সর্বশেষ
সর্বশেষ

Day: September 19, 2026

বাংলাদেশ চ্যাম্পিয়ন রংপুর বিভাগীয় ক্রিকেট দলকে সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ইয়াং টাইগার্স অনুর্ধ ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে, রংপুর বিভাগীয় ক্রিকেট দল বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় তাদেরকে সংবর্ধনা জানান রংপুর বিভাগীয় কমিশনার। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঢাকা থেকে রংপুর ফিরে আসলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রংপুর সার্কেট হাউজ অডিটরিয়ামে ইয়াং টাইগার্স অনুর্ধ ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রংপুর বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াদের ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা জানান রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি এবং রংপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান সামু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মাসুদ পারভেজ রাজন, বিভাগীয় ক্রিকেট কোচ বিজন কুমার দাস ও বকুল জামান রাহাত, ম্যানেজার ছাব্বির মাহমুদ দিপ্ত, রংপুর জেলা আম্পায়র এসোসিয়েশনের সহ সভাপতি রঞ্জন সরকার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক রুবায়েত হোসেন খান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এজাজ আহমেদ, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য মোঃ গোলাম রব্বানী সহ সকল খেলোয়ারগণ।

Read More »

আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) ‘দ্য ফার্স্ট ওপেন হার্ট সার্জারি ডে’ ও ‘কার্ডিওভাস্কুলার সার্জিক্যাল কনফারেন্স অব এনআইসিভিডি-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, আগামী পঞ্চাশ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) ‘দ্য ফার্স্ট ওপেন হার্ট সার্জারি ডে’ ও ‘কার্ডিওভাস্কুলার সার্জিক্যাল কনফারেন্স অব এনআইসিভিডি-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। দেশে হৃদরোগ চিকিৎসার আধুনিকায়নে যেসকল প্রথিতযশা চিকিৎসক ও বিশেষজ্ঞ নিরন্তর শ্রম দিয়েছেন, অনুষ্ঠানে তাদের অবদানকে মন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বাংলাদেশে হৃদরোগের চিকিৎসার প্রারম্ভিক পর্যায়ে দক্ষ সার্জন গড়ে তুলতে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করায় বন্ধুপ্রতিম রাষ্ট্র জাপানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমরা কেউ চিরদিন থাকব না, এ দেশ থাকবে এবং এ দেশের মানুষ থাকবে; তাই আগামী পঞ্চাশ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে। তিনি বলেন, জরুরি স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব, তবে একই সঙ্গে রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সঙ্গতির বিষয়টিকেও বাস্তবসম্মতভাবে বিবেচনায় রাখতে হবে। মন্ত্রী আরও বলেন, দেশে হৃদরোগ ও জন্মগত হৃদরোগের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ রোগ কার্যকরভাবে প্রতিরোধ করা না গেলে ভবিষ্যতে উৎপাদনশীল কর্মক্ষম জনসংখ্যার ওপর বিরূপ প্রভাব পড়বে। হৃদরোগ চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার ইতোমধ্যে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ভাল্ব এবং স্টেন্ট (রিং)-এর ওপর ট্যাক্স মওকুফ করেছে। তিনি উল্লেখ করেন, দেশে আধুনিক চিকিৎসাব্যবস্থা সম্প্রসারিত হওয়ায় বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের প্রবণতা অনেকাংশেই কমে এসেছে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে এবং জনকল্যাণে বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সরকারের পাশাপাশি এ সকল মানবিক কাজে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বাংলাদেশে বর্তমানে হৃদরোগের সব ধরনের উন্নত চিকিৎসা সেবা প্রদান সম্ভব হচ্ছে। বিগত সময়ের অনিয়ম কাটিয়ে বর্তমান সরকার জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, যার অংশ হিসেবে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। আলোচনার পূর্বে মন্ত্রী একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে একটি নিম গাছ রোপণ করেন। উল্লেখ্য, ১৯৫৩ সালে ডা. জন হেইশাম গিবনের হাত ধরে বিশ্বে ওপেন হার্ট সার্জারির সূচনা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৮১ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার এনআইসিভিডিতে কার্ডিও-পালমোনারি বাইপাসের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে প্রথম সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। ঐতিহাসিক এ দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর দেশে ১৮ সেপ্টেম্বর ‘দ্য ফার্স্ট ওপেন হার্ট সার্জারি ডে’ হিসেবে উদযাপন করা হয়। অনুষ্ঠানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক, বিশিষ্ট কার্ডিয়াক সার্জন, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। Ref. UNB

