সর্বশেষ
সর্বশেষ

Day: November 5, 2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : ইভিএম বাতিল,‘না ভোট’ পুনর্বহাল

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আরপিওতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে—ইভিএম ব্যবহার বাতিল, ‘না ভোট’ পুনর্বহাল, প্রার্থীদের দেশি-বিদেশি আয় ও সম্পত্তির বিবরণ প্রকাশের বাধ্যবাধকতা এবং পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা। উল্লেখ্য, বৃহস্পতিবারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় আরপিও সংশোধনের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আরপিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী হলো—ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত বিধান বাতিল করা। পাশাপাশি ‘না ভোট’ পুনর্বহাল করা হয়েছে, যাতে কোনো নির্বাচনী আসনে কেবল একজন প্রার্থী থাকলে ভোটাররা তাকে ভোট না দেওয়ার সুযোগ পান। তিনি আরো বলেন, ২০১৪ সালের সাজানো নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতেই এই বিধান আনা হয়েছে। একজন প্রার্থী থাকলে ভোটাররা যদি তাকে পছন্দ না করেন, ‘না ভোট’ দিতে পারবেন। তখন সেই আসনে পুনরায় নির্বাচন হবে। নতুন সংশোধনীতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। জেলাভিত্তিক নির্বাচন অফিসগুলোতে দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। প্রার্থীদের দেশি ও বিদেশি উৎস থেকে আয় ও সম্পত্তির বিবরণ হলফনামায় দিতে হবে, যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উন্মুক্তভাবে প্রকাশ করা হবে। আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক প্রার্থীর দেশি-বিদেশি আয় ও সম্পত্তির পূর্ণ বিবরণ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জনগণ যেন সহজেই জানতে পারেন তাদের প্রার্থীর আর্থিক অবস্থা কী। সংশোধনীর মধ্যে আরো রয়েছে, নির্বাচনী জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। রাজনৈতিক দলকে ৫০ হাজার টাকার বেশি অনুদান বা চাঁদা দিতে হলে ব্যাংকিং চ্যানেল ব্যবহার বাধ্যতামূলক এবং অনুদানদাতার ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তারা ডাক ভোটে ভোট দিতে পারবেন। ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। কোনো নির্বাচনী এলাকায় ব্যাপক অনিয়ম হলে পুরো এলাকার ভোট বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। আইন উপদেষ্টা জানান, জোটের প্রার্থীদের প্রতীক ব্যবহারে স্বচ্ছতা আনতে বিধান যোগ করা হয়েছে, যাতে ভোটাররা সহজেই বুঝতে পারেন_কোন দল থেকে প্রার্থী হচ্ছেন। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Read More »

জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় ৪০৩ ছাত্রলীগ নেতাকে শোকজ

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, জুলাই অভ্যুত্থানে ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪০৩ জন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ‘কারণ দর্শাও নোটিশ’ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়েছে, সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব না দিলে অভিযুক্তদের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ছাত্রত্ব সম্পন্নকারীদের সনদ বাতিলের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দীন আহমেদ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে। গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জুলাই আন্দোলনে ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্যসচিব সাইফুদ্দীন আহমেদ স্বাক্ষরিত নোটিশটি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন সাপেক্ষে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। ঘটনাটি অধিকতর তদন্তের জন্য গঠিত কমিটি তদন্ত কমিটি দ্বিতীয় সভায় ১২৮ জনসহ সর্বমোট ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সব অপরাধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তার কারণ দর্শিয়ে লিখিত জবাব বিজ্ঞপ্তি প্রকাশের সাত কার্য দিবসের মধ্যে লিখিত প্রক্টর অফিসে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আপনাদের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা গ্রহণ করা হবে। জানতে চাইলে ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘যারা শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়েছে, সবার বিচার আমাদের চাওয়া ছিল। ছাত্রলীগের চিহ্নিত অপরাধীদের তালিকা এমনই হবে, আমরা পরবর্তীতে তালিকা দেখে জানাবো।’ তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, নেতাকর্মীদের নাম, বিভাগ, ছাত্রলীগের পদবি, হল এবং সেশনের নাম লেখা হয়েছে। এরমধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনান, ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ সব হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ রয়েছে। তালিকায় জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্তর নাম আসেনি। এ ছাড়াও ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার নাম রয়েছে। জানতে চাইলে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদ বাতিলের জন্য সুপারিশ করা হবে। এ বিষয়ে সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নোটিশটি মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানান তিনি।

Read More »

জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার আহবান স্বরাষ্ট্র উপদেষ্টা’র

