সর্বশেষ
সর্বশেষ

Day: December 20, 2022

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক অনুষ্ঠিত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২২ একাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক কমিটির সভাপতি মোঃ মুজিবুল হক এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য মোঃ নজরুল ইসলাম চৌধুরী, মানু মজুমদার, শামসুন নাহার এবং মোঃ আনোয়ার হোসেন (হেলাল) অংশগ্রহণ করেন। সভায় ২২তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয় এবং ২২তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে শ্রম অধিদপ্তর কর্তৃক ট্রেড ইউনিয়ন নেতাদের প্রশিক্ষণের বিষয়ে জোর তাগিদ দেয়া হয়। কমিটিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে ILO-এর কারিগরিসহ বিভিন্ন সহযোগিতামূলক প্রকল্পসমূহের বিষয়ে সার্বিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক শ্রমিকদের দক্ষতা উন্নয়নে, জ্ঞানভিত্তিক দক্ষ শিল্প শ্রমিক গড়ে তুলতে এবং কর্মক্ষেত্রে কাজের গতিশীলতা বৃদ্ধিতে শ্রম অধিদপ্তরের অধীনস্থ শিল্পসম্পর্ক শিক্ষায়তনের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, সুস্বাস্থ্য ও পুষ্টি, শ্রম আইন ও শ্রম কল্যাণের বিষয়ে শ্রমিকদের প্রশিক্ষণের বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় কর্মসংস্থান অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ সেন্টার স্থাপন করে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য একটি পরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, DIFE, MOLE, কলকারখানা পরিদর্শন ও প্রতিষ্ঠান পরিদপ্তর, শ্রম অধিদপ্তর এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫২তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২২: একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫২তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে ৫১তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণসহ অনুমোদন করা হয়। কমিটিতে ১১তম জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম-৪৬তম কার্যবিবরণীর বিআইডব্লিউটিএ সংশ্লিষ্ট সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। নদী তীরবর্তী জায়গাগুলো কেনাবেচার ক্ষেত্রে বৈঠকে এনওসি (NOC) প্রদানের সুপারিশ করা হয়। বাংলাদেশের সকল নদীর তীর রক্ষার্থে বেদখল জায়গা উদ্ধার করে বনায়নের পাশাপাশি মানুষ ও পশুপাখির কথা চিন্তা করে কোন ধরণের বনদ ও ফলদ গাছ লাগানো হবে এ ব্যাপারে বিআইডব্লিউটিএকে বনবিভাগের পরামর্শ নেয়ার সুপারিশ করা হয়। বৈঠকে বিআইডব্লিউটিএকে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে দেশে নির্মিত ও নির্মিতব্য ওয়াকওয়ে পরিচালনার জন্য নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়। বৈঠকে রিভার বেড ক্লিনিং এর জন্য ছোট ভেসেলগুলোর উপযোগীকরণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং গ্রাব ড্রেজার এর ইফিশিয়েন্সি ও উপযোগিতা পর্যালোচনা করা হয়। সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন এর প্রথম বৈঠক হতে ৪৬তম বৈঠক পর্যন্ত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি ও বাস্তবায়ন সমস্যা সম্পর্কে পর্যালোচনা করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩২তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০ ডিসেম্বর ২০২২: একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩২ তম বৈঠক কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন। বিজয়ের মাস ডিসেম্বরে সকলকে শুভেচ্ছা জানিয়ে বৈঠক শুরু করা হয়। বৈঠকে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বেসামরিক বিমান পরিচালনাকারী মালিকদের যৌক্তিক চাহিদাগুলোর সাথে কমিটি থেকে গৃহীত জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মণ্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো একত্রিত করে তাদের সাথে বৈঠক করার সুপারিশ করা হয়। কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি বিভাগ থেকে পাস করা ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশে অবস্থিত থ্রি স্টার থেকে ফাইভ স্টার হোটেলে ৬ (ছয়) মাসের ইন্টার্নীশীপ প্রশিক্ষণ গ্রহনের জন্য সংশ্লিষ্ট হোটেলগুলোর সাথে বৈঠক করার সুপারিশ করা হয়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

