সর্বশেষ
সর্বশেষ

Day: March 23, 2025

রংপুরে ১৮ নং ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ১৮ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । গতকাল (২৩ মার্চ) রবিবার বাদ আছর নগরীর মুন্সিপাড়া কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু। বিশেষ অতিথি ছিলেন রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও রংপুর মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আফতাব উদ্দিন, রংপুর মহানগর মহিলা দলের সভাপতি এ্যাড. রেবেকা সুলতানা ফেন্সি, রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জিল্লর রহমান জেমস, রংপুর মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ সেলিম চৌধুরী, ডাঃ নিখিলেন্দ্র সংকর গুহরায়। এ সময় উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কাজী মোঃ আদম পেনন, সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার সফিকুল ইসলাম মিঠু, বিএনপি নেতা সাইফুল সরকার সম্পু, আবু আলী মিঠু, কোরবান শিকদার আপেল, একেএম হারুনুর রশিদ, হাসানুজ্জামান সরকার, বোয়দুর রহমান রতন, হামিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

আ. লীগ – জাপাকে বাদ দিলে অর্ধেক জনগণ বাইরে থাকবে, নির্বাচন সুষ্ঠু হবে না: জিএম কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে দেশের অর্ধেক জনগণ ভোটের বাইরে থাকবে। ফলে সেই নির্বাচন কোনোভাবেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হতে পারে না। প্রতিটি রাজনৈতিক দলকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জিএম কাদের আরও বলেন, এখন পর্যন্ত উত্তরপাড়ার রাজনীতিতে হস্তক্ষেপের কোনো তথ্য তাদের কাছে নেই। তবে নাগরিকদের নানা সংকটের মুখে পড়তে হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় সেনাবাহিনীর উপস্থিতিতে মানুষ কিছুটা হলেও নিরাপত্তা পেয়েছে। জনগণের এখন একমাত্র ভরসা সেনাবাহিনী, কারণ বিপদের সময় তারা অন্তত পাশে দাঁড়ায়। তাই সেনাবাহিনীর ব্যাপারে নেতিবাচক মন্তব্য করা বা তাদের কার্যক্রমে বাধা দেওয়া জনস্বার্থের বিপরীতে যাবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা জনসমক্ষে থাকো, যাতে মানুষ তোমাদের ভুলে না যায়। কেউ ষড়যন্ত্র করে আমাদেরকে দুর্বল করতে চাইলে, আমরা জীবন দিয়ে হলেও প্রতিরোধ গড়ে তুলব। যেখানে বাধা আসবে, সেখানেই রুখে দাঁড়াব।” গ্রেফতার প্রসঙ্গে কথা বলতে গিয়ে জিএম কাদের বলেন, ঢাকায় গেলে তাকে গ্রেফতারের আশঙ্কার কথা কেউ কেউ জানিয়েছেন। তবে তিনি গ্রেফতারের ভয় করেন না। তিনি বলেন, “রংপুরের মানুষ গড্ডালিকা প্রবাহে গা ভাসায় না। অতীতেও তারা এরশাদ সাহেবকে রক্ষা করেছে। আমাদের ইতিহাস নুরুল দিনের ইতিহাস। আবারও রংপুর থেকেই আন্দোলন শুরু হবে।” ইফতার মাহফিলের আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রসিকের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এতে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Read More »

বর্তমানে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে – জোনায়েদ সাকি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। শুধু আওয়ামী লীগ নয়, এই দলকে যারা সমর্থন করেছে সবার বিচার হতে হবে। তিনি বলেন, বর্তমানে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। একইসঙ্গে এই দলের দায় কতটুকু তা খতিয়ে দেখতে বিচার শুরু করতে হবে। গতকাল (২৩ মার্চ) রবিবার সন্ধ্যায় রংপুর নগরীর কামালকাছনা জিএলরায় রোডস্থ রুপকথা কমিউনিটি হলে গণসংহতি আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী যেই ক্ষমতায় আসে, সেই নিজেদের মত করে দেশ পরিচালনা করে থাকেন। তাতে জনগণের অধিকার রক্ষা হয়না। তিনি বলেন, সংবিধান হবে গণতান্ত্রিক সংবিধান। যে সংবিধানের মাধ্যমে দেশ পরিচালিত হলে সবাই ন্যায্য অধিকার পাবে। এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখার আহবায়ক তৌহিদুর রহমান, সদস্য সচিব মুফাখখারুল ইসলাম মুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

