সর্বশেষ
সর্বশেষ

Day: April 7, 2025

গাজায় গণহত্যার তীব্র নিন্দা বাংলাদেশের

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ খৃ. – গাজা উপত্যকায় ইসরাইলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বাংলাদেশ সরকার ইসরাইলকে অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করতে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার দাবি জানিয়েছে।’ এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে ‘জাতিগত নির্মূল’ অভিযান চালানোর জন্য গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরাইলি দখলদার বাহিনীর বিমান থেকে নির্বিচারে বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে। গত মাসে একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরাইলের চলমান সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া হয়েছে, যা ওই অঞ্চলটিকে মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিকভাবে ইসরাইলের প্রতি বারংবার আবেদন করা হলেও দেশটি এই আবেদনের প্রতি কোনো গুরুত্বই দেয়নি। বরং তারা ক্রমবর্ধমান হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে।  বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের কাছে নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের নৈতিক ও আইনি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা ও অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সেখানে সব ধরনের যুদ্ধবিরতি বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি জনগণের সকল ন্যায্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশ সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য আলোচনার প্ল্যাটফর্মে ফিরে আসার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনি জনগণের ওপর সহিংসতা ও তাদের দুর্ভোগের অবসান ঘটাতে কূটনীতি ও সংলাপের পথে নিজেদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব এবং শান্তি, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষার ভিত্তিতে ফিলিস্তিনের সমস্যার দ্বি-রাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে কাজ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ তার আহ্বানে অবিচল ও দ্ব্যর্থহীন।

Read More »

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলির নৃশংস গণহত্যা প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গত ৭ এপ্রিল ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলায় বর্বরোচিত হত্যার দায়ে অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান। রবিবার (৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ দাবি জানান। এটিএম আজম খান আরো বলেন, ফিলিস্তিনে ইসরাইলের হামলার দাঁতভাঙ্গা জবাব দিতে সারাবিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, পাশাপাশি জাতিসংঘ ও ওআইসিকে এই গণহত্যার বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তিনি। মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজীর সঞ্চালনায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক নেতা আবুল হাশেম বাদল, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী, মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান। রংপুর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোস্তাক আহমেদ, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, পেশাজীবী থানা-২ এর আমির গোলাম মোস্তফা সহ আরো অনেকে। এর আগে বিকেল পাঁচ টায় রংপুর নগরীর সিটি কর্পোরেশনের সামন থেকে ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলায় নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় হয়ে শাপলা চত্বরে এসে সমবেত হয়।

Read More »

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলির গণহত্যার প্রতিবাদে রংপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানাতে রংপুর টাউন হল চত্বরে মিছিলে অংশ নেন ছাত্র-জনতা । এ সময় তার মাথায় বাঁধা ছিল ফিলিস্তিনের পতাকা আর হাতে ‘ফ্রি গাজা-ফ্রি প্যালেস্টাইন’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড। সোমবার (৭ এপ্রিল) দুপুরে গাজায় গণহত্যা বন্ধে বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ এবং ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সকাল থেকেই প্রচণ্ড গরম উপেক্ষা করে ক্লাস ও পরীক্ষা বর্জন করে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নানা শ্রেণি-পেশার মানুষ মিছিল নিয়ে এসে টাউন হলের সামনের সড়কে অবস্থান করেন। এ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন মহানগর সুজনের সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ অন্যরা। সমাবেশ থেকে অবিলম্বে গাজায় বর্বরোচিত ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ইসরায়েলের আগ্রাসন রুখে দিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। অসহায়, নিরীহ, নিপীড়িত ও মজলুম ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়াতে হবে। এ সময় ইসরায়েলের পণ্য বয়কট করাসহ মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে জাতিসংঘ এবং ওআইসি নেতৃবৃন্দের প্রতি দাবি জানানো হয়। এদিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশে রংপুর নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিস এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ সংহতি জানান। বিক্ষোভকারীরা গাজায় গণহত্যা বন্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, পোস্টার এবং ব্যানার প্রদর্শন করেন। ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে এবং সন্ধ্যায় বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের পাশাপাশি পাড়া-মহল্লার মসজিদ ও মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।

Read More »

