সর্বশেষ
সর্বশেষ

Day: November 25, 2026

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রীসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকটি দুপুর ১টা ৩৭ মিনিটে শেষ হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

Read More »

ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর , ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি মোঃ আবদুস সালাম পিন্টু এমপি’র সভাপতিত্বে আজ (মঙ্গলবার) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে বিগত ১ম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয় এবং ১ম বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দকৃত চাল বিতরণে বিশৃঙ্খলা পরিহারের লক্ষ্যে সংশোধিত নীতিমালায় পূর্বের প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে ০১ জন ডিলারের পরিবর্তে প্রতি ২৫০ জন উপকারভোগীর বিপরীতে ০১ জন করে ডিলার নিয়োগের বিধান করা হয়েছে বলে জানানো হয়। তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং তাদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল প্রাপ্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৩ নভেম্বর ২০২৬ তারিখ থেকে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি শুরু হয়েছে এবং এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিকের কাছে সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে বলে জানানো হয়। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে বলে তথ্য দেওয়া হয়। বৈঠকে আরও জানানো হয় যে, সারাদেশের খাদ্যগুদামসমূহের মজুদ ধারণক্ষমতা বর্তমান ২২ লক্ষ ৯৩ হাজার মেট্রিক টন থেকে বৃদ্ধি করে ২০৩০ সালের মধ্যে ৩০ লক্ষ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে কমিটির পক্ষ থেকে বর্তমানে সারাদেশের খাদ্যগুদামসমূহের প্রকৃত চিত্র তুলে ধরার সুপারিশ করা হয়। যে সকল খাদ্যগুদাম অনেক পুরনো এবং ব্যবহার উপযোগী নয় সেগুলো সরেজমিনে পরিদর্শনপূর্বক বাতিল করে প্রয়োজনে নতুন খাদ্যগুদাম স্থাপনের পরামর্শ প্রদান করা হয়। খাদ্যগুদামসমূহে পোকামাকড় নিয়ন্ত্রণ এবং ছত্রাক ঝুঁকি হ্রাসে সঠিক আদ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং মেকানিকাল ভেন্টিলেশন সিস্টেম স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এছাড়াও খাদ্যগুদাম নির্মাণের ক্ষেত্রে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি ফেব্রিকেটেড স্ট্রাকচারে নির্মাণের বিষয়েও পর্যালোচনা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশোধনীর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে বলে বৈঠকে আলোচনা হয়। প্রস্তাবিত উল্লেখযোগ্য সংশোধনীসমূহের মধ্যে; অভিযোগের পরিপ্রেক্ষিতে বা কর্তৃপক্ষ কর্তৃক কোনো গুরুতর বিচ্যুতি উদঘাটিত হলে উক্ত ব্যক্তির উপর অনধিক ১০ লক্ষ টাকা প্রশাসনিক জরিমানা আরোপের প্রস্তাব করা হয়েছে বলে জানানো হয়৷ এক্ষেত্রে জানা যায় যে, আরোপিত জরিমানার অর্থ আদায় হলে উক্ত আদায়কৃত অর্থের ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে প্রদান করার প্রস্তাব করা হয়েছে। কমিটির সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এমপি বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। ভোক্তাদের কাছে যাতে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। একইসঙ্গে তিনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কঠোর করার এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা উল্লেখ করেন। কমিটির সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের অস্তিত্ব থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করে জনগণ, দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি কৃষক ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং তাদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। বৈঠকে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি; আবুল কালাম এমপি; খোন্দকার আবু আশফাক এমপি, এলিজা জামান এমপি, মোঃ আবু তালেব মন্ডল এমপি; মোঃ আব্দুল করিম এমপি এবং শামছুন্নাহার বেগম এমপি উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের প্রধানগণ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

শ্যামাসুন্দরী খাল ও আলাইকুড়ি নদী পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগ জরুরি