ইসলামি সংস্কৃতির সঙ্গে পৃথিবীর ২০০ কোটি মানুষের সংস্কৃতি জড়িত – ধর্ম উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত তাৎপর্যবহ। ইসলামি সংস্কৃতির সঙ্গে পৃথিবীর ২০০ কোটি মানুষের সংস্কৃতি জড়িত। রাজধানীর একটি অভিজাত হোটেলে এটিএন নিউজ আয়োজিত ‘ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড-২০২৫’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ‘সংস্কৃতি হলো একটি জাতির শিকড়। এটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে শিকড় থেকেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া।’ তিনি আরও বলেন, ‘আমরা অনেকেই মনে করি কেবল সুরের লহরি, ছায়াছন্দের ঝংকার ও নৃত্যের তালই সংস্কৃতি। এটা সত্য নয়, এটা আংশিক সত্য। কোনও জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, ধর্মীয় বিশ্বাস, জীবনধারাই সংস্কৃতি।’ ইসলামি সংস্কৃতি ও মূল্যবোধকে জাগ্রত করার ওপর গুরুত্ব আরোপ করে ড. খালিদ হোসেন বলেন, ‘এদেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলমান। এই বৃহৎ জনগোষ্ঠীর সংস্কৃতিকে আমরা জলাঞ্জলি দিতে পারি না। আমাদের এই সংস্কৃতি ও মূল্যবোধকে জাগ্রত করতে হবে।’ এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক মো. মোশাররফ হোসেন। পরে উপদেষ্টা ইসলামিক অলিম্পিয়াডে ২০২৫ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি গ্রুপে মোট ৯ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি দেওয়া হয়। এটিএন নিউজ দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করে। তথ্য সুত্রে.

Read More »

ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে : সড়ক সচিব

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : গাজীপুর, ৮ চৈত্র (২২ মার্চ, ২০২৫ খৃ.- ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক। আজ গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত বিআরটি বাস ডিপোতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি ও তথ্য অধিকার সংক্রান্ত অংশীজন সভায় সড়ক সচিব এ মন্তব্য করেন। এহছানুল হক বলেন, সামনের ঈদে প্রচুর মানুষ ঢাকা ছেড়ে ঈদ উদ্‌যাপন করতে নিজ নিজ গন্তব্যে রওনা দেবেন। মানুষের এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক বিভাগ থেকে ইতোমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তাগুলো মেরামত ও সংস্কারের কাজ চলমান, অযাচিত বাস ভাড়া নিয়ন্ত্রণে বাস মালিক সমিতির সাথে কার্যকর আলোচনা হয়েছে এবং চাঁদাবাজি ও সড়কে ডাকাতি প্রতিরোধে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ তৎপর রয়েছে বলে জানান তিনি। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সড়কে আইন-শৃঙ্খলা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি। সড়কে শান্তি ও শৃঙ্খলা ফেরাতে অংশীজন সভায় আগত অতিথিদের পরামর্শ ও মতামত সাদরে গ্রহণ করা হবে বলে সড়ক সচিব আরো জানান, সড়ক বিভাগের ব্যাপারে অনেকের অভিযোগ আছে, তবে আমরা সাধ্যমত চেষ্টা করছি রাস্তায় শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য যাতে করে মানুষ নির্বিঘ্নে এবারের ঈদ পালন করতে পারে। এ সময় সভায় আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ ইয়াসীন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অনুপম সাহা, সড়ক ও জনপথ অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। এছাড়াও সভায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ, বাস মালিক সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ ও ছাত্র সমাজের প্রতিনিধিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

