সর্বশেষ
সর্বশেষ

Day: November 22, 2026

তথ্য কমিশন চার দিনে ২৫টি অভিযোগের শুনানি এবং ২০টি নিষ্পত্তি করেছে

তথ্য কমিশন চার দিনে ২৫টি অভিযোগের শুনানি এবং ২০টি নিষ্পত্তি করেছে ঢাকা, ৭ অগ্রহায়ণ (২২ নভেম্বর): তথ্য কমিশন পুনর্গঠনের পর চার দিনে ২৫টি অভিযোগের শুনানি এবং ২০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে এবং পাঁচটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা সাতটি অভিযোগের শুনানি করে পাঁচটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে এবং দু’টির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন শুনানি গ্রহণ করেন। আজকের অভিযোগগুলোতে মূলত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি ও ভর্তি ফি, বিভিন্ন অর্থবছরে নলকূপ স্থাপন এবং উপকারভোগীদের তালিকা, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফলের নথি, ইউনিয়ন পরিষদের সভার কার্যবিবরণী, নোটিশ, গৃহীত সিদ্ধান্তসংক্রান্ত তথ্য না পাওয়ার বিষয় উঠে আসে। এছাড়া বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন ও সিদ্ধান্তসংক্রান্ত তথ্য না পাওয়ার অভিযোগও করেন আবেদনকারীরা।

Read More »

