সর্বশেষ
সর্বশেষ

Day: August 22, 2026

রংপুর মেট্রোপলিটন পুলিশের ২৪ ঘণ্টার পৃথক অভিযানে১৯ জন গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গত ২৪ ঘণ্টার পৃথক অভিযানে মাদক, অনলাইন জুয়া, নিয়মিত মামলা ও গ্রেফতারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। শনিবার আরপিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা ও ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সেবন ও অনলাইন জুয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে একজনের কাছ থেকে ইয়াবা, একজনের কাছ থেকে হেরোইন এবং অপর একজনের কাছ থেকে অনলাইন বেটিংয়ে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। হাজিরহাট থানা পুলিশ একটি হত্যা চেষ্টা ও মারধরের মামলার এক আসামিকে গ্রেফতার করে। একই সময়ে কোতয়ালী থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করে। হারাগাছ থানা পুলিশের অভিযানে পাঁচটি ওয়ারেন্টভুক্ত মামলার এক আসামি এবং মাদক সেবনের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়। তাজহাট থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানা, নিয়মিত মামলা, সন্দেহজনক ঘোরাফেরা, মাদক সেবন এবং ইয়াবা উদ্ধারের ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিনজনের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৭ হাজার ৮৫০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে মাহিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। আরপিএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগর পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। রংপুর মেট্রোপলিটন পুলিশ বলেছে, মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Read More »

রংপুরে বিএনপির মিছিল মির্জা ফখরুল ও রিজভীকে শুভেচ্ছা জানিয়ে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মির্জা ফখরুলৃ ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা মিছিল করেছে রংপুর মহানগর বিএনপিতা। শনিবার (২২ আগস্ট) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী ডন নেতৃত্ব দেন। এরপর দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, উত্তরবঙ্গের কৃতিসন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং ত্যাগী নেতা রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত। আমরা মনে করি প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য ও ত্যাগী ব্যক্তিদের যোগ্যস্থানের জন্য নির্বাচন করেছেন। রংপুর দীর্ঘদিন থেকে উন্নয়নবঞ্চিত। এ অঞ্চলে বেকারত্বের হার বেশি। তাই আগামী দিনে রাষ্ট্র ও দলের শীর্ষ দুই ব্যক্তি রংপুরের উন্নয়নে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা রইলো।

Read More »

মন্ত্রিসভায় দপ্তর বণ্টন ও রদবদল করে প্রজ্ঞাপন জারি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, সরকারের নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন এবং ১ মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তরের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন। গেজেট অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা হলেন- ড. আবদুল মঈন খান : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এম রশিদুজ্জামান মিল্লাত : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সাচিং প্রু জেরি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আন্দালিব রহমান : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আফরোজা খানম : খাদ্য মন্ত্রণালয় (পূর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন)। প্রতিমন্ত্রীরা হলেন- হুমায়ুন কবির : পররাষ্ট্র মন্ত্রণালয়। মোহাম্মদ শামীম কায়সার : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা প্রজ্ঞাপনসমূহের অন্যান্য বিষয়াবলি অপরিবর্তিত থাকবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। সুত্র. বাসস/এলভি

Read More »

বাংলাদেশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। প্রথমে জাতীয় সঙ্গীত এবং পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এ শপথ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে দরবার হলের সামনের সারিতে বসেন। অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া, মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম, দুই মেয়ে মির্জা শামারুহ ও মির্জা সাফারুহ এবং তাদের স্বামীদের পাশাপাশি তার দুই ভাই মির্জা ফয়সাল আমিন ও মির্জা রুহুল আমিন উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ২৫৫ ভোট এবং অলি আহমদ ৮৮ ভোট পান। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ছয়জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি। ভোট দিতে না আসা ছয়জনের মধ্যে রয়েছেন বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস, মোস্তফা কামাল পাশা ও ডা. মুহাম্মদ ওসমান ফারুক, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ওইদিন রাতে নির্বাচন কমিশন (ইসি) মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে। সুত্র. ইউএনবি/এলভি

