সর্বশেষ
সর্বশেষ

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া এক লাখ মৃত্যু : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া এক লাখ মৃত্যু : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতিবছর সোয়া এক লাখ মানুষ মারা যান বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীতে হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ড. মুহিত বলেন, দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতিবছর সোয়া এক লাখ মানুষ মারা যান। এর চেয়েও বেশিসংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয় এবং তাদের চিকিৎসার ব্যয় বেড়ে যায়।

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন না আনলে শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে এ সংকট মোকাবিলা সম্ভব নয়।

ব্যবস্থাপত্র ছাড়া বা ‘ওভার দ্য কাউন্টার’ অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তা কঠোরভাবে বাস্তবায়ন জরুরি বলে মনে করেন এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।

তিনি বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে, যার আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা থাকবে। ফলে সবকিছু ডিজিটাল নজরদারির আওতায় আসবে।

দেশব্যাপী সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

এতে বিনা মূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত হবে বলে জানান তিনি।

এ সময় চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য ও আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান ড. এম এ মুহিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনাবিষয়ক কর্মশালাটি সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে আয়োজন করে।

অন্যদিকে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রটোকল অন্তর্ভুক্তির ঘাটতি পূরণের তাগিদ দেন ডিজিএমইর মহাপরিচালক ডা. নাজমুল হোসেন।

তার মতে, দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল থাকলেও অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকই সে সম্পর্কে অবগত নন।

সিএমইর পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো স্বাগত বক্তব্য দেন।

এ সময় আরও বক্তব্য দেন ডব্লিউএইচও বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। সূত্র. ইউএনবি//

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]