
ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে রংপুর বিভাগীয় সংবাদ সম্মেলন
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে মিথ্যাচার ও কটূক্তির প্রতিবাদে রংপুর বিভাগীয় সংবাদ সম্মেলন করেছে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ। শনিবার বিকেলে রংপুর নগরীর এনজিও ফোরাম হলরুমে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন রংপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুল মতিন , কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ডা. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ ওমর ফারুক। এ সময় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন ও ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার এসোসিয়েশন শিক্ষার্থীদের দাবির প্রতি ঐক্যমত প্রকাশ করে সংবাদ সম্মেলনে অংশ নেয়। সংবাদ সম্মেলনে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা চার দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে, ১। শূন্য পদে দশম গ্রেডে নিয়োগ দেওয়া। ২। সরকারি ও বেসরকারি পর্যায়ে পদ সৃজন। ৩। কোর্স কারিকুলাম সংশোধন এবং ইন্টার্নশিপ ভাতা প্রদান। ৪। প্রস্তাবিত হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় দুই দফা প্রতিশ্রুতি দিলেও এসব দাবি বাস্তবায়ন হয়নি। বরং, কিছু এমবিবিএস গ্রাজুয়েশন চিকিৎসক উচ্চ আদালতের বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপের অপচেষ্টা চালাচ্ছেন, যা নিন্দনীয়। বৈষম্যের শিকার ডিপ্লোমা চিকিৎসকরা সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কর্মক্ষেত্রে এমবিবিএস ডাক্তারদের বৈরী আচরণের কারণে ডিপ্লোমা চিকিৎসকরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে সকল প্রকার বৈষম্য দূর করবে এবং তাদের দাবি মেনে নেবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন জেলা থেকে আগত ম্যাটস শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
















