সর্বশেষ
সর্বশেষ

Day: March 20, 2024

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলো স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীরা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০ মার্চ, ২০২৪ খৃ. স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারিগণকে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ‘প্রত্যয় স্কিম’ চালু করেছে সরকার। এই স্কিম চালুর মাধ্যমে এসব প্রতিষ্ঠানে যে সকল কর্মকর্তা ও কর্মচারি আগামী ১ জুলাই, ২০২৪ এবং তার পরবর্তী সময়ে নতুন যোগদান করবেন, তাদেরকে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া প্রত্যয় স্কিম চালুর ফলে এসব প্রতিষ্ঠানসমূহের বিদ্যমান কর্মকর্তা ও কর্মচারিগণের স্বার্থ ক্ষুণ্ন হবে না এবং তাদের বিদ্যমান পেনশন বা আনুতোষিক সুবিধা অক্ষুণ্ন থাকবে। গত ১৩ মার্চ সরকার এ বিষয়ে দু’টি পৃথক প্রজ্ঞাপন জারি করে আলোচ্য প্রতিষ্ঠানসমূহের কর্মচারিগণের জন্য প্রযোজ্য প্রত্যয় স্কিমের রুপরেখা ঘোষণা করেছে। আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। সরকার এসব প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারিদের অবসরোত্তর জীবনের আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদানে বিদ্যমান ব্যবস্থার বিকল্প হিসেবে ‘প্রত্যয় স্কিম’ প্রবর্তন করেছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহের চাকুরিতে যাদের ন্যুনতম ১০ বছর চাকরি অবশিষ্ট আছে তারা আগ্রহ প্রকাশ করলে প্রত্যয় স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। প্রত্যয় স্কিমে অংশগ্রহণের মাধ্যমে অবসর জীবনে মাসিক পেনশন প্রাপ্য হবেন বিধায় ১ জুলাই, ২০২৪ এবং এর পরবর্তী সময়ে নতুন যোগদানকৃত কর্মকর্তা বা কর্মচারিগণের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যমান ব্যবস্থায় খুব কম সংখ্যক স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ’ অঙ্গ প্রতিষ্ঠানসমূহে পেনশন স্কিম চালু রয়েছে। এ ধরনের অধিকাংশ প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারিগণ আনুতোষিক স্কিমের আওতাভুক্ত এবং তাদের জন্য সিপিএফ (কন্ট্রিবিউটরি প্রোভিডেন্ট ফান্ড) ব্যবস্থা প্রযোজ্য। এই ব্যবস্থায় কর্মচারিগণ চাকুরি শেষে অবসর সুবিধা হিসেবে এককালীন আনুতোষিক প্রাপ্য হন। কিন্তু, মাসিক কোন পেনশন প্রাপ্য হন না। ফলশ্রুতিতে অবসরোত্তর জীবনে প্রায় ক্ষেত্রেই আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন হন। কর্মচারিদের অবসরোত্তর জীবনের আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদানে বিদ্যমান ব্যবস্থার বিকল্প হিসেবে সরকার ‘প্রত্যয় স্কিম’ প্রবর্তন করেছে। প্রত্যয় স্কিমে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারির প্রাপ্ত মূল বেতনের ১০ শতাংশ (শতকরা দশ ভাগ) বা সর্বোচ্চ ৫ হাজার টাকা, যা কম হয় তা কর্মকর্তা বা কর্মচারির বেতন হতে কর্তন করা হবে এবং সমপরিমান অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা প্রদান করবে। এরপর উভয় অর্থ এসব প্রতিষ্ঠান বা সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত কর্মকর্তা বা কর্মচারির কর্পাস হিসাবে জমা করবে। এ প্রক্রিয়ায় কর্মকর্তা-কর্মচারির পেনশন ফান্ড গঠিত হবে এবং এই ফান্ড জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্তৃক লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে প্রাপ্য মুনাফা এবং চাঁদা হিসাবে জমাকৃত অর্থের ভিত্তিতে পেনশন প্রদান করা হবে। বিদ্যমান সিপিএফ ব্যবস্থায় কর্মচারির মূল বেতনের ১০ ভাগ এবং প্রতিষ্ঠান মূল বেতনের ৮ দশমিক ৩৩ শতাংশ প্রদান করে থাকে। প্রত্যয় স্কিমে প্রতিষ্ঠান প্রদান করবে মূল বেতনের ১০ শতাংশ যা সিপিএফ ব্যবস্থা থেকে ১ দশমিক ৬৭ শতাংশ বেশি। প্রত্যয় স্কিমে একজন ব্যক্তি একটি প্রতিষ্ঠানে যোগদানের পর মাসিক ২ হাজার ৫০০ টাকা নিজ বেতন থেকে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে একই পরিমাণ টাকা ৩০ বছর চাঁদা প্রদান করলে তিনি অবসরের পর অর্থ্যাৎ ৬০ বছর বয়স থেকে মাসিক ৬২ হাজার ৩৩০ টাকা হারে পেনশন প্রাপ্য হবেন। এক্ষেত্রে ৩০ বছর ধরে মাসিক ২ হাজার ৫০০ টাকা হারে সংশ্লিষ্ট কর্মচারির নিজ বেতন থেকে প্রদত্ত মোট চাঁদার পরিমাণ ৯ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থা প্রদত্ত মোট চাঁদার পরিমাণ ৯ লাখ টাকা। অর্থ্যাৎ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মচারি মিলিয়ে সর্বমোট চাঁদার পরিমাণ হবে ১৮ লাখ টাকা। তিনি যদি ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন তবে ১৫ বছরে পেনশন প্রাপ্য হবেন ১ কোটি ১২ লাখ ১৯ হাজার ৪০০ টাকা, যা সংশ্লিষ্ট কর্মচারির নিজ জমার ১২ দশমিক ৪৭ গুণ। আজীবন পেনশন প্রাপ্য হবেন বিধায় এ পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ হতে প্রাপ্য মুনাফার হার বৃদ্ধি পেলে মাসিক পেনশনের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের যাবতীয় খরচ সরকার কর্তৃক নির্বাহ করা হবে বিধায় চাঁদা দাতার কর্পাস হিসাবে জমাকৃত অর্থ এবং বিনিয়োগলব্ধ আয় সম্পূর্ণ চাঁদা দাতার অ্যানুইটি হিসাবায়নের মাধ্যমে মাসিক পেনশন নির্ধারিত হবে। জমাকৃত চাঁদার উপর বিনিয়োগ রেয়াত পাওয়া যাবে এবং প্রাপ্য পেনশন আয়করমুক্ত হবে। স্কিমটি রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত হওয়ায় এটি শতভাগ ঝুঁকিমুক্ত ও নিরাপদ। এ স্কিমে নিবন্ধিত কর্মচারি পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পরবর্তী মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে তার ব্যাংক একাউন্টে মাসিক পেনশনের অর্থ পেতে থাকবেন, যা তাকে মোবাইল এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে। এক্ষেত্রে তাকে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোন দপ্তরে যাওয়ার বা কোন প্রকার প্রমানক দাখিলের প্রয়োজন হবে না। প্রত্যয় স্কিমটি নতুন কর্মকর্তা বা কর্ম

