সর্বশেষ
সর্বশেষ

Day: July 26, 2026

রংপুরে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও তিস্তা নদীর ভাঙ্গনে জমি, ঘরবাড়ি হারিয়ে দিশেহারা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে চলতি বন্যা মৌসুমে তিস্তা নদীর ভয়াবহ ভাঙ্গনে জমি, ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। ভাঙ্গনে রোধে পানি উন্নয়ন বোর্ডের কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে জিওব্যাগ ফেলার দাবিতে রংপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের শতাধিক বাসিন্দা। রোববার (২৬ জুলাই) দুপুরে রংপুর নগরীর আলমনগরে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে তারা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে কার্যালয় ঘেরাও করে দ ভাঙ্গনে কবলিত এলাকায় জিওব্যাগ ফেলে নদী ভাঙ্গন প্রতিরোধের দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, চলতি মৌসুমে তিস্তা নদীতে কয়েক দফা ভাঙ্গনে অনেক পরিবার তাদের বসতভিটা, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা হারিয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। কিন্তু বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী বা জরুরি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চর বিনবিনার নুর রহমান বলেন, আমরা সবাই মিলে টাকা তুলে একটি বাঁধ দিয়েছিলাম। সেই বাঁধ এবছর বন্যায় ভেঙে গেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানালে তারা আমাদেরকে কয়েকটা বস্তা দেয় শুধু। এলাকায় টাকা তুলে সেই বস্তা ভরে আমরা ভাঙ্গন রোধের চেষ্টা করি। কিন্তু এত অল্প বস্তা দিয়ে এত বড় ভাঙ্গনে রোধ করা যায় না। আমরা চাই পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার নিয়োগ করে বাঁধগুলো সংস্কার করে দিক। গঙ্গাচড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন বলেন, পানি উন্নয়ন বোর্ড তাদের পকেট ভরা নিয়ে ব্যস্ত রয়েছে। এদিকে তিস্তার ভাঙ্গনে প্রতিদিন মানুষ নিঃস্ব হচ্ছে। সেদিকে তাদের কোনো খেয়াল নেই। দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গনে রোধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, বাম তীরে এবং ডান তীরে কোথাও গুরুতর ভাঙ্গনে দেখা দেয়নি। আর যেখানে কিছুটা ভাঙ্গন দেখা দিয়েছে সেখানে জিওব্যাগ ফেলে তা রোধ করা হচ্ছে। বাম তীরের ভাঙ্গনের যে অভিযোগ নিয়ে এসেছে সেটি মূলত নদীর ভেতরের অংশ। সেখানে কিছু মানুষ বসবাস করে। এদিকে, তিস্তা নদীর চর বাগডোগরা, মিনা বাজার বিনবিনা কোলকন্দ এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে।

Read More »

রংপুরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিদ্যুৎ গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের শাপলা চত্বরে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম নূরপুর আঞ্চলিক কমিটি। রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গ্রাহক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কমিটির সদস্যসচিব শান্ত মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল, আহ্বায়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, যুগ্ম আহ্বায়ক মো. সোহেল এবং সদস্য শামীম আহমেদ। সমাবেশ পরিচালনা করেন কমিটির সদস্য শাহিদুল ইসলাম সুমন। বক্তারা অভিযোগ করে বলেন, যেসব গ্রাহকের বাড়িতে প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে, তারা আগের তুলনায় দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেশি বিদ্যুৎ বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। তাদের দাবি, গ্রাহকদের মতামত উপেক্ষা করে ভয়ভীতি ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প বাতিল করে পূর্বের ডিজিটাল মিটার ব্যবস্থা বহাল রাখার দাবি জানান। একই সঙ্গে গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ।

Read More »