Read More »

রাজশাহী কলেজ উত্তরাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির ধারক ও বাহক -ভূমিমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী কলেজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি উত্তরাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির ধারক ও বাহক। তিনি আরো বলেন, রাজশাহী কলেজ আমাদের সবার মা। মায়ের সন্তানের মতো এ প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান সব শিক্ষার্থীকে এক ছাতার নিচে এনে দেড়শত বর্ষ উদ্‌যাপন করতে হবে। ১৫০ বছর উদ্‌যাপন এবং প্রাক্তন শিক্ষার্থীদের এ পুনর্মিলনী অনুষ্ঠান বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরি করবে। এ আয়োজন হবে ঐক্য, ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব। মন্ত্রী আজ ঢাকায় হেয়ার রোডে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ ১৫০তম বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দীর্ঘ ১৫০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের মধ্যদিয়ে এ প্রতিষ্ঠান বহু প্রখ্যাত ব্যক্তিত্ব তৈরি করেছে। দেশ-বিদেশে থাকা সকল প্রাক্তন শিক্ষার্থীকে নিবন্ধনের মাধ্যমে এতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। প্রয়োজনে মহাদেশ ভিত্তিক অ্যালামনাসদের নিয়ে কমিটি করে এ ঐতিহাসিক এই মিলনমেলাকে স্মরণীয় করে রাখতে হবে। তিনি আরো বলেন, কলেজের দেড়শত বর্ষ উদ্‌যাপনকে আগামী প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে স্মারক ভাস্কর্য তৈরি করা হবে। এ প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ইতিহাস শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমানভাবে সমাদৃত। তাই দেড়শত বর্ষ উদ্‌যাপন হবে রাজশাহী কলেজ পরিবারের সব প্রজন্মের এক মহামিলনের উৎসব। ভূমিমন্ত্রী বলেন, সরকারের সহযোগিতায় রাজশাহী কলেজে আধুনিক বহুতল একাডেমিক ভবন, অত্যাধুনিক অডিটোরিয়াম, ছাত্র ও ছাত্রীদের জন্য নতুন আবাসন এবং ঐতিহাসিক খেলার মাঠের উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী- ৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন, দুদক সচিব মো: সাইদুর রহমান খান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট ও সাবেক স্বরাষ্ট্র সচিব এস.এম. জহুরুল ইসলাম। এছাড়া, বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More »

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষের রংপুর বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মাতৃভাষা বাংলা নিয়ে দেশের অন্যতম বৃহৎল মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সপ্তম বর্ষের রংপুর বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বাছাই শেষে রংপুর বিভাগের সেরা বাংলাবিদরা ঢাকায় অনুষ্ঠিতব্য মূলপর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বাছাইপর্বে বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা ভাষা, বানান ও এর সঠিক ব্যবহার ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সপ্তমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করেছে ইস্পাহানি টি লিমিটেড। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ এবং প্রথিতযশা আবৃত্তিশিল্পী মাহীদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন চ্যানেল আইয়ের তাহের শিপন। পরে নির্বাচিত প্রতিযোগীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান। এছাড়া সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় সেরা তিনজনের হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক (রংপুর) মোহাম্মদ শাহাদাত হোসেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন এবং ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে বিভাগীয় সেরা ২০ প্রতিযোগী নির্বাচন করা হয়। পরে বিচারকরা প্রতিযোগীদের উচ্চারণ, বানান ও ব্যাকরণের শুদ্ধ প্রয়োগের দক্ষতা যাচাই করেন। এর মধ্য থেকে সেরারা ঢাকায় অনুষ্ঠিতব্য মূলপর্বে অংশগ্রহণের সুযোগ পায়। এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতা। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা আর্থিক পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়। উল্লেখ্য, ঢাকায় মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ পাবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়া সেরা ১০ প্রতিযোগীর প্রত্যেককে একটি করে ল্যাপটপ এবং ব্যক্তিগত গ্রন্থাগার গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি দেওয়া হবে।  

Read More »