
রংপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় শোক দিবস
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণের মধ্য দিয়ে রংপুরে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবসের বিভিন্ন আয়োজন থেকে বঙ্গবন্ধু হত্যায় জড়িত বিদেশে পালিয়ে থাকা ফাঁসির দন্ডপ্রাপ্ত পাঁচ আসামিকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি তোলা হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু প্রমুখ। বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করে। এরপর শ্রদ্ধা নিবেদন করেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবলু,এ্যাড. আনোয়ারুল ইসলাম, জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম প্রমুখ। পুষ্পমাল্য অর্পণ শেষে ১৫ আগস্টের সকল শহিদদের প্রতি গার্ড অব অনার প্রদান, এক মিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। এরপর একে একে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।












