সর্বশেষ
সর্বশেষ

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা (সংশোধন) আইনের প্রশংসা করেছেন কূটনীতিকরা: আইনমন্ত্রী

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : নাগরিকদের অধিকার রক্ষার লক্ষ্যে প্রস্তাবিত ‘সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, ২০২৬’-এর বেশ কয়েকটি বিধানের প্রশংসা করেছেন কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা, একই সঙ্গে অন্যান্য বিধানের উন্নয়নে কিছু সুপারিশও পেশ করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শমূলক বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অবশ্যই তারা প্রস্তাবিত আইনের বেশ কিছু বিধানের প্রশংসা করেছেন। তারা দু-একটি সুপারিশও করেছেন, যা আমরা তাৎক্ষণিকভাবে নোট করে নিয়েছি।’

আসাদুজ্জামান জানান, অংশগ্রহণকারীদের প্রস্তাবিত সংশোধনীর খসড়াটি পরামর্শ সভার সাত থেকে দশ দিন আগেই দেওয়া হয়েছিল যাতে তারা এগুলো ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা এবং নিজেদের পর্যবেক্ষণ প্রস্তুত করার পর্যাপ্ত সময় পান।

তিনি বলেন, ‘আজ আলোচনার জন্য যে নথিটি ছিল, তা তাদের পরামর্শ সভার প্রায় সাত থেকে দশ দিন আগেই দেওয়া হয়েছিল, যাতে তারা এটি সম্পর্কে জেনে প্রস্তুতি নিয়ে আসতে পারেন এবং তারা সত্যিই প্রস্তুত হয়েই এসেছেন।’

আইনমন্ত্রী বলেন, আজকের অংশগ্রহণকারীরা নাগরিকদের অধিকার সুরক্ষায় সরকারের উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি যে বিধানগুলোর আরও বিবেচনার প্রয়োজন রয়েছে, তা চিহ্নিত করেছেন।

তিনি জানান, খসড়াটি চূড়ান্ত করার আগে তাদের পর্যবেক্ষণগুলো যেন গুরুত্বের সঙ্গে পরীক্ষা করা যায়, সেজন্য সরকার আগামী এক সপ্তাহের মধ্যে কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের আরও লিখিত সুপারিশ জমা দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

পরামর্শ প্রক্রিয়ার পিছনের যৌক্তিকতা ব্যাখ্যা করে আসাদুজ্জামান বলেন, সরকার প্রস্তাবিত আইনটি সংসদে উত্থাপনের আগেই আপত্তিগুলো শুনতে এবং যৌক্তিক উদ্বেগগুলো নিরসন করতে চায়।

তিনি বলেন, ‘ঠিক আপত্তি রয়েছে বলেই এই পরামর্শমূলক সভার আয়োজন করা হচ্ছে। আমরা এই প্রক্রিয়াটি শুরু করেছি কারণ আমরা সেই আপত্তিগুলো শুনতে চাই।’

মন্ত্রী বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও বাকস্বাধীনতার ওপর এর প্রভাব বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিস্তারিত পরামর্শের জন্য প্রস্তাবিত সংশোধনীটি মন্ত্রিসভা থেকে ফেরত পাঠিয়েছিলেন।

তিনি জানান, ইতোমধ্যেই সংবাদপত্র সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে, পরবর্তীতে সুশীল সমাজের সংগঠন এবং ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে আরও আলোচনা হবে।

আন্তর্জাতিক সর্বত্তম আইনী অনুশীলনের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করতে এবং প্রস্তাবিত সংশোধনীগুলোর ওপর মতামত সংগ্রহের জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সমন্বয়ে আজকের এই পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম সভায় সভাপতিত্ব করেন, আর আইনমন্ত্রী আসাদুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

স্বাধীন সাংবাদিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সম্ভাব্য বিধিনিষেধ সংক্রান্ত প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, সরকার মৌলিক অধিকার সংক্রান্ত সাংবিধানিক এবং আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যেই থাকবে।

তিনি ‘ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস’ (আইসিসিপিআর)-এর ১৯(৩) অনুচ্ছেদ এবং বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, এই বিধানগুলো নির্দিষ্ট শর্তাধীনে মতপ্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপের অনুমতি দেয়।

তিনি বলেন, ‘আমরা এই বিধানগুলোর বাইরে গিয়ে কিছু করছি না এবং আমরা তা করবও না।’

অনলাইন কনটেন্ট মুছে ফেলার আদেশ দেওয়া কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষকে ক্ষমতা প্রদানের সংস্থান নিয়ে উদ্বেগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই ধরনের সিদ্ধান্তগুলো বিচারিক পর্যালোচনার (জুডিশিয়াল রিভিউ) অধীন থাকবে।

তিনি বলেন, ‘ক্ষমতাটি অনিয়ন্ত্রিত রাখা হয়নি,’ এবং সংশ্লিষ্ট অংশীজনদের এ বিষয়ে বিবেচনার জন্য আইসিটি মন্ত্রণালয়ে নির্দিষ্ট সুপারিশ জমা দেওয়ার আহ্বান জানান।

আইন প্রণয়ন সংক্রান্ত ভাষার অস্পষ্টতা নিয়ে উদ্বেগের কথা স্বীকার করে আসাদুজ্জামান বলেন, সরকার সংজ্ঞাগুলোকে আরও স্পষ্ট করতে এবং বিভ্রান্তি তৈরি করতে পারে এমন বিধানগুলো দূর করতে কাজ করছে।

তিনি বলেন, ‘বিষয়টি কেবল আরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার নয়। আসল উদ্দেশ্য হলো সুস্পষ্টতা নিশ্চিত করা এবং অস্পষ্টতা দূর করা।’

পরামর্শ সভায় বক্তব্যদানকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, একটি কার্যকর সাইবার নিরাপত্তা আইনকে মৌলিক অধিকার বজায় রাখার পাশাপাশি নাগরিক, প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা এবং জনসেবাকে রূপান্তরিত করছে, যা বাংলাদেশের জন্য অভূতপূর্ব সুযোগ তৈরি করেছে।

তবে তিনি সতর্ক করে বলেন যে, অনলাইন প্রতারণা, গুরুত্বপূর্ণ সিস্টেমে সাইবার হামলা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং ক্ষতিকর কনটেন্ট ক্রমবর্ধমান চ্যালেঞ্জ তৈরি করছে, যার জন্য একটি কার্যকর আইনি কাঠামো প্রয়োজন।

শামা জোর দিয়ে বলেন যে, সাইবার নিরাপত্তা এবং মৌলিক অধিকার একে অপরকে শক্তিশালী করা উচিত, যেখানে আইনের কার্যকর বাস্তবায়নে জনগণের আস্থা বজায় রাখাই মুখ্য বিষয়।

তিনি তথ্য আদান-প্রদান, পারস্পরিক আইনি সহায়তা এবং উপযুক্ত সুরক্ষাকবচসহ আন্তঃসীমান্ত সাইবার হুমকি মোকাবিলার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।

উন্নয়ন সহযোগীদের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার সংশোধনী চূড়ান্ত করার দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে তাদের সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সূত্র. বাসস

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]