
নবাগত রংপুর জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নবাগত রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সঙ্গে রংপুরে কর্মরত স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে রংপুর জেলা প্রশাসন। সভায় শুরুতেই জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পৃথকভাবে পরিচিত হন এবং তাদের পেশাগত পরিচয় সম্পর্কে অবগত হন। পরে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন। এ সময় তিনি জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা তাদের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তথ্যপ্রাপ্তি সহজীকরণ, নির্ভুল ও সময়োপযোগী তথ্য সরবরাহ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতামত দেন। সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও দাবি জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন। এর মধ্যে দীর্ঘদিন অবহেলিত স্যামাসুন্দরী খাল সংস্কার, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর অনিয়ম দূর করে সেবার মান উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এছাড়া ১০০ শয্যার শিশু হাসপাতাল উদ্বোধনের পরও কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা। একই সঙ্গে রংপুর প্রেসক্লাব-এর চলমান জটিলতা নিরসনে জেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করা হয়। সাংবাদিকদের পেশাগত কার্যক্রম নির্বিঘ্ন করতে পেট্রোল পাম্পে অতিরিক্ত ভিড়ের কারণে সংবাদকর্মীদের জন্য আলাদা তেল সরবরাহ ব্যবস্থার দাবি জানানো হয়। পাশাপাশি জরুরি সংবাদ সংগ্রহের স্বার্থে জেলা প্রশাসকের সঙ্গে সহজে সাক্ষাৎ কিংবা মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।













