সর্বশেষ
সর্বশেষ

Author: Desk Reporter

প্রধানমন্ত্রীকে ঘিরে গত নয় মাসে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে : প্রেস সচিব

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)। তিনি বলেন, একই সময়ে বিএনপিকে ঘিরে ১১৮টি এবং বর্তমান সরকারকে ঘিরে ৪৫১টি অপতথ্য ছড়ানোর তথ্য পাওয়া গেছে। একটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিবেদনের বরাতে তিনি এসব তথ্য তুলে ধরেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালেহ শিবলী বলেন, অপতথ্য ও গুজব সাংবাদিকতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়লেও সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। এ কারণে মানুষ এখনো গুরুত্বপূর্ণ খবরের সত্যতা যাচাই করতে দায়িত্বশীল গণমাধ্যমের ওপর নির্ভর করে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার ঘটেছে, তবে এর সঙ্গে দায়িত্বহীন আচরণও বেড়েছে। এর বিপরীতে দায়িত্বশীল সাংবাদিকতা এখনো মানুষের আস্থা ধরে রেখেছে। মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো খবর দেখার পর সেটি সঠিক কিনা, তা যাচাই করতে টেলিভিশন ও প্রতিষ্ঠিত সংবাদপত্রের খবরের সঙ্গে মিলিয়ে দেখে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, অপতথ্য ও গুজব মোকাবিলায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিটি টেলিভিশন চ্যানেল ও গণমাধ্যমে নিয়মিত তথ্য যাচাইবিষয়ক অনুষ্ঠান চালুর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিটের একটি অনুষ্ঠানও মানুষকে সঠিক তথ্য শনাক্ত করতে সহায়তা করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও’র সত্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, কখনো কখনো বড় সংবাদমাধ্যমও যাচাই না করে ভুয়া ছবি বা তথ্য প্রচারের ঝুঁকিতে পড়ে। তাই কোনো তথ্য প্রচারের আগে সেটির সত্যতা নিশ্চিত করা জরুরি। সালেহ শিবলী বলেন, অপতথ্য ও গুজব মোকাবিলায় একটি কার্যকর আইন থাকা প্রয়োজন। তবে সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইন প্রণয়ন বা প্রয়োগের ক্ষেত্রে সাংবাদিকতার স্বাধীনতা যাতে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। সময়ের প্রয়োজনে আইনের সংশোধন, সংযোজন বা পরিবর্তনের সুযোগও থাকতে হবে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে না জানা অনেক মানুষও অপতথ্যের শিকার হন। তারা নিজেরা এর প্রতিবাদ জানাতে বা প্রতিকার চাইতে সক্ষম নাও হতে পারেন। এ ক্ষেত্রে সরকারকে তাদের পাশে দাঁড়াতে হবে এবং সবার জন্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। ডিআরইউ’র নতুন সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, সংগঠনের ঐক্য ধরে রাখা জরুরি। মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার মধ্যদিয়ে অভিন্ন লক্ষ্যে পৌঁছানোই একটি সংগঠনের সৌন্দর্য। সাংবাদিকদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা আদর্শকে সমর্থন করা সাংবাদিকের ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। তবে ব্যক্তিগত বা দলীয় বিশ্বাস যেন সত্য প্রকাশে বাধা সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে যা সত্য, তা তুলে ধরা। সরকারের ভালো উদ্যোগের ইতিবাচক দিক যেমন তুলে ধরতে হবে, তেমনি কোথাও অনিয়ম বা দুর্নীতি হলে সেটিও প্রকাশ করতে হবে। তবে কোনো বিচ্ছিন্ন অনিয়মকে কেন্দ্র করে সামগ্রিক উদ্যোগের ইতিবাচক দিক আড়াল করা উচিত নয়। সালেহ শিবলী আরও বলেন, দেশে এমন একটি রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করা প্রয়োজন, যেখানে ধর্ম, মতাদর্শ কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হবেন না। সব নাগরিকের সমান অধিকার, মানবিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে ডিআরইউ’র নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি সংগঠনটির ঐতিহ্য ও ঐক্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইনুল হাসান সোহেল। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এম এম জসিম। আরও বক্তব্য রাখেন ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, সুমন চৌধুরী ও মো. আব্দুল আলীম। সুত্র. বাসস

