেশীয় গাছ লাগাতে ও স্থানীয় মানুষকে সম্পৃক্ত করতে বলেন। সভায় বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তাদের কার্যক্রম ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা জানান, রংপুর অঞ্চলে বন উজাড়, শিল্প ও কৃষি দূষণ এবং পানি প্রবাহ নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলায় নিরলসভাবে কাজ করা হচ্ছে। সভায় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী এ. কে. এম. তাহমিদুল ইসলাম, বগুড়া সামাজিক বন সার্কেলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. মাহবুবর রহমান এবং পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ. কে. এম. রফিকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »

রোহিঙ্গা সঙ্কটের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ প্রধান

সিনিয়র রিপোর্ট / দ্যা লিগগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা সঙ্কটের একটি স্থায়ী সমাধানের জন্য জাতিসংঘের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং বাংলাদেশকে এই সমস্যার জন্য তহবিল নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। আজ শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান শুক্রবার আসন্ন জাতিসংঘের রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের ওপর আন্তর্জাতিক সম্মেলনকে নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই প্রতিশ্রুতি দেন।  জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে এই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। মহাসচিব কক্সবাজার ও রাখাইন রাজ্যের রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা স্মরণ করে রোহিঙ্গাদের জন্য তার উদ্বেগ পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, তারা নিয়মিত বৈষম্য ও মৌলিক অধিকারের গুরুতর লঙ্ঘনের শিকার। তিনি আট বছর ধরে মিয়ানমারের প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত উদারতার প্রশংসা করেন। গুতেরেস এই সংকটময় মুহূর্তে রাখাইনে জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের অপরিহার্য ভূমিকার স্বীকৃতি দেন। এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই-রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন, যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ড. খলিলুর রহমান মহাসচিবকে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করার জন্য অনুরোধ করেন। যাতে এই বছর অনুষ্ঠিতব্য সম্মেলনে এই সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা যায়। ড. রহমান রাখাইন রাজ্যের গুরুতর মানবিক পরিস্থিতির কথাও তুলে ধরে সতর্ক করে দেন যে, আসন্ন দুর্ভিক্ষ পরিস্থিতি সংঘাতপূর্ণ রাজ্যটিতে আরো অস্থিতিশীলতা তৈরি করবে। তিনি হ্রাস পাওয়া বহিরাগত তহবিল পরিস্থিতির দিকে জাতিসংঘ মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন এবং পর্যাপ্ত সম্পদ সংগ্রহের জন্য তার সদিচ্ছার আহ্বান জানান। তিনি গুতেরেসকে সাহায্য প্রদানকারী ও গ্রহীতাদের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য অনুরোধ জানান।  এ সময় সেখানে সহিংসতা, ভয়ভীতি, বৈষম্য ও স্থানচ্যুতি থেকে মুক্ত রাখতে এবং বিমান ও বোমা হামলা বন্ধ নিশ্চিতেরও আহ্বান জানানো হয়। ড. রহমান মহাসচিবকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা সম্পর্কেও অবহিত করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের আরো শক্তিশালী ভূমিকার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। জবাবে, মহাসচিব দাভোসে প্রধান উপদেষ্টার সাথে তার সাম্প্রতিক বৈঠকের কথা স্মরণ করেন এবং সংস্কার প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ ছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা ব্যবস্থায় বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্বের প্রতি তার ব্যক্তিগত মনোযোগের আশ্বাসও দেন। ড. রহমান ইউএনডিপি প্রশাসক আচিম-স্টেইনার এবং জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জিন-পিয়ের-ল্যাক্রোইক্সের সঙ্গেও পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ থেকে গাজীপুরসহ সারাদেশে চলবে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। আজ শনিবার থেকেই গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু। অপারেশন ডেভিল হান্ট’র ব্যাপারে আগামীকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

Read More »

রংপুরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমঝোতা সংলাপ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমঝোতা সংলাপ অনুষ্ঠিত হয়। গতকাল (০৮ ফেব্রুয়ারি ) শনিবার সকাল. ১১টায় নগরীর ডিসির মোড়স্থ স্থানীয় একটি হোটেলে রংপুর রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জুলাই ৩৬ ফোরাম- অপরাজেয় বাংলার উদ্যোগে “সমঝোতা ব্যাতিত সংবিধান সংস্কার সম্ভব কি? শীর্ষক সমঝোতা সংলাপ অনুষ্ঠানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলা সমন্বয়ক অধ্যাপক চিনু কবিরের সভাপতিত্বে ও বিভাগীয় সমন্বয়ক এড. রায়হান কবীর এর পরিচালনায় বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, জুলাই ৩৬ ফোরাম – অপরাজেয় বাংলার আহবায়ক নাজীর শাহীন, বিএনপির রংপুর মহানগর শাখার আহবায়ক সামসুজ্জামান সামু, এবি পার্টির রংপুর মহানগর শাখার আহবায়ক এড. আব্দুর রউফ, ইসলামী আন্দোলন চরমোনাই, রংপুর জেলার সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, গণসংহতি আন্দোলন এর রংপুর জেলা সমন্বয়ক তৌহিদুর রহমান, জেএসডি রংপুর মহানগর শাখার সদস্য সচিব, এবিএম মশিউর রহমান, নাগরিক ঐক্যের রংপুর জেলা আহবায়ক মাহি আজাদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর জাতীয় সমন্বয় কমিটির সদস্য ফরিদুল ইসলাম ও কনক রহমান, গন অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজিব, জেলা কমিটির সংগঠক আশিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শাহরিয়ার সোহাগ ও সুমন, সুজন রংপুর এর সগঠক মুক্তিযোদ্ধা আকবর হোসেন ও খন্দকার ফখরুল আনাম বেঞ্জু,নাসিমা আমিন সাবেক কাউন্সিলর, ১,২,৩ নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর, সামসি আরা জামান কলি, শহীদ প্রিয় এর মাতা, রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আফতাব উদ্দিন, মাপা রংপু এর প্রধান নির্বাহী মুনির চৌধুরী, দর্জি শ্রমিক ইউনিয়নের সা. সম্পাদক নজরুল ইসলাম, মোবাইল সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি শহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরীর আহবায়ক ইমতিয়াজ আহমেদ, রংপুরের ছাত্র সংগঠনের প্রতিনিধি বৃন্দ এবং জুলাই ৩৬ ফোরাম- অপরাজেয় বাংলার আহবায়ক এম এ এন শাহীন। “টেকসই সংস্কারের একমাত্র পথ: রাজনৈতিক সমঝোতা” এই বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন। প্রবন্ধে অন্তর্র্বতী সরকারের অপেক্ষায় না থেকে সকল রাজনৈতিক দলগুলোকে একত্রিত হয়ে সমঝোতা পরিষদ গঠন করে সংবিধান সংস্কারের ব্যাপ্তি এবং প্রক্রিয়া নিয়ে আলোচনা এবং প্ররোচনার মাধ্যমে সংবিধান সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়ার কথা বলা হয়। রাজনৈতিক সমঝোতার এই প্রক্রিয়াকে সহজ করতে অন্তর্র্বতী সরকারের ঐক্য কমিশনকে সেক্রেটারিয়েট হিসেবে কাজ করবার কথাও বলা হয় মূল প্রবন্ধে। বক্তব্যে হাসনাত কাইয়ুম বলেন, রাজনৈতিক দলগুলির এখন অন্তর্র্বতী সরকারের উপর দায়িত্ব চাপিয়ে নিষ্ক্রিয় থাকার উপায় নেই। রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় নেতৃত্ব দেবার ঐতিহাসিক দায়িত্ব উপস্থিত হয়েছে। সংবিধান সংস্কার নিয়ে রাজনৈতিক দল ও পক্ষগুলির মধ্যে সমঝোতার উদ্যোগ নিতে হবে। সেই প্রয়োজনীয় আলাপ আজকে আমরা শুরু করলাম ক্রমাগত নানা অংশীদের মাঝে ও দেশব্যাপী সমঝোতার আলাপ তুলে ধরে সংবিধান সংস্কারের টেকসই ও বাস্তবমুখী পথ নির্ধারণ করতে পারবো। বিএনপির রংপুর মহানগর শাখার আহবায়ক সামসুজ্জামান সামু বলেন, রাজনৈতিক মহলে সংস্কার নিয়ে ঐক্য করতে হবে। সকল পক্ষকে সাথে নিয়ে সমঝোতা পরিষদ তৈরির প্রস্তাবে বিএনপির নৈতিক সম্মতি রয়েছে। কিন্তু সংস্কার প্রশ্নে সিদ্ধান্ত হবে নির্বাচিত প্রতিনিধির হাতেই। বিএনপির ৩১ দফার ভিত্তিতে সংস্কারের কতজা আমরা বলেছি। এবি পার্টির রংপুর মহানগর শাখার আহবায়ক এড. আব্দুর রউফ বলেন, সমঝোতার মাধ্যমে সংস্কার করে তারপর নির্বাচন করতে হবে। সমঝোতায় আসতে ছোট বড় সকল শক্তির ক্ষমতার ভারসাম্য আলোচনার প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। গণসংহতি আন্দোলন এর রংপুর জেলা সমন্বয়ক তৌহিদুর রহমান বলেন, জাতির জীবনে ঐতিহাসিক মুহূর্ত বার বার আসে না। অতীত থেকে দলগুলোকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং জাতীয় ঐক্যের দিকে নিয়ে গিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টি করতে হবে। ইসলামী আন্দোলন চরমোনাই, রংপুর জেলার সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, অতীত থেকে শিক্ষা নিতে হবে। আগে সংস্কার পরে নির্বাচন।

Read More »

ডা: জাকিয়া সুমী’র হানি লাইফ ফানি স্টোরিসের প্রকাশনা উৎসব

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: একুশে বইমেলাকে সামনে রেখে গল্পের সাথে মিল রেখে শৈল্পিক প্রচ্ছদ মলাটে ৭২ পৃষ্ঠায় ২১ টি গল্প নিয়ে ডা: জাকিয়া সুমী’র প্রকাশিত হয়েছে “হানি লাইফ ফানি স্টোরিস”। লেখক ২১ টি গল্পে মজার গল্প, অভিজ্ঞতার গল্প এবং ছাত্র শিক্ষকের সম্পর্কের গল্প তুলে ধরেছেন সাবলিলভাবে। গতকাল শনিবার বেলা ১১ টায় পাবলিক লাইব্রেরি হলরুমে রংপুর মেডিকেল কলেজের প্রভাষক ডা: জাকিয়া সুমী এর প্রকাশিত সেই “হানি লাইফ ফানি স্টোরিস” এর প্রকাশনা অনুষ্ঠিত হয়। প্রকাশনা অনুষ্ঠানে নর্দাণ মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ সহযোগি অধ্যাপক ডা: শাখেরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা: মফিজুল ইসলাম মান্টু, কথাসাহিত্যিক রানা মাসুদ, লেখক শ ম আমজাদ হোসেন, রেশম বোর্ডের সাবেক ডেপুটি ডিরেক্টর জিল্লুর রহমান, ডা: সুভাষ চন্দ্র সরকার, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোতালেব হোসেন, সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী। “হানি লাইফ ফানি স্টোরিস” বইনটি নিয়ে আলোচনা করেন লেখক শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ফেরদৌস রহমান পলাশ। এতে স্বাগত বক্তব্য রাখেন পাতা প্রকাশের পক্ষে লেখক জাকির আহমদ। শুভেচ্ছা কথা বলেন বইটির প্রচ্ছদ ও অলংকরণে সাবা আত তাহজীর। পুরো অনুষ্ঠানে সঞ্চালনা করেন এমবিবিএস শিক্ষার্থী দুর্জয় কুমার দাস। “হানি লাইফ ফানি স্টোরিস” বইটি প্রকাশ করেছেন পাতা প্রকাশ। বইটিতে ২১ টি গল্প রয়েছে। এরমধ্যে মজার গল্প, অভিজ্ঞতার গল্প এবং ছাত্র শিক্ষকের সম্পর্কের গল্প রয়েছে। ৭২ পৃষ্ঠার বইটির মুল্য ধরা হয়েছে ২৫০ টাকা। বইটি একুশে বইমেলায় ৬৫৪ নম্বর পাতা প্রকাশ স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও বইটি রকমারী ডটকমে পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে লেখক ডা: জাকিয়া সুমী বইয়ে স্থান পাওয়া গল্পগুলো নিয়ে সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। সেই সাথে লেখালেখি জীবন, চিকিৎসক জীবন ও ব্যক্তি জীবনের নানা বিষয় তুলে ধরেন উপস্থিত লেখক সাহিত্যিকদের সামনে। প্রকাশনা অনুষ্ঠানে রংপুরের কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগ যৌতুক বিহীন ১২ জনের বিয়ে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে একই মঞ্চে ১২ জোড়া যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) স্বেচ্ছাসেবী সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর রুপকথা থিমপার্কে এ বিয়ে অনুষ্ঠিত হয়েছেন। এর মধ্যে ৫০ হাজার টাকা দেনমোহর আদায় করে নীলফামারী ডিমলার বাবুরহাট এলাকার রাকিবুজ্জামানের সাথে ডিমলার দক্ষিণ তিতপাড়ার তাসনিমা জান্নাত তাসমি, ৫০ হাজার টাকা দেন মোহর আদায় করে মিঠাপুকুর রসুলপুর গ্রামের ফুয়াদ মিয়ার সাথে মিঠাপুকুর শুকুরেরহাট গেনারপাড় এলাকার হাওয়া বিবি, ২০ হাজার টাকা দেন