সর্বশেষ
সর্বশেষ

Day: November 16, 2025

আগামী নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর করতে মাঠ প্রশাসন প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বরিশাল, ১৬ নভেম্বর, ২০২৫ খৃ. স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখর করতে মাঠ প্রশাসন প্রস্তুত রয়েছে। ট্রাইবুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে সব বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। আজ রোববার বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। নির্বাচন সুষ্ঠু হওয়াটা শুধু আইন শৃঙ্খলা বাহিনী উপর নির্ভর করে না, এর সাথে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর ভূমিকাও রয়েছে। তবে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না। দেশে এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ডিআইজি মনজুর মোরশেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, পুলিশ সুপার শরিফ উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

ভবনসমূহকে পরিবেশবান্ধব ‘গ্রিন বিল্ডিং’ করার আহ্বান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) ২০২৫ খৃ. – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকল সরকারি ভবনকে গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণ ও রূপান্তর করার জন্য গণপূর্ত অধিদপ্তর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গণপূর্ত অধিদপ্তরকে এক মাসের মধ্যে সম্পূর্ণ গ্রিন বিল্ডিং ম্যানুয়াল প্রণয়নের নির্দেশ দেন। পরিবেশ উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রণালয় বা অধিদপ্তর গ্রিন বিল্ডিংয়ের বাইরে গেলে চলবে না। বাধ্যতামূলক নীতি থাকলে কম পানি ব্যবহার, পর্যাপ্ত প্রাকৃতিক আলো এবং আধুনিক পরিবেশবান্ধব নির্মাণশৈলী নিশ্চিত করা সম্ভব হবে। আজ রাজধানীর গণপূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, গ্রিন প্রকিউরমেন্ট এবং গ্রিন বিল্ডিং’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, দেশের নির্মাণ শিল্পকে আধুনিকায়ন করতে হলে সরকারি নীতিতে পরিবর্তন আনতে হবে। লেকগুলো ড্রেনেজ ব্যবস্থার জন্য নয়, এগুলো মানুষের জন্য। প্রকৃতি ধ্বংস করে উন্নয়নের নামে বাণিজ্যিক কার্যক্রম করা চলবে না। পাশাপাশি কমিউনিটি ও সরকারের দায়িত্বের সীমানা স্পষ্ট করা জরুরি বলে তিনি মন্তব্য করেন। ইটভাটা প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, ধানিজমিতে গড়ে ওঠা অবৈধ ইটভাটার আগুন ও ধোঁয়া দেশের সবুজায়ন নষ্ট করছে। বর্তমান সরকার দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ইটভাটা ভেঙে দেওয়ার ব্যবস্থা করেছে, তবে ইটের বিকল্প প্রযুক্তি ও উপকরণ প্রচার না করলে শুধু আইন প্রয়োগে সমস্যার সমাধান হবে না। উপদেষ্টা বলেন, ইটভাটা ভাঙা কোন স্থায়ী সমাধান নয়; ব্লক ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করাই টেকসই পথ। এজন্য তিনি রাজউককে ভবন নির্মাণে নির্দিষ্ট পরিমাণে ব্লক ব্যবহার বাধ্যতামূলক করার আহ্বান জানান। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সরকারি হাসপাতাল, কারাগার, আদালত ও এতিমখানা ভবনের বর্তমান অবস্থা ভালো নয় এবং সেগুলোকে পরিবেশবান্ধব ও আধুনিক কাঠামোয় সংস্কার ও পুনর্নিমাণ করতে হবে। তিনি শহরের জলাশয়গুলো পুনরুদ্ধারের আহ্বান জানান এবং সরকারি ভবনগুলোকে পরিবেশ সহায়ক হিসেবে পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

Read More »

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় আগামীকাল

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ খৃ. – চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আগামীকাল রায় ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, ‘আগামীকাল ট্রাইব্যুনাল-১ বেলা ১১টায় বসবে বলে রেজিস্ট্রার অফিস জানিয়েছে।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা আগামীকাল সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শেখ হাসিনার সঙ্গে এই মামলার অপর দুই আসামি হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আগামীকালের রায়ের বিষয়ে আজ প্রসিকিউটর গাজী এমএইচ তামীম সাংবাদিকদের বলেন, আগামীকাল এই মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। আমরা আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি এবং সর্বোচ্চ শাস্তি চেয়েছি। আগামীকাল রায়টি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। সেই সঙ্গে বিটিভি থেকে দেশের অন্য টেলিভিশন তা সরাসরি সম্প্রচার করতে পারবে। এছাড়া, বিটিভি থেকে আগামীকালের রায়টি রয়টার্স সরাসরি সম্প্রচার করবে বলেও জানা গেছে। অন্যদিকে, ঢাকায় বড় পর্দায় কয়েকটি স্থানে সরাসরি রায় ঘোষণা করা হবে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালে অপর দুই সদস্য বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বহুল আলোচিত এই মামলায় পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউশন। অন্যদিকে, আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের খালাস চেয়েছেন তার আইনজীবী। এই মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস. এইচ. তামিম শুনানি করেন। এছাড়া, শুনানিতে প্রসিকিউটর বি. এম. সুলতান মাহমুদ, শাইখ মাহদি, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য প্রসিকিউটরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। আর রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী যায়েদ বিন আমজাদ। ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাবাসহ স্বজনহারা পরিবারের অনেকে। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। মোট ৫৪ জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একপর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকার, তাদের দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক অভিযোগ জমা পড়ে। এখন দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেসব অভিযোগের বিচার চলছে।