Read More »

রংপুরে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৯৫তম শুভ জন্মদিন পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৯৫তম শুভ জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ এর সমাধি অঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর জেলার আহবায়ক ও রংপুর মহানগর সভাপতি সিটি মেয়র আলহাজ্ব মোঃ মোস্তফিজার রহমান মোস্তফা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, চেয়ারম্যানের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মোঃ আলা উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর জাপার সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, মোঃ জাহেদুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মাসুদ নবী মুন্না, সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদার রহমান মিলন,মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আনিছুর রহমান আনিস ও কেন্দ্রীয় সদস্য মোঃ আব্দুর রহিম বাবলুসহ জাতীয় পার্টি, রংপুর মহানগর, জেলা এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিছালনা করেন জেলা জাপার যূগ্ম আহবায়ক মোঃ শাফিউল ইসলাম শাফি

Read More »

চালু হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও থেকে এফডিসি গেট সংলগ্ন ডাউন রাম্প

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০ মার্চ, ২০২৪ খৃ. চালু হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও থেকে এফডিসি গেট সংলগ্ন ১ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘের ডাউন রাম্প। এটি নগরবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। আজ বুধবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ এফডিসি গেট সংলগ্ন ডাউন রাম্প উন্মুক্তকরণ অনুষ্ঠানে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী বছরের শুরুতে পুরো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, বিমানবন্দরের কাওলা থেকে, বনানী, ফার্মগেট, কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এ প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার, রাম্পসহ প্রকল্পের মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার। এতে মোট ব্যয় ৮ হাজার ৯৪০কোটি টাকা। বর্তমানে প্রকল্পের অগ্রগতি ৭২.৫১ শতাংশ। অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন করা উচিত নয়। দিবারাত্রি কাজ চলছে। আমরা পদ্মা সেতু মেট্রোরেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছি। বিশ্ব পরিস্থিতিতেও কিছু জটিলতা আছে। যেসব দেশ এসব প্রকল্পের সাথে জড়িত তাদের সাথে আলোচনার এর বিষয়ে আছে। ঘাটে ঘাটে তাদের সাথে আলোচনা করতে হয়। বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে যন্ত্রপাতি আমদানিতে কিছু সমস্যা হয়। আমাদের অনিচ্ছায় প্রকল্প দেরি হচ্ছে- এটা ঠিক নয়। প্রকল্পে অর্থায়ন নিয়েকোন জটিলতা আছে কি না? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ফান্ডিংয়ে জটিলতা থাকলে কাজগুলো হচ্ছে কি করে? রমজানে ঢাকায় যানজট নিয়ে তিনি বলেন, ইফতারের পরে তো যানজট থাকে না। রোজার মাসে কোন কোন সময়ে যানজট হয়। সব সময় থাকে না। যানজট নিরসনে আমাদের সকল পরিকল্পনা এখনো বাস্তবায়ন হয়নি। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হওয়ায় সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। আরো পাঁচটি মেট্রো লাইন বাকি আছে। দুটির কাজ চলমান। এগুলো সম্পন্ন হয়ে গেলে আমরা একটা ইতিবাচক রেজাল্ট পাবো। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তেজগাঁও থেকে এফডিসি গেট সংলগ্ন ডাউন রাম্পে যান চলাচল উন্মুক্ত করেন। এ সময় সড়ক পরিবহন ও মহা সড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে ৪র্থ বিপ্লবের চ্যালেঞ্জ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রধান কার্যালয়ের বিপণন বিভাগের আয়োজনে ও বিসিক রংপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় রংপুরে ৪র্থ বিপ্লবের চ্যালেঞ্জ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল (২০ মার্চ) বুধবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলণ কক্ষে ৪র্থ বিপ্লবের চ্যালেঞ্জ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে করণীয় বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান । অনুষ্ঠানে বিসিক রংপুর জেলা কার্যালয়ের উপ মহাব্যাবস্থাপক মোঃ এহেছানুল হকের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, আলোচকের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি। আরও বক্তব্য রাখেন মুল প্রবন্ধ উপস্থাপক ড. মোঃ মোরশেদ হোসেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Read More »

গঙ্গাচড়ার চাঞ্চল্যকর হত্যাকান্ডের ৩ আসামীকে গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের গঙ্গাচড়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামী বকুল মিয়াসহ ৩ জন আসামীকে ২৪ ঘন্টার মধ্যে নীলফামারীর জলঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩গত ১৮ মার্চ তারিখ রাত্রী রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন বড়বিল মন্থনা দীঘলপাড়া এলাকায় জুয়া খেলার প্রতিবাদ করায় ভিকটিম জুয়েল ইসলাম মাজু’কে হত্যা করা হয়। উক্ত ঘটনাটি এলাকায় বেশ চা ল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায় যে, দীঘলপাড়া এলাকায় ধৃত ০১ নং আসামীর নেতৃত্বে অন্যান্য আসামীরা প্রতিদিনের ন্যায় জুয়ার আসর বসিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সামাজির পরিবেশ নষ্ট করে। উক্ত সময়ে জুয়েল ইসলাম মাজু আসামীদের জুয়া খেলায় বাধা প্রদান করলে ভিকটিম জুয়েল ইসলাম , মাজু’কে এলোপাথাড়ীভাবে মারধর করে ও হত্যার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিম বাজার করার জন্য বড়িবিল মন্থনা বাজারে গেলে আসামীগণ পূর্ব-পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকে। এসময় তারা উপর চরাও হয় এবং এলোপাথাড়ি ভাবে দেশীয় অস্ত্র লাঠিসোঠা দিয়ে মারতে থাকে। মারামারির একপর্যায়ে ভিকটিম জুয়েল ইসলাম মাজু’র শরীর নিথর হয়ে পড়লে আসামীগণ তাকে ফেলে রেখে পালিয়ে চয়ে যায়। স্ত্রী লোক মারফত জানতে পেরে স্থানীয় জনগণের সহায়তায় ভ্যানযোগে রংপুর গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী নিজে বাদী হয়ে গত ১৯ ইং তারিখে আসামীদের রিরুদ্ধে রংপুর জেলার গঙ্গচড়া থানায় ০১টি হত্যা মামলা দায়ের করেন। যারা মামলা নং-২৫, তারিখ-১৯ ধারা-১৪৩/৩৪১/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর পরই আসামীগণ বিভিন্ন স্থানে আত্মগোপন করে। বিষয়টি নিয়ে র‌্যাব-১৩, রংপুর ছায়া তদন্ত শুরু করে।এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর ও সিপিসি-২, নীলফামারী বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ২০/০৩/২০২৪ ইং তারিখ নীলফামারী জেলার জলঢাকা থানাধীন কৈমারী ইউনিয়নের গাবরুম এলাকা হতে হত্যা মামলার ০১নং আসামী মোঃ বকুল মিয়া (৪০), পিতা-মৃত মনছুর আলী, ২য় আসামী মোঃ আব্দুল খালেক (৩৮), পিতা-মোঃ অফিজ উদ্দিন ডাঙ্গা এবং ৫ম নং মোঃ আলাল মিয়া (৪২), পিতা-মৃত ফরহাদ মিয়া, সর্বসাং-বড়বিল মন্থনা, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর’কে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীদেরকে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে

Read More »

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০ মার্চ, ২০২৪ খৃ. পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি শুরু হওয়ার আগেই শ্রমিকদের বোনাস ও মার্চ মাসের বেতন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)-এর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষ্যে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কারখানা ছুটি ঘোষণার পাশাপাশি বকেয়া, মার্চের বেতন ও বোনাস দেওয়া হবে। আজ এক তথ্যবিবরণীতে একথা বলা হয়। সভায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব হোসেন, শ্রম অধিদপ্তরে মহাপরিচালক মোঃ তরিকুল আলম, বিজিএমইএ এর চেয়ারম্যান, স্ট্যান্ডিং কমিটি অন আইএলও এন্ড লেবার অ্যাফেয়ার্স আ ন ম সাইফুদ্দিন, বিকেএমইএ এর সহসভাপতি ফজলে শামীম এহসান, জাতীয় শ্রমিক লীগের নির্বাহী সভাপতি মোঃ আলাউদ্দিন মিয়া প্রমুখ। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই বা লে অফ করতে পারবে না কারখানাগুলো। এক্ষেত্রে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। ঈদকে সামনে রেখে পোশাক খাতে কোনো শ্রমিক অসন্তোষ ঘটবে না উল্লেখ করে নজরুল ইসলাম চৌধুরী বলেন, পোশাক শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা হবে। আমরা কোনো বিশৃঙ্খলা বা ভাঙচুর চাই না। এরই মধ্যে শ্রমিকদের অনেক সমস্যার সমাধান হয়েছে।

Read More »

প্রদীপ কুমার পান্ডে পিএসসির নতুন সদস্য নিয়োগ নিয়োগ পেয়েছেন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : প্রশাসনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগে দিয়েছে সরকার। বিটিআরসি একজন কমিশনারকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া একজন অতিরিক্ত সচিবকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়। জারি করা আদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডেকে ৫ বছরের জন্য পিএসসির সদস্য হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে মো. দেলোয়ার হোসাইনকে অবসর-উত্তর ছুটি ও সুবিধা স্থগিত করে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার ব্যবস্থাপনা ও প্রশাসন হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আরেক আদেশে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইদুজ্জামান খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের একান্ত সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

Read More »