শ্যামাসুন্দরী খাল ও আলাইকুড়ি নদী পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগ জরুরি জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি; রংপুরের আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খালের দখল, দূষণ ও প্রবাহহীনতা নিরসনে সমন্বিত উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর আরডিআরএস মিলনায়তনে অনুষ্ঠিত ‘আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খাল দখল-দূষণ-প্রবাহহীনতা: পুনরুদ্ধারে অগ্রগতি, অর্জন এবং প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), রিভারাইন পিপল এবং ডপস্ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক।স্বাগত বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম পলাশ। সভা সঞ্চালনা করেন বেলার রংপুর ও রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. সরফরাজ বান্দা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান হাবিব। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম এবং এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তরুণ কুমার সরকার। মুখ্য আলোচক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ। প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন প্রকৌশলী মো. হাফিজুল হক। মুখ্য আলোচক ড. তুহিন ওয়াদুদ বলেন, দীর্ঘদিনের দখল, দূষণ, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ ও নাব্যতা সংকট নদী দুটির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। শুধু খনন নয়, নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, দূষণ বন্ধ এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নাগরিক সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রধান অতিথি আবু জাফর নদী পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও গৃহীত পরিকল্পনার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। ড. সরফরাজ বান্দা নদীর স্বাভাবিক প্রবাহ ও পানি ধারণক্ষমতা ফিরিয়ে আনতে পরিকল্পিত কারিগরি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রকৌশলী মো. আহসান হাবিব প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব সুনির্দিষ্ট করার ওপর গুরুত্ব দেন। প্রকৌশলী মো. হাফিজুল হক প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম নদী সংরক্ষণকে পরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এলজিইডির প্রকৌশলী তরুণ কুমার সরকার নদী পুনরুদ্ধারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, নদী রক্ষা শুধু কোনো একটি প্রতিষ্ঠান বা বিভাগের দায়িত্ব নয়; এটি সামগ্রিক সামাজিক দায়িত্ব। নদী দুটিকে রক্ষায় সংশ্লিষ্ট সবপক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রকল্পের বরাদ্দ ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন :সভায় উত্থাপিত তথ্য অনুযায়ী, শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধারে ১৪ কোটি এবং আলাইকুড়ি নদী পুনরুদ্ধারে ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ প্রকল্পের আওতায় কী কী কাজ করা হবে, কতটুকু নদী ও খাল খনন বা পুনরুদ্ধার করা হবে এবং বাস্তবায়নের সময়সীমা কত—তা জানতে চান অংশগ্রহণকারীরা।একই সঙ্গে খালের অবৈধ দখল উচ্ছেদ, প্রকৃত সীমানা নির্ধারণ এবং পুনরায় দখল প্রতিরোধে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সিটি করপোরেশনের ভূমিকা কী হবে, সে প্রশ্ন তোলা হয়। বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য এবং নর্দমার পানি খালে প্রবেশ বন্ধে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ও পয়োনিষ্কাশন পরিকল্পনা সম্পর্কেও জানতে চাওয়া হয়।আলাইকুড়ি নদীর ক্ষেত্রে অবৈধ দখল ও ভরাট চিহ্নিত করতে জরিপ পরিচালনা, দখলমুক্তকরণ, স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিতকরণ এবং নদীর মাছ, জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে চান নাগরিক প্রতিনিধিরা।এ ছাড়া দুটি প্রকল্পের মোট ৪৪ কোটি টাকার খাতভিত্তিক ব্যয়, দরপত্র প্রক্রিয়া ও কাজের অগ্রগতির তথ্য জনসম্মুখে প্রকাশ এবং কাজের মান নিশ্চিত করতে স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়। প্রকল্প শেষ হওয়ার পর নিয়মিত রক্ষণাবেক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ ও দখল প্রতিরোধের দায়িত্ব কোন প্রতিষ্ঠান পালন করবে, সে বিষয়েও প্রশ্ন তোলা হয়।নাগরিক পর্যবেক্ষণ কমিটি গঠন :সভায় নাগরিক সমাজের প্রতিনিধিদের পক্ষ থেকে আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধার প্রকল্পের অগ্রগতি, কাজের মান ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি নাগরিক কমিটি ঘোষণা করা হয়। প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে এ কমিটি।ভায় বক্তারা বলেন, শুধু প্রকল্প গ্রহণ ও খননের মধ্যে নদী পুনরুদ্ধারের কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। দখল ও দূষণমুক্তকরণ, স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।সভার উন্মুক্ত আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে ডপস্ এর নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার চক্রবর্ত্তী, গণমাধ্যম কর্মী ও সংগঠক মেরিনা লাভলী, পরিবেশ সুরক্ষা ফোরামের সদস্য সচিব ফরহাদুজ্জামান ফারুক, নারী অধিকার কর্মী সমসে আরা বিলকিস, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আফরোজা শারমিন কনাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

