সর্বশেষ
সর্বশেষ

Day: December 24, 2024

বিচার বিভাগ স্বতন্ত্রীকরণ ও উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বতন্ত্র কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৪ খৃ. : বিচার বিভাগ স্বতন্ত্রীকরণের প্রাতিষ্ঠানিকীকরণ ও উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বতন্ত্র কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে। আজ সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‘বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকল্পে মাসদার হোসেন মামলার রায়ের বাস্তবায়নে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠায় প্রয়োজনীয় আইনি ও কাঠামোগত সংস্কার আনয়নে পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধান বিচারপতি।’ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিচার বিভাগের জন্য স্বতন্ত্র ও পর্যাপ্ত বাজেট বরাদ্দকরণ, অধস্তন আদালতের বিচারকগণের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণসহ বিচার বিভাগে মেধার চর্চার উন্মেষের লক্ষ্যে উচ্চ আদালতের বিচারক নিয়োগে উন্নত দেশসমূহের ন্যায় সুনির্দিষ্ট আইন প্রণয়নের লক্ষ্যে প্রধান বিচারপতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট হতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন সংক্রান্ত প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। প্রস্তাবে সংবিধানের ১০৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে হাইকোর্ট বিভাগ কর্তৃক অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ যথাযথরূপে পালনের উদ্দেশ্যে একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অধ্যাদেশের খসড়া, প্রস্তাবিত সচিবালয়ের অর্গানোগ্রাম এবং রুলস অফ বিজনেস ও এলোকেশন অব বিজনেসের সম্ভাব্য সংস্কার সম্পর্কে পরিপূর্ণ প্রস্তাব প্রেরণ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির ৩ জন কর্মকর্তা আইন ও বিচার বিভাগের সচিবের কক্ষে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণের উপস্থিতিতে সুপ্রিম কোর্ট প্রস্তাবিত বিচার বিভাগীয় সচিবালয়ের বিভিন্ন কৌশলগত বিষয় সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। ফলে, পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের বিষয়টি আরো বেগবান হয়। বর্তমানে বিচার বিভাগীয় সচিবালয় তৈরির বিষয়টি আইন মন্ত্রণালয়ে সক্রিয়ভাবে প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপনের বিষয়ে সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপসমূহ দৃশ্যমান হবে। পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠিত হলে অধস্তন আদালতের বিচারকগণের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলা, ছুটি ইত্যাদি বিষয়ে প্রচলিত দ্বৈত শাসনের অবসান ঘটবে এবং বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হবে।’ ‘বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করার পর ১২ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবীদের উদ্দেশ্যে প্রদত্ত অভিষেক বক্তব্যে এবং বিগত ২১ সেপ্টেম্বর সারা দেশের বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণে বিশেষ গুরুত্ব আরোপ করেন।’ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত রোডম্যাপের ধারাবাহিকতায় ইতোমধ্যে দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগে সুনির্দিষ্ট আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে। প্রতিবেশী দেশসমূহসহ বিশ্বের উন্নত দেশগুলোতে উচ্চ আদালতের বিচারক নিয়োগে যে সকল প্রক্রিয়া অনুসৃত হয় তা গভীরভাবে বিশ্লেষণপূর্বক এ সংক্রান্ত একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করা হয়। এ খসড়া সম্পর্কে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে কর্মরত বিচারপতিবৃন্দের মতামত নেয়া হয়। এই সংক্রান্ত মোট ১৫টি মতামত পাওয়া যায়। মতামতসমূহ নিরীক্ষাপূর্বক সুপ্রিম কোর্টের সুপারিশটি গত ২৮ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। প্রস্তাবে উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য একটি জুডিসিয়াল এপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাব রাখা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশ-ইংল্যান্ড, আয়ারল্যান্ড, কেনিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানে উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন নিরপেক্ষ কমিশন বা অনুরূপ প্রতিষ্ঠান বিদ্যমান রয়েছে। প্রস্তাবে বিচারক পদে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাইক্রমে রাষ্ট্রপতির নিকট সুপারিশ করার জন্য একটি ‘জুডিসিয়াল এপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠনের কথা বলা হয়েছে। বাংলাদেশের প্রধান বিচারপতির সভাপতিত্বে উক্ত কাউন্সিলের মোট সদস্য সংখ্যা হবে ১০ জন। প্রধান বিচারপতি ওই কাউন্সিলের চেয়ারম্যান হবেন। কাউন্সিলের সদস্যগণ হবেন- আপিল বিভাগের কর্মে প্রবীণতম জ্যেষ্ঠ বিচারক, আপিল বিভাগের কর্মে প্রবীণতম দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারক, হাইকোর্ট বিভাগের কর্মে প্রবীণতম জ্যেষ্ঠ বিচারক, অধস্তন আদালতের বিচারক হতে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত হয়েছেন এরূপ বিচারকগণের মধ্য হতে কর্মে প্রবীণতম জ্যেষ্ঠ বিচারক, বাংলাদেশের এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের একজন আইনের অধ্যাপক এবং দুইজন নাগরিক প্রতিনিধি। প্রস্তাবটিতে নাগরিক প্রতিনিধি নিযুক্ত করার নিয়ামাবলী সম্পর্কে বলা হয়েছে যে, কাউন্সিলের শিক্ষক সদস্য ব্যতিরেকে অন্যান্য সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত অনুসারে প্রণীত বিধি মোতাবেক কিংবা এরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত কাউন্সিলের চেয়ারম্যানের লিখিত আদেশ অনুসারে দুই বছরের জন্য নাগরিক সদস্যগণ নিযুক্ত হবেন। সুপ্রিম কোর্টের বিচারক পদে উপযুক্ত প্রার্থীকে সুপারিশ প্রদানসহ কাউন্সিলের যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহিত হবে মর্মে প্রস্তাবে উল্লেখ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৯৫ ও ৯৮ অনুচ্ছেদের অধীনে বিচারক নিয়োগে সুপারিশ প্রদান করার জন্য রাষ্ট্রপতি কর্তৃক অনুরোধ জ্ঞাপন করা হলে কাউন্সিল সম্ভাব্য প্রার্থীগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করবে। কাউন্সিল প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের বিষয়ে মতামত বা পরামর্শ গ্রহণের জন্য সংশ্লিষ্ট যে কোন ব্যক্তিকে কাউন্সিলের সভায় আহ্বান করতে পারবে বা যে কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানকে কাউন্সিল কর্তৃক চাহিদাকৃত তথ্য উপস্থাপনে নির্দেশ প্রদান করতে পারবে মর্মে প্রস্তাবে উল্লেখ রয়েছে।