Read More »

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ – আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ। রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে ব্যারিস্টার আবদুর রাজ্জাক রচিত ‘জামায়াতে-ইসলামী : ইটস হিস্ট্রি এন্ড পলিটিক্স’- শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত প্যানেলিস্ট হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি আজ এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে কোনো ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। একইভাবে কোনো সমালোচনা পছন্দ না হলেই তা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। অন্যের মত ও সমালোচনা গ্রহণ করার মানসিকতা গণতান্ত্রিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ। ব্যারিস্টার আবদুর রাজ্জাকের বইটি তার কাছে শুধু সাহিত্য বা গবেষণাধর্মী গ্রন্থ নয় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এটি একজন মানুষের জীবনদর্শন, চিন্তা, চেতনা এবং একটি সমাজকে দেখার অভিজ্ঞতার প্রতিফলন। বইটিতে আবদুর রাজ্জাকের চিন্তা ও দর্শনের প্রতিফলন ঘটেছে। বইটির আলোচনায় উঠে আসা ব্যারিস্টার আবদুর রাজ্জাকের রাষ্ট্র ও সমাজচিন্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওপর থেকে কোনো ইসলামিক শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া নয়; বরং সমাজ থেকে ইসলামিক মূল্যবোধের আলোকে একটি রাষ্ট্র গড়ে তোলা এবং রাষ্ট্র পরিচালনা করাই ইসলামিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সঠিক পথ। নতুন প্রজন্মের প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, সামনে এগিয়ে যেতে হলে সমাজকে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থান একটি প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে এনেছে। আবদুর রাজ্জাকের বইয়েও পরিবর্তন ও রাজনৈতিক চিন্তার বিষয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে। বইটিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আবদুর রাজ্জাকের মূল্যায়নের প্রসঙ্গ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে তার অবস্থান এবং জাতির কাছে দেওয়া বক্তব্য গুরুত্বপূর্ণ। তার সেই অবস্থান আরও আগে স্পষ্টভাবে সামনে এলে এ বিষয়ে অনেক প্রশ্নের অবসান হতে পারত বলে তিনি উল্লেখ করেন। ব্যারিস্টার আবদুর রাজ্জাকের সাংগঠনিক ভূমিকা প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, তিনি জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পালন করলেও তার কর্ম, চিন্তা, দর্শন ও আদর্শের কারণে তিনি নিজস্ব একটি অবস্থান তৈরি করেছিলেন। সমাজ ও আন্তর্জাতিক পরিসরে তার প্রতি যে শ্রদ্ধা ছিল, তা তাঁর সাংগঠনিক পদমর্যাদার চেয়েও বড় ছিল। আবদুর রাজ্জাক মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারণা চালানোর জন্য উৎসাহিত করতেন উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে মানবাধিকারের বিষয়কে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার একটি মাধ্যম হিসেবে তিনি বিবেচনা করেছিলেন। আবদুর রাজ্জাকের সঙ্গে তার ব্যক্তিগত ও পেশাগত স্মৃতিচারণ করে আইনমন্ত্রী বলেন, লন্ডনে গেলে কখনো তার সঙ্গে সাক্ষাৎ করে চা পান করেছেন, কখনো টেলিফোনে কথা বলেছেন। জীবনের শেষ দিকে হাসপাতালে থাকা অবস্থায় আবদুর রাজ্জাক বাংলাদেশের মাটিতে দাফন হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার সেই ইচ্ছা পূরণ হয়েছে উল্লেখ করে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে বইটির গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই বই পাঠ করা উচিত। ব্যারিস্টার আবদুর রাজ্জাক রচিত বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্টের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ, ওয়াশিংটন ডিসিভিত্তিক রাইট টু ফ্রিডম-এর প্রেসিডেন্ট ও সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী এবং দ্য ডেইলি স্টার-এর কনসালটিং এডিটর ও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত মিডিয়া রিফর্ম কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ। Ref. BSS

Read More »