ফিফা বিশ্ব কাপ ২০২২ জয়ী আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২২ : ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আর্জেন্টিনার প্রেসিডেন্টকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি লিখেছেন: ‘বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে, আর্জেন্টিনার ফুটবলের দুর্দান্ত জয়ে আপনাকে ও আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে এবং ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ী দলকে আমাদের আন্তরিক অভিনন্দন। তিনি বলেন, আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা বলেন, ‘আমি আনন্দের সাথে লক্ষ্য করেছি যে, ফুটবলের প্রতি স্নেহ এবং ভালবাসা, বিশেষকরে আর্জেন্টিনা ফুটবল দল, আমাদের দু’দেশের জনগনকে গভীরভাবে সংযুক্ত করে। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আপনার জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নশীপ জয়ের স্বতঃস্ফূর্ত উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের প্রশংসা ও ভালোবাসার পরিচয় দিয়েছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর দিয়ে বলেন, ‘আমাদের দুই দেশের জনগণের মধ্যে এই অভূতপূর্ব ভালবাসা এবং স্নেহ, দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের পথ প্রশস্ত করেছে।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে একে অপরের রাজধানীতে মিশন খোলার মাধ্যমে সম্পর্ককে আরও সুসংহত করবে।

Read More »

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সম্মিলিত ভাবে কাজ করুন: স্থানীয় সরকার মন্ত্রী

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সম্মিলিত ভাবে কাজ করুন:স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২২। রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে৷ আজ (১৮ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও-এ দৈনিক আমাদের সময় পত্রিকা কর্তৃক আয়োজিত টেকসই উন্নয়ন অভীষ্ট-৬ঃ নিরাপদ পানি, স্যনিটেশন ও হাইজিন, প্রত্যাশা ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন৷ মন্ত্রী বলেন, এসডিজি অভীষ্ট-৬ অর্জনের জন্য সরকারের পাশাপাশি উন্নয়ন অংশীদার ও বেসরকারি প্রতিষ্ঠানেকে এগিয়ে আসতে হবে৷ সরকারের এককভাবে সাফল্য অর্জন করা কঠিন, সামষ্টিকভাবে আমাদের নিজ নিজ ভূমিকা পালন করতে হবে৷ তিনি আরও বলেন, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা রয়েছে৷ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন জাতীয় বাজেট স্থিতিশীল অবস্থায় রয়েছে৷ আমাদের বাজেট বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধি করতে হবে বলে তিনি জানান৷ স্থানীয় সরকার মন্ত্রী বলেন, উপকূলীয়, পার্বত্য এবং খরাপ্রবন এলাকার জন্য আমাদের ভিন্ন ভিন্ন ভাবে সমাধান করতে হবে৷ শহরের দরিদ্র ও ধনী শ্রেণির জন্য আলাদা পানির দর নির্ধারণ করা যেতে পারে বলে মন্ত্রী মন্তব্য করেন৷ গুলশান-বনানী অভিজাত এলাকায় পানির দর বেশি এবং বস্তি এলাকায় পানির দর কম করার ব্যবস্থা করতে হবে৷ মোঃ তাজুল ইসলাম আরও বলেন সেমিনার বা সিম্পোজিয়ামের মাধ্যমে জ্ঞান চর্চা সব সময় গুরুত্বপূর্ণ৷ কিন্তু একই সাথে লক্ষ্য রাখতে হবে যেন, এগুলোর মাধ্যমে সঠিক তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে যায়৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুমানা আক্তার৷ সেমিনারে বক্তারা এসডিজি অভীষ্ট-৬ অর্জনে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি গ্রাম ও শহরের মধ্যে বিনিয়োগের ন্যায্যতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন৷ সেমিনারটিতে সভাপতিত্ব করেন আমাদের সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর পরিচালক রিসার্স ফেলো মাহফুজ কবির৷ এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান৷

Read More »

