সর্বশেষ
সর্বশেষ

Day: January 9, 2025

সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ার। ছবি: চিফ এডভাইজার গভ থেকে নেওয়া ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করার মত প্রযুক্তিগত দক্ষতা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র রয়েছে উল্লেখ করে নিকোলা বিয়ার বলেন, ‘আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়ে এসেছি। আমরা অন্তর্বর্তী সরকার এবং সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করি।’ সংস্কার কার্যক্রমে সহায়তা প্রদানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, ‘আপনারা যা কিছু করতে চান, আমাদেরকে জানান’। ‘এটি প্রমাণ করা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুধু কাজ করছে না, তারা কার্যকর ফলাফল আসে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে, তা দৃশ্যমান করা।’ বর্তমান সময়কে একটি উপযুক্ত সময় আখ্যায়িত করে অধ্যাপক ইউনূস দুর্নীতি মোকাবিলা, জ্বালানি ক্ষেত্রে সবুজ রূপান্তর এবং সুন্দরবন ম্যানগ্রোভ ও এর আশপাশের অঞ্চল এবং নদী ব্যবস্থার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়নে ইআইবির সহায়তা চান। চট্টগ্রাম বন্দরের সেবা কার্যক্রম আরও সহজ এবং উত্তরাঞ্চলে পানি ব্যবস্থাপনার উন্নয়নে তিনি ইআইবির সহযোগিতাও চান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বৃহত্তম এই বন্দরের উন্নয়নের ফলে পূর্ব ভারত ও মিয়ানমার উপকৃত হবে। প্রধান উপদেষ্টা স্মরণ করেন, গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সাইডলাইনে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে  বৈঠকের সময় তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির দিকে বাংলাদেশের আরও বেশি ঝোঁকার বিষয়ে সম্ভাব্য সহায়তার ক্ষেত্র নিয়ে আলোচনা করেছিলেন। সাম্প্রতিক সময়ে ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে অনেক সহযোগিতার ক্ষেত্র নিয়ে তার আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন। অধ্যাপক ইউনূস পরবর্তী জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতিও নিচ্ছে, যাতে ‘স্থানীয় সরকার সত্যিকার অর্থে স্থানীয় ও কার্যকর সরকার হয়।’ সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Read More »

লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডনে বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে । আজ বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সিদ্ধান্ত অনুয়ায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ পৌঁছান খালেদা জিয়া। বুধবার বাংলাদেশ সময় পৌনে ৫টার দিকে তারেক রহমান বিমানবন্দরের চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে, নিজে গাড়ি চালিয়ে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে হাসপাতালে পৌঁছান। এ সময় তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান তাঁদের সঙ্গে ছিলেন। হাসপাতালে পৌঁছানোর পরে বাংলাদেশ থেকে খালেদা জিয়ার সঙ্গে আসা চিকিৎসকেরা যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিকের’ চিকিৎসকদের কাছে খালেদা জিয়াকে কাগজপত্রসহ বুঝিয়ে দেন। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ও কাগজপত্র দেখে বিএনপির চেয়ারপার্সনকে হাসপাতালে ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। আজ বুধবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা ৫মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিএনপি’র চেয়ারপারর্সনকে স্বাগত জানাতে তাঁর বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা.জুবাইদা রহমান ও নাতনী ব্যারিস্টার জাইমা রহমান বিমানবন্দরে উপস্থিত হন। বিমান থেকে নামার পরে সেখানে আবেগঘন এক আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয়। সাত বছর পর মা (খালেদা জিয়াকে) কাছে পেয়ে তারেক রহমান পরম মততায় তাকে জড়িয়ে ধরেন। এ সময় মা-ছেলের চোখে আনন্দ অশ্রু ছলছল করে ওঠে। পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও শাশুড়িকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। যুক্তরাজ্য বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান। বিএনপির চেয়ারপারসনের আগমন উপলক্ষে বিমানবন্দরের বাইরে সমবেত হন দলের কয়েক’শ নেতা-কর্মী। সেখানে ইমিগ্রেশনের কাজ শেষে হাসপাতালের উদ্দেশে যাত্রা করেন বিএনপির নেত্রী। লন্ডনের ‘লন্ডন ক্লিনিক’ এ কিছুদিন চিকিৎসা নেওয়ার পর প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসা জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শরীরে রক্তনালিতে সফল অস্ত্রোপচার হয়েছিল। বেগম খালেদা জিয়ার চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর (খালেদা জিয়ার) লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় দুই মাসের মতো লেগে যেতে পারে। চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডনে গিয়েছিলেন। 

Read More »