Read More »

রংপুর জেলা হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

জালাল উদ্দীন, রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর জেলা হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল ১৬ অক্টোবর শুক্রবার রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি হলরুমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৩২৬ জন। নির্বাচনে মোট পদসংখ্যা ২৩ টি। এর মধ্যে সভাপতি, কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদক মোট ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় । বাকি ২০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে প্রার্থীরা। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো, আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ সাহাব উদ্দিন, সদস্য মজাহারুল ইসলাম মন্টু, মোঃ আব্দুল জলিল, মোহাম্মদ ইসলাম, প্রিজাইডিং অফিসার জাহিরুল ইসলাম, পুলিং অফিসার মনোয়ার হোসেন ঝন্টু। ভোট চলাকালীন সময়ে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মো, রাজু আহমেদ রাজু, সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

Read More »

বিসমিল্লাহির রহমানির রাহিম

ধর্ম ও দর্শণ / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বিসমিল্লাহির রাহমানির রাহিম • অর্থ , “পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)”। বিসমিল্লাহির রাহমানির রাহিম একটি আয়াত। আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা.) বলেন, জিবরাইল (আ.) সর্বপ্রথম মুহাম্মাদ (সা.)-এর প্রতি অবতীর্ণ করেছেন, জিবরাইল (আ.) বললেন, হে মুহাম্মদ! আপনি আশ্রয় চান। হযরত মুহাম্মাদ (সা.) বললেন, “বিসমিল্লাহির রাহমানির রাহিম” আমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। অতঃপর জিবরাইল (আ.) বললেন, হে নবী! আপনি বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহীম। অতঃপর জিবরাঈল (আ.) বললেন, ইকরা’ বিসমি… অর্থাৎ আপনি পড়ুন, আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তথ্য ও তাৎপর্য • আরবি শব্দ বিশ্লেষণ: ‘বিসম’ অর্থ আল্লাহর নামে, ‘আর-রাহমান’ অর্থ পরম করুণাময় এবং ‘আর-রাহিম’ অর্থ অসীম দয়ালু। • কোরআনে ব্যবহার: পবিত্র কোরআনের ১১৪টি সূরার মধ্যে সূরা আত-তাওবা (৯ নম্বর সূরা) ব্যতীত বাকি ১১৩টি সূরার শুরুতেই এটি লেখা আছে। এছাড়া সূরা আন-নামলের ৩০ নম্বর আয়াতে এটি পূর্ণাঙ্গভাবে বিদ্যমান। • ইসলামী বিধান: যে কোনো ভালো ও বৈধ কাজ (যেমন—খাওয়া, পড়াশোনা, ঘর থেকে বের হওয়া বা যেকোনো ভালো কাজ) শুরু করার আগে এটি পাঠ করা সুন্নত বা মুস্তাহাব। এতে কাজে বরকত হয় এবং শয়তান থেকে সুরক্ষা পাওয়া যায়। • পশু জবাই: শরিয়ত অনুযায়ী পশু জবাই করার সময় বিসমিল্লাহ পাঠ করা আবশ্যক, এটি ছাড়া জবাইকৃত প্রাণী হালাল হয় না। চলমান……

Read More »