আগামী মাস থেকে চালু হচ্ছে ভূমিসেবা কাস্টমার কেয়ার সেন্টার

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম : ঢাকা, ভুমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ বলেছেন আগামী নতুন বছরের (২০২৩) প্রথম মাসে (জানুয়ারি) ভূমিসেবা কাস্টমার কেয়ার সেন্টার চালু হবে। কাস্টমার কেয়ার সেন্টারটি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনে স্থাপন করা হয়েছে। আজ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের সাথে আইসিটি বিভাগের আওতাভুক্ত এ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর মধ্যে অনুষ্ঠিত এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভুমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ এই কথা বলেন। ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো: জাহিদ হোসেন পনির, পিএএ এবং এটুআই প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। সচিব এই সময় আরও বলেন, ১৬১২২ কিংবা ৩৩৩ এ কল করে ভূমি সেবা গ্রহণ করার সাথে সাথে নাগরিকগণ ইচ্ছে করলে কাস্টমার কেয়ার সেন্টারে সরাসরি এসে আইনি পরামর্শ এবং বিভিন্ন ধরণের ভূমিসেবা যেমন ই-নামজারি, ভূমি উন্নয়ন কর ইত্যাদি সেবা গ্রহণ করতে পারবেন। প্রাথমিকভাবে ৯ জন কাস্টমার কেয়ার সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে এই সেবা দেওয়া হবে। প্রসঙ্গত, আজকের সমঝোতা স্মারক সাক্ষরের ফলে জাতীয় কলসেন্টার ৩৩৩ এবং ভূমিসেবা কলসেন্টার ১৬১২২এর মধ্যে আন্তঃসংযোগ হবে। এ আন্তঃসংযোগের ফলে ৩৩৩ কলসেন্টার থেকে প্রাপ্ত ভূমিসেবা সংক্রান্ত কলসমূহ ১৬১২২ হেল্পলাইনে রেফার করা হবে এবং ১৬১২২ হেল্পলাইনে রেফারকৃত কলের সংখ্যা ধারাবাহিকভাবে প্রতিদিন ৩৩৩ হেল্পলাইনের সাথে সমন্বয় করা হবে। এই দুটি সিস্টেমের মধ্যে উপাত্ত তথ্য বিশ্লেষণ বিনিময়ের হবার সুযোগ সৃষ্টি হওয়াতে ভূমি সেবা আরও দক্ষ হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিববৃন্দ মো: নজরুল ইসলাম, ড. মো: মাহমুদ হাসান ও মোঃ খলিলুর রহমান, এটুআই যুগ্ম প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম সহ ভূমি মন্ত্রণালয় ও এটুআই এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং ভেন্ডরের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ। হেল্পলাইন ১৬১২২ ভূমি সংক্রান্ত সেবা প্রদানে ২৪ ঘন্টা কাজ করে থাকে। দেশের যেকোনো নাগরিক যেকোনো সময় ১৬১২২ নম্বরে এবং প্রবাসীগণ ০৯৬১২৩১৬১২২ নম্বরে কল করে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারেন কিংবা ভূমি সংক্রান্ত অভিযোগ জানাতে পারেন। কলসেন্টার ৩৩৩ সরকারের কেন্দ্রীয় তথ্য, সেবা ও অভিযোগ ব্যবস্থা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো নাগরিক যেকোনো সময় ৩৩৩ নম্বরে এবং প্রবাসীগণ ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে কল করে সরকারি সেবার তথ্যাদি, সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সাথে যোগাযোগ তথ্য, সামাজিক সমস্যার প্রতিকার ইত্যাদি সেবা পাচ্ছেন।

Read More »

স্পীকারের সাথে ওআইসি পিইউআইসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