মাতার বাড়ী বিদ্যুৎ প্রকল্পের জন্য ৬ হাজার ৭শ’ কোটি টাকা ঋণ দিচ্ছে জাইকা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৫ এপ্রিল, ২০২৫ খৃ., – শের নিরাপদ খাদ্য এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সরকারকে ৬ হাজার ৭শ’ কোটি টাকা ঋণ দিচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সুত্র জানায়, সহজ শর্তে ৩০ বছরে পরিশোধযোগ্য এই ঋণ প্রকল্প দু’টি বাস্তবায়নে সহায়তা করবে। এই লক্ষ্যে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ সরকারের সাথে দু’টি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। যার মোট পরিমাণ জাপানী মুদ্রায় ৮৫ হাজার ৮১৯ মিলিয়ন ইয়েন, যা বাংলাদেশী মুদ্রায় ৬ হাজার ৭শ’ কোটি টাকা। এর মধ্যে নিরাপদ খাদ্য প্রকল্পের জন্য ২৮ হাজার ৬৯৯ মিলিয়ন ইয়েন এবং মাতার বাড়ী বিদ্যুৎ প্রকল্পের জন্য ৫৭ হাজার ১২০ মিলিয়ন ইয়েন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণা কর্মকর্তা মো. তাইফ আলী বাসস’কে জানান, গত ২৫ মার্চ অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই দু’টি চুক্তি স্বাক্ষরিত হয়। ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জাইকার চীফ রিপ্রেজেনটেটিভ তুমুহিদে ইচিগুচি নিজ নিজ সরকার ও সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। তাইফ আলী জানান, প্রকল্প বাস্তবায়নের লক্ষে গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একনেকে প্রকল্প অনুমোদন দেয়া হয়। ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ায় আগামী সপ্তাহের মধ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ডিমান্ড নোট প্রকাশ করে প্রকল্প পরিচালক নিয়োগ দেয়ার সম্ভাবনা রয়েছে। চলতি অর্থবছরেই চুক্তির টাকা ছাড় করিয়ে কাজ শুরু করা হবে। তিনি বলেন, চুক্তি অনুযায়ী ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্টে ২৮ হাজার ৬৯৯ মিলিয়ন ইয়েন ব্যয়ে বাংলাদেশ ফুড সেফটি অথোরিটি (বিএফএসএ)-এর সক্ষমতা বৃদ্ধি করবে। যা ঢাকা, চট্টগ্রাম, ও খুলনার মত প্রধান বিভাগগুলোতে নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ন্ত্রণে সহায়তা করবে। অপরদিকে, বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড সুত্র জানায়, ‘মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল-ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট-৮ এর জন্য জাইকা ৫৭হাজার ১২০ মিলিয়ন ইয়েন ঋণ দিচ্ছে। উক্ত প্রকল্পের শক্তির নির্ভরযোগ্যতা বাড়াতে এবং জ্বালানি উৎসগুলোর বৈচিত্র্য নিশ্চিত করতে এই ঋণ সহায়তা হচ্ছে। যার আওতায় ১২শ’ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র, ৪শ’ কেভি ট্রান্সমিশন লাইন, রাস্তা, সেতু এবং একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে। এই প্রকল্পগুলো বাংলাদেশের নিরাপদ খাদ্য ও বিদ্যুৎ বিতরণে স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি দেশের ভবিষ্যত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি ভবন, খাদ্য পরীক্ষাগার কক্ষ, প্রশিক্ষণ ভবন, অফিস ভবন নির্মাণসহ প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বাড়াতে যৌথভাবে কাজ করবে জাইকা এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। এই প্রকল্পের ঋণের সুদের হার নির্মাণ কাজের জন্য ১ দশমিক ৮৫ শতাংশ ও পরামর্শক সেবার জন্য শুন্য দশমিক ৫৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণ পরিশোধের মেয়াদ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছর। মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিকাল কোল ফায়ারড পাওয়ার প্রকল্পের আওতায় ১,২০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। যেখানে অন্তর্ভুক্ত থাকবে ৪শ’ কেভি ট্রান্সমিশন লাইন, সড়ক ও সেতু। এই প্রকল্পের অষ্টম কিস্তির হার নির্মাণ কাজ ও যন্ত্রপাতির জন্য ১ দশমকি ৯৫ শতাংশ ও পরামর্শক সেবার জন্য শুন্য দশমিক ৫৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণ পরিশোধের মেয়াদ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছর।

Read More »