সর্বশেষ
সর্বশেষ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের লালন-পালন, পরিচর্যা ও বিকাশে অভিভাবকদ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় দেশের ৬৫ হাজারের
বেশি প্রাথমিক বিদ্যালয়কে সক্ষম করে তোলা হবে

ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৯ নভেম্বর):

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে ২০৩০ সালের মধ্যে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত ‘আলোকিত শিশু ১৮-র জয়গান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের লালন-পালন, পরিচর্যা ও বিকাশে অভিভাবকদের যে ধৈর্য, ত্যাগ ও ভালোবাসার পরিচয় দিতে হয়, তা অন্য কোনো অভিজ্ঞতার সাথে তুলনীয় নয়। একজন অভিভাবক হিসেবে তাঁরা যে দায়িত্ব পালন করছেন, তা মহৎ ও অনুপ্রেরণাদায়ক। এ জন্য তিনি অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশের বিষয়টি শুধু সংশ্লিষ্ট পরিবার বা বিশেষায়িত প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এ বিষয়ে দেশব্যাপী সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ উদ্যোগে সম্পৃক্ত হতে হবে।

ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব শিশুর জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করছে। ২০৩০ সালের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের শিশুদের শিক্ষার উপযোগী প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ, প্রয়োজনীয় অবকাঠামো এবং প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। আলোকিত শিশুর মতো প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের অর্জিত অভিজ্ঞতা ও কার্যকর উদ্যোগগুলো দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত শিশুর চেয়ারপার্সন মো. জহির উদ্দিন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার মোহাম্মদ হারুন অর রশিদ। এ ছাড়া অনুষ্ঠানে বিপুলসংখ্যক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু (স্পেশাল চাইল্ড) ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]