সর্বশেষ
সর্বশেষ

Day: March 10, 2026

রংপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’-এই প্রতিপাদ্যে রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস, ২০২৬ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১০ই মার্চ) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: রমিজ আলম। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মূল উদ্দেশ্য হলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষয়ক্ষতি কমানোর পূর্ব প্রস্তুতি নেওয়া। প্রাকৃতিক দুর্যোগ প্রসঙ্গে তিনি বলেন, নদীভাঙন, খরা, বন্যা, বজ্রপাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিয়ন্ত্রণের বাইরে হলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারে তাৎক্ষণিক ও সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে লাঘব করা সম্ভব। তিনি আরো বলেন, গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকান্ডের মতো মানবসৃষ্ট দুর্যোগ সচেতনতা ও সতর্কতার মাধ্যমেই প্রশমন করা যায়। দুর্যোগ মোকাবিলায় সরকারের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রায় চার হাজার আশ্রয়কেন্দ্র রয়েছে এবং প্রায় ৭৬ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ কার্যকর রয়েছে। তিনি আরো উল্লেখ করেন, দুর্যোগপূর্ব প্রস্তুতি ও দুর্যোগকালীন সময়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে প্রস্তুতি নেওয়া হয়। তিনি দুর্যোগের ধরন অনুযায়ী দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, যুবসমাজ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, দুর্যোগ সংঘটিত হওয়ার পর ক্ষয়ক্ষতির বিষয়ে গুজব না ছড়িয়ে সঠিক ও যাচাইকৃত তথ্য প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো উল্লেখ করেন, দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও আইন অনলাইনে সহজেই পাওয়া যায়, তা সম্পর্কে আমাদের সকলের জানা উচিত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোঃ বাদশা মাসউদ আলম প্রমুখ। আলোচনাসভায় সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, সাংবাদিক, এনজিওকর্মী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষ্যে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এরপর এক বর্ণাঢ্য র‌্যালি ডিসি মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।

Read More »

রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর দোয়া ও ইফতার মাহফিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০ মার্চ) মঙ্গলবার নগরীর কামাল কাছনাস্থ আগামী চাষি কমিউনিটি সেন্টারে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আহবায়ক সামসুজ্জামান সামু। এসময় তিনি বক্তব্যে, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি দীর্ঘদিন থেকে রংপুর বাসির সাথে ছিলাম সুখে দুখে ছিলাম। আগামীতেও ইনশাল্লাহ থাকবো। সকলের নিকট তিনি দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এমদাদুল হোসেন,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, ভাইস প্রেসিডেন্ট এনামুল হক সোহেল, পরিচালক মোঃ কামাল হোসেন, ডক্টর এসোসিয়েশন রংপুর ড্যাব সভাপতি ডা. নিখেলেন্দু গুহ শংকর রায়, মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল। দৈনিক যুগের আলোর সম্পাদক ও প্রকাশক মমতাজ শিরীন ভরসা, রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, টিসিএ সভাপতি সাদ্দাম হোসেন ডেমি সহ চিকিৎসক, কৃষিবিদ, আইনজীবী, ব্যাংকার, শিক্ষক, ব্যবসায়ী সহ সুশীল সমাজের প্রায় হাজার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দোয়া মাহফিলে উপস্থিত সকলে জিয়া পরিবার এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এর আগে গত ৮ মার্চ মহিলাদের সম্মানে এবং ৯ মার্চ দলীয় নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Read More »

রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

​জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ​রংপুরের মিঠাপুকুরে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”। ​বেসরকারি উন্নয়ন সংস্থা সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট (সীড)-এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়েছে ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ (ECS)’ প্রকল্পের আওতায়। ​সকালে বিএডিসি প্রশিক্ষণ কেন্দ্র চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে বিএডিসি প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ পারভেজ।সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট (সীড)-এর ফিল্ড কোর্ডিনেটর রঞ্জিতা রানী রায় এর সঞ্চালনায় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল হামিদ, সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট (সীড)-এর নির্বাহী পরিচালক সারথী রাণী সাহা,প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ সৈয়দ আলী, ফিল্ড কোর্ডিনেটর দুলাল চন্দ্র বর্মণ। ​প্রধান অতিথির বক্তব্যে মোঃ পারভেজ বলেন, “নারীর অধিকার নিশ্চিত করা কোনো করুণা নয়, বরং এটি তাদের প্রাপ্য। সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নের জন্য নারী ও কন্যাশিশুদের সুরক্ষা এবং সমঅধিকার প্রতিষ্ঠা করা অপরিহার্য। আজকের এই সচেতনতামূলক পদক্ষেপগুলোই আগামী দিনে একটি ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ে তুলবে।” ​আলোচনা সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে নাগরিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণ এবং সুশাসন শক্তিশালীকরণের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ​অনুষ্ঠানে সীড-এর প্রতিনিধিরা, স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন নাগরিক সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ হয় ৫ জন সফল নারীকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে।

Read More »

বেরোবিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিয়ে সচেতনতামুলক সেমিনার অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বাড়াতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর জেলার সভাপতি আলহাজ মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী বলেন, “অনেক সময় আমরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না থাকার কারণে আমরা প্রতারণার স্বীকার হই। সেই সমস্যা থেকে উত্তরণে ভোক্তা অধিকার আইন আমাদের সাহায্য করে এবং ক্যাব আমাদের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভোক্তাদের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” তিনি আরও বলেন, “ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আইন সম্পর্কে সঠিক ধারণা সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। অনুষ্ঠানের মূল আলোচক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, “সচেতনতামূলক কর্মশালা ভোক্তাদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।” তিনি বিভিন্ন ভোক্তা অধিকার আইন নিয়ে আলোচনা করেন, কীভাবে ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আলোচনা করেন এবং ভোক্তা অধিকার লঙ্ঘন হলে কীভাবে তার প্রতিকার পাওয়া যায় তা নিয়ে আলোচনা করেন। এছাড়া তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর বিভিন্ন দিক তুলে ধরে ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রংপুর শাখা শাখার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন,”আমাদের খাদ্যকে ঔষধ হিসেবে গ্রহণ করতে হবে।খাদ্যই হবে আমাদের প্রধান ঔষধ। সুস্থ থাকার জন্য আমাদের খাদ্য নির্বাচন এবং জীবন ধারার উপর জোর দিতে হবে এবং খেয়াল রাখতে হবে। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিআরটিএ রংপুরের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মেসবাহ উল হাসান এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান, মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক বক্তব্য রাখেন। উল্লেখ্য যে,অনুষ্ঠানে ক্যাবের প্রতিনিধি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থী প্রতিনিধিরা বক্তব্য দেন এবং মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যাব মহানগর রংপুরের সভাপতি দিলীপ চন্দ্র ঘোষ।পরে ক্রেস্ট বিতরণ ও র্যা লীর মাধ্যমে অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।

Read More »

নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ মার্চ ২০২৬ খৃ. – সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, আগামীর বাংলাদেশকে নিরাপদ, আধুনিক ও সমন্বিত পরিবহন ব্যবস্থার আওতায় আনতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা পরিকল্পনার আলোকে ভবিষ্যৎ উপযোগী বাংলাদেশ গড়তে কাজ শুরু করেছেন। প্রতিমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ সমান অধিকার ভোগ করবে এবং নিজেদেরকে এই দেশের প্রকৃত মালিক মনে করবে। মানুষের বাকস্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতেও কাজ করছে সরকার। আজ (মঙ্গলবার) সচিবালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। হাবিবুর রশিদ জানান, প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয়কে আগামীর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ১৮০ দিনের বা ছয় মাসের পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী সড়ক পরিবহন ও রেলপথ খাতেও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, সড়ক পরিবহন খাতে সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক নিশ্চিত করা। সড়কখাতে দুর্নীতি ও সিন্ডিকেট ভেঙে দিয়ে পরিবহন ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের জন্য সহজলভ্য করা হবে। একই সঙ্গে সড়ক, রেল ও নৌপথ—এই তিন ধরনের পরিবহন ব্যবস্থার মধ্যে সমন্বয় তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, যেখানে সড়কপথে যাতায়াত সহজ সেখানে সড়ককে অগ্রাধিকার দেওয়া হবে; যেখানে রেলপথে যাতায়াত দ্রুত ও সুবিধাজনক সেখানে রেলকে অগ্রাধিকার দেওয়া হবে এবং আর যেখানে বিকল্প নেই সেখানে নৌপথকে গুরুত্ব দেওয়া হবে। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে একটি নিরাপদ ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ঢাকার বাসস্টেশনগুলোকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রয়োজনে কিছু বাসস্টেশন বিকল্প স্থানে স্থানান্তরের বিষয়েও চিন্তাভাবনা চলছে। এছাড়া বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন বাস কোম্পানির মধ্যে সমন্বয় জোরদার এবং ছোট-বড় পরিবহন ব্যবস্থাকে একটি কাঠামোর মধ্যে আনার কাজ চলছে। পাশাপাশি ব্যাটারিচালিত যানবাহনসহ অন্যান্য ছোট যানবাহনকেও আইনের আওতায় এনে নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে মহাসড়ক ও প্রধান সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং দুর্ঘটনা কমানো যায়। বিআরটিসি বাস সেবা পুনরুজ্জীবিত করার উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিআরটিসিকে জনপ্রিয় করতে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহন ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নারীদের বিআরটিসি বাসচালক ও কন্ডাক্টর হিসেবে কাজ করার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে নারীদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। আসন্ন ঈদযাত্রা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে সড়ক পরিবহন মন্ত্রণালয়, বাস মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন, পুলিশ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে একাধিক সমন্বয় সভা করেছে। যাতে যাত্রীরা নির্ধারিত ভাড়ায় নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন এবং সড়কে যানজট কম থাকে। তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কের নির্মাণকাজের জন্য পড়ে থাকা মালামাল দ্রুত সরিয়ে নেওয়া এবং ভাঙাচোরা সড়ক অস্থায়ীভাবে সংস্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদের আগে রেলস্টেশন ও বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরেজমিনে তদারকি করবেন। গার্মেন্টস ছুটির কারণে ঈদযাত্রায় চাপ বাড়ার বিষয়েও সরকার সচেতন রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা ধাপে ধাপে গার্মেন্টস ছুটি দেওয়ার আশ্বাস দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে।

Read More »

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের প্রেস রিলিজ

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ ফাল্গুন (৯ মার্চ) ২০২৬ খৃ. – সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজপোর্টালে নিম্নোক্ত বার্তাগুলো স্ক্রল আকারে প্রচারের জন্য বার্তা দিয়েছেন সরকার _ মূলবার্তা: বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে পবিত্র রমজান মাস, সেচ মৌসুম ও গ্রীষ্মকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের বিষয়ে প্রচার-প্রচারণার নিমিত্তে নিম্নোক্ত স্লোগানসমূহ টিভি স্ক্রল/অনলাইন পোর্টাল/সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য অনুরোধ করা হলো- দিনের আলো ব্যবহার করি বিদ্যুৎ সাশ্রয়ে অবদান রাখি, বিদ্যুৎ সাশ্রয়ের অঙ্গীকার আলোকিত হোক সকল পরিবার, টেকসই উন্নয়ন যদি চাই জ্বালানি সাশ্রয়ের বিকল্প নাই, নবায়নযোগ্য শক্তি ভবিষ্যতের মুক্তি, বিদ্যুতের অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করুন, বিলের বোঝা হালকা করুন।

Read More »