দুদক কমিশনে গতি ফিরছে ; বিধি মোতাবেক বাড়ছে মামলা ও সম্পদ ক্রোক-অবরুদ্ধের পরিমাণ

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিলের পাশাপাশি অবৈধ সম্পদ শনাক্ত, ক্রোক ও অবরুদ্ধের কার্যক্রমে গতি ফিরেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের পর থেকে গত ৩১ অক্টোবর পর্যন্ত ১৩৯টি নতুন মামলা অনুমোদন, ৪৭টি অভিযোগপত্র দাখিল এবং আদালতের আদেশে ১ হাজার ২৫১ কোটি ২০ লাখ টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। চলতি বছরের ১৯ আগস্ট নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর ৩১ অক্টোবর পর্যন্ত ৪৬২ জনকে আসামি করে ১৩৯টি মামলা অনুমোদন করেছে কমিশন। একই সময়ে ১৭১ জনের বিরুদ্ধে ৪৭টি অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে। দুদকের নিয়ন্ত্রণ কক্ষ এবং সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পৃথক প্রতিবেদন বিশ্লেষণে কমিশনের সাম্প্রতিক কার্যক্রমের এ চিত্র পাওয়া গেছে। মামলা অনুমোদন, নতুন অনুসন্ধান শুরু, অভিযোগপত্র দাখিল এবং সম্পদ বিবরণী দাখিলের আদেশের পাশাপাশি আদালতের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ ক্রোক ও অবরুদ্ধের তথ্য কমিশনের কার্যক্রমের পরিধি তুলে ধরছে। চলতি বছরের ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। পরে ১৭ আগস্ট সরকার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার করে নতুন দুর্নীতি দমন কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে। নতুন কমিশনের সদস্যরা ১৮ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগে যোগদানপত্র জমা দেন। পরদিন ১৯ আগস্ট তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের পর অক্টোবর পর্যন্ত পরিসংখ্যানে মামলা অনুমোদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য তৎপরতা দেখা যায়। দুদকের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ২৯৩ জনের বিরুদ্ধে ৫৪টি এজাহার বা এফআইআর অনুমোদন করা হয়। এ মাসে ৮৭ জনের বিরুদ্ধে ২২টি অভিযোগপত্র এবং ২১ জনকে অব্যাহতি দিয়ে চারটি চূড়ান্ত প্রতিবেদন (এফআর) অনুমোদন দেয় কমিশন। একই সময়ে ২০৬টি নতুন অনুসন্ধান শুরু, ছয়টি অনুসন্ধান পরিসমাপ্তির মাধ্যমে নিষ্পত্তি এবং ২৪টি সম্পদ বিবরণী দাখিলের আদেশ অনুমোদন করা হয়। অক্টোবর মাসে মামলার সংখ্যা আরও বেড়েছে। এ মাসে ১৬৯ জনের বিরুদ্ধে ৮৫টি এজাহার অনুমোদন করে কমিশন। ৮৪ জনের বিরুদ্ধে ২৫টি অভিযোগপত্র এবং ১৩ জনকে অব্যাহতি দিয়ে পাঁচটি চূড়ান্ত প্রতিবেদন অনুমোদন করা হয়। এ ছাড়া ৬৭টি নতুন অনুসন্ধান শুরু, ১০টি অনুসন্ধান পরিসমাপ্তির মাধ্যমে নিষ্পত্তি এবং ৫৭টি সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়। দুই মাসের তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে এজাহার অনুমোদনের সংখ্যা ৩১টি বেড়েছে। একই সময়ে অভিযোগপত্রের সংখ্যা ২২টি থেকে বেড়ে ২৫টিতে দাঁড়িয়েছে। সম্পদবিবরণী দাখিলের আদেশের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। সেপ্টেম্বরের ২৪টি আদেশের বিপরীতে অক্টোবরে এ সংখ্যা বেড়ে ৫৭টিতে দাঁড়িয়েছে। অন্যদিকে, অনুসন্ধান নিষ্পত্তির সংখ্যা ছয়টি থেকে বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে। সব মিলিয়ে দুই মাসে ১৩৯টি মামলায় ৪৬২ জনকে আসামি করা হয়েছে। ৪৭টি অভিযোগপত্রে ১৭১ জনকে অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে, নয়টি চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে ৩৪ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময়ে ২৭৩টি নতুন অনুসন্ধান শুরু এবং ১৬টি অনুসন্ধান পরিসমাপ্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। মামলা ও অনুসন্ধানের পাশাপাশি অবৈধ সম্পদ শনাক্ত এবং আদালতের মাধ্যমে সম্পদ ক্রোক ও অবরুদ্ধের কার্যক্রমেও বড় অঙ্কের তথ্য পাওয়া গেছে। দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাসে ক্রোক করা সম্পদের মূল্য ২০ কোটি ৩৮ লাখ ১৭ হাজার টাকা। এ মাসে ৬৭টি ব্যাংক হিসাবে ১৮৩ কোটি ৮৪ লাখ ১২ হাজার ৫১৯ টাকা অবরুদ্ধ করা হয়। সেপ্টেম্বর মাসে ক্রোক করা সম্পদের মূল্য দাঁড়ায় ৬৮ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭৬ টাকা। এ মাসে ৬৫টি ব্যাংক হিসাব, ১৩টি সঞ্চয়ী হিসাব, ১৭টি সঞ্চয়পত্র, ১৭টি এফডিআর, তিনটি বিও হিসাব, একটি প্রকল্পের বিনিয়োগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার অবরুদ্ধ করা হয়। এসব অবরুদ্ধ সম্পদের মোট মূল্য ৮০৮ কোটি ৭ লাখ ৩৯ হাজার ৫৯৮ টাকা। অক্টোবর মাসে ক্রোক করা সম্পদের মূল্য ২ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৩৮০ টাকা। এ মাসে ১৮টি ব্যাংক হিসাব, ১৫টি সঞ্চয়ী হিসাব, দুটি সঞ্চয়পত্র, ১৬২টি এফডিআর, শেয়ার, বৈদেশিক মুদ্রা ও কল্যাণ সমিতিতে থাকা অর্থ অবরুদ্ধ করা হয়। এসব সম্পদের মোট মূল্য ১৬৭ কোটি ২৫ লাখ ৯১ হাজার ৮৩৮ টাকা। তিন মাসের হিসাব পর্যালোচনায় দেখা যায়, আদালতের আদেশে ক্রোক করা স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য ৯২ কোটি ৩ লাখ ২০ হাজার ৫৫৬ টাকা। অন্যদিকে, অবরুদ্ধ করা অর্থ ও সম্পদের পরিমাণ ১ হাজার ১৫৯ কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৯৫৫ টাকা। সব মিলিয়ে তিন মাসে ক্রোক ও অবরুদ্ধ সম্পদের মোট মূল্য ১ হাজার ২৫১ কোটি ২০ লাখ ৬৪ হাজার ৫১১ টাকা। দুদকের সচিব মো. সাইদুর রহমান খান বাসসকে বলেন, প্রায় সাড়ে পাঁচ মাস কমিশন ছিল না। ওই সময়ে অনেক অভিযোগ ও কাজ জমা হয়েছে, যেগুলো এখন ধীরে ধীরে কমিশনের কাছে আসছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। যেসব অভিযোগ বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলোর সঙ্গে জনস্বার্থ ও জনসম্পৃক্ততা রয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সামনে নিয়ে আসা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনগণের আস্থা অর্জনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অতীতে প্রতিষ্ঠানটিকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তাতে এটিকে পেশাদার প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে দেওয়া হয়নি। নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল, দলীয় প্রভাব ছিল। তিনি বলেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত এ ধরনের কোনো চাপ অনুভব করা হয়নি। কমিশন স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। এভাবে কাজ করতে পারলে মানুষ সুফল পাবে বলে তার বিশ্বাস। জনগণের প্রত্যাশা পূরণেও কমিশন সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সূত্র. বাসস//