১১ দলীয় ঐক্যের ৭ দফার পাশাপাশি নতুন দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ঢাকা থেকে রংপুরমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধসহ সাত দফার পাশাপাশি এবার যোগ হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। তিন হাজারেরও বেশি গাড়িবহরে সজ্জিত লংমার্চে পথিমধ্যে পাঁচ জেলায় হবে সমাবেশ। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ১১ দলীয় ঐক্য। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রংপুর নগরীর শাপলা চত্বরে জেলা ও মহানগর জামায়াত অফিসে লংমার্চের সবশেষ প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন সমাবেশের সভাপতি রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সমাবেশ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, মহানগর জামায়াত আমির এ টি এম আজম খান, মহানগর সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি এনামুল হক প্রমুখ। সংবাদ সম্মেলনে এ টি এম আজহার বলেন, ‘জামায়াত আমির ডা: শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জাতীয় নেতৃবৃন্দ, সাধারণ মানুষ ও নেতাকর্মীদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশের আয়োজন সম্পন্ন হয়েছে। সাত দফা দাবির পাশাপাশি রংপুরের মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে রংপুর পার্টে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে এই অঞ্চলের মানুষের বাঁচা-মরার দাবি। এই দাবি বাস্তবায়ন করেই ঘরে ফিরবে ১১ দল।’ তিনি বলেন, ‘অন্য দাবিগুলো হলো— গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কার কাউন্সিল গঠন, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জ্বালানি ও সার সঙ্কট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, দলীয়করণ বন্ধ করা, দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ করা।’ তিনি আরো বলেন, ‘চট্রগ্রামের লংমার্চে আমাদের টার্গেট ছিল এক হাজার গাড়ি, কিন্তু হয়েছে দেড় হাজারেও বেশি। রংপুরের লংমার্চ নিয়ে আমরা বিপুল সাড়া পাচ্ছি। গাড়ি তালিকাভুক্ত শুরু হয়েছে। আশা করছি, তিন হাজারেরও বেশি গাড়ি বহরে যুক্ত থাকবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে গাড়ি তালিকাভুক্ত করেছেন, এখনো করছেন।’ মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান বলেন, ‘শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হবে। সেখানে উদ্বোধনী সভা চলবে সকাল ৮টা পর্যন্ত। এরপর যাত্রা করে গাজীপুরের ভোগরাপাড়া, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জ চৌরাস্তা, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ হবে।’ রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল বলেন, ‘লংমার্চের গাড়িবহর ছাড়াও বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন। আশা করছি, পাঁচ লাখের বেশি লোকের সমাগম হবে।’  এদিকে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে রংপুর জিলা স্কুল মাঠ। পুরো নগরীজুড়ে টানানো হয়েছে ৩০০ মাইক। ৩৫টি স্থানে দেয়া হয়েছে এলইডি স্কিন। ৩০টি স্থানে লংমার্চের সাথে থাকা গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। এজন্য বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। লংমার্চ ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মহানগর পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১১ দলীয় ঐক্যের স্বেচ্ছাসেবকরা মাঠে কাজ করবে। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত থাকবেন। 

Read More »

রংপুরে গুপ্তপাড়া ওয়াকফ জামে মসজিদের মুয়াজ্জিন আবু তাহেরকে বিদায়ী সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর গুপ্তপাড়া ওয়াকফ জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন মো. আবু তাহেরকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা।শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের পর গুপ্তপাড়া ওয়াকফ জামে মসজিদ প্রাঙ্গণে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে সুমধুর কণ্ঠে আজান দিয়ে মুসল্লিদের আল্লাহর ঘরের দিকে আহ্বান জানিয়ে আসেন মুয়াজ্জিন আবু তাহের। সংবর্ধনা অনুষ্ঠানের পর তাকে ঘোড়ার গাড়িতে করে গুপ্তপাড়া এলাকা ঘুরিয়ে বিদায় জানান মুসল্লি ও এলাকাবাসী। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুপ্তপাড়া ওয়াকফ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. রবিউল ইসলাম, আয়োজনের প্রধান আমিন মিয়া, আয়োজক ও এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ মশিউর রহমান প্রিন্স, খোরশেদ, রিমুন, রাশেদ, লিপু, বিদ্যুৎ, হাসান, ফিলিপস, স্বাধীন, জাবেদ, রোমিও, রকিব, বিপ্লবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।এদিকে, দীর্ঘদিনের এই মুয়াজ্জিন অসুস্থ থাকায় তার চিকিৎসা ও সহযোগিতার জন্য এলাকাবাসীর উদ্যোগে অনুদান সংগ্রহ করা হয়। পরে প্রায় ১ লাখ ৫৬ হাজার টাকা অনুদান হিসেবে মো. আবু তাহেরের হাতে তুলে দেওয়া হয়।এ সময় এলাকাবাসী তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দীর্ঘদিনের সেবার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Read More »