সর্বশেষ
সর্বশেষ

Day: July 29, 2025

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকং ভিত্তিক কোম্পানি হানডা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ খৃ.: হংকং ভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন এই বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেন। হানডা শুরুতে বাংলাদেশের বস্ত্রখাতে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করে এবং এ লক্ষ্যে গত এপ্রিলে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করে। পরে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার জোরালো সহযোগিতার কারণে হানডা তার  বিনিয়োগ পরিকল্পনা ২৫০ মিলিয়ন ডলারে উন্নতি করেছে। কোম্পানিটি এখন বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করবে—দুটি গার্মেন্টস প্রসেসিং এবং একটি নিটিং ও ডায়িং ইউনিট—যার মাধ্যমে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। হান চুন বলেন, ‘বিভিন্ন সরকারি সংস্থা, যেমন বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ), বেজা (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) এবং বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ)-এর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আমরা আত্মবিশ্বাস পেয়েছি এবং বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’  তিনি আরও বলেন, ‘আমরা আমাদের প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে চাই।’ বিডা, বেজা ও বেপজা কর্মকর্তারা বলেন, এটি বাংলাদেশের বস্ত্রখাতে অন্যতম বৃহৎ একক চীনা বিনিয়োগ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হানডা ইন্ডাস্ট্রিজের বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের টেক্সটাইল খাতে আপনি চীনা বিনিয়োগের নেতৃত্ব নিন এবং অন্য চীনা বিনিয়োগকারীদেরও এখানে আসার জন্য উৎসাহিত করুন।’ বাংলাদেশি ডিজাইনারদের প্রশিক্ষণ প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, যাতে তারা ক্রেতাদের পছন্দ-রুচি বুঝে কাজ করতে পারেন। হান চুন প্রধান উপদেষ্টার কাছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্থাপিতব্য কারখানার একটি নকশা উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা নকশাটি দেখে বলেন, ‘এটি আমার কাছে একটি চমৎকার চিত্রকলার মতো লাগছে।’ প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগে মিরসরাইয়ে গার্মেন্টস কারখানার জমি ইজারার চুক্তি বুধবার স্বাক্ষরিত হবে। দ্বিতীয় ধাপের জমি ও অন্যান্য সুবিধাদি চূড়ান্তকরণের প্রক্রিয়া চলমান, যা ২০২৫ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট হেং জেলি।

Read More »

সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ : আসিফ নজরুল

সাইয়্যেদ মোহাম্মদ রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ খৃ.: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের নৃশংসতা পাকিস্তানের হানাদার বাহিনীকেও হার মানিয়েছে।  তিনি বলেন, আমরা ৭১ সালেও দেখিনি মৃতদেহ পুড়িয়ে ফেলার দৃশ্য। কিন্তু জুলাইয়ের গণঅভ্যুত্থানে সে কাজ করে দেখিয়েছে আওয়ামী শাসনামল। মঙ্গলবার ঢাকায় আইন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণহত্যার বিচার ও তথ্যচিত্র প্রদর্শনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের বিচারকাজে এমন অকাট্য প্রমাণ রেখে যাব, যাতে পরবর্তী সরকারগুলো বিচারব্যবস্থাকে প্রলম্বিত করতে না পারে। তিনি আরো বলেন, আমাদের প্রতি আস্থা রাখুন, আমরা সঠিক সময়ে জুলাই গণহত্যার বিচার করে দেখিয়ে দেব। এই বিচার কার্যক্রমে কোন গাফিলতি হচ্ছে না। উপদেষ্টা বলেন, জুলাই গণপতনে আমরা মাঠে যেভাবে নৃশংসতা দেখেছি, তাতে শুধু জনগণের কাছে নয়, মহান আল্লাহর কাছেও আমরা দায়বদ্ধ। আহত শিক্ষার্থীদের গুলি করে হত্যা এবং মৃতদেহ পুড়িয়ে ফেলা, সবই মানবতাবিরোধী অপরাধ। কোন যুদ্ধবিধ্বস্ত দেশেও এমন ঘটনা ঘটেনি, যা বাংলাদেশে ঘটেছে। আমরা এসব ঘটনার বিচার করবই। আমাদের চেষ্টায় ঘাটতি নেই। অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবের নায়করা আমাদের পথ দেখাবে।’ তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের নায়কদের মধ্যে শহীদ আবু সাঈদ, ইয়ামিন, মুগ্ধরা আমাদের পথ দেখিয়েছে। বাংলাদেশ যতদিন থাকবে, তাদেরকে কেউ ভুলতে পারবে না। আওয়ামী লীগ সরকারের বিচারব্যবস্থার অপশাসনের উদাহরণ দিয়ে মাহমুদুর রহমান বলেন, তিনি মাথায় ব্যান্ডেজ নিয়ে অ্যাম্বুলেন্সে করে হাইকোর্টে গিয়েছিলেন আগাম জামিনের জন্য, কিন্তু বিচারক তাকে ভৎর্সনা করে বলেছিলেন, তিনি মাহমুদুর রহমানের চেহারা দেখতে চান না। বর্তমান বিচারব্যবস্থাকে সঠিকভাবে কাজ করার আহ্বান জানান এই জ্যেষ্ঠ্য সাংবাদিক। আইন মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পরিবেশ উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, জুলাই শহীদ মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ ইয়ামিনের পিতা মহিউদ্দিন প্রমুখ।

Read More »