সর্বশেষ
সর্বশেষ

Day: November 9, 2026

রংপুরে সাংবাদিক রাজের পিতা মফিজুর রহমান সাজুর ১৩তম মৃত্যুবার্ষিকী

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দৈনিক দাবানলের সহকারী বার্তা সম্পাদক মাসুদুর রহমান রাজের পিতা মরহুম মফিজুর রহমান সাজুর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১০ নভেম্বর)। ২০১৩ সালের ১০ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় রংপুর নগরীর কামালকাছনা জি.এল. রায় রোডে তাঁর নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। উল্লেখ্য, মরহুম মফিজুর রহমান সাজু গণপূর্ত রক্ষণাবেক্ষণ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে বড়বাবু হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনের পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। বিশেষ করে রংপুরের ব্যাডমিন্টন অঙ্গনে তিনি ছিলেন পরিচিত মুখ। গণপূর্ত বিভাগের হয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিয়ে বহুবার ট্রফি অর্জন করেন তিনি। কর্মজীবনে দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছেন। মরহুমের ১৩তম মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন পরিবারের সদস্যরা। একই সঙ্গে তাঁরা সবার কাছে মরহুমের জন্য দোয়া চেয়েছেন।

Read More »

রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ জালাল উদ্দিন. রংপুর প্রতিনিধি: বঞ্চিত, নির্যাতিত এবং পেশাদার সাংবাদিকদের আর্থিক অনুদান নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম। অন্যদিকে রংপুরের ডিসি বলেছেন সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালের সাথে সাংবাদিক ও তাদের পরিবারের স্বাস্থ্য সেবা স্বল্পমূল্যে নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে। সোমবার ( ৯ নভেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তারা। এসময় রংপুর বিভাগের ৬ জেলার মৃতসহ ৫৪ জন সাংবাদিকের মাঝে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক দেয়া হয়। এরমধ্যে রংপুরের ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের ৮ জন, গাইবান্ধার ৮ জন, ঠাকুরগাঁও ও লালমনিরহাটের ১ জন করে । এরমধ্যে ৪ জন মৃত সাংবাদিকদের পরিবার রয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের যৌথ উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম। ডিসি ইসরাত জাহানের সভাপতিত্বে এবং আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) রমিজ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খ্র্রিষ্টফার হিমেল রিছিল। বক্তব্য রাখেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আরপিইউজে সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, গাইবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল কমির রেজা প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম বলেন, ‘ কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার ।এরমাধ্যমে আরও অধিক সংখ্যক সাংবাদিকদের অনুদানের আওতায় আনা যাবে। তিনি বিধিমালা অনুযায়ী বঞ্চিত, নির্যাতিত, অসুস্থ্য, আর্থিকভাবে অস্বচ্ছল পেশাদার সাংবাদিকদের এই অনুদানের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে নির্ভূলভাবে কাজ করার আহবান জানান। বলেন, এখন থেকে শহর ও গ্রাম সব মৃত সাংবাদিকদের একরম আর্থিক অনুদানের বিষয়ে নীতিমালা প্রনয়ন করা হচ্ছে। সভাপতির বক্তব্যে ডিসি ইসরাজ জাহান বলেন, ‘ সমাজ প্রশাসন রাষ্ট্রকে জবাবদিহীতার আওতায় থাকতে সহযোগিতা করে গণমাধ্যম। বস্তৃনিষ্ঠ সংবাদ নিশ্চিত করার মাধ্যমে গণমাধ্যম কর্মীদের সেটি নিশ্চিত করতে হবে। এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের বরাদ্দ বাড়ানোর দাবিও তোলেন ডিসি। বলেন, রংপুরসহ বিভাগের সাংবাদিক ও তাদের পরিবারের জন্য স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবায় সরকারি বেসরকারী হাসপাতালগুলোর সাথে সমঝোতা চুক্তি করার জন্য যা যা প্রয়োজন সব করা হবে। ##

Read More »

বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

ঢাকা, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) বাদ জোহর বাংলাদেশ জাতীয় সংসদ ভবন মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধাগণ এবং জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য এবং বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিবর্গের আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার, ডেপুটি স্পীকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ, হুইপবৃন্দ ও সংসদ সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনার পাশাপাশি দেশের সার্বিক শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় মহান আল্লাহ তায়ালার রহমত প্রার্থনা করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মোঃ আবু রায়হান পবিত্র দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মিলাদ মাহফিল অনুষ্ঠানে জাতীয় সংসদের সংসদ সদস্যগণ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Read More »

সমবায় আন্দোলন পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা , প্রয়োজনীয় আইন সংশোধন, সুশাসন নিশ্চিত এবং সংগঠনগুলোকে এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম করে বাংলাদেশের সমবায় আন্দোলন পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৮ নভেম্বর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ে নিজের শৈশবের স্মৃতিচারণ করে বলেন, সেখানে তিনি প্রাণবন্ত সমবায় আন্দোলন দেখেছেন। সেখানে সমবায়ের একটি ভবন, হিমাগার ও বড় বাজার ছিল, যেখানে শহরের বিশিষ্ট ব্যক্তিরা আসতেন। তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে সমবায় আন্দোলন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। তার মতে, এর অন্যতম প্রধান কারণ সমবায় সংগঠন ও তাদের সমিতিগুলোর ভেতরে দুর্নীতি। বাংলাদেশের ইতিহাসে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নের অংশ হিসেবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এ আন্দোলনের ওপর গুরুত্ব দিয়েছিলেন বলে তিনি স্মরণ করেন। বাংলাদেশ সমবায় আন্দোলনের পথিকৃৎ ড. আখতার হামিদ খানের অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমান তাকে দেশে ফিরিয়ে এনে সমবায় আন্দোলন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছিলেন। তিনি সম্প্রতি বগুড়ার একটি একাডেমি পরিদর্শন অভিজ্ঞতা তুলে ধরে সেখানে হাসপাতাল নির্মাণ, পরিচালনা এবং আবাসন প্রকল্প বাস্তবায়নসহ সফল সমবায় কার্যক্রম দেখেও আনন্দিত বলেন। রাষ্ট্রপতি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিদ্যমান সমবায় আইন পর্যালোচনা করে বর্তমান সময়ের প্রয়োজনের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান মির্জা ফখরুল। সমবায় আন্দোলনের অবনতির আরেকটি কারণ হিসেবে এনজিওগুলোর দ্রুত বিস্তারের কথা উল্লেখ করে তিনি বলেন, এনজিও ও অন্যান্য সফল প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা সমবায় সংগঠনগুলোর থাকতে হবে। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দুগ্ধ উৎপাদন বাড়াতে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অবদান রেখেছে। তিনি এর বাজার ও পণ্যের পরিসর বাড়ানোর আহ্বান জানান। সমবায়ের উৎপাদিত মিল্ক , মাখন, পনির, আইসক্রিমসহ অন্যান্য দুগ্ধজাত পণ্যের আরও কার্যকর প্রচার করা উচিত বলেও মত দেন তিনি। ভারতের আমুল সমবায় আন্দোলনের মাধ্যমে ব্যাপক সাফল্য অর্জন করে আন্তর্জাতিক বাজারে পৌঁছেছে উল্লেখ করে মির্জা ফখরুল বাংলাদেশের সমবায়ের পণ্যগুলো কীভাবে আরও বিস্তৃত বাজারে নেওয়া যায়, তা নিয়ে ভাবতে বলেন। তিনি আরও বলেন, সমবায় সংগঠনগুলোর জন্য বাজারজাতকরণ এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। পণ্য বাজারজাত করতে সহায়তার জন্য সমবায়ভিত্তিক কোম্পানি গঠনেরও প্রস্তাব দেন তিনি। সমবায়ের পণ্যের বাজারজাতকরণ সুবিধা জোরদারে সমবায় অধিদপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। ৭ নভেম্বর বাংলাদেশে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়নের পথে বাধা হয়ে থাকা প্রতিবন্ধকতাগুলো অতিক্রম করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। বাংলাদেশ বর্তমানে জ্বালানি সংকট, বৈশ্বিক সংঘাত, অর্থপাচার এবং ব্যাংকিং ও অর্থনৈতিক খাতের সমস্যাসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মি: ইসলাম সমবায় আন্দোলন পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়ে বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পথের বাধাগুলো পেছনে ফেলে এগোতে হবে। সমবায় আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য এর সদস্যদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে শুধু আন্দোলনটি ধরে রাখাই নয়, বরং একে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সমবায় আন্দোলনকে আবারও সামনের সারিতে নিয়ে যেতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘সমবায় আন্দোলন পুনরুজ্জীবিত করা আমাদের আন্তরিক আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা। এটি সম্ভব হলে আমাদের অর্থনীতি আরও সচ্ছল হবে।’ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি এবং তাদের কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালকসহ অন্যরা উপস্থিত ছিলেন। ছবি / বঙ্গভবন / ইউএনবি