সবার সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ‎

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সদ্যভূমিষ্ঠ শিশু থেকে শুরু করে শয্যাশায়ী প্রবীণ নাগরিক-সবার সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তিনি উল্লেখ করেন, দেশের এই বৃহৎ জনগোষ্ঠীকে প্রাণবন্ত, কর্মক্ষম ও সুস্থ রাখতে সরকার কাজ করে যাচ্ছে। ​ আজ ঢাকায় ধানমন্ডির অবসর ভবনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে পড়বে না। সমাজে কোনো মানুষ অবহেলিত অবস্থায় থাকুক-সরকার তা কখনোই চায় না। শারীরিক বা বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিংবা প্রবীণ নাগরিক, তাঁরা প্রত্যেকেই এই সমাজের সমান অংশীদার ও সম্মানিত সদস্য। একটি বৈষম্যহীন, মানবিক ও অংশগ্রহণমূলক কল্যাণরাষ্ট্র গঠনে প্রবীণদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, সুচিন্তিত পরামর্শ এবং সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার বিভিন্ন জনকল্যাণমুখী পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করে চলেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। এছাড়াও সমিতির সদস্য এবং তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন

Read More »

কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

জালাল উদ্দীন রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোজাফফর হোসেন, নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল খালেক, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোরসালিন মাহি, মামুনুর রশিদ এবং নবীন শিক্ষার্থী বাপ্পি সরকার। অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Read More »

দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস রাসিক প্রশাসকের

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উৎযাপনের লক্ষ্যে রংপুর মহানগরীর ১৬৪টি পূজামণ্ডপের জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে রংপুর সিটি করপোরেশন (রাসিক)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় রংপুর সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ভাবে উৎযাপন হবে।

Read More »

রংপুরে কালীবাড়ি মন্দির পরিদর্শনে বিজিবির সেক্টর কমান্ডার, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর নগরীর ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দির পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর সেক্টরের কমান্ডার (উপমহাপরিচালক) কর্নেল রুবায়েত হোসেন, পিএসসি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর পায়রা চত্বর সংলগ্ন কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সেক্টর কমান্ডার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি মন্দিরের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির রংপুর জেলার আহ্বায়ক ও কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি ডা. শ্রী নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সাধারণ সম্পাদক শ্রী শুভ রঞ্জন দেব বাবলুসহ পূজা উদ্‌যাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে বিজিবির সেক্টর কমান্ডারকে অবহিত করেন মন্দির কমিটির নেতারা।

Read More »

রংপুরে রেমন্ড গ্যালারির নতুন শাখার উদ্বোধন

রংপুরে রেমন্ড গ্যালারির নতুন শাখার উদ্বোধন জালাল উদ্দীন, রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : রংপুর নগরীর পায়রা চত্বরে চৌধুরী ম্যানসনে রেমন্ড গ্যালারির নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বাদ মাগরিব পায়রা চত্বরের চৌধুরী ম্যানসনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রেমন্ড গ্যালারি, রংপুর শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রেমন্ড গ্যালারির ম্যানেজার মো. রমজান আলী ও জেনারেল ম্যানেজার (জিএম) মো. হাসান আলীস, রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: লিটন পারভেজ, রংপুর মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো: তানবীর হোসেন আশরাফি, রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: রমিদুজ্জামান বুলবুল, রংপুর জেলা চেম্বারের প্রতিনিধি আবু বক্কর বারী মিঠু ও ব্যবসায়ী ওমর ফারুকসহ স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রেমন্ড গ্যালারি পোশাক ও ফ্যাব্রিকজাত পণ্যের জন্য পরিচিত একটি প্রতিষ্ঠান। বিভিন্ন শাখার প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির পণ্যের মধ্যে পুরুষদের পোশাকের কাপড়, শার্ট, প্যান্ট ও স্যুটের কাপড়সহ বিভিন্ন ধরনের ফ্যাশন পণ্য রয়েছে। নতুন এই শাখার মাধ্যমে রংপুরের ক্রেতারা রেমন্ড গ্যালারির পণ্য আরও সহজে কেনার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানান। নগরীর গুরুত্বপূর্ণ পায়রা চত্বরে শাখাটি চালু হওয়ায় স্থানীয় ক্রেতাদের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