Read More »

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে ৩০ নভেম্বর হরতালের সমর্থনে নগরীতে মিছিল ও সমাবেশ

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে ৩০ নভেম্বর হরতালের সমর্থনে নগরীতে মিছিল ও সমাবেশ জালাল উদ্দীন, রংপুর : গণবিরোধী প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে ৩০ নভেম্বর সোমবার রংপুর নগরীতে অর্ধদিবস হরতাল সফল করার লক্ষ্যে আজ বেলা ৩ টায় নিউক্রস রোডস্থ সুমি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির আহবায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, প্রধান উপদেষ্টা শওকত হোসেন আহমেদ, যুগ্ম আহবায়ক আ,ফ,ম রাজিবুল ইসলাম ইভান, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আমিন উদ্দিন বিএসসি,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এবিএম মসিউর রহমান, আলহাজ্ব আবু জাফর লিটন,কনক রহমান, বীথি দাস নন্দিনী, তৌহিদুল ইসলাম তুষার, নারায়নগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সদস্য সাজিম আহমেদ প্রমুখ। সভাটি পরিচালনা করেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সবুজ রায়। নেতৃবৃন্দ, গণবিরোধী প্রিপেইড মিটার বাতিল করে পোস্ট মিটার পুনঃস্থাপন,সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদান, বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে আগামী ৩০ নভেম্বর সোমবার রংপুর নগরীতে অর্ধদিবস হরতাল সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।

Read More »

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা (সংশোধন) আইনের প্রশংসা করেছেন কূটনীতিকরা: আইনমন্ত্রী