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারে কাজ চলমান : আইনমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বর্তমান সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। পাশাপাশি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘আমরা ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসাবশত দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ বিষয়ে আমরা এখন চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে রয়েছি।’ মামলা প্রত্যাহারের ক্ষেত্রে তিনি দুটি স্পষ্ট ব্যতিক্রমের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ধর্ষণের মামলা যতই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হোক না কেন, তা প্রত্যাহারের আওতায় আনা হবে না। অন্যদিকে, মাদকের মামলাগুলো বিরোধীদের হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল কি না, তা অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইন দুটির চূড়ান্ত খসড়া প্রণয়নের আগে সুশীল সমাজ, আইন প্রয়োগকারী সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে তিন দফা মতবিনিময় সম্পন্ন হয়েছে। বিল দুটি ইতোমধ্যে মন্ত্রিসভা কমিটির কাছে পাঠানো হয়েছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর দ্রুত জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা কেবল কাগজে-কলমে নিশ্চিত করা সম্ভব নয়; স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য, দক্ষ ও সৎ বিচারক নিয়োগের মাধ্যমেই প্রকৃত স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান এবং বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের ঘটনায় বিচার বিভাগের নীরবতার তীব্র সমালোচনা করেন। মো. আসাদুজ্জামান বলেন, বর্তমান সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এবং গুমের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। পাশাপাশি আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, নৈরাজ্যবাদ ও মৌলবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। বক্তব্যের শেষাংশে আইনমন্ত্রী সংস্কার কার্যক্রম বাস্তবায়নে কিছুটা সময় চেয়ে বলেন, ‘আমরা ভুল করলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। আমরা তা সাদরে গ্রহণ করব।’ তবে তিনি সতর্ক করে বলেন, ‘আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ কিংবা মৌলবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে—এমন কোনো পদক্ষেপকে আমরা সমর্থন করব না।’ অধিকারের সভাপতি ড. তাসমিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, অধিকারের পরিচালক এএসএম নাসিরুদ্দিন এলানসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। Ref. Lv/UNB

Read More »

তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের সাথে পিএম

সিনিয়র রিপোর্টার / ঢাকা, তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বিকালে গুলশানে চেয়ারম্যান কার্যালয়ে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘এটা একটি ধারাবাহিক বৈঠক। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী রাখতেই এই মতবিনিময় সভা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।’ তিনি বলেন, ‘সভায় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে সংগঠনের খোঁজ-খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন।’ রংপুর মহানগর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট জেলার নেতারা এই বৈঠকে অংশ নেন। এছাড়া বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুদু, সহ সাংগঠনিক সস্পাদক আবদুল খালেক উপস্থিত ছিলেন। এর আগে গত ২০ জুলাই দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার তৃণমূল নেতাদের সাথে অনুরূপ বৈঠক করেছিলেন তারেক রহমান।

Read More »

রংপুরে বিভাগীয় পাঠক সমাবেশ ও বই মেলা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বিভাগীয় পাঠক সমাবেশ উপলক্ষে র‌্যালি , আলোচনা ও বই মেলা অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প এই অনুষ্ঠান আয়োজন করে। শনিবার (২৫শে জুলাই) সকালে রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের অন্যতম মাধ্যম হলো বই। তাই নতুন প্রজন্মকে বইমুখী করে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, কোমলমতি শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় তাদের বই পড়ায় উৎসাহিত করতে হবে এবং মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিভাগীয় কমিশনার আরো বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে তথ্যসমৃদ্ধ, দক্ষ ও যোগ্য হিসাবে গড়ে তুলতে নিয়মিত বই পড়ার বিকল্প নেই। জ্ঞান, সংস্কৃতি ও পাঠচর্চানির্ভর সমাজ গড়ে তুলতে গণগ্রন্থাগারকে কেন্দ্র করে নিয়মিত পাঠচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্যচর্চা কর্মকাণ্ড পরিচালনা করা প্রয়োজন। তিনি সৃজনশীল মেধার বিকাশ, জ্ঞান অর্জন এবং সাংস্কৃতিক মূল্যবোধ গঠনে নিয়মিত গ্রন্থাগারমুখী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) ও দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরির প্রকল্প পরিচালক মুঃ বিল্লাল হোসেন খান, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (উন্নয়ন ও আইসিটি) ডা. সঞ্জীব সূত্রধর প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক, শিক্ষার্থী এবং গণাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পাঠক সমাবেশ উপলক্ষ্যে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর অতিথিরা ভ্রাম্যমাণ বইমেলা পরিদর্শন করেন। সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এরপূর্বে রংপুর জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসেকর কার্যালয় থেকে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় সরকারি গ্রন্থাগারে এসে শেষ হয়। উল্লেখ্য, পাঠক সমাবেশ উপলক্ষ্যে বিভাগীয় সরকারি গ্রন্থাগার প্রাঙ্গণে দিনব্যাপী বইমেলায় চারটি স্টল স্থান পেয়েছে।

Read More »