সর্বশেষ
সর্বশেষ

Day: July 14, 2025

রংপুর চেম্বারের নির্বাচনে সভাপতি এমদাদ ও সিনিয়র সহ সভাপতি মনজুর আহমেদ নির্বাচিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বিভাগের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র (আরসিসিআই) ২০২৫-২০২৭ দ্বি-বার্ষিক মেয়াদী ২৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেসার্স জনতা ট্রেডিং স্বত্বাধিকারী এমদাদুল হোসেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেসার্স এম,কে ট্রেডার্স স্বত্বাধিকারী মনজুর আহমেদ ও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মেসার্স মডার্ণ জুয়েলার্স স্বত্বাধিকারী মোঃ এনামুল হক ও মেসার্স বিউটি হার্ডওয়্যার এ্যান্ড টুলস স্বত্বাধিকারী মোঃ জুলফিকার আজিজ খান। গতকাল রোববার সকালে চেম্বারের আরসিসিআই অডিটরিয়ামে নির্বাচন বিজ্ঞপ্তি ও নির্বাচন তফসিল মোতাবেক আরসিসিআই নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড রংপুর শাখার সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোঃ সারওয়ার মোর্শেদ নির্বাচিতদের নাম ঘোষণা করেন। রংপুর চেম্বারের নব নির্বাচিত পরিচালকবৃন্দরা হলেন জেনারেল গ্রুপ থেকে পার্থ বোস, মোঃ ওবায়দুর রহমান রতন, খন্দকার মাহামুদ ইলাহী (বিপ্লব), মোঃ কামাল হোসেন, মোঃ মামুনুর রশিদ, মোঃ তৌহিদ হোসেন, মোঃ সাইফুল আলম, আশরাফুল আলম, আলহাজ্ব মোঃ আব্দুল হালিম, মোঃ আজিজুল হক, মোঃ শরিফুল ইসলাম, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ তাইফুর রহমান, মোঃ শফিকুল ইসলাম মিঠু, এসোসিয়েট গ্রুপ থেকে প্রণয় বনিক, খেমচাঁদ সোমানী (রবি), মোঃ শফিকুল ইসলাম মনা, মোঃ রশিদুস সুলতান বাবলু, মোঃ আব্দুল্লাহেল কাফি (দুদু) ও গোলাম আহমেদ আব্দুল মুকীত এবং ট্রেড গ্রুপ থেকে রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম বারী রাজ।

Read More »

রংপুরে এমপিওভুক্তির দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে বংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ রংপুর জেলা কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে রংপুরের আটটি উপজেলা থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইলিয়াছ সোহেল তাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিমা খাতুন, কেন্দ্রীয় নেতা মোঃ আসাদুল হক, রংপুর জেলা সভাপতি মোঃ আব্দুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদিক্ষণ করে। বিক্ষোভ মিছিল শেষে তারা জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফায়সালের নিকট স্মারকলিপি প্রদান করে। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষানীতির শতভাগ বাস্তবায়নের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা প্রাপ্তির অধিকার নিশ্চিত করা অপরিহার্য কিন্তু প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়নি। তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। বিশেষ বিদ্যালয়গুলো মাঠ পর্যায়ে নিরলস কর্মপ্রচেষ্টার মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নয়নে শিক্ষা, থেরাপি ও জীবন দক্ষতা প্রশিক্ষণ চালিয়ে আসছে। সারা দেশে প্রতিবন্ধীদের ১ হাজার ৭৭২টি অস্বীকৃত বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রায় দুই লাখ নানা ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থী অধ্যয়ন করছে। এখানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৬০ হাজার। এমপিওভুক্ত না হওয়ায় এসব শিক্ষক-কর্মচারী আর্থিকভাবে খুবই দুর্বস্থার মধ্য দিয়ে দিনযাপন করছেন। অনেকে দীর্ঘদিন ধরে বিনা বেতনে কাজ করছেন।

Read More »