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : নাগরিকদের অধিকার রক্ষার লক্ষ্যে প্রস্তাবিত ‘সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, ২০২৬’-এর বেশ কয়েকটি বিধানের প্রশংসা করেছেন কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা, একই সঙ্গে অন্যান্য বিধানের উন্নয়নে কিছু সুপারিশও পেশ করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শমূলক বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘অবশ্যই তারা প্রস্তাবিত আইনের বেশ কিছু বিধানের প্রশংসা করেছেন। তারা দু-একটি সুপারিশও করেছেন, যা আমরা তাৎক্ষণিকভাবে নোট করে নিয়েছি।’ আসাদুজ্জামান জানান, অংশগ্রহণকারীদের প্রস্তাবিত সংশোধনীর খসড়াটি পরামর্শ সভার সাত থেকে দশ দিন আগেই দেওয়া হয়েছিল যাতে তারা এগুলো ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা এবং নিজেদের পর্যবেক্ষণ প্রস্তুত করার পর্যাপ্ত সময় পান। তিনি বলেন, ‘আজ আলোচনার জন্য যে নথিটি ছিল, তা তাদের পরামর্শ সভার প্রায় সাত থেকে দশ দিন আগেই দেওয়া হয়েছিল, যাতে তারা এটি সম্পর্কে জেনে প্রস্তুতি নিয়ে আসতে পারেন এবং তারা সত্যিই প্রস্তুত হয়েই এসেছেন।’ আইনমন্ত্রী বলেন, আজকের অংশগ্রহণকারীরা নাগরিকদের অধিকার সুরক্ষায় সরকারের উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি যে বিধানগুলোর আরও বিবেচনার প্রয়োজন রয়েছে, তা চিহ্নিত করেছেন। তিনি জানান, খসড়াটি চূড়ান্ত করার আগে তাদের পর্যবেক্ষণগুলো যেন গুরুত্বের সঙ্গে পরীক্ষা করা যায়, সেজন্য সরকার আগামী এক সপ্তাহের মধ্যে কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের আরও লিখিত সুপারিশ জমা দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। পরামর্শ প্রক্রিয়ার পিছনের যৌক্তিকতা ব্যাখ্যা করে আসাদুজ্জামান বলেন, সরকার প্রস্তাবিত আইনটি সংসদে উত্থাপনের আগেই আপত্তিগুলো শুনতে এবং যৌক্তিক উদ্বেগগুলো নিরসন করতে চায়। তিনি বলেন, ‘ঠিক আপত্তি রয়েছে বলেই এই পরামর্শমূলক সভার আয়োজন করা হচ্ছে। আমরা এই প্রক্রিয়াটি শুরু করেছি কারণ আমরা সেই আপত্তিগুলো শুনতে চাই।’ মন্ত্রী বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও বাকস্বাধীনতার ওপর এর প্রভাব বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিস্তারিত পরামর্শের জন্য প্রস্তাবিত সংশোধনীটি মন্ত্রিসভা থেকে ফেরত পাঠিয়েছিলেন। তিনি জানান, ইতোমধ্যেই সংবাদপত্র সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে, পরবর্তীতে সুশীল সমাজের সংগঠন এবং ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে আরও আলোচনা হবে। আন্তর্জাতিক সর্বত্তম আইনী অনুশীলনের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করতে এবং প্রস্তাবিত সংশোধনীগুলোর ওপর মতামত সংগ্রহের জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সমন্বয়ে আজকের এই পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম সভায় সভাপতিত্ব করেন, আর আইনমন্ত্রী আসাদুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। স্বাধীন সাংবাদিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সম্ভাব্য বিধিনিষেধ সংক্রান্ত প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, সরকার মৌলিক অধিকার সংক্রান্ত সাংবিধানিক এবং আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যেই থাকবে। তিনি ‘ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস’ (আইসিসিপিআর)-এর ১৯(৩) অনুচ্ছেদ এবং বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, এই বিধানগুলো নির্দিষ্ট শর্তাধীনে মতপ্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপের অনুমতি দেয়। তিনি বলেন, ‘আমরা এই বিধানগুলোর বাইরে গিয়ে কিছু করছি না এবং আমরা তা করবও না।’ অনলাইন কনটেন্ট মুছে ফেলার আদেশ দেওয়া কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষকে ক্ষমতা প্রদানের সংস্থান নিয়ে উদ্বেগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই ধরনের সিদ্ধান্তগুলো বিচারিক পর্যালোচনার (জুডিশিয়াল রিভিউ) অধীন থাকবে। তিনি বলেন, ‘ক্ষমতাটি অনিয়ন্ত্রিত রাখা হয়নি,’ এবং সংশ্লিষ্ট অংশীজনদের এ বিষয়ে বিবেচনার জন্য আইসিটি মন্ত্রণালয়ে নির্দিষ্ট সুপারিশ জমা দেওয়ার আহ্বান জানান। আইন প্রণয়ন সংক্রান্ত ভাষার অস্পষ্টতা নিয়ে উদ্বেগের কথা স্বীকার করে আসাদুজ্জামান বলেন, সরকার সংজ্ঞাগুলোকে আরও স্পষ্ট করতে এবং বিভ্রান্তি তৈরি করতে পারে এমন বিধানগুলো দূর করতে কাজ করছে। তিনি বলেন, ‘বিষয়টি কেবল আরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার নয়। আসল উদ্দেশ্য হলো সুস্পষ্টতা নিশ্চিত করা এবং অস্পষ্টতা দূর করা।’ পরামর্শ সভায় বক্তব্যদানকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, একটি কার্যকর সাইবার নিরাপত্তা আইনকে মৌলিক অধিকার বজায় রাখার পাশাপাশি নাগরিক, প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা এবং জনসেবাকে রূপান্তরিত করছে, যা বাংলাদেশের জন্য অভূতপূর্ব সুযোগ তৈরি করেছে। তবে তিনি সতর্ক করে বলেন যে, অনলাইন প্রতারণা, গুরুত্বপূর্ণ সিস্টেমে সাইবার হামলা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং ক্ষতিকর কনটেন্ট ক্রমবর্ধমান চ্যালেঞ্জ তৈরি করছে, যার জন্য একটি কার্যকর আইনি কাঠামো প্রয়োজন। শামা জোর দিয়ে বলেন যে, সাইবার নিরাপত্তা এবং মৌলিক অধিকার একে অপরকে শক্তিশালী করা উচিত, যেখানে আইনের কার্যকর বাস্তবায়নে জনগণের আস্থা বজায় রাখাই মুখ্য বিষয়। তিনি তথ্য আদান-প্রদান, পারস্পরিক আইনি সহায়তা এবং উপযুক্ত সুরক্ষাকবচসহ আন্তঃসীমান্ত সাইবার হুমকি মোকাবিলার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন। উন্নয়ন সহযোগীদের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার সংশোধনী চূড়ান্ত করার দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে তাদের সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সূত্র. বাসস

Read More »