Read More »

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সদর ৩ আসনের বিএনপি প্রার্থী সামু রংপুরবাসী আগামী নির্বাচনে সত্যকে ও ধানের শীর্ষে বিজয়ী করবে, অপপ্রচার বিভ্রান্তি ছড়িয়ে কোন লাভ নেই

  জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু গতকাল রোববার সকালে নগরীর চেম্বার ভবন মিলনায়তনে রংপুরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।  এসময় তিনি অভিযোগ করে বলেন,  জাতীয় পার্টি নামে একটি দল ও পরিবার ৪২ বছর ধরে রংপুরকে শাসন করছে তারা জনগনের কাছে ভোট নিয়ে তাদের পকেট ভারী করলেও জনগনের সাথে প্রতারনা করেছে। এরশাদ ও তার পরিবারের সেই আশা দুরাশায় পরিনত হবে জনগন তাদের প্রতারনার ফাঁদে আর পা দেবেনা। এবার বিএনপি প্রার্থীকে ভোট দেবে বলে আমি দৃঢ় ভাবে মনে করি। তিনি বলেন,রংপুরের মানুষ দীর্ঘ দিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার কোন উন্নয়ন হয়নি। জাতীয় পার্টি রংপুরের মানুষকে প্রতারিত করে ভোট নিয়েছে কিন্তু তাদের নিজেেেদর ভাগ্যের পরিবর্তন ছাড়া রংপুরের মানুষের জন্য কিছুই করেনি।  তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অপপ্রচার করা হচ্ছে, বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।  তা কোন কাজেই আসবে না ইনশাআল্লাহ।  কারণ রংপুরবাসি, রংপুরের সর্বস্তরের জনগণ ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমার সম্পর্কে জানে, অবগত রয়েছেন।  এই কারণে কতিপয় স্বার্থান্বেষী ব্যাক্তি তার বিরুদ্ধে মিথ্যা প্রপাডাঙ্গা করে হেয় করার চেষ্টা করছে তাদের জনগন আমাকে ভোট দিয়ে জয়ী করে তাদের অপপ্রচারের জবাব দেবে বলে জানান তিনি। তার বিশ্বাস আগামী দিনে রংপুরবাসী সত্যকে জয়ী করবে এবং বিএনপি বিজয় অর্জন করবে। তিনি বলেন, রংপুরে কোন উন্নয়ন ন্ াহওয়ায় হাজার হাজার যুবক এখন বেকার কোন চাকুরী পাচ্ছেনা। ক্ষুধার তাড়নায় ঢাকায় গিয়ে গার্মেন্টস কিংবা রিকশা চালিয়ে জিবীকা নির্বাহ করছে। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষনা করেছেন বিএনপি ক্ষমতায় গেলে ২ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যাবস্থা করবে। সে কারনে আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীকে ভোট দিয়ে জনগন নির্বাচিত করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সামসুজ্জামান সামু বলেন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির সদস্যরা সিদ্ধান্ত নিয়ে রংপুর ৩ আসনে বিএনপি প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিয়েছে। এই মনোনয়ন দেবার ঘটনাকে কেন্দ্র দলের কিছু নেতা কর্মী তার বিরুদ্ধাচারন করছেন। এর মাধ্যমে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তকে অবজ্ঞা করছেন। তবে তিনি আশা করছেন আসেন সকলে মিলে ঐক্যবদ্ধ হই এক সাথে কাজ করি। ধানের শীষের প্রার্থী জয়ী হলে বিএনপি জয়ী হবে। তবে এবার যে গনজোয়াড় সৃষ্টি হচ্ছে তাতে করে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসবে। তিনি বলেন,আমি কখনো কোন অবৈধ কর্মকাণ্ডে যুক্ত নই। যারা আমার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর খবর ও অপপ্রচার চালাচ্ছে তারা বিএনপির কেউ হতে পারে না। এর পিছনে একটি গুপ্ত সংগঠন কাজ করছে।  মিথ্যার আশ্রয় নিয়ে কেউ রাজনৈতিক ফায়দা লুটতে পারবে না। সামু অভিযোগ করে বলেন, আমার পরিচ্ছন্ন রাজনৈতিক অবস্থান এবং গণমুখী কার্যক্রম কিছু গোষ্ঠীর চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে তাই তারা অপপ্রচারের জন্ম দিয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রংপুর -৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুলতান আলম বুলবুল,  রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু,  রংপুর মহানগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, মহানগর বিএনপি নেতা শাহিনুল ইসলাম শাহীন,  ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, এসময় সাংবাদিকদের মধ্যে রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি  সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজাহার মান্নান, সিনিয়র সাংবাদিক একেএম ময়নুল হক, জুয়েল আহমেদ,হুমায়ন কবীর মানিক, সাজ্জাদ হোসেন বাপ্পি, বাবলু নাগ, রেজাউল করিম মানিক সহ সকল সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  এরপর রংপুর -৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু  রংপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা ও গণসংযোগ কর্মসূচিতে পাগলাপীর স্কুল এন্ড কলেজ মাঠ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসনয় রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার সহ বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Read More »