সর্বশেষ
সর্বশেষ

রংপুরে ভূমিহীনদের বিশাল সমাবেশ, দাবি—আগে পুনর্বাসন, পরে উন্নয়ন

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি:

“আগে পুনর্বাসন, পরে উন্নয়ন”—এই স্লোগানকে সামনে রেখে ভূমিহীনদের অধিকার আদায়, খাসজমি উদ্ধার ও পুনর্বাসনের দাবিতে রংপুরে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রংপুরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠের শহীদ মিনার চত্বরে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। তিনি বলেন, লুটপাট ও অর্থ পাচার কোনোভাবেই উন্নয়ন হতে পারে না। জনগণের কর্মসংস্থান ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করাই প্রকৃত উন্নয়ন। দেশের সম্পদ লুটপাট ও বিদেশে পাচারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে পাচারকৃত সম্পদ ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে জনস্বার্থবিরোধী আইন বাতিল করে রাষ্ট্রকে জনমানুষের কল্যাণে গড়ে তুলতে হবে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। তিনি বলেন, ভূমিহীনদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। প্রত্যেক ভূমিহীনকে ভূমিহীন কার্ড প্রদান, জাতীয় সংসদে ভূমিহীনদের জন্য সংরক্ষিত আসন এবং স্বাধীন ভূমি-কৃষি সংস্কার কমিশন গঠনের দাবি জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের রংপুর বিভাগীয় সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক কনক রহমান। তিনি রংপুর বিভাগের ভূমিহীনদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসন, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং রংপুরে শিল্প-কলকারখানা স্থাপনের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শ্রমিক নেতা আমিন উদ্দিন বিএসসি, লালমনিরহাট জেলার আহ্বায়ক মো. আব্দুল হামিদ, কেন্দ্রীয় সহসভাপতি কামরুজ্জামান টিপু, গাইবান্ধা জেলার আহ্বায়ক মোছা. শাহীনুর বেগম এবং কুড়িগ্রাম জেলার কৃষক আন্দোলনের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম জুয়েল।

বক্তারা বলেন, খাসজমি বণ্টন কমিটিতে উপজেলা ও জেলা পর্যায়ে ভূমিহীনদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। ভূমিদস্যুদের দখল থেকে খাসজমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীন ও কৃষকদের মধ্যে বন্দোবস্ত দিতে হবে। পাশাপাশি দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, ভোটাধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলার দাবি জানান তারা।

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের রংপুর বিভাগের উপদেষ্টা অ্যাডভোকেট রায়হান কবীরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেএসডি রংপুর মহানগর সভাপতি এবিএম মশিউর রহমান, রংপুর জেলা কমিটির আহ্বায়ক আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক হাসেম মুন্সি, সদস্য সচিব মোছা. ফাতেমা আখতার, যুগ্ম সদস্য সচিব মুশলেমুদ্দিন, মহানগর কমিটির আহ্বায়ক মোছা. সামছুন্নাহার, যুগ্ম আহ্বায়ক লিলি বেগম, সদস্য সচিব সেলিম মিঞা এবং যুগ্ম সদস্য সচিব আয়শা বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভূমিহীনদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে দেশব্যাপী আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি রংপুর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসক বরাবর ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]