
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক ঐক্য পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গত ৫ আগস্ট ২০২৪ ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালানোর পর রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নকে একটি স্বার্থান্বেষী মহল দখল করে পুনরায় ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে সাধারণ শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে বিশেষ সভায় শ্রমিক নেতা সাবেক আহ্বায়ক মোফাজ্জল হোসেন সোনা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি নুরুল ইসলাম (নুরু ড্রাইভার), সাবেক সড়ক সম্পাদক মুকুল ড্রাইভার, সুপারভাইজার জাহিদুল ইসলাম, সফি ড্রাইভার, নজরুল ইসলাম যাদু, শাহজাহান ড্রাইভার, হানিফ ড্রাইভার, আনিছুর রহমান ড্রাইভার, রফিকুল ইসলাম রফিক সহ আরও অনেকে। শ্রমিক নেতারা বলেন, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন (রেজি: রাজ: ১১৬৩) শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত একটি ট্রেড ইউনিয়ন। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর সাবেক কমিটির অনেক নেতাই ইউনিয়ন থেকে সরে দাঁড়ান। এই সুযোগে একটি মহল পর্দার আড়াল থেকে নির্দেশনা দিয়ে টার্মিনাল দখল করে নেয়। শ্রমিক নেতারা অভিযোগ করেন, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৫০ হাজার টাকা কালেকশন হয়। কিন্তু গত ১১ মাসে এই আয়-ব্যয়ের কোনো হিসাব সাধারণ শ্রমিকদের কাছে দেয়নি দখলদাররা। এ বিষয়ে তারা রংপুরের বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সেনা প্রধানের হস্তক্ষেপ কামনা করেন। সভায় জানানো হয়, আগামী ৫ সেপ্টেম্বর সকল শ্রমিকের উপস্থিতিতে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হবে। পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। শ্রমিক নেতারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসন্ন সাধারণ সভার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সভায় রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রায় তিন শতাধিক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।










