
রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য বিভাগের অভিযান
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর বদরগঞ্জ রোডস্থ রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় অনিয়ম, যন্ত্রপাতি অকেজো থাকা এবং রোগী মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগের একটি টিম অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মেসকাতুল আবেদ, হারাগাছ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. প্রবাল সূত্রধর এবং রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. ফিরোজ হাসান খান। স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় ফরিদ হোসেন (৪৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় তার ছেলে হাসনা হোসাইন রুদের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু করা হয়। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও মেশিন দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা, সেবার মান নিয়ে অভিযোগ এবং অন্যান্য অনিয়মের বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। অভিযানকালে তদন্তকারী কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ, আইসিইউ, চিকিৎসা সরঞ্জাম, রোগী সেবার মান এবং প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযোগগুলোর বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যও নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।