Read More »

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সাভার, ৮ নভেম্বর, ২০২৬ – প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের কাছে জনগণ শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিকতাও আশা করে। সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। আজ রোববার সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অত্যন্ত জরুরি। এ ধরনের বৈশিষ্ট্য শুধু একজন কর্মকর্তাকেই সমৃদ্ধ করে না, রাষ্ট্র ও সরকারকেও সমৃদ্ধ করে। নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘একাডেমিক জ্ঞান অর্জনের পর ব্যবহারিক জীবনে সেই জ্ঞান প্রয়োগের কলাকৌশল তারা প্রশিক্ষণের মাধ্যমে শিখেছেন। এখন সরকারি প্রশাসনে যে যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটাতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে তাদের কর্মস্থল ও কাজের ধরন ভিন্ন হতে পারে। তবে তাদের সবার প্রথম ও প্রধান পরিচয় তারা জনপ্রশাসনের কর্মকর্তা। তাদের মূল দায়িত্ব জনগণের সেবা করা।’ প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা হিসেবে কী করা উচিত আর কী করা উচিত নয়, তা কর্মকর্তারা নিজেরাই ভালো জানেন। তবে জানা বিষয়গুলো কর্মক্ষেত্রে বাস্তবায়নের সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ নির্মোহ ভাবে নাগরিক সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জীবনের প্রয়োজনে প্রত্যেকেরই কখনো না কখনো অন্যের সহযোগিতার প্রয়োজন হয়। নিজেরা অন্যের কাছ থেকে যে ধরনের ব্যবহার প্রত্যাশা করেন, সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গেও ঠিক তেমন আচরণ করতে হবে।’ প্রধানমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, ‘কোনো নাগরিকের আবেদনপত্রে ভুল থাকলে শুধু ভুলের কথা জানিয়ে তাকে ফিরিয়ে না দিয়ে সুনির্দিষ্টভাবে ভুলটি দেখিয়ে দেওয়া এবং কোথায় গিয়ে তা সংশোধন করতে হবে, সে বিষয়ে পরামর্শ দেওয়া উচিত। এটিই মানবিকতা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ।’ তিনি বলেন, ‘প্রশাসনের কর্মকর্তাদের অবশ্যই বিধিবদ্ধ নিয়ম ও আইনের আওতায় দায়িত্ব পালন করতে হবে। তবে দায়িত্ব পালনের সময় নাগরিকের সঙ্গে মানবিক আচরণ করা হচ্ছে কি না, সেটিও আধুনিক রাষ্ট্র ও প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।’ কর্মকর্তাদের পছন্দের পদে পদায়ন কিংবা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের যেকোনো স্থানে জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাই চূড়ান্ত পেশাদারিত্বের পরিচয়। একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।’ প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দলের প্রতি কর্মকর্তাদের ব্যক্তিগত সমর্থন থাকাটা দোষের নয়। তবে সেই সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।’ বর্তমান সরকারও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তবে জনগণ নির্বাচনে ভোট দিয়ে যে ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, সেটি এখন জনগণের ইশতেহার ও জনগণের দলিল। সেই ইশতেহার বাস্তবায়নে প্রশাসনিক দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘প্রশাসনে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা সহজ ও নাগরিকবান্ধব করার ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নবীন কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।’ পরিবেশ ও পরিচ্ছন্নতার বিষয়েও নবীন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘ঘরবাড়ি, অফিস-আদালতসহ চারপাশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ ও দেশ গড়ে তোলা সম্ভব হবে।’ অনুষ্ঠানে চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর জন প্রসাশন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী প্রমুখ। Ref. BSS //

Read More »