Read More »

রংপুরে নারী নির্যাতন প্রতিরোধে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আন্তজাতিক জেন্ডার ভিত্তিক সহিয়সতা প্রতিরোধে পক্ষকাল ২০২৪ উপলক্ষে ”সোচ্চার” প্রকল্পের অধীনে রংপুরে নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেফ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনালের আয়োজনে গতকাল সোমবার (২৩ ডিসম্বর) সকাল ১১টায় নগরীর আরকে রোডস্থ এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে আলোচনা সভায় ফিডা এর নির্বাহী পরিচালক ফিরোজা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক জিলুফা সুলতানা । বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় স্থানীয় সকারের উপ পরিচালক রিয়াজ উদ্দিন, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মইনুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর রংপুরের উপ পরিচালক আকহিরুল ইসলাম, কেনাস এর প্রতিনিধি মাহফুজুল ইসলাম, ফিডা এর পরিচালক ফিরোজ পাশা, মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুর এর উপ পরিচালক সোলোয়ারা বেগম সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

সেবা প্রদানে অনিয়মের অভিযোগে ৪টি স্থানে দুদকের অভিযান

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগে দেশের ৪টি স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, আজ দুদকের ৪টি টিম এসব অভিযান চালায়। তিনি জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে। অভিযানকালে টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরী বিভাগে সেবাগ্রহীতাদের সাথে কথা বলে এবং দালালের উপস্থিতি শনাক্ত করে। পরবর্তীতে টিম বিভিন্ন ওয়ার্ডে ভর্তিরত রোগীদের সাথে কথা বলে নানা অনিয়মের তথ্য পায়। ওই হাসপাতালের ওয়ার্ডবয় কর্তৃক আর্থিক সুবিধার বিনিময়ে কম্বল, বালিশ, ট্রলি এবং হুইল চেয়ার সরবরাহ হয় মর্মে টিম জানতে পারে। এনফোর্সমেন্ট টিম ঔষধ স্টোর, প্যাথলজি বিভাগ, খাবার ব্যবস্থাপনাসহ অন্যান্য সংশ্লিষ্ট রেজিস্ট্রার পর্যালোচনা করে অনিয়মের বিষয় প্রত্যক্ষ করে। টিম কর্তৃক প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে হাসপাতালের পরিচালককে অবহিত করা হলে তিনি কিছু বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন এবং অবশিষ্ট অভিযোগসমূহের বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করবেন বলে দুদক টিমকে আশ্বস্ত করেন। এ ছাড়া দিনাজপুর পৌরসভার অন্তর্গত এলজিইডি এবং দিনাজপুর সদর পৌরসভার বাস্তবায়িত ৮টি রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। টিম দিনাজপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং দিনাজপুর সদর পৌরসভা থেকে অভিযোগে বর্ণিত প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে। পরবর্তীতে টিম নিরপেক্ষ প্রকৌশলী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ রাস্তাগুলো সরেজমিন পরিদর্শন করে এবং প্রাক্কলন অনুযায়ী রাস্তার দৈর্ঘ্য, প্রস্থ, কার্পেটিং, ডব্লিউএমএম এবং সাব-বেইজের পুরুত্ব পরিমাপপূর্বক নমুনা সংগ্রহ করে। সরেজমিনে পরিদর্শনে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের কাছে প্রতীয়মান হয়েছে। টিম সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা এবং সংগৃহীত নমুনা পরীক্ষার ফলাফল প্রাপ্তিসাপেক্ষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। আকতারুল ইসলাম জানান, নারায়নগঞ্জ-এর বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স, লার্নার কার্ড, ফিটনেস সনদ ও অন্যান্য সেবা প্রদানে দালালের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রাক্কালে  দুদক টিম ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সাথে কথা বলে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানকে দুদক টিম কর্তৃক পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও এনফোর্সমেন্ট টিম বিআরটিএ, নারায়ণগঞ্জ জেলার চলমান পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শনপূর্বক সেবাপ্রার্থীদের মতামত গ্রহণ করে। এদিকে জামালপুর সদরের কাশারুপাড়া ইঞ্জিনিয়ার নূরুল আমীন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকের বিরুদ্ধে এতিম ছাত্রদের ক্যাপিটেশন গ্রান্ট এবং এফডিআর এর ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের জামালপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম ওই প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শনপূর্বক সংশ্লিষ্ট ব্যক্তিদের জিঙ্গাসাবাদ করে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্রসমূহ পূর্ণাঙ্গরূপে বিশ্লেষণসাপেক্ষে টিম কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।

Read More »

লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে আমেরিকা প্রবাসী লায়ন আসিফ বারীকে সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে রংপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী লায়ন আসিফ বারি (ফাস্ট ডিষ্ট্রিক গভর্নর – ডিষ্ট্রিক ২০-জ২ নিউইয়র্ক আমেরিকা) ও তার সহধর্মিনী লায়ন মুনমুন এইচ বারি ( ডাইরেক্টর নিউইয়র্ক আমেরিকা) কে সংবর্ধনা ও মতবিনিম সভা অনুষ্ঠিত হয়। রবিবার রাতে নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স ক্লাব কার্যালয়ে অনুষ্ঠানে সংবর্ধিত লায়ন আসিফ বারি তার বক্তব্যে লায়নিজামের নানান দিক তুলে ধরেন। এ সময় তিনি লায়ন্স ক্লাব অব রংপুরের বিভিন্ন সেবা কার্যক্রমের সাথে একাত্ততা ঘোষনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট ড. সঞ্জিত কুমার সরকার দুরন্ত’র সভাপতিত্বে ও ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব রংপুরের পরিচালক নর্থ বেঙ্গল কো অডিনেটর লায়ন এনামুল হক সোহেল, লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারী লায়ন শরীফুল ইসলাম বাবু। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব ডিরেক্টর লায়ন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, লায়ন মেজর (অবঃ) নাসিম উদ্দিন, লায়ন জেবুন্নেসা জেবিন, লায়ন অনিন্দ্য আউয়াল, লায়ন মোয়াজ্জেম হোসেন কিন্তু, লায়ন কানিজ মোয়াজ্জেম, লায়ন নুরজ্জামান, লায়ন জয়েল আহমেদ, লায়ন আরমান হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুর ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বর্ণিল সমাপনী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শেষ হয়েছে রংপুর ক্যাডেট কলেজের ৪৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী দিবসের ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণী। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে কলেজ মাঠে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে বেলা আড়াইটা থেকে শুরু হয় প্রতিযোগিতার সমাপনী ক্রীড়ানুষ্ঠান। এতে ক্রীড়াবিদদের কুচকাওয়াজ, বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত খেলা, মনোজ্ঞ ডিসপ্লে (প্রদর্শনী), বালিশ বদল ও রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ পর্বে বক্তব্য রাখেন রংপুর ক্যাডেট কলেজ অধ্যক্ষ লে. কর্ণেল মো. আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. সেলিম হোসেন, এ্যাডজুটেন্ট মেজর মো. সাইদুল হক, মেডিকেল অফিসার মেজর মো. শাফাত চৌধুরী। এছাড়াও অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি, অনুষদ সদস্য, কর্মচারী ও ক্যাডেটবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, সেনাসদর এজি শাখা (সমন্বয়) কর্তৃক পরিচালিত দেশের ক্যাডেট কলেজগুলোতে অভিন্ন পরিবেশে শিক্ষার্থী ক্যাডেটরা হয়ে ওঠে চৌকষ, নিষ্ঠাবান ও নিয়মানুবর্তী। দেশের সাধারণ শিক্ষাব্যবস্থার মাঝে থেকেও এখানে সামরিক প্রশিক্ষণ এবং খেলাধুলাসহ সহশিক্ষামূলক কার্যক্রমকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়। ফলে ক্যাডেট কলেজ থেকে শিক্ষা অর্জন করে প্রাক্তন ক্যাডেটরা সামরিক বাহিনীসহ দেশে ও বিদেশে বিভিন্ন পেশায় তাদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। পরে প্রধান অতিথি সারা বছর ধরে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতাসহ আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন। আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর হাউস বিজয়ী ও ওমর ফারুক হাউস উপবিজয়ী এবং ২০২৪ সালে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর হাউস সার্বিকভাবে বিজয়ী হাউস ও তিতুমীর হাউস সার্বিকভাবে উপবিজয়ী হাউস হওয়ার গৌরব অর্জন করে। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় এবারও ব্যানার ও পতাকায় সুসজ্জ্বিত ছিল কলেজ ক্যাম্পাস। কুয়াশা ঢাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা নামার আগ পর্যন্ত ৪ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় প্রাণোচ্ছল হয়ে ক্যাডেটরা ছিল নির্মল আনন্দে উদ্বেলিত ও উজ্জীবিত। এই পুরো আয়োজনের মধ্য দিয়ে ক্যাডেটরা দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার শপথে প্রত্যয়দীপ্ত হয়। এর আগে গত ১৯ ডিসেম্বর রংপুর ক্যাডেট কলেজর ৪৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়।

Read More »

একনেকে ১ হাজার ৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ ১ হাজার ৯৭৪ কোটি ৩০ লাখ টাকার ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৬৪২ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৩১ কোটি ৩২ লাখ টাকা। প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পসমূহ হলো: নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদী বন্দর নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প’, কৃষি মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ‘আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্প’ ও ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘অর্থনৈতিকভাবে জীবনচক্র হারানো রাবার গাছ কর্তন, পুনঃবাগান সৃজন ও রাবার প্রক্রিয়াকরণ আধুনিকায়ন প্রকল্প’, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প ‘ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের জন্য ৬০ এমএমএসসিএফডি ক্ষমতা সম্পন্ন প্রসেস প্লান্ট সংগ্রহ ও স্থাপন প্রকল্প’, ‘রশিদপুর-১১ নং কুপ (অনুসন্ধান কুপ) খনন প্রকল্প’ ও ‘২ডি সাইসমিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক ৭ এন্ড ৯ প্রকল্প’, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন প্রকল্প’ এবং রেলপথ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ‘বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (৪র্থ সংশোধিত) প্রকল্প’ ও ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (৩য় সংশোধিত) প্রকল্প’। এছাড়া, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার’ (১ম পর্যায়) প্রকল্পটি বাতিলের জন্য একনেক সভায় উপস্থাপন করা হয়েছিল এবং প্রকল্পটি বাতিল করার জন্য অনুমোদন প্রদান করা হয়েছে। একনেক সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফয়ের সময় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য জানান। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভায় উপস্থিত ছিলেন।

Read More »