দেশে সংস্কারের নামে সার্কাস চলছে: রংপুরে জিএম কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দেশে সংস্কারের নামে সার্কাস চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার (১৪ জুলাই) দুপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জিএম কাদের বলেন, সংস্কার ও বিচার একটি দীর্ঘমেয়াদী প্রসেস। বিচার এখন না হউক দশ বছর পরও হবে। বিচারের জন্য আপনি ৫০ বছর অপেক্ষা করতে পারেন না। দেশের অনেক জ্ঞানী গুনি ব্যক্তি সংস্কারের কথা বলছেন বলে আমি মনে করি না। এই সরকারের সংস্কার কেউ গ্রহণ করছে না। নারী সংস্কার, এনবিআর এর সংস্কার, মিডিয়ার সংস্কার কেউ গ্রহণ করে নাই। তারা আমাদের আর একটি বৃহত্তর রাজনৈতিক দলকে বাদ দিয়েছেন। তারা ৫০ ভাগ লোককে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন। তারা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। আমি আওয়ামীলীগের আমলে বলেছিলাম, বিএনপি জামায়াত কে ছাড়া নির্বাচন করবেন না, নির্বাচন করলে, অবাধসুষ্ঠু হবে না। সেই নির্বাচন দেশে ও দেশের বাইরে সমর্থন পাবে না। এই সরকারকেও বলবো, আপনি আওয়ামীলীগকে ভয় পাচ্ছেন। আওয়ামীলীগ বর্তমানে আধামরা অবস্থায় আছে, তারপরও আপনি আওয়ামীলীগকে ফেস করতে ভয় পাচ্ছেন, আমি আওয়ামীলীগ করি না। তিনি আরো বলেন, মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ বাড়ি থেকে হয়ে পূণরায় বাসায় ফিরতে পারবে কি না সংশয় তৈরী হয়েছে, অনিশ্চয়তা তৈরী হয়েছে। দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। যারা মব তৈরী করে লুটপাট ও পেশী শক্তি দেখিয়েছে এতদিন, তারা আর তাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। পুলিশ ও প্রশাসনকে কাজে লাগাতে না পারলে, মব দিয়ে ইলেকশন করবে এই সরকার। সেই মবের ইলেকশন কি দেশে ও বিদেশে সমর্থন পাবে। আমরা চাই, একটি ভালো নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার দেশ চালাবে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা সংসদে জনগনের পক্ষে কথা বলেছিলাম জাতীয় পার্টির পক্ষ থেকে। কিন্তু পরক্ষণে তৎকালীন সরকারের চাপে পরে সরকারের পক্ষে বলেছিলাম। আমি মনে করি ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৎকালীন সরকারের কাছে জিম্মি হয়ে সার্কাস পাটি হয়েছিলো জাতীয় পার্টি। কিন্তু আমাদের সাথে থাকা কয়েকজন তৎকালীন সরকারের পক্ষ কথা বলেছেন। এখন আমি যখন বর্তমান সরকারের বিপক্ষে কথা বলছি, তখন সরকারের বিপক্ষে কথা বলায় আমার সাথে থাকা তাদের সম্ভব নয়। তাই তারা আমাকে মাইনাস করতে চেয়েছিলো। আমি তাদের বহিস্কার করেছি। জিএম কাদের বলেন, স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য এবং অভিভাবকরা বৈষম্যবিরোধী আন্দোলনে ছিলো। তারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলো। দেশের জনগন কাউকে এমন কোনো ম্যান্ডেট দেয় নাই। যে আপনারা সংবিধান ছুড়ে ফেলবেন কিংবা কাউকে ইসলামী দল গঠন করবেন। আবার নতুন সংবিধান তৈরী করবেন। জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনে সংসদে কথা বলেছিলাম। আমরা শিক্ষার্থীদের সাথে ছিলাম। রংপুরের জাতীয় পার্টির দুই জন মারা গেছেন। কয়েকজন জেল খেটেছেন। আমাদের নেতাকর্মীদের নামে হত্যা মামলা হয়েছে। আমাদের মেয়রকে হেনস্তা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় জনগনের পার্টি। আমরা জনগনের কথা বলতে চাই। আমরা আওয়ামীলীগের আমলেও জনগণের কথা বলেছি। এখনও বলছি। এজন্য আমাদের অনেক ঝুকি রয়েছে। ঝুকি নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমার পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নিয়ে জাতীয় পার্টির মাধ্যমে জনগণের সেবা করতে চাই। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রসিকের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসীর, কেন্দ্রীয় নেতা আজমল হোসেন লেবু, আব্দুর রাজ্জাকসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন।

Read More »

সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকার ক্রমাগত পশ্চাদপসরণ হতে বাধ্য হয়েছিল – অধ্যাপক আলী রীয়াজ

সিনিয়র রিপোর্টার/ দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) ২০২৫ খৃ.-জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকার ক্রমাগত পশ্চাদপসরণ হতে বাধ্য হয়েছিল। চব্বিশের জুলাইয়ে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে সূচনা হয়েছিল, ১৪ জুলাইয়ে সে ঘটনা প্রবাহ নতুন মোড় নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীদের প্রতি অবমাননাকর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে নারী শিক্ষার্থীরা মধ্যরাতেই রাজপথে নেমে এসেছিল। নারীদের বলিষ্ঠ কন্ঠস্বর সেই অপমানের বিরুদ্ধে আন্দোলনকে বেগবান করেছিল। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৩তম দিনের আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বৈষম্য বিরোধী আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণকে মর্যাদা দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ১৪ জুলাইকে ‘জুলাই নারী দিবস’ বলে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে কমিশনের সহ-সভাপতি বলেন, রাষ্ট্র বিনির্মাণে নারীদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এই প্রাতিষ্ঠানিক রূপের মাধ্যমেই রাজনীতিতে, রাষ্ট্র গঠনে এবং আইন প্রণয়নে নারীদের মর্যাদার সাথে অংশগ্রহণের পথ তৈরি হবে। তিনি এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।  জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলমী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। আলোচনায় নারী প্রতিনিধিত্ব এবং দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

Read More »