Read More »

রংপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রংপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন জালাল উদ্দীন, রংপুর : রংপুর মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের আয়োজনে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট-২০২৬। স্বর্ণ শিল্পীদের অংশ গ্রহণে আয়োজিত টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ গ্রহণ করে । রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রতিনিধি ও বাজুস ডিস্ট্রিক্ট এন্ড মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সদস্য লায়ন মো.এনামুল হক সোহেল। রংপুর মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গিনি হাউজের স্বত্বাধিকারী মো. নুরুজ্জামান কাফি, প্রবীণ স্বর্ণকার মো. আফজাল হোসেন, ইউনিয়নের সাবেক আহ্বায়ক আবেদ আলী, সাবেক নির্বাচন কমিশনার সাঈদ আলম, রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সিনিয়র সভাপতি মো. আতোয়ার রহমান এবং বিশিষ্ট স্বর্ণশিল্পী শক্তি চ্যাটার্জি। এ সময় স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বর্ণকারিগররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেনরংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন। আয়োজকরা জানান, শ্রমিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।###

Read More »

রংপুরে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে গাইনি ও প্রসূতি সেবার উদ্বোধন

রংপুরে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে গাইনি ও প্রসূতি সেবার উদ্বোধন জালাল উদ্দীন, রংপুর : রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) উদ্যোগে নগরীর মাহিগঞ্জে অবস্থিত শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে নিয়মিত গাইনি, প্রসূতি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ‘সুস্থ মা, সুস্থ শিশু—স্বাস্থ্যসেবায় এগিয়ে রংপুর’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালকে একটি টেকসই ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তর করা প্রয়োজন। প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে হাসপাতালটি পরিচালনা এবং সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া গেলে এ অঞ্চলের মানুষ দীর্ঘমেয়াদে উপকৃত হবেন। ভৌগোলিক অবস্থানের কারণে আশপাশের পাঁচ থেকে ছয়টি ওয়ার্ডের মানুষের জন্য হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, হাসপাতালটির উন্নয়ন ও সেবার মান বাড়াতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তবে প্রতিষ্ঠানটিকে নিজেদের সম্পদ মনে করে এর পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয়দেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যেন নিরাপদ ও সুন্দর পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়েও সবাইকে সহযোগিতা করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালটিকে একটি মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রংপুরের সাবেক সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও রসিকের স্বাস্থ্য বিভাগের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ। এ সময় বক্তব্য রাখেন রংপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার অনিমা মল্লিক, হাসপাতালের সহকারী সার্জন ডা. ইসমত নিগার স্বপ্না, ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মালেক নিয়াজ আরজু, স্থানীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম রাজু, আহসানুল কবীব আঙ্গুর, আলহাজ লোকমান হোসেন মোল্লা এবং রংপুর মহানগর বিএনপির ৩০ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি খায়রুল আলম। রংপুর বেতারের সংবাদ পাঠিকা মীফতাহুল জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রসিকের প্রশাসনিক কর্মকর্তা মো. নাঈমুল হক, স্বাস্থ্য শাখার শাখাপ্রধান মোহাম্মদ আলীসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে স্থানীয়রা হাসপাতালের স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণের দাবি জানান। নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে একজন গাইনি বিশেষজ্ঞ, একজন মেডিসিন বিশেষজ্ঞ ও একজন শিশু রোগ বিশেষজ্ঞ নিয়োগের পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স প্রদানের দাবি উত্থাপন করেন তারা। সংশ্লিষ্টরা জানান, নতুন এ কার্যক্রমের আওতায় হাসপাতালে নিয়মিত গাইনি, প্রসূতি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে। বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে গাইনি, প্রসূতি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।###