Read More »

ভোক্তাদের জিম্মি করে কোনো আন্দোলন করা যাবে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) ২০২৬ খৃ. – ভোক্তা পর্যায়ে এলপিজি মূল্য সহনীয় রাখতে সরকার সবরকম চেষ্টা করছে; ভোক্তাদের জিম্মি করে কোনো দাবি আদায়ের চেষ্টা মেনে নেয়া হবে না। আলোচনার টেবিলেই সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। গতকাল (বুধবার) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি গ্যাস অপারেটরদের সাথে মতবিনিময় সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। ব্রিফিংকালে মন্ত্রী বলেন, যুদ্ধের কারণে পৃথিবীর সব জায়গায় জ্বালানি নিয়ে সংকট চলছে এবং মূল্য ওঠা-নামা করছে, জ্বালানির উৎস খুব সীমিত হয়ে পড়েছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যেন ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সহনীয় রাখা হয়। মন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষাপটে কোনো রকম ধর্মঘট কাম্য নয়। এরকম একটা অবস্থার মধ্যে যদি কেউ ধর্মঘট প্রত্যাহার না করে তাহলে সরকার আইনি ব্যবস্থা গ্রহণ করবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘট করার চেষ্টা করলে এ সংক্রান্ত ‘এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট-১৯৫৬’ এর আওতায় আইন প্রয়োগ করা হবে। কথায় কথায় ধর্মঘট করে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করা গ্রহণযোগ্য নয়। জনগণ যাতে করে কোনরকম অসুবিধার মধ্যে না পড়ে সেই দিকে লক্ষ্য রাখা হবে। ধর্মঘট পরিহার করে আলোচনার টেবিলে সমস্যার সমাধান করার আহবান জানান তিনি। ৩০ অক্টোবর আবার অপারেটরদের সাথে বসা হবে বলে জানান তিনি।

Read More »

চিকিৎসকদের বদলি-পদায়নে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

চিকিৎসকদের বদলি-পদায়নে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর): চিকিৎসকদের বদলি ও পদায়নে কোনো রাজনৈতিক দলের পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অটোমেশন পদ্ধতিতে চিকিৎসকদের মেধা, যোগ্যতা ও পছন্দকে গুরুত্ব দিয়ে বদলি ও পদায়ন করা হবে। এতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না। মন্ত্রী আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন মেডিকেল কলেজ,বিশেষায়িত ইনস্টিটিউট ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের অটোমেশন পদ্ধতিতে বদলি ও পদায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অটোমেশন পদ্ধতিতে ৮৭ জন চিকিৎসককে তাঁদের পছন্দ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হচ্ছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় এ পদ্ধতি চালু করা হয়েছে। এখানে ব্যক্তিগত পরিচয়, রাজনৈতিক বিবেচনা কিংবা অন্য কোনো প্রভাবের সুযোগ নেই। তিনি আরো বলেন, অটোমেশন পদ্ধতির কার্যকারিতা পর্যবেক্ষণ করে ভবিষ্যতে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এটি একটি নতুন ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকার এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে চায়। এসময় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে প্রায় ৪০ হাজার চিকিৎসক কর্মরত রয়েছেন। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চিকিৎসকদের বদলি ও পদায়ন করা হলেও অতীতে, বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের সময়ে, এ ক্ষেত্রে দলীয়করণ, দুর্নীতি ও অনিয়মের ঘটনা ঘটেছে। যোগ্য ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন না করে দলীয় বিবেচনায় বিভিন্ন পদে নিয়োগ দেওয়ায় স্বাস্থ্যব্যবস্থা সংকটের মুখে পড়েছিল। অতীতে স্বাস্থ্য খাতের দুর্নীতি ও ভঙ্গুর অবস্থার চিত্র সংবাদমাধ্যমেও বারবার উঠে এসেছে। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশিদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »