সর্বশেষ
সর্বশেষ

ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের ‘সম্মুখসারিতে’ কানাডার গাড়ি কারখানা

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার বাণিজ্যযুদ্ধের প্রায় দুই বছর পেরিয়ে গেছে। এই সংঘাতের প্রভাব এখন বিভিন্ন শিল্পকারখানায় স্পষ্ট হয়ে উঠছে। এর অন্যতম উদাহরণ টরন্টোর উত্তর-পশ্চিমে অবস্থিত একটি বন্ধ গাড়ি কারখানা,(খবর বার্তা সংস্থা এএফপি’র)।

ব্র্যাম্পটন অ্যাসেম্বলি প্ল্যান্টে ২০২৩ সাল পর্যন্ত ডজ ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি তৈরি হতো। ওই বছর বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্টেলান্টিস জানায়, বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উপযোগী করে কারখানাটি আধুনিকায়ন করা প্রয়োজন।

এ কারণে প্রায় তিন হাজার কর্মীর কাজ বন্ধ হয়ে যায়। তবে ২০২৫ সালে জিপ কম্পাস মডেলের গাড়ি উৎপাদনের মাধ্যমে কারখানাটি আবার চালুর প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি।

কিন্তু পরে ট্রাম্প এমন শুল্ক আরোপ করেন, যার উদ্দেশ্য ছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের ভেতরেই গাড়ি উৎপাদনে বাধ্য করা। এরপর স্টেলান্টিস জানায়, জিপ কম্পাস আর কানাডায় নয়, যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে তৈরি করা হবে।

গত ৯ নভেম্বর প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, তারা ব্র্যাম্পটনের কারখানাটি কানাডার প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রোশেলের কাছে বিক্রি করছে।

চলতি সপ্তাহে শীতল ও ঝোড়ো বিকেলে প্রায় জনশূন্য কারখানাটির সামনে ক্ষুব্ধ কানাডীয় গাড়িশ্রমিকেরা প্রধানমন্ত্রী মার্ক কার্নির কাছে এ সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

দক্ষ শ্রমিক ও ইউনিয়ন নেতা জেসন ওয়াটসন বলেন, ‘আমরা এই প্রতিষ্ঠানের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছি। এমন কিছু নেই, যা আমরা করিনি।’

তিনি আরও বলেন, ‘এই বিক্রি ঠেকাতে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।’

এ সময় তার পাশে কয়েক ডজন শ্রমিক উপস্থিত ছিলেন। ওয়াটসন জানান, কারখানাটি আবার চালু হবে—এই বিশ্বাসে তাঁদের অনেকে অন্য চাকরির সুযোগও ছেড়ে দিয়েছিলেন।

স্টেলান্টিসের কারখানা নিয়ে এই বিরোধ যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্যযুদ্ধের জটিল বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে।

ট্রাম্পের চাপের মুখেও দৃঢ় অবস্থান নেওয়ায় কার্নি প্রশংসা পেয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, কানাডার গাড়িশিল্প রক্ষায় তার হাতে বিকল্প খুব বেশি নেই। কারণ, যুক্তরাষ্ট্রের কাছাকাছি হওয়ায় অন্টারিওর দক্ষিণাঞ্চলে এই শিল্পের বিকাশ ঘটেছে।

যুক্তরাষ্ট্রের বাজারে কানাডার গাড়ি প্রবেশে শুল্কের বাধা অব্যাহত থাকলে দেশটিতে আরও কর্মসংস্থান হারানোর আশঙ্কা রয়েছে।

‘তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে’

কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে কানাডা ঝুঁকির মুখে পড়েছে। তাই বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে দেশটিকে আরও বেশি বৈচিত্র্য আনতে হবে।

অন্টারিওর হ্যামিল্টনে একটি ইস্পাত কারখানা নিয়েও একই ধরনের সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ক্লিভল্যান্ড-ক্লিফস শুল্কের কারণে সেখানে শত শত কর্মীর চাকরি হারানোর আশঙ্কার কথা জানিয়েছে। এ ঘটনাও কানাডার অর্থনৈতিক দুর্বলতা ও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতার বিষয়টি সামনে এনেছে।

কার্নি বিদেশের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ উৎপাদনশিল্পকে শক্তিশালী করার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে প্রতিরক্ষা শিল্প উন্নয়নের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে, যার আওতায় আগামী এক দশকে ৫০০ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি (প্রায় ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ের লক্ষ্য রয়েছে।

রোশেল সাঁজোয়া যান তৈরি করে। সরকারি প্রতিরক্ষা সরঞ্জাম কেনার চুক্তি পেলে প্রতিষ্ঠানটি লাভবান হতে পারে।

তবে কারখানাটির শ্রমিক ইউনিয়ন ইউনিফরের সভাপতি আরডিস স্নো বলেন, রোশেল কোনোভাবেই স্টেলান্টিসের মতো বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের দেওয়া কর্মসংস্থান ও বেতনের বিকল্প হতে পারবে না। তার ধারণা, রোশেলে শ্রমিকদের ঘণ্টাপ্রতি মজুরি স্টেলান্টিসের ৪৫ কানাডীয় ডলারের প্রায় অর্ধেক হতে পারে।

স্নো এএফপিকে বলেন, ‘বন্ধকী ঋণদাতা প্রতিষ্ঠানগুলো তো আর বলবে না, আপনার বেতন অর্ধেক কমে গেছে, তাই আপনার বাড়ির ঋণের কিস্তিও অর্ধেক কমিয়ে দিচ্ছি।’

প্রায় ৪০ বছর আগে এই কারখানায় কাজ শুরু করেছিলেন স্নো। তিনি জানান, কারখানার আধুনিকায়নের জন্য উৎপাদন বন্ধ থাকাকালে তার অনেক সহকর্মী কানাডার অপেক্ষাকৃত কম ব্যয়বহুল এলাকায় চলে গিয়েছিলেন।

কারখানাটি আবার চালু হলে তারা ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এর মধ্যেই স্টেলান্টিস ঘোষণা দেয়, জিপ কম্পাসের উৎপাদন যুক্তরাষ্ট্রের ইলিনয়ে সরিয়ে নেওয়া হবে।

স্নো বলেন, ‘খবরটি আমাদের কাছে যেন পেটে ঘুষি মারার মতো ছিল।’

তবে এরপরও স্টেলান্টিস শ্রমিক ইউনিয়নকে আশ্বস্ত করেছিল, ব্র্যাম্পটন কারখানায় নতুন একটি গাড়ির মডেল উৎপাদনের দায়িত্ব দেওয়া হবে।

গত আগস্টে প্রতিষ্ঠানটি রোশেলের সঙ্গে কারখানা বিক্রির আলোচনা চলছে বলে নিশ্চিত করে।

স্নো বলেন, ‘কোনো কোম্পানি যা বলে, তার সবকিছুই যে বিশ্বাস করতে হবে, তা নয়। তবে তাদের কথা অবিশ্বাস করার মতো কোনো কারণও আমাদের ছিল না। তারা আমাদের সঙ্গে সততা দেখায়নি।’

এই লড়াইয়ের সম্মুখসারি

স্টেলান্টিসের বিরুদ্ধে কানাডা সরকারের বক্তব্য বেশ কঠোর। প্রধানমন্ত্রী কার্নি কারখানাটি বিক্রির সিদ্ধান্তকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছেন।

স্টেলান্টিসের বৈশ্বিক প্রধান নির্বাহী আন্তোনিও ফিলোসা শুক্রবার কানাডায় এসে সরকার ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

তবে কারখানা বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে—এমন কোনো ইঙ্গিত দেয়নি প্রতিষ্ঠানটি। বরং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য ন্যায্য সমঝোতার ভিত্তিতে ক্ষতিপূরণ প্যাকেজ তৈরির দিকে তারা মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছে। এতে কর্মীদের দীর্ঘদিনের চাকরির অভিজ্ঞতা ও অবদানের বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।

চলতি সপ্তাহে শ্রমিকদের সঙ্গে এক সমাবেশে কানাডার বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা আভি লুইস বলেন, ব্র্যাম্পটনে গাড়ি উৎপাদন অব্যাহত রাখতে স্টেলান্টিসকে বাধ্য করা উচিত প্রধানমন্ত্রী কার্নির।

তিনি বলেন, ‘একবার আমাদের এই শিল্প উৎপাদন সক্ষমতা হারিয়ে গেলে তা আর ফিরে পাওয়া যাবে না।’

লুইস আরও বলেন, ‘ট্রাম্পের শুল্কযুদ্ধ কানাডার ওপর একটি আক্রমণ। এই লড়াইয়ের সম্মুখসারিতে রয়েছে ব্র্যাম্পটনের এই কারখানা।’

তবে টরন্টো বিশ্ববিদ্যালয়ের শিল্প ও শ্রমনীতি বিশেষজ্ঞ রাফায়েল গোমেজ মনে করেন, এ ক্ষেত্রে কানাডা সরকারের করণীয় খুবই সীমিত।

তার মতে, বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতার কারণে স্টেলান্টিস আগে থেকেই সংকটে ছিল। ব্র্যাম্পটনের কারখানাকে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনাটিও ছিল ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ট্রাম্পের আরোপ করা শুল্ক উত্তর আমেরিকার গাড়িশিল্পের উৎপাদন ব্যয়ের পুরো হিসাবই পাল্টে দিয়েছে।

গোমেজ এএফপিকে বলেন, ‘বিভিন্ন দিক থেকেই এই পরিস্থিতি আর টেকসই অবস্থায় নেই।’

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]