দ্বাদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০ মার্চ, ২০২৪ খ্রি: দ্বাদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ কমিটির সভাপতি এম এ মান্নান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম, মন্ত্রী, ড. শ্রী বীরেন শিকদার, মোঃ শহীদুজ্জামান সরকার, মোঃ আবদুস সবুর, এ কে এম মোস্তাফিজুর রহমান এবং খালেদা বাহার বিউটি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে পূর্ববর্তী বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ শেষে মন্ত্রণালয় ও তার অধীন উচ্চ অগ্রাধিকার প্রকল্পসমূহের তালিকা ও কার্যাবলী অবহিতকরণ এবং পরিকল্পনা কমিশনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়। যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধনের উদ্দেশ্যে ‘মহেশখালি-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম’ শীর্ষক প্রকল্প ও ‘দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত সিংগেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নিমার্ণ’ শীর্ষক প্রকল্পসমূহের সর্বশেষ অগ্রগতি উপস্থাপন করা হয়। দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে প্রকল্পসমূহের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলের ভূমিকা অপরিসীম মর্মে বৈঠকে আলোচনা করা হয়। দেশের বৃহৎ প্রকল্পসমূহ বাস্তবায়ন করায় মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করে দেশের কল্যাণে যুগোপযোগী পরিকল্পনা প্রণয়নের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, আইএমইডি’র সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ পরিকল্পনা মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০ মার্চ ২০২৪ খৃ দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২য় বৈঠক আজ কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোঃ জিল্লুল হাকিম, শফিকুল ইসলাম শিমুল, মুহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ শফিকুর রহমান ও মোছাঃ নুরুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর/২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের গৃহীত কার্যক্রম, যাত্রী সেবা ও টিকিট ব্যবস্থাপনা এবং ধিরাশ্রম কন্টেইনার ডিপো নির্মানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে রাজশাহী রেল স্টেশনে এক তলা ভবনের পাইলিং পরবর্তী নির্মান কাজ বন্ধ থাকার বিষয়টি তদন্তের লক্ষ্যে কমিটির সদস্য মোঃ শফিকুর রহমানকে আহবায়ক, মুহাম্মদ সাইফুল ইসলাম ও মোছাঃ নুরুন নাহার বেগমকে সদস্য করে একটি সাব কমিটি গঠন করা হয়। ট্রেন দূর্ঘটনার কারণ উদঘাটনে ট্রেনের সামনে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো এবং সেন্সর সিস্টেম চালুর মাধ্যমে দূর্ঘটনার পূর্বে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার প্রযুক্তি চালুকরণে বৈঠকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়। ট্রেনের অনলাইন টিকেটিংয়ে সহজ ডট কমের সাথে গৃহীত চুক্তি অনুযায়ী যন্ত্রপাতি সরবরাহের কাজ কত শতাংশ সম্পন্ন হয়েছে তার হালনাগাদ তথ্য আগামী বৈঠকে প্রদান এবং কোম্পানীর সাথে চুক্তি অনুযায়ী বাকি কাজ আগামী ২ মাসের মাঝে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। রেলের জমির পরিমাণ, লিজকৃত জমির পরিমাণ এবং জমিগুলো কিভাবে ও কার মাধ্যমে ব্যবহৃত হচ্ছে তার হালনাগাদ তথ্য আগামী বৈঠকে প্রদানের সুপারিশ করা হয়। বৈঠকে সম্প্রতি কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যূত হওয়ার ঘটনা সরেজমিনে পরিদর্শনের সুপারিশ করা হয়। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নীতিগত সিদ্ধান্ত–স্পীকার

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৯ মার্চ ২০২৪ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এমন একটি গেটওয়ে যা বাংলাদেশের মাধ্যমে নেপাল, ভুটানের মতো ল্যান্ডলক রাষ্ট্রগুলোর সাথে সংযোগ রক্ষাকে সহজতর করবে৷ তিনি বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নীতিগত সিদ্ধান্ত। তিনি আজ জাতীয় সংসদ ভবনস্থ পার্লামেন্ট এলডি হলে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের ওশান পলিসি রিসার্চ ইউনিট কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর: মাতারবাড়ী দ্বারা বঙ্গোপসাগরে নতুন দৃশ্যের সূচনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। বাংলাদেশ ইন্টারপ্রাইজ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট হুমায়ুন কবিরের সঞ্চালনায় কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওশান পলিসি পিস ফাউন্ডেশনের রিসার্চ ফেলো ইমাদুল ইসলাম এবং গবেষক কামরান রেজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. হাইডে সাকাগুচি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি ইওয়ামা এবং জাইকা বাংলাদেশের চীফ রিপ্রেজেনটেটিভ তমোহিডে ইচিগুছি কর্মশালায় বক্তব্য প্রদান করেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে বাংলাদেশসহ পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। এই সমুদ্র বন্দর জলপথের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের সাথে যোগাযোগ সহজতর করার পাশাপাশি ব্যবসায়ীক প্রতিযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। স্পীকার বলেন, এই সমুদ্রবন্দর দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নিকট বঙ্গোপসাগরের গুরুত্ব তুলে ধরবে। তিনি বলেন, মহাসাগরকে ব্যবহারের পাশাপাশি এর টেকসই উন্নয়নের দিকেও মনোযোগী হতে হবে। এসময় স্পীকার এধরনের কর্মশালা আয়োজনের জন্য জাপানের ওশান পলিসি রিসার্স ইন্সটিটিউটকে ধন্যবাদ জানান। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম,চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, রিসার্চ ফেলো, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

Read More »