মোহর আদায় করে গাইবান্ধা সুন্দরগঞ্জ ধুবনী কঞ্চিবাড়ির আল মামুন মিয়ার সাথে সুন্দগঞ্জ বেলকার জুলি আক্তার, এক লাখ টাকা দেন মোহর আদায় করে নওগাঁ কয়াভবানীপুর এলাকায় মনিরুল ইসলামের সাথে একই এলাকার তানিয়া ইয়াসমিন বর্না, ১০ হাজার টাকা দেন মোহর আদায় করে কুড়িগ্রামে নাগেশ্বরী রতনপুরের রুহুল প্রামাণিকের সাথে আঙ্গুরিয়া এলাকার কেয়া জান্নাতি একা, দেড় লাখ টাকা দেনমোহর আদায় করে দিনাজপুর পার্বতীপুর দোলাপাড়ার শামিম আখতারের সাথে পার্বতীপুর দূর্গাপুরের জহুরুন নেছা টুম্পা, ৬৫ হাজার ৫৯৯ টাকা দেন মোহর আদায় করে দিনাজপুর নবাবগঞ্জের ভেলপুকুরিয়া গ্রামের রাইদ সরকারের সাথে ফুলবাড়ি স্বজনপুকুর এলাকার মোবাশ্বিরা, ৫০ হাজার টাকা দেন মোহর আদায় করে, ঢাকা মোহাম্মদপুরের জাহিদুল ইসলামের সাথে রাজশাহী মঙ্গলবাড়ি এলাকার সার্জিনা আক্তার, ৫০ হাজার টাকা দেনমোহর আদায় করে মিঠাপুকুর রসুলপুর গ্রামের ফাহিম মিয়ার সাথে মিঠাপুকুর জীবনপুরের নুসরাত জাহান আন্নিমনি, ২৫ হাজার টাকা দেনমোহর আদায় করে সিরাজগঞ্জ বহুলা এলাকার সাব্বির হাসান রাব্বীর সাথে সিরাজগঞ্জ জানপুর এলাকার নাসরিন জাহান নিতু, ১০ হাজার টাকা দেনমোহর আদায় করে পাগলাপীর কিশামত হরকলি তানজীর ইসলামের সাথে গঙ্গাচড়া বেতগাড়ি এলাকার মনিরা খাতুন সুইটি এবং ৫১ হাজার টাকা দেনমোহর আদায় করে দিনাজপুর বীরগঞ্জের সাতোর এলাকার শাহরিয়ার ইসলাম লিখনের সাথে কক্সবাজার ওয়াহেদের পাড়া গ্রামের শারমিন সুলতানার বিয়ে অনুষ্ঠিত হয়। ‘যৌতুককে ঘৃণা করি, সহজলভ্যে মোহরানা আদায় করি’ শ্লোগানকে সামনে রেখে ১২ জোড়া বিয়েকে ঘিরে ব্যাপক আয়োজন করে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। বর ও কনেদের সাজিয়ে ঘোড়ার গাড়িতে করে কমিউনিটি সেন্টারে আনা হয়। সেখানে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন। এরপর বর ও কনের পরিবারের উপস্থিতিতে বিয়ে পড়ান বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মনোয়ার হোসেন। বিয়ে পড়ানোর শেষ বর, কনে, তাদের পরিবারের সদস্যসহ প্রায় এক হাজার মানুষকে আপ্যায়ন করা হয়। সেই সাথে নতুন সংসারের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়। মোহরানা পরিশোধ করে যৌতুক বিহীন বিয়ে করায় ১২ জোড়া দম্পতিকে কক্সবাজারে মধুচন্দ্রিমার ব্যবস্থা করেছে সংস্থাটি। বর তানজীর ইসলাম বলেন, যৌতুক বিহীন ও মোহরানা আদায় করে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে করতে পেরে আমি অনেক আনন্দিত। আয়োজকরা আমাদের যথেষ্ট সম্মান করেছেন এবং ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বিয়ের ব্যবস্থা করেছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ ১২ জোড়া বিয়ে অনুষ্ঠিত হলো। এ বিয়েতে আমরা যাবতীয় খরচ বহন করেছি। আমাদের চাওয়া সমাজ থেকে যেন যৌতুক প্রথা উঠে যায়। সেই সাথে যাদের উপর বিয়ে ফরজ হয়েছে,তাদের ইসলামী শরিয়াহ মোতাবেক যেন বিয়ে হয়। আগামীতে প্রতিটি বিভাগে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Read More »

রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ মাহাবুবার রহমান মঞ্জু বলেছেন, নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। হালনাগাদ ছবি যুক্ত ভোটার তালিকা ও স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট গ্রহন করা হবে। ভোট গ্রহন শুরু হবে সকাল ৮ টায় চলবে বিকাল ৪ টা পর্যন্ত। আমরা সততা বজায় রেখে সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা করে নতুন কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই। গতকাল (৮ ফেব্রুয়ারী) শনিবার সকালে নগরীর কলেজ রোডস্থ রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন প্রধান কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহাবুবার রহমান মঞ্জু আরও বলেন, আগামী ২২ ফেব্রুয়ারী রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়নের ভোট সকলের সহযোগীতায় স্বচ্ছতা বজায় রেখে দিতে চাই। তাই ভোটে সকলকে আমন্ত্রণ জানাই আপনারা এসে ভোট পরিদর্শন করবেন। কোথাও কোন ত্রুটি মনে হলে অবশ্যই নির্বাচন পরিচালনা কমিটিকে জানাবেন। আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিবো। আমি এই নির্বাচনে সকলের সহযোগীতা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান আশিক, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রধান সচিব মোঃ মহিউদ্দিন চিশতী হুজুর, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব আমির হোসেন, আলহাজ্ব আশিকুর রহমান, রবিউল ইসলাম, আফজাল হোসেনসহ নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে সঞ্চালনা ও নির্বাচনের তফশিল এবং নির্বাচনে বর্তমান হালচাল প্রসঙ্গে কথা বলেন রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিস সচিব মোঃ রফিকুল ইসলাম সনজু।

Read More »

সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝি আলোচনায় বসতে চায় সরকার

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে সরকার চলতি মাসের ‘মাঝামাঝি সময়ে’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন অনলাইনে আপলোড করা হয়েছে। কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলেছে। কিছু সংস্কার প্রস্তাব দীর্ঘমেয়াদি, যেগুলো নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। আশু করণীয় যেগুলো আছে, আশা করছি, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের আগেই করা হবে।’ তিনি বলেন, ‘মধ্যমেয়াদি যেসব সংস্কার প্রস্তাব আছে, সেগুলো নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কতটুকু করতে রাজি, তার ওপর।’ আইন উপদেষ্টা বলেন, ‘আমরা ফেব্রুয়ারি মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই, যদি তারা মনে করেন যে রোজার মধ্যেও আলোচনা চালিয়ে যাবেন।’ তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চায়, আমি মনে করি, এটা বলার অধিকার অবশ্যই তাদের আছে। আর দ্রুত বলতে কী, সেটা তো নির্দিষ্ট করে কেউ বলেনি।’ চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে মন্তব্য করে তিনি বলেন, ‘এটা প্রধান উপদেষ্টা ও তার পক্ষে আমাদের প্রেস সচিব বারবার বলেছেন। এবছরের শেষে অথবা আগামী বছর জুনের আগে। তবে বর্ষার কথা মাথায় রেখে জুনের আগেও হতে পারে। এপ্রিলে হতে পারে, মার্চেও হতে পারে।’ এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে পতিত স্বৈরাচারের লোকজন রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

Read More »