মানসম্মত শিক্ষা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ময়মনসিংহ, ৮ চৈত্র (২২ মার্চ): প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, মানসম্মত শিক্ষা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য শিশুদের সক্ষম করে তোলা। শিক্ষকরা শিশুদেরকে মুখস্থ না করিয়ে তারা যেন মাতৃভাষায় বলতে, পড়তে, লিখতে ও গণিত করতে পারে সে বিষয়টি নিশ্চিত করবেন। যদি শিশুরা পারে তাহলে বুঝবেন আপনি সর্বোচ্চ করে দিয়েছেন। এরপর সে নিজে নিজেই সর্বোচ্চ পর্যায়ে লেখাপড়া করতে পারবে। প্রধান শিক্ষক তার স্কুলের শিক্ষার মানোন্নয়নে লক্ষ্য ঠিক করবেন। শিশুদের লক্ষ্য হবে সে যেন মাতৃভাষায় লিখতে পড়তে বলতে পারে, গণিত করতে পারে, কিছুটা ইংরেজি পারে। আমরা সহায়তা করব। মাতৃভাষায় দক্ষ হলে সহজেই ইংরেজিসহ বিদেশি ভাষা শিখতে পারবে। শিক্ষকের দায়িত্ব পড়াশোনার মান বৃদ্ধি করা, তাহলে অনেক সমস্যা কেটে যাবে। সকলে নিজ নিজ ক্ষেত্রে উদ্যোগী হলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করতে পারব। উপদেষ্টা আজ ময়মনসিংহের টাউন হলস্থ তারেক স্মৃতি অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষার জন্য ভৌত অবকাঠামোর উন্নয়ন দৃশ্যমান। সে অনুযায়ী প্রাথমিক শিক্ষার মান বাড়ছে না, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। স্বাধীনতা পরবর্তী সময়ে প্রাথমিক স্কুল ছাড়া অন্য কোথাও যাওয়া সম্ভব ছিল না। এখন কিন্ডারগার্টেন, মাদ্রাসা হয়েছে। মানুষ কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় শিশুদের পড়াচ্ছে। আমরা প্রাথমিকে বিনাবেতনে পড়াচ্ছি, বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি- তারপরও অভিভাবকরা তাদের শিশুদের পয়সা খরচ করে অন্যখানে কেন পড়াচ্ছেন? আমাদের প্রাথমিক শিক্ষার অবকাঠামো ভালো, শিক্ষকরা মানসম্পন্ন, পড়াশোনায় অগ্রসর, বেতনকাঠামো ভালো, চাকরির নিশ্চয়তা আছে। অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে এসব সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে কম। তারপরও অভিভাবকরা কেন তাদের শিশুদের অন্য বিদ্যালয়ে পড়াবেন? প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমস্যা কোথায়? কিভাবে উন্নয়ন করতে পারি-সে বিষয়ে সুনির্দিষ্ট মতামত দরকার। বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসক মফিদুল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ। তথ্য সুত্রে.

Read More »

সাংবাদিকতা পেশাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে : তথ্য উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে।  শনিবার রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার এবং অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  উপদেষ্টা বলেন, ঢাকা শহরের সাংবাদিকদের মানবেতর জীবনযাপন করতে হয়। আমি নিজেও সাংবাদিকতা করার চেষ্টা করেছি। তখন দেখেছি যে, ১০ হাজার, ১১ হাজার, ১২ হাজার টাকা বেতনের কথা বলে। এই ১০ হাজার, ১২ হাজার টাকা বেতনে সাব-এডিটর বা নিউজ রুম এডিটরের কাজ। এই টাকা দিয়ে ঢাকা শহরে একটা পরিবার তো দূরের কথা একটা ফ্লাট ভাড়াও পাওয়া যাবে না। সাংবাদিকদের কল্যাণ অনুদান প্রদানকে একটি আপৎকালীন ব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা থাকলে কল্যাণ অনুদান প্রদানের হয়তো প্রয়োজন হতো না। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত সাংবাদিক স্বার্থসংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার। উপদেষ্টা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মপরিধি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, সাংবাদিকদের কল্যাণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। গুজব ও অপপ্রচার মোকাবিলায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থ সংরক্ষণ করে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে।  বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সাংবাদিক মুহাম্মদ খায়রুল বাশার, সাজিদ আরাফাত ও মীর মুশফিক আহসান। অনুষ্ঠানে ৩৭৪ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। এর মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার রয়েছে ১১টি। অনুদানপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত সাংবাদিক রয়েছেন ১৯২ জন।