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৯ কার্তিক (৪ নভেম্বর) ২০২৫ খৃ. – রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। সভায় মাদক প্রতিরোধ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সীমান্ত পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধারে পদক্ষেপ গ্রহণসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নির্বাচনে পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দিলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনের জন্য ‘ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি’ গঠন করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনে কারো কোনোরকম অবহেলা থাকলে সাথে সাথে তাকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, আগে এক্ষেত্রে জিডি করে রাখা হতো। এবার কিন্তু সাথে সাথে আইনের আওতায় আনা হবে। তিনি এ সময় জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে সহযোগিতার জন্য পুলিশসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ বক্তব্যগুলোর বেশিরভাগ সময় সত্যতা থাকে না। কিন্তু সাংবাদিকদের প্রতিবেদন সাধারণত সত্য হয়ে থাকে। তিনি এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রতিহত করতে সাংবাদিকদের সঠিক ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির অনুরোধ জানান। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।

Read More »

দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৪ নভেম্বর ২০২৫ খৃ. – দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হওয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক (অর্থ) সৈয়দ শরীফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার তাকে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে তোলা হলে বিচারক সাব্বির ফয়েজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। দুদক জানায়, আসামি সৈয়দ শরীফুল ইসলাম মাঠপর্যায়ের কৃষি অফিস ও আঞ্চলিক কার্যালয় থেকে কোনো চাহিদাপত্র ছাড়াই ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ অর্থবছরে প্রায় ৫ কোটি ৩২ লাখ ৭ হাজার ৮৫ টাকা বিশেষ বরাদ্দ প্রদানের মাধ্যমে জালিয়াতি ও আত্মসাৎ করেন। অভিযোগে বলা হয়েছে, আসামি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে সংশ্লিষ্ট রেকর্ডপত্র বিনষ্ট করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করা প্রতিবেদনে বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির জামিন নামঞ্জুর করে তাকে জেলহেফাজতে প্রেরণ করার অনুরোধ জানানো হয়েছে। দুদক জানায়, আজ সকাল ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি দণ্ডবিধির ৪২০/৪৬৫/৪৬৬/৪৬৭/৪৬৮/৪৭১/৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দায়ের করা হয়েছে।

Read More »

জাপানে দক্ষ কর্মী পাঠাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : টোকিও, ৪ নভেম্বর ২০২৫ খৃ. – টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আজ টোকিওর টিকেপি মিলনায়তনে ‘বাংলাদেশ-জাপানের জন্য দক্ষ মানবসম্পদ সমৃদ্ধ একটি অত্যন্ত সম্ভাবনাময় উৎস’ শীর্ষক সেমিনার এবং পরবর্তীতে একটি ম্যাচিং ইভেন্টের আয়োজন করে। জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণার্থী ও দক্ষ কর্মী সহযোগিতা সংস্থা (JITCO)’র সহযোগিতায় আয়োজিত সেমিনারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রায় ২৫০টি জাপানি কোম্পানিসহ ৩৫০টি জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠান এবং নিয়োগকারী সংস্থা সেমিনারে অংশগ্রহণ করে। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী স্বাগত বক্তব্যে জাপানে দক্ষ জনশক্তি প্রেরণ এবং একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সকল সহায়তার আশ্বাস দেন। তিনি এ লক্ষ্যে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া তার বক্তব্যে জাপান ও বাংলাদেশের মানবসম্পদ পরিস্থিতির পরিসংখ্যানগত তুলনা উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন যে, ২০৪০ সালের মধ্যে জাপানের প্রায় ১ কোটি ১০ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হবে, অন্যদিকে বাংলাদেশে বর্তমানে অতিরিক্ত ২ কোটি ৫০ লাখ কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে যা ২০৪০ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। সিনিয়র সচিব আরও উল্লেখ করেন যে, জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী প্রস্তুতের জন্য বাংলাদেশে ৩৩টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (TTC) নির্ধারণ করা হয়েছে এবং প্রয়োজনে এ সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি ‘জাপান সেল’ গঠনের কথাও জানান, যা জাপানি শ্রমবাজারের জন্য সমন্বয় ও যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করবে। ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জাপানে দক্ষ জনশক্তি প্রেরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশের ও জাপানের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টায় উভয় দেশই উপকৃত হবে। JITCO-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিগেও মাতসুতোমি আন্তর্জাতিক শ্রমবাজার পরিস্থিতি এবং জাপানের শ্রমবাজারের সম্ভাবনা সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরে বাংলাদেশি জনশক্তি প্রেরণকারী এবং জাপানি নিয়োগকারী সংস্থাগুলির মধ্যে ১৩টি সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষরিত হয়। সেমিনারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া আগামী ৭ নভেম্বর নাগোয়া, জাপানে আরেকটি মানবসম্পদ বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করবেন যেখানে বাংলাদেশি এবং জাপানি কোম্পানির মধ্যে আরো সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে।

Read More »