সর্বশেষ
সর্বশেষ

Day: November 20, 2026

জুমার খুতবায় নাশকতা প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর

জুমার খুতবায় নাশকতা প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৯ নভেম্বর): কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। আজ এক বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃত্ব, মসজিদের ইমাম, খতিব ও সাধারণ জনগণের অরাজনৈতিক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। মন্ত্রী মসজিদের ইমাম ও খতিবদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা পরিহার এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানান। একইসাথে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, কোথাও কোনো নাশকতা বা সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ধর্মীয় নেতৃত্বসহ সকলের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Read More »

ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল আজ সংসদ ভবনের শপথ কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন। এ সময় ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান ভবনটির নকশা প্রণয়ন করেন। জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক তাঁদের গবেষণাকাজে এসব গুরুত্বপূর্ণ তথ্য ও দলিল ব্যবহার করতে এখানে আসেন। শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করার পাশাপাশি অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশকে এগিয়ে নিতে নিজেদের প্রস্তুত করতে হবে। তোমাদেরই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।” জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছ সম্পর্কে ডেপুটি স্পীকার বলেন, “আপনাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ জি. কে. গউছ অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব। অনেক কষ্ট করে তিনি আপনাদের সংসদে নিয়ে এসেছেন। আপনারা বর্তমানে যে কক্ষে বসে আছেন, এটি সংসদ সদস্যদের শপথ গ্রহণের কক্ষ। এখানে আসতে পারা আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই সংসদ আপনাদেরই সংসদ। আমি আশা করি, আপনাদের মধ্য থেকেই একদিন অনেকে দেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় সংসদে নেতৃত্ব দেবেন।” এ সময় ডেপুটি স্পীকার শিক্ষকদের উদ্দেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে একদিন জাতীয় সংসদে রচনা প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। তিনি নিজ হাতে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের আগ্রহও প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা পালন করতে হবে। সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পীকারের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় তাঁরা ডেপুটি স্পীকার ও হুইপ আলহাজ্ব জি. কে. গউছের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Read More »

বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি, সভায় সভাপতিত্ব করেন। সভায় কমিটির সদস্য হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), মীর আহমাদ বিনকাসেম, মোহাম্মদ নাজিবুর রহমান, লুৎফুল্লাহেল মাজেদ এবং আন্না মিন্জ অংশগ্রহণ করেন। সভায় শুরুতে সভাপতি উপস্থিত সবাইকে স্বাগত জানান। পরে পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং এ বিষয়ে কমিটিকে অবহিত করা হয়। এ সময় সংসদীয় কার্যক্রমকে অধিকতর আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন, বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় সাধন এবং প্রকল্পের আওতাভুক্ত কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় ইউএনডিপির প্রস্তাবনা, সম্ভাব্যতা সমীক্ষা (Feasibility Study) এবং কমিটির পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে সাউন্ড সিস্টেম প্রকল্পের দরপত্রে মনিটরের আকার ১০ থেকে ১৪ ইঞ্চি উল্লেখ থাকলেও তা কমপক্ষে ১৪ ইঞ্চি নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া, ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়নের লক্ষে দরপত্র আহ্বান এবং তিন বছর মেয়াদে প্রকল্পের সব কার্যক্রম সম্পন্ন করার যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা ও মানদণ্ড বিবেচনায় একটি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান (Project Implementation Plan) প্রণয়নের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়। কমিটির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ নাজিবুর রহমান ও আন্না মিন্জকে নিয়ে এ উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটিকে প্রকল্পসংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন মূল কমিটির কাছে উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Read More »

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের লালন-পালন, পরিচর্যা ও বিকাশে অভিভাবকদ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় দেশের ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়কে সক্ষম করে তোলা হবে ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৯ নভেম্বর): বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে ২০৩০ সালের মধ্যে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত ‘আলোকিত শিশু ১৮-র জয়গান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের লালন-পালন, পরিচর্যা ও বিকাশে অভিভাবকদের যে ধৈর্য, ত্যাগ ও ভালোবাসার পরিচয় দিতে হয়, তা অন্য কোনো অভিজ্ঞতার সাথে তুলনীয় নয়। একজন অভিভাবক হিসেবে তাঁরা যে দায়িত্ব পালন করছেন, তা মহৎ ও অনুপ্রেরণাদায়ক। এ জন্য তিনি অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান। প্রতিমন্ত্রী আরো বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশের বিষয়টি শুধু সংশ্লিষ্ট পরিবার বা বিশেষায়িত প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এ বিষয়ে দেশব্যাপী সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ উদ্যোগে সম্পৃক্ত হতে হবে। ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব শিশুর জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করছে। ২০৩০ সালের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের শিশুদের শিক্ষার উপযোগী প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ, প্রয়োজনীয় অবকাঠামো এবং প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। আলোকিত শিশুর মতো প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের অর্জিত অভিজ্ঞতা ও কার্যকর উদ্যোগগুলো দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত শিশুর চেয়ারপার্সন মো. জহির উদ্দিন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার মোহাম্মদ হারুন অর রশিদ। এ ছাড়া অনুষ্ঠানে বিপুলসংখ্যক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু (স্পেশাল চাইল্ড) ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।

Read More »