Read More »

বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব অন্তর্বর্তী সরকার অতিদ্রুত কার্যকরের উদ্যোগ নেবে- প্রধান উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে পাওয়া সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যে সব এখনই বাস্তবায়নযোগ্য, সেগুলো অন্তর্বর্তী সরকার অতিদ্রুত কার্যকরের উদ্যোগ নেবে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তরকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘সংস্কার প্রস্তাবের মধ্যে যে সব এখনই বাস্তবায়ন করা সম্ভব সেগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করে ফেলতে চাই। সে জন্য আমি চাইবো সংস্কার কমিশন আশু করণীয় বা দ্রুত বাস্তবায়ন করা যায় এমন সুপারিশগুলো তাড়াতাড়ি আলাদাভাবে আমাদের কাছে পেশ করুক।’ সিনিয়র সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশনের কাজকে অমূল্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা এ প্রতিবেদন যেন বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীসহ অন্যান্য মানুষ পড়তে পারে সে লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন। দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো একটি নির্দিষ্ট স্যাটেলাইট ব্যবহারে বাধ্য বলে বিদেশ থেকে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখা যায় না, কমিশনের পক্ষ থেকে এমন তথ্য পাওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা দেখতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।’ কমিশন প্রধান কামাল আহমেদসহ অন্যান্য সদস্য প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন। কমিশনের অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীন, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটকো) প্রতিনিধি মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সচিব আখতার হোসেন খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির, ডেইলি স্টারের বগুড়া জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

Read More »

রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের আয়োজনে আলোচনা সভায় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (২২ মার্চ) রংপুর প্রেসক্লাব সংলগ্ন রংপুর কার্যালয়ে আলোচনা সভায় ও ইফতার মাহফিল অনুষ্ঠানে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি মোঃ আমিন উদ্দিন বিএসসি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সাদেক জিহাদী, যাগ্ম সাধারণ সম্পাদক এবিএম মসিউর রহমান, সহ সম্পাদক সাদেকুর রহমান, সদস্য সার্জেন্ট (অবসর) আতিয়ার রহমান, মোঃ হাবিবুল হক উজ্জাল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা অবিলম্বে রংপুর প্রদেশ গঠন সহ দেশে ৯টি প্রদেশ ঘোষণা, দুই কক্ষ পার্লামেন্ট, প্রদেশিক পার্লামেন্ট, প্রদেশিক সারকার, ফেডারেল সরকার ও এক ব্যাক্তির দুই ভোট বাস্তবায়নের দাবি জানান।

Read More »

জিয়া পরিষদ রংপুর জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জিয়া পরিষদ রংপুর জেলা শাখার আয়োজনে ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (২২ মার্চ) রবিবার বাদ আছর নগরীর মুলাটোল কোতয়ালী থানা সংলগ্ন পুলিশ কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় জিয়া পরিষদ রংপুর জেলা শাখার আহবায়ক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আফসারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনিছুর রহামান লাকু। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মোঃ রোকনুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ মিঠাপুকুর শাখার সভাপতি মোঃ মসিউর রহমান লেবু, জিয়া পরিষদ বদরগঞ্জ শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, জিয়া পরিষদ গংগাচড়া শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান , জিয়া পরিষদ তারাগঞ্জ শাখার আহবায়ক মোঃ সাজু আহমেদ, জিয়া পরিষদ কাউনিয়া শাখার সভাপতি মোঃ মোবাশ্বেরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Read More »