Read More »

রংপুরে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক

রংপুরে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক জালাল উদ্দীন, রংপুর : শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বাস্তবায়নাধীন আর্ন (EARN) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) কাজী মোখলেছুর রহমান। গত ২০ ও ২১ নভেম্বর দুই দিনের সফরে তিনি রংপুর অঞ্চলে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় রংপুর বিভাগের আট জেলার ২২টি উপজেলার ২৬২টি ইউনিয়নের ৮৪ হাজার যুবক-যুবতীকে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা বিকাশের সুযোগ দেওয়া হবে। রংপুর অঞ্চলে ব্র্যাক ছয়টি সহযোগী সংস্থা—প্রান্তিক (Prantic), বিডিএসসি (BDSC), জিইউকে (GUK), এসএমএস (SMS), রিসডা (RISDA) ও সলিডারিটি (Solidarity)-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় গ্রাম পর্যায়ে ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টার (VLTC) স্থাপন করা হবে। এসব প্রশিক্ষণকেন্দ্রে স্থানীয় যুবক-যুবতীদের বিভিন্ন ধরনের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ তৈরি হবে। দুই দিনের পরিদর্শনকালে প্রকল্প পরিচালক রংপুরে প্রকল্পের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডিভিশনাল ম্যানেজার একেএম জাহেদুল ইসলাম। এ ছাড়া তিনি নীলফামারীর ডিমলা ও কুড়িগ্রামে মাঠপর্যায়ে উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া, স্থানীয় বাস্তবায়ন সহযোগী (JV) সংস্থাগুলোর কার্যক্রম এবং ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টারের প্রস্তুতি ও কার্যক্রম ঘুরে দেখেন। কুড়িগ্রামে উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া পর্যবেক্ষণকালে স্বচ্ছতা, নির্ধারিত মানদণ্ড অনুসরণ এবং প্রকল্পের লক্ষ্য অনুযায়ী উপযুক্ত যুবক-যুবতীদের অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি স্থানীয় বাস্তবায়ন সহযোগী সংস্থাগুলোর চলমান উদ্যোগ ও প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। নীলফামারীর ডিমলায় ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টার পরিদর্শন করে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার প্রস্তুতি, অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের পরিবেশ সম্পর্কে অবহিত হন প্রকল্প পরিচালক। এ ছাড়া নীলফামারীতে ব্র্যাকের ইন্টিগ্রেটেড স্কিলস ডেভেলপমেন্ট (ISD) কার্যক্রমও পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে ব্র্যাকের EARN প্রকল্পের রংপুর অঞ্চলের টিম লিডার এ জেড এম নাজমুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, কর্মকর্তা ও সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা প্রকল্পের চলমান কার্যক্রম, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, অর্জিত অগ্রগতি এবং বাস্তবায়নের বিভিন্ন দিক প্রকল্প পরিচালকের সামনে তুলে ধরেন। এ সময় স্থানীয় তরুণ-তরুণী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন কাজী মোখলেছুর রহমান। তিনি বলেন, এ প্রকল্পের আওতায় গ্রাম পর্যায়ে প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হবে। সেখানে বাজারের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি আয়ের সুযোগ সৃষ্টি করা হবে। তিনি আরও বলেন, গ্রাম পর্যায়ে প্রশিক্ষণকেন্দ্র স্থাপিত হলে স্থানীয় তরুণ-তরুণীদের, বিশেষ করে নারীদের, প্রশিক্ষণ নিতে দূরে যেতে হবে না। বাজারে যেসব কাজের চাহিদা রয়েছে, সেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে প্রশিক্ষণ শেষে তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Read More »