বিএমইউ’র নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগ পেয়েছেন ডা. এফ এম সিদ্দিকী

সিনিয়র রিপোর্টচর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৯ মার্চ, ২০২৬ খৃ. – বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি এর আগে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৬ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)-এর ১২ ধারা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিযুক্তির মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। // তথ্য সুত্র//

Read More »

নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৯ মার্চ, ২০২৬ খৃ : সম্প্রতি নেপালে সংসদীয় নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক পোস্টে তিনি বলেন, ‘গত ৫ মার্চ অনুষ্ঠিত নেপালের সংসদীয় নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন’। প্রধানমন্ত্রী বলেন, এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নেপালের জনগণের আকাঙ্ক্ষা ও দৃঢ়তার প্রতিফলন এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিমত্তার পরিচায়ক। তিনি আরও বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। // তথ্য সুত্রে//

Read More »

ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ ফাল্গুন (৯ মার্চ) ২০২৬ খৃ. – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনানুসারে ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান ত্বরান্বিত ও ক্ষয়ক্ষতি লাঘবে ঢাকা মহানগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরির কার্যক্রম হাতে নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে সাম্প্রতিক সময়ে দুর্যোগের ধরণ পাল্টে যাচ্ছে। দুর্যোগকে মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। দুর্যোগে ভয় পেয়ে হাত-পা গুটিয়ে নিলে চলবে না। দুর্যোগ প্রশমনের কৌশলগুলো রপ্ত করতে হবে। নিয়মিত মহড়া অনুষ্ঠানে মানুষের ভীতি কেটে যায়, সাহস সঞ্চার করে। ১০ মার্চ ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি’ দিবস উপলক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো তারুণ্যের বাংলাদেশ গড়বো’ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবীর মো. আশরাফ আলম প্রমুখ।

Read More »

সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ ফাল্গুন (৯ মার্চ) ২০২৬ খৃ. – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আমরা শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষা চাই না, চাই কর্মমুখী শিক্ষা। আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে শিক্ষকরা শিক্ষার্থীদের কথা শুনবে এবং তাদেরকে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত করবে। প্রতিমন্ত্রী আজ ঢাকায় বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (BSPUA) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত রাউন্ডটেবিল ডিসকাশন ও ইফতার মাহফিল ২০২৬-এ ‘Higher Education Landscape of Bangladesh: Contemporary Thoughts’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উক্ত সেমিনারে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য করেন। সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র মেম্বারগণ। শিক্ষাক্ষেত্রে গৃহীত বাংলাদেশ সরকারের সংস্কার পদক্ষেপ এর কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীতে গণতন্ত্রের হাল ধরবে, বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এ লক্ষ্যে সরকার সব ধরনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরে বলেন, গতানুগতিক উচ্চশিক্ষা দক্ষ মানবসম্পদ তৈরিতে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি এবং অতীতের শিক্ষা কমিশনগুলোও জাতির চাহিদা পূরণে আশানুরূপ ভূমিকা রাখতে পারেনি। এই প্রেক্ষাপটে একটি সময়োপযোগী শিক্ষা দর্শন (Education Philosophy) সম্পর্কিত পত্র প্রধানমন্ত্রীর নিকট জমা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিকাশ ও সৃজনশীলতার পথ সুগম করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বিদ্যমান রেগুলেশন বা নিয়ন্ত্রণের পরিধি কমিয়ে আরো নমনীয় করা হবে। শিক্ষকদের মর্যাদার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম এবং সরকার তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শিক্ষকদের জীবনমান ও পেশাগত উৎকর্ষ সাধনে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা শিক্ষাঙ্গনের কোনো ক্ষেত্রে কর আরোপে বিশ্বাস করি না। শিক্ষাক্ষেত্রে পর্যায়ক্রমে সকল প্রকার ট্যাক্স ও ভ্যাট প্রত্যাহার করার আশ্বাস প্রদান করেন তিনি।

Read More »