সর্বশেষ
সর্বশেষ

Day: November 16, 2026

উচ্চ আদালতের শাখাসমূহে যথাসময়ে আমলার নথি প্রেরণে নির্দেশ

উচ্চ আদালত ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখাসমূহে চাহিদাপত্র পাওয়া সাপেক্ষে কোর্টে যথাসময়ে মামলার নথি প্রেরণে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখাসমূহে চাহিদাপত্র পাওয়া সাপেক্ষে কোর্টে যথাসময়ে আমলার নথি প্রেরণের বিধান রয়েছে। আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রুলস অনুযায়ী পক্ষ বা দরখাস্তকারীগণ কর্তৃক মেনশন স্লিপ দাখিল করার বিধান রয়েছে। বিধানমতে প্রাপ্ত মেনশন স্লিপসমূহে উল্লিখিত নথিসমূহ কোর্টে উপস্থাপনের নিমিত্ত কোর্টের বেঞ্চ অফিসার/সহকারী বেঞ্চ অফিসারগণ কর্তৃক প্রতি কার্যদিবসে যথাযথ চাহিদাপত্র কোর্টের সংশ্লিষ্ট শাখাসমূহে প্রেরণের বিধান রয়েছে। এমতাবস্থায়, প্রতিদিন দুপুর ২ টার মধ্যে পরবর্তী কার্যদিবসের নথির চাহিদাপত্র সমূহ বেঞ্চ অফিসার/সহকারী বেঞ্চ অফিসারগণ কর্তৃক কোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করতে হবে। বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালনের ক্ষেত্রে যে কোনো প্রকার শৈথিল্য বা অবহেলা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গৃহীত হবে। পত্রে উল্লেখ প্রধান বিচারপতির নির্দেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়। এটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Read More »

গুম-খুন ও মানবতা বিরোধী অপরাধের প্রতিটি ঘটনার বিচার হবে: আইনমন্ত্রী

সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০২৬ : বিগত ১৬-১৭ বছরে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা, রাজনৈতিক নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে আদালতে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র উপস্থাপন করা হচ্ছে। আজ জাতীয় সংসদে সিলেট-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর পয়েন্ট অফ অর্ডারে রাখা বক্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আদালত অঙ্গনে একজন আসামিকে নিয়ে যাওয়ার সময় যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে, তা তাঁর দৃষ্টিতেও এসেছে। বিষয়টি আইন মন্ত্রণালয়ের সরাসরি আওতাভুক্ত না হলেও ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট আসামিকে একজন কুখ্যাত অপরাধীর মতো করে নিয়ে গিয়ে ফেরত পাঠানোর বিষয়টি ঘটেছে। ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তিনি নিশ্চয়তা দেন। তিনি বলেন, কোনো বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সরকার সে বিষয়ে সতর্ক রয়েছে। একই সঙ্গে কোনো নির্দিষ্ট রায় প্রত্যাশা না করে ন্যায়বিচারের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের বিরুদ্ধে সব ধরনের সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হচ্ছে। এসব প্রমাণ যেকোনো দেশের আদালত বা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে ন্যায়বিচারের ভিত্তিতে অপরাধীদের সাজা হওয়ার মতো যথেষ্ট উপাদান রয়েছে। আইনমন্ত্রী বলেন, বিগত ১৬-১৭ বছরে দেশে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা ও রাজনৈতিক নিপীড়নের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ, হাত, কানসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি জানান, বিগত ১৬ বছরের গুম-খুন, রাজনৈতিক নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে এবং চিফ প্রসিকিউটরের সমন্বয়ে তদন্ত দল বিভিন্ন জেলায় যাবে। এ সময় সংসদ সদস্যদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তদন্ত দল জেলায় জেলায় গেলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং রাজনৈতিক কর্মীদের সহযোগিতায় কোথায়, কার ইন্ধনে বা প্রশ্রয়ে এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সে বিষয়ে তদন্ত কর্মকর্তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আদালত অঙ্গনে অনাকাক্সিক্ষত ঘটনার পুনরাবৃত্তি রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে খুনের মামলায় অভিযুক্ত মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করার ঘটনায় সংসদে উদ্বেগ প্রকাশ করে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর। তিনি বলেন, মেজর জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) তার বিচার চলমান। গত বৃহস্পতিবার তাকে হাজিরার জন্য আদালতে নেওয়ার সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন কোনো আনন্দভ্রমণে বের হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদেরও প্রটোকল দেওয়ার মতো মনে হয়েছে। সংসদ সদস্য বলেন, একজন খুনের মামলার অভিযুক্তকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে নেওয়া হয়েছে। হাতকড়া পরতে অস্বীকৃতি জানালেও তাকে হাতকড়া পরানো হয়নি। এ ধরনের ঘটনা তাকে এবং এ বিষয়ে উদ্বিগ্ন অনেক পরিবারকে মর্মাহত ও আতঙ্কিত করেছে। এ ব্যাপারে তিনি আইন মন্ত্রীর ব্যাখ্যা দাবী করেন। জাতীয় সংসদ / বাসস

Read More »

রাজনীতিতে আসার আগে শিক্ষার্থীদের যোগ্য হিসেবে গড়ে ওঠার পরামর্শ প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ – রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এ পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। আজ জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দু’জন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেন। সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। এসময় শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। একইসঙ্গে বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। এছাড়া পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। তারা সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা। এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন। বাসস/এলভি

Read More »

রংপুর আদর্শ শিক্ষার প্রতিষ্ঠানের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসবের নিবন্ধন শুরু

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি : রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বেলা দুইটায় আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুনর্মিলনী উৎসবে অংশ নিতে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন কারমাইকেল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উৎসব-২০২৭ এর আয়োজক কমিটির আহ্বায়ক মো. আলাউদ্দিন মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহমত আলম। এ সময় আয়োজক কমিটির সদস্য সচিব ও সিনিয়র শিক্ষক মো. আব্দুল্লাহ্ আল-হারুন বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও রংপুর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, প্রাক্তন শিক্ষক আফজালুল হক, আয়োজক কমিটির অর্থ সচিব ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক, সহকারী শিক্ষক মনোয়ার হোসেন, প্রচার উপ-কমিটির আহ্বায়ক ফরহাদুজ্জামান ফারুক, সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক সংগীতশিল্পী হৃদয় জেজেসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে কারমাইকেল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মো. আলাউদ্দন মিঞা বলেন, আদর্শ উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ববর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর মতো অনেক গুণি মানুষ এই বিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। আমাদের পুনর্মিলনী উৎসব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করবে। তিনি আরও বলেন, আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠান যেন জাতীয়করণ করা হয়, সেজন্য আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে।শিক্ষার উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য সংরক্ষণে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আর পুনর্মিলনী উৎসবের মতো আয়োজন নতুন প্রজন্মকে বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে এবং নিজেদের শিকড়ের সঙ্গে সম্পৃক্ত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহমত আলম জানান, প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের ৮৮ বছরপূর্তি উদযাপন ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে আগামী ৯ জানুয়ারি ২০২৭ শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুনর্মিলনী উৎসবে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলা, স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। আয়োজক কমিটির সদস্য সচিব মো. আব্দুল্লাহ্ আল-হারুন বাপ্পি বলেন, দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের একত্রিত করার এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হওয়ায় পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতিতেও নতুন গতি এসেছে। এ পুনর্মিলনী সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে নতুন করে যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন তৈরি করবে। রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন শেষে বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকসহ স্থানীয় যারা মৃত্যবরণ করেছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। একই সাথে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী চাঁদনী আক্তারের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। রংপুর নগরীর প্রাণকেন্দ্র আলমনগর মৌজায় কলেজ রোডে ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের দীর্ঘ আট দশকের বেশি সময়ের গৌরবময় পথচলার স্মৃতি ধারণ করে আয়োজিত এ পুনর্মিলনী উৎসবকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উৎসবে অংশ নিতে অনলাইনে এবং সরাসরি বিদ্যালয়ে গিয়েও রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন করুন, বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে https://adarshian.com/events । রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের চলবে আগামী মাসের ১৫ ডিসেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত চলমান আছে।

Read More »

রংপুরে তাজহাট থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

জালাল উদ্দীন, রংপুর প্রতিনিধি : রংপুর মহানগরীর তাজহাট থানা পুলিশের পৃথক অভিযানে ৩ গ্রাম হেরোইন ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনের বিরুদ্ধে হেরোইন সেবনের অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় মাদক উদ্ধার ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ নভেম্বর রাতে তাজহাট থানাধীন ১৫ নম্বর ওয়ার্ডের কোর্ট ঘাঘটপাড়া এলাকায় অভিযান চালিয়ে আঙ্গুর (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৪ পুড়িয়া হেরোইন, যার ওজন ৩ গ্রাম ও আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার টাকা, ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি সিম সংযুক্ত একটি পুরোনো বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। অন্যদিকে, ১৪ নভেম্বর দুপুরে তাজহাট থানাধীন দমদমা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে হেরোইন সেবনের অভিযোগে মো. বিপ্লব (২৮) ও মো. সৌরভ ওরফে মাসুদ (৪০) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সিগারেটের রাংতা, একটি গ্যাস লাইট ও বিশেষ কায়দায় কাগজ দিয়ে তৈরি একটি পাইপ জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আঙ্গুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপর দুইজনের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Read More »