স্পীকারের সাথে ওআইসি পিইউআইসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২২- বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে রেপর্টেয়ার অফ দ্যা কমিটি প্রফেসর ডক্টর ওরহান আটালে-এর নেতৃত্বে ‘সাব-কমিটি অন মুসলিম কমিউনিটিজ এন্ড মাইনরিটিজ অফ দ্যা পার্লামেন্টারি ইউনিয়ন অফ দ্যা ওআইসি মেম্বার স্টেটস (পিইউআইসি)’-এর প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। এসময়, ইরানের সংসদ সদস্য আবুলফজল আমই, উগান্ডার সংসদ সদস্য বাসির লুবেগা সেম্পা, পিইউআইসি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ খৌরাইচি নিয়াজ, পিইউআইসি ডেপুটি সেক্রেটারি জেনারেল আলী আজগার মোহাম্মাদি সিজানি, এক্সপার্ট অফ ইন্টারন্যাশনাল এফেয়ার্স আমির আব্বাস ঘাসেমপুর, প্রতিনিধিদলের সভাপতি প্রফেসর ডক্টর ওরহান আটালে, লেজিসলেটিভ এক্সপার্ট রেজাক তাভলি, সেক্রেটারি অফ ডেলিগেশন মুসতাফা ফাতিহ বায়দার ও ডিরেক্টর অফ পিইউআইসি জাহিদ হাসান কুরেশি প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মাধ্যমে যে মানবিকতা ও বদান্যতা দেখিয়েছেন তা বিশ্ববাসীর কাছে একটি উদাহরণ। বিশ্বদরবারে সকল মহলে প্রশংসিত হয়ে তিনি ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে খ্যাতি লাভ করেন। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গানিধন শুরু হলে দফায় দফায় বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিতে চাইলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের আশ্রয় দেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ আয়তনে ক্ষুদ্র ও ঘনবসতিপূর্ণ দেশ। এরপরেও রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারে আশ্রয় দেওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বাংলাদেশ সরকারের নিজস্ব সহায়তায় তাদের খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় সরকার নিবিড়ভাবে সহযোগিতা করেছে। রোহিঙ্গাদের নিজস্ব জন্মভূমিতে ফিরে যাওয়ার অধিকার রক্ষার্থে ও বাংলাদেশের পরিবেশগত দিক বিবেচনায় তাদের মিয়ানশান্তিপূর্ণ প্রত্যাবাসন জরুরি। রোহিঙ্গা নারী, শিশুদের ওপর অমানবিক অত্যাচার, তাদের মানবেতর জীবনযাপন পরিস্থিতি ও শান্তিপূর্ণ প্রত্যাবাসনে ওআইসি পিইউআইসি-র কার্যকরী ভূমিকা কামনা করেন স্পীকার। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বাংলাদেশ সফররত ওআইসি পিইউআইসি-র প্রতিনিধিদলের সভাপতি প্রফেসর ডক্টর ওরহান আটালে বলেন, সমগ্র বিশ্বে মুসলিম মাইনরিটি ও মুসলিম ধর্মাবলম্বী শরণার্থীদের মানবাধিকার সংরক্ষণে ওআইসি পিইউআইসি কাজ করছে। কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে প্রতিনিধিদল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন তিনি। পিইউআইসি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ খৌরাইচি নিয়াজ বলেন, সমগ্র বিশ্বে রোহিঙ্গা ইস্যু বর্তমানে একটি আলোচিত ও মানবিক বিষয়। ওআইসি পিইউআইসি রোহিঙ্গা শরণার্থীদের সকল রকম মানবাধিকার বিষয়ে সোচ্চার। তাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বৈশ্বিক পর্যায়ে আলোচনার মাধ্যমে এই জটিল সমস্যা সমাধানে তারা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে অবহিত করেন তিনি। ইরানের সংসদ সদস্য আবুলফজল আমই বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদানের মাধ্যমে বাংলাদেশ যে উদারতার পরিচয় দিয়েছে, তা দৃষ্টান্তমূলক। রোহিঙ্গা শরণার্থীদের নিজ জন্মভূমিতে ফিরে যাওয়া তাদের মানবাধিকার। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিদর্শন করে তাদের যথাযথ প্রত্যাবাসনে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি। উগান্ডার সংসদ সদস্য বাসির লুবেগা সেম্পা বলেন, বাংলাদেশের আয়তন ও পরিবেশগত দিক বিবেচনায় রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদান একটি অনুসরণীয় মানবিক ঘটনা। আন্তর্জাতিক সম্প্রদায়ে এই ঘটনা প্রশংসিত এবং আন্তর্জাতিক সম্প্রদায় এর সুষ্ঠু সমাধান চায়। তারই অংশ হিসেবে পিইউআইসি-র এই কমিশন কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে যথোপযুক্ত উদ্যোগ নিবে। প্রতিনিধিদলের সভাপতি প্রফেসর ডক্টর ওরহান আটালে বলেন, কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে একটি সামগ্রিক রিপোর্ট এই কমিশন তৈরি করবে, যা আলজেরিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন কনফারেন্সে উপস্থাপন করা হবে। রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে এই রিপোর্ট অত্যন্ত সহায়ক বলে বলে উল্লেখ করেন তিনি। প্রতিনিধিদলের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে স্পীকার বলেন, ওআইসি পিইউআইসি প্রতিনিধিদলের এই সফরের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীরা উৎসাহ পাবে। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে রিপোর্ট তৈরি করে তা আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন ও এর আশু সমাধানে প্রতিনিধিদলকে ঐকান্তিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান স্পীকার। এসময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

বিশ্বকাপ শিরোপা মেসির পাপ্য ছিল বললেন পেলে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম : দোহা, ১৯ ডিসেম্বর, ২০২২ (দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম/এএফপি): ব্রাজিলীয় কিংবদন্তী পেলে বলেছেন, লিওনেল মেসি বিশ্বকাপ শিরোপা জয়ের ‘দাবী রাখেন’। রোববার টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা জয়ের পর তিনি এই মন্তব্য করেন। নিজের ইনস্টাগ্রাম পেইজে তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে লিখেছেন, ‘আজ থেকে ফুটবল তার গল্প বলে যাবে। বরাবরের মতো চিত্তাকর্ষক উপায়ে। উপযুক্ত দাবীদার হিসেবেই মেসি তার প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করেছেন। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেরও প্রশংসা করেছেন পেলে। গতকাল অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে তার হ্যাট্রিকে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ম্যাচটি ড্র হয়েছে। যে কারণে টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচের ফলাফল। পেলে বলেন,‘ আমার প্রিয় বন্ধু এমবাপ্পে, ফাইনালে চার গোল করেছে। এটি দেখা যে কত বড় উপহার…, যা ভবিষ্যতের খেলাধুলার জন্য দৃষ্টন্ত হয়ে থাকবে।

Read More »

সংসদের ২১তম অধিবেশন শুরু ৫ জানুয়ারি

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম : ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২২ : একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন ৫ জানুয়ারি বিকেল ৪টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ৫ জানুয়ারি বিকেল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হবে। গত ৬ নভেম্বর